কাউয়ার’ তালিকা করতে মাঠে আওয়ামী লীগ
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৫ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- মোদির সঙ্গে শেখ হাসিনার নৈশভোজে মমতাও থাকবেন-কালের কণ্ঠ
- মেয়রের চেয়ারে বসলেন বুলবুল–যুগান্তর
- ভুলে ভরা পাঠ্যবই-এনসিটিবি থেকে আরও চার কর্মকর্তাকে সরানো হলো-প্রথম আলো
- ‘কাউয়ার’ তালিকা করতে মাঠে আওয়ামী লীগ-ইত্তেফাক
- নিরপেক্ষ দায়িত্ব পালনে নির্বাচন কমিশন ব্যর্থ: খালেদা-মানবজমিন
- মানব উন্নয়ন সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- কৃষকের ঋণ মকুব, যোগীর পাশে রাহুল-আজকাল
- পশ্চিমবঙ্গকে আমিই এগিয়ে নিয়ে যাব: মমতা-বর্তমান
- চিন সহজে থামবে কি? শঙ্কায় দিল্লি-আনন্দবাজার
- পড়ুয়াদের আত্মহত্যা রুখতে রাশ টানা হতে পারে কোচিং সেন্টারে-সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
নিরপেক্ষ দায়িত্ব পালনে নির্বাচন কমিশন ব্যর্থ: খালেদা-মানবজমিন
সদ্য সমাপ্ত কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, ওই নির্বাচনে বিএনপিকে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে হয়েছে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকত, তাহলে বিএনপিকে এভাবে যুদ্ধ করতে হতো না।
গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লার নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু সস্ত্রীক খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
‘কাউয়ার’ তালিকা করতে মাঠে আওয়ামী লীগ-ইত্তেফাক
দলের ভিতরে অনুপ্রবেশ করা সুযোগসন্ধানী ‘কাউয়া’দের তালিকা করে তাদের লাগাম টেনে ধরতে সারাদেশে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এ ধরনের নেতা-কর্মীরা বর্তমান সরকারের বিশাল অর্জনকে ম্লান করে দিচ্ছে। এই কাউয়ারাই দলে ঘুণ ধরাচ্ছে, সর্বনাশ করছে- এ কথা এখন রাজনৈতিক অঙ্গণে সবার মুখে মুখে। অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগের উঁচু-নিচু সব সাংগঠনিক কাঠামোতেই এখন সত্যিই ‘কাউয়াদের’ ছড়াছড়ি। লুটেপুটে খাওয়াই এদের টার্গেট। আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা বিদ্রুপের সুরে বলেছেন, ‘কাউয়ারা এমন কোনো জিনিস নেই যাতে ঠোকর মারে না। আওয়ামী লীগে কাউয়াদের উপদ্রব দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরই শুধু নন, দেশের মানুষও হাড়ে হাড়ে টের পাচ্ছে।’
মোদির সঙ্গে শেখ হাসিনার নৈশভোজে মমতাও থাকবেন-কালের কণ্ঠ
ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন হাসিনা। তিস্তা পানি চুক্তিসহ ভারত, বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় সেই বৈঠকে উঠে আসবে বলেই মনে করছে কূটনৈতিক মহল। দুই দেশের প্রধানমন্ত্রীর সেই বৈঠকে হাজির থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নোট বাতিলসহ সারদা, রোজভ্যালি বিভিন্ন ঘটনা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংঘাত সম্প্রতি চরমে উঠেছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদির দ্বৈরথও বেড়েছে নানা বিষয় নিয়ে। তার মধ্যেই উত্তর প্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার গঠন, অবৈধ কসাইখানা বন্ধকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ বেড়েই চলেছে।
ভুলে ভরা পাঠ্যবই-এনসিটিবি থেকে আরও চার কর্মকর্তাকে সরানো হলো-প্রথম আলো
চলতি শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবইয়ে ভুলের দায়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আরও চার কর্মকর্তাকে সংস্থাটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
