আগস্ট ৩০, ২০১৬ ১৪:৪৫ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩০ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:
মীর কাসেমের ফাঁসির রায় বহালে স্বস্তি আ.লীগে -প্রথম আলো
বিএনপি নেতা হত্যার ঘটনায় ১১ জনের মৃত্যুদণ্ড -মানবজমিন
রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন মান্না -যুগান্তর
গণতন্ত্র ফিরিয়ে দিলে জঙ্গিবাদ কমে যাবে: মওদুদ আহমদ-ইত্তেফাক
সন্ধান মিলেছে 'জঙ্গি' তামিমের আধ্যাত্মিক গুরু কাশেমের -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:
চিনকে রুখতে মিয়ানমারকে সমর্থন ভারতের -সংবাদ প্রতিদিন
চিকিত্সায়গাফিলতির অভিযোগে এসএসকেএমে ধুন্ধুমার, পৌঁছলেন মমতা-আনন্দবাজার
মুর্শিদাবাদে এলাকার দখল নিয়ে বোমাবাজি, মৃত ২ -আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.
জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ খারিজ: মৃত্যদণ্ড বহালের খবরটি আজকের প্রধান খবর হিসেবে এসেছে অনলাইন দৈনিকগুলোতে।

এ সম্পর্কে ইত্তেফাকের শিরোনাম- রিভিউ খারিজ: ফাঁসির কাষ্ঠে যেতে হচ্ছে মীর কাসেমকে
বিস্তারিত খবরে বলা হয়েছে, ফাঁসির কাষ্ঠে যেতে হচ্ছে জামায়াত নেতা মীর কাসেম আলীকে। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তার করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ আজ মঙ্গলবার সকাল ৯টায় এ রায় ঘোষণা করেন।
দৈনিকটির অন্য একটি খবর- মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় সকল উদ্বেগের অবসান হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। তিনি বলেছেন, এই রায়ের মধ্যদিয়ে জাতির যে আকাঙ্ক্ষা ছিল তা পূরণ হলো এবং আমরা এতে স্বস্তি অনুভব করছি। মানবজমিনে লেখা হয়েছে- অ্যাটর্নি জেনারেল বলেছেন, রিভিউ আবেদন খারিজের পর জামায়াত নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকরে এখন শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়টিই বাকি থাকল। তিনি প্রাণভিক্ষা চেয়ে আবেদন না করলে রাষ্ট্র যে কোনো মুহূর্তে রায় কার্যকর করতে পারবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

সমকালের খবর- আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।
এদিকে, মিথ্যা সাক্ষ্য দিয়ে মীর কাসেমের সাজা নেয়া হয়েছে: খন্দকার মাহবুব- এ শিরোনামের খবরে দৈনিকটি লিখেছে, মিথ্যা অভিযোগে ও সাজানো সাক্ষ্য দিয়ে জামায়াত নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ডের সাজা নেয়া হয়েছে বলে দাবি করেছেন আসামি পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, এই রায় কতটা সঠিক তা ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্বের আইনাঙ্গনের সঙ্গে জড়িত ব্যক্তিরাই বিবেচনা করবেন।

কাল জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল -প্রথম আলো
মানবতাবিরোধী অপরাধে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা এই কর্মসূচি চলবে। আজ মঙ্গলবার মীর কাসেম আলীর রিভিউ আবেদন আপিল বিভাগ খারিজ করে দেয়ার পর এক বিজ্ঞপ্তিতে কাল হরতাল দেয়ার কথা জানিয়েছে দলটি

কেরি কী দিলেন কী নিলেন -বাংলাদেশ প্রতিদিন
বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় তাত্পর্যপূর্ণ ঝটিকা সফর করে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বৈঠক করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আন্তরিকতার রূপ দিতে চেয়েছেন মার্কিন প্রশাসনের দ্বিতীয় ক্ষমতাধর এই রাজনীতিক। ঘণ্টাব্যাপী কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আধাঘণ্টার বেশি সময় ধরে শুনেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা। প্রকাশ্য ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুধু উন্নয়ন অংশীদার (পার্টনার) নয়, বন্ধু হতে চায়। ঘোষণা দিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের পাশে থাকার। প্রস্তাব দিয়েছেন ‘বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে মার্কিন গোয়েন্দাদের ঘনিষ্ঠভাবে কাজ করার এবং জঙ্গিবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশকে সাহায্য করার।’ জিএসপি নিয়ে কথা না বললেও একমত হয়েছেন অর্থনৈতিক বাজার সম্প্রসারণের। আশ্বাস দিয়েছেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোর ইস্যুটি গুরুত্বের সঙ্গে বিবেচনার।

