আগস্ট ৩১, ২০১৬ ১৬:৪০ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩১ আগস্ট বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:
জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষকসমাজের ছয় দফা ঘোষণা- প্রথম আলো
বাংলাদেশের কাছে প্রত্যাশা পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র-মানবজমিন
নিখোঁজের ৩২ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার-যুগান্তর
'জঙ্গি তৎপরতায় বিদেশিদের হাত থাকতে পারে'-আছাদুজ্জামান মিয়া-ইত্তেফাক
শর্ত সাপেক্ষে জামিন পেলেন শফিক রেহমান-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:
রাতভর গণধর্ষণের পর কিশোরীকে খুন করল দুই ওলা চালক-সংবাদ প্রতিদিন
মমতার ঐতিহাসিক জয়, সুপ্রিম রায়ে ‘সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ’ -আনন্দবাজার
বারবার অধ্যাদেশ, ক্ষুব্ধ রাষ্ট্রপতি!‌-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.

প্রাণভিক্ষা; সময় চেয়েছেন মীর কাসেম-বাংলাদেশ প্রতিদিন
গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে তার রিভিউ আবেদন খারিজের রায় পড়ে শুনিয়েছে কারা কর্তৃপক্ষ। এখন কৃতকর্মের জন্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা- সেই সিদ্ধান্ত জানাতে মীর কাসেম সময় চেয়েছেন। গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক এ কথা জানিয়েছেন। 
এদিকে যুগান্তরের খবরে লেখা হয়েছে, মীর কাসেম আলীর সঙ্গে কাশিমপুর কারাগারে সাক্ষাৎ করেছেন তার স্বজনরা। বুধবার বেলা ২টার দিকে তারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মুল ফটক দিয়ে কারাগারে প্রবেশ করেন। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রিভিউ আবেদন খারিজের রায় পড়ে শুনানো হয়েছে।

প্রথম আলোর একটি শিরোনাম এরকম যে, মীর কাসেমের ফাঁসি কাশিমপুরে?
খবরে বলা হয়েছে, গাজীপুরের কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হতে পারে। রাষ্ট্রপতির কাছে তাঁর প্রাণভিক্ষার আবেদন ও সেই আবেদন গ্রহণ, না নাকচ হবে, এই সিদ্ধান্তের ওপর তা নির্ভর করছে বলে কারাগার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিখোঁজের নতুন তালিকায় ৪০ জন-ইত্তেফাক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, বাচাই-বাছাই করে জঙ্গিবাদে জড়িত সন্দেহে ৪০ জনের তালিকা করেছে পুলিশ। তাদের সন্ধানে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: 'জঙ্গি তৎপরতায় বিদেশিদের হাত থাকতে পারে'
ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, 'এ দেশের জঙ্গি তৎপরতায় বিদেশিদের হাত থাকতে পারে। তবে ষড়যন্ত্রকারীরা যতোই চেষ্টা করুক না কেন, জঙ্গিদের কখনোই সফল হতে দেয়া যাবে না।'বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত জঙ্গিবাদ সংক্রান্ত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

গ্রেপ্তার ওবায়দুলকে ঢাকায় আনা হচ্ছে-প্রথম আলো
রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা হত্যা মামলায় গ্রেপ্তার বখাটে ওবায়দুল খানকে নীলফামারী থেকে ঢাকায় আনা হচ্ছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে নীলফামারীর ডোমার থানা থেকে ওবায়দুলকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে পুলিশের একটি দল।

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চাওয়ায় এএসআইকে গ্রেপ্তারের নির্দেশ-প্রথম আলো
উচ্চ আদালতের এক বিচারপতির স্ত্রীর কাছে তাঁদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় পুলিশের বিশেষ শাখার এক এএসআইকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হকের একক হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ও দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন আদালত। ওই পুলিশ কর্মকর্তার নাম সালাম। প্রধানমন্ত্রীপু ত্রকে হত্যাচেষ্টা মামলা-তিন মাসের

জামিন পেয়েছেন শফিক রেহমান-যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানকে তিন মাস বা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত জামিন দেয়া হয়েছে।
বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেন, সাংবাদিক শফিক রেহমানকে তিন মাসের বা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত জামিন দেয়া হলো। তবে, পাসপোর্ট জমা দেয়া না থাকলে তার ব্রিটিশ ও বাংলাদেশী পাসপোর্ট জমা দিতে হবে।
গত ৭ জুন শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট-সংবাদ প্রতিদিন
২০০৬ সালে বাম আমলে টাটাদের কারখানার জন্য সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ বলেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ ১৮৯৪ সালের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী এই রায় দিল বিচারপতি গোপাল গৌড়া ও অরুণ মিশ্রর ডিভিশন বেঞ্চ৷
হুগলির সিঙ্গুরে টাটা গোষ্ঠীর ন্যানো গাড়ি কারখানার জন্য বাম আমলে ৯৯৭ একর জমি অধিগ্রহণ করে টাটাদের লিজ দেয় সরকার৷ এর মধ্যে অন্য গুটিকয়েক সংস্থাও ছিল৷ কিন্তু সেই জমি পুরোপুরি হাতে পায়নি টাটারা৷ সেখানকার অনিচ্ছুক কৃষকদের কাছ থেকে জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগে উত্তাল হয়েছিল শুধু সিঙ্গুর নয়, পুরো রাজ্য৷ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন৷

বারবার অধ্যাদেশ, ক্ষুব্ধ রাষ্ট্রপতি!‌-আজকাল
ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতির সইয়ের জন্য রবিবার চার নম্বর অধ্যাদেশ পাঠালেন প্রধানমন্ত্রী মোদি। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র ছাড়া। আর তাতেই নাকি ক্ষুব্ধ প্রণব মুখার্জি। সই করে তাঁর হুঁশিয়ারি নোট, নাগরিকদের স্বার্থের কথা ভেবে শত্রু–সম্পত্তি আইনের সংশোধনীর অধ্যাদেশে সই করলেন। এর পর মন্ত্রিসভার ছাড়পত্র ছাড়া অধ্যাদেশ নয়। উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র ছাড়া রাষ্ট্রপতির কাছে অধ্যাদেশ পাঠানো হল।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১