চার কর্মকর্তাকেই ঢাকার বাইরের বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়েছে। তাঁরা সবাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। আজ বুধবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
চার কর্মকর্তার মধ্যে অধ্যাপক মো. আবদুল মান্নান এনসিটিবির সদস্য (প্রাথমিক)। তাঁকে ঝিনাইদহের সরকারি কে সি কলেজে বদলি করা হয়েছে।
সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ লাল সরকার এনসিটিবির সম্পাদক। তাঁকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে বদলি করা হয়েছে।
মুজিবনগর উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত-মানবজমিন
মেহেরপুর মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসেনকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
একইসঙ্গে তাদের বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপন কেন বেআইনী ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
মেয়রের চেয়ারে বসলেন বুলবুল–যুগান্তর
রাজশাহী সিটি কর্পোরেশন- রাসিক মেয়র পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিতের পর নিজ কার্যালয়ে গেছেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তবে এবার তার কার্যালয়ের তালা লাগানো নয়, খোলা ছিল। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর উপ-শহরের নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে নগর ভবনে আসেন তিনি।এ সময় কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংক্যক নেতাকর্মীরা মেয়র বুলবুলকে অভ্যর্থনা জানান।পরে তিনি কার্যালয়ে প্রবেশ করে দুয়া পড়ে মেয়র চেয়ারে বসেন।
এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, জনগণের দেয়া রায়কে এতোদিন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার আমাকে ক্ষমতার বাইরে রেখেছিল। এতে নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। নগরীর কোনো উন্নয়ন হয় নি। কাউন্সিলর ও কর্মকর্তাদের মধ্যে আন্তরিক পরিবেশ নষ্ট হয়েছে। তাই আমার প্রথম কাজই হলো নগর ভবনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা।
বুলবুল আরও বলেন, পাঁচ বছরের সকল সমস্যা তার মেয়াদের বাকি ১৫ মাসের মধ্যেই সমাধান করবো। এজন্য পরিষদকে নিয়ে পরিকল্পনা করা হবে। সরকার আমাকে সহযোগিতা করলে অসমাপ্ত নগরীর সকল সেবামূলক কাজ করতে পারবো।
মানব উন্নয়ন সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ-নয়া দিগন্ত
মানব উন্নয়ন সুচকে (এইচডিআই) বাংলাদেশ তিন ধাপ এগুলো। এবার বাংলাদেশের অবস্থান ১৮৮ দেশের মধ্যে ১৩৯ এ। যা গত ২০১৪ সালের সূচকে ছিল ১৪২। তবে বাংলাদেশ এখনো মধ্যম মানব উন্নয়ন দেশগুলোর তালিকায় রয়েছে। দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলংকা ৭৩ তম অস্থান নিয়ে শীর্ষস্থানীয় দেশগুলোর সারিতে রয়েছ। এছাড়া মালদ্বীপ ১০৫, ভারত ১৩১ এবং ভুটান ১৩২ স্থানে রয়েছে। নরওয়ে প্রথম স্থানে অবস্থান করছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি সৃস্টির জন্য বিশ্বের উন্নত ৫টি দেশ দায়ী। তারা মিলে ৫৫ শতাংশ কার্বনডাইঅক্সাইড সৃস্টি করছে।
আজ বুধবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এই অভিমত ব্যক্ত করেন।
শ্রোতাবন্ধুরা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পশ্চিমবঙ্গকে আমিই এগিয়ে নিয়ে যাব: মমতা-বর্তমান