গণতন্ত্র ফিরিয়ে দিলে জঙ্গিবাদ কমে যাবে: মওদুদ আহমদ -ইত্তেফাক
দেশে গণতন্ত্র অনুপস্থিত অভিযোগ করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, এর ফলে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এবং এর সুযোগ নিচ্ছে জঙ্গিরা। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন,গণতন্ত্র ফিরিয়ে দিলে জঙ্গিবাদ কমে যাবে।

সন্ধান মিলেছে 'জঙ্গি' তামিমের আধ্যাত্মিক গুরু কাশেমের -বাংলাদেশ প্রতিদিন
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি বাড়িতে পুলিশের অভিযানে নিহত হয়। তবে এখানেই শেষ নয়, জঙ্গিবাদের গোড়া থেকে উৎখাত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবার তামিমের আধ্যাত্মিক গুরুকে আটকের চেষ্টা করছে। ইতোমধ্যে সেই গুরু শায়খ আবুল কাশেমের সন্ধানও পেয়েছেন গোয়েন্দারা। বারবার অবস্থান পরিবর্তন করাই তার অবস্থান এখনও স্পষ্টভাবে সনাক্ত করা যায়নি। তবে, তাকে আটক করতে গোয়েন্দাদের চতুর্মুখী অভিযান অব্যাহত আছে।

পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে হবে: দুদক চেয়ারম্যান -প্রথম আলো
সেবার মান বাড়াতে পাসপোর্ট অধিদপ্তরকে দালালমুক্ত করতে হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দালালদের জন্যই পাসপোর্ট অফিসের বদনাম হয়।
আজ মঙ্গলবার আগারগাঁওয়ে দুদক আয়োজিত গণশুনানিতে দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন। ইকবাল মাহমুদ বলেন, পাসপোর্ট অফিসে দুর্নীতি আছে, তবে আগের চেয়ে কমেছে। 

শ্রোতাবন্ধুরা, ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

উঠল কার্ফু, হুররিয়তের সঙ্গে কথা নিয়ে সংশয় -আনন্দবাজার
অবশেষে স্বস্তি। ৫২ দিনের মাথায় কার্ফু উঠে গেল কাশ্মীরের অধিকাংশ এলাকা থেকে। তবে নিরাপত্তার কারণে ১৪৪ ধারা ও সামান্য কিছু এলাকায় এখনও কার্ফু জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
একই সঙ্গে উপত্যকার মন বুঝতে আগামী ৪ সেপ্টেম্বর সব দলের প্রতিনিধিদের নিয়ে কাশ্মীর যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। প্রকাশ্যে সকলের সঙ্গে বৈঠকে বসার বার্তা দেয়ার পাশাপাশি হুররিয়ত নেতারাও যাতে আলোচনায় সামিল হন তার জন্য তলে তলে চেষ্টা শুরু করেছে প্রশাসন।

অশান্ত পিজিতে ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী -সংবাদ প্রতিদিন
রোগী মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত এসএসকেএম-এ মঙ্গলবার হঠাৎ পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিষেবা ঘুরে দেখার পাশাপাশি কথা বললেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে৷ হাসপাতাল সূত্রের খবর, কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ধমক দিয়ে হাসপাতাল কর্মীদের রোগীদের সঙ্গে ভাল ব্যবহার করার পরামর্শ দেন বলেও জানা গিয়েছে৷সোমবার রাতে অশোক রাম নামে এক রোগীর মৃত্যুর পরই ধুন্ধুমার বেধে যায় এসএসকেএম-এ।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০