রাজ্যের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করতে জনগণকে তাঁর উপরেই ভরসা রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের ২২তম জেলা ঝাড়গ্রামের পথচলা শুরু হল তাঁর হাত ধরেই। এ উপলক্ষে আয়োজিত রাজ কলেজের ময়দানের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতার আহ্বান, এই মানুষটাকে যদি বিশ্বাস করেন, তাহলে বলছি, আপনাদের সবার সহযোগিতায় রাজ্যের উন্নয়নকে আরও গতি দেব। কোনও ভেদাভেদ নয়, কেউ ছোট আর কেউ বড় এমনটাও নয়! শুধুমাত্র উন্নয়ন দিয়েই এগিয়ে নিয়ে যাব বাংলাকে। ভরসা রাখুন।
চিন সহজে থামবে কি? শঙ্কায় দিল্লি-আনন্দবাজার
দলাই লামার অরুণাচল সফরকে ঘিরে মেঘ জমছে ভারত-চিন সম্পর্কে। ইতিমধ্যেই এ নিয়ে কড়া বিবৃতি দিয়েছে বেজিং। নয়াদিল্লির আশঙ্কা, এই নিয়ে পরে আরও আক্রমণাত্মক হবে চিন।
চিনের কড়া অবস্থানের উত্তরে আজ সকালে বিদেশ মন্ত্রক নিজে থেকেই খতিয়ান দিয়ে বলেছে, আগে কত বার দলাই লামা অরুণাচলে গিয়েছিলেন। মন্ত্রক মুখপাত্র গোপাল ওয়াগলে জানিয়েছেন, ‘‘ভারত বিভিন্ন সময়েই জানিয়েছে, দলাই লামা সম্মাননীয় ধর্মীয় নেতা। ভারতের বিভিন্ন রাজ্যে তাঁর যাওয়া নিয়ে এবং তাঁর আধ্যাত্মিক কাজকর্ম নিয়ে বাড়তি রং চড়ানো উচিত নয়। কোনও ‘কৃত্রিম বিতর্কযাতে তাঁর সফরকে ঘিরে না তৈরি হয়, চিনের প্রতি সেই আবেদন করেছেন ওয়াগলে। তবে দলাই লামা তাওয়াং পৌঁছনোর আগেই নয়াদিল্লি এই সতর্কবার্তা প্রচার করলেও যে বেজিং ক্ষান্ত হবে, এমনটা মনে করছেন না কূটনৈতিক বিশেষজ্ঞরা।
কৃষকের ঋণ মকুব, যোগীর পাশে রাহুল-আজকাল
‘পক্ষপাতদুষ্ট হলেও সঠিক পদক্ষেপ’। যোগী আদিত্যনাথের কৃষকদের ঋণ মকুবের সিদ্ধান্ত নিয়ে এটাই মত রাহুল গান্ধীর। টুইটারে এই নিয়ে বেশ কয়েকটি টুইটও করলেন।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবারই প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসেন যোগী। তার পরেই ঘোষণা করেন, উত্তরপ্রদেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব করা হবে। রাজ্যের ২.৩০ কোটি কৃষকের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি কৃষকের সংখ্যাই ২.১৫ কোটি। তাঁদের ৩০,৭২৯ কোটি টাকার ঋণ মকুব করা হচ্ছে। এর সঙ্গে ৫৬৩০ কোটি টাকার অনাদায়ী ঋণও মিটিয়ে দিচ্ছে সরকার, যাতে উপকৃত হবেন ৭ লক্ষ কৃষক। এই পদক্ষেপের প্রশংসা করে এদিন টুইটারে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী আবেদন করেন, ‘আমি খুশি যে বিজেপি শেষ পর্যন্ত এটা করতে বাধ্য হল। কিন্তু সারা দেশের কৃষকরাই বিপাকে, তাদের সঙ্গে রাজনীতি করা উচিত নয়।
পড়ুয়াদের আত্মহত্যা রুখতে রাশ টানা হতে পারে কোচিং সেন্টারে-সংবাদ প্রতিদিন
রাশ টানা হোক কোচিং সেন্টারের রমরমায়। এর জন্য জারি করা হোক নির্দিষ্ট নিয়মাবলী। সম্প্রতি রাজ্য সরকারগুলিকে এমনই পরামর্শ দিল কেন্দ্র সরকার। পড়ুয়াদের উপর বাড়তি চাপ রুখতেই এমন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
আধুনিক জীবনে এগিয়ে যাওয়ার তাগিদে হামেশা বাড়তি পড়াশোনার চাপ সহ্য করতে হয় পড়ুয়াদের। ক্রমাগত চাপের ফলে অধিকাংশ ক্ষেত্রে মানসিক অবসাদের শিকার হয় তাঁরা। চাপ সহ্য করতে না পেরে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) ২০১৪ সালের পেশ করা রিপোর্ট অনুযায়ী কেবলমাত্র রাজস্থানের কোটা এলাকায় ৪৭ পড়ুয়া আত্মহত্যা করেছিল। প্রসঙ্গত, দেশের টিউশন হাব বলেই পরিচিত এই এলাকা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