এপ্রিল ০৮, ২০১৭ ১১:১০ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৮ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • ‘জুজু’র ভয়ে ঘরবন্দি খালেদা জিয়া-কালের কণ্ঠ
  • তিন ঘণ্টায় ১১৫ ট্যানারির বিদ্যুৎ বিচ্ছিন্ন–যুগান্তর
  • ২২টি চুক্তি সমঝোতা স্মারক সই-প্রথম আলো
  • বাংলাদেশ-ভারত মৈত্রী রেলের যাত্রা শুরু-ইত্তেফাক
  • শীর্ষ জঙ্গি নেতাকে গ্রেপ্তারের দাবি পুলিশের-মানবজমিন
  • গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে দিলে উগ্রবাদ চলে যাবে : মওদুদ-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • মোদি–হাসিনার যৌথ বিবৃতি, বৈঠকে মমতাও-আজকাল
  • ৩০ কেজি ইলিশ নিয়ে দিল্লিতে এলেন হাসিনা-বর্তমান
  • ভারতে এই প্রথম, চার বড় হাইকোর্টের শীর্ষে এখন চার মহিলা-আনন্দবাজার
  • ভারতে ধর্মীয় স্থান বা স্কুল-কলেজের সামনে মদের দোকান কখনওই নয়’-সংবাদ প্রতিদিন
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি 

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফর সম্পর্কিত বিভিন্ন খবর আজকের জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে বিশেষ গুরুত্বসহ প্রকাশিত হয়েছে।

এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর প্রধান খবরে লেখা হয়েছে, ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতের সঙ্গে বাংলাদেশের ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। আজ শনিবার দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে শীর্ষ বৈঠক হয়।

আর যুগান্তরের খবরে লেখা হয়েছে, তিস্তা চুক্তি নিয়ে আবারও আশার কথা শুনিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আশার কথা শোনান। 

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের নদীগুলোর পানিবণ্টন সমস্যা সমাধানে ভারতের ওপর আমাদের আস্থা আছে।

তিন ঘণ্টায় ১১৫ ট্যানারির বিদ্যুৎ বিচ্ছিন্ন–যুগান্তর

হাজারীবাগে ট্যানারিগুলোর গ্যাস-বিদ্যুৎ-পানিসহ অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন

উচ্চ আদালতের নির্দেশনা মেনে রাজধানীর হাজারীবাগে ট্যানারিগুলোর গ্যাস-বিদ্যুৎ-পানিসহ অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চলছে।

শনিবার সকাল ৯টার দিকে শফিক লেদার ট্যানারিতে সেবা সংযোগ বিচ্ছিন্নকরণের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত ১১৫টি কারখানার বিদ্যুৎ, ২১টির গ্যাস ও ৩৬টি কারখানার পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের সার্বিক তত্ত্বাবধায়ক পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডল এসব তথ্য দেন। দিনভর গ্যাস-বিদ্যুৎ-পানিসহ অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান ঘিরে হাজারীবাগে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, সংযোগ বিচ্ছিন্ন শুরু হওয়ার পর ট্যানারি কারখানাগুলোর শ্রমিকরা কান্নায় ভেঙে পড়েন। নিজেদের ভবিষ্যত নিয়ে তারা আহাজারী করতে থাকেন।

বাংলাদেশ-ভারত মৈত্রী রেলের যাত্রা শুরু-ইত্তেফাক

আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো বাংলাদেশ-ভারত মৈত্রী রেলের

আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো বাংলাদেশ-ভারত মৈত্রী রেলের। শনিবার কলকাতার উদ্দেশ্যে খুলনা রেলওয়ে স্টেশন ছেড়ে গেল প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস-২। সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি খুলনা স্টেশন ত্যাগ করে।

ফুল ও রঙ্গিন কাপড় দিয়ে সাজানো সাদার মাঝে লাল সবুজ রেখা টানা ৫টি বগির ট্রেনটি খুলনা-যশোর-বেনাপোল হয়ে ভারতের পেট্রাপোল-বনগাঁ হয়ে কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছবে। পথে সকাল ১০টায় বেনাপোলে স্থল বন্দরে খুলনা-কলকাতার মধ্যে পরীক্ষামূলক আন্তঃদেশীয় ট্রেনটি নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন। বেনাপোল স্টেশন থেকে রেলপথমন্ত্রী মুজিবুল হক এই ভিডিও কনফারেন্সে যোগ দেন। আগামীকাল রবিবার সকাল ৮টা ৫ মিনিটে কলকাতা থেকে খুলনায় ফিরে আসবে।

‘জুজু’র ভয়ে ঘরবন্দি খালেদা জিয়া-কালের কণ্ঠ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

গুলশান ও নয়াপল্টনকেন্দ্রিক একটি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে বিএনপির রাজনীতি। বলা হচ্ছে, ওই দুই কেন্দ্রের পাঁচ থেকে ছয়জনের একটি চক্র নিয়ন্ত্রণ করছে খালেদা জিয়াকে। এর মধ্যে এক নেতা ও এক কর্মকর্তাই মূল ভূমিকায় আছেন বলে বিএনপিতে আলোচনা আছে। যে কারণে চেয়ারপারসন বাইরে বের হতে পারছেন না। অনেকের মতে, তাঁকে অন্ধকারে রাখা হচ্ছে।

গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে দিলে উগ্রবাদ চলে যাবে : মওদুদ-নয়া দিগন্ত

ব্যারিস্টার মওদুদ আহমদ

জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি কিংবা সমঝোতা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিন উগ্রবাদ চলে যাবে । আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এদিকে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, আগামী আন্দোলনে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার যে চেতনা গণতন্ত্র, আমাদের মৌলিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দেশ নেত্রী খালেদা জিয়ার হাতকে ঐক্যবদ্ধ করার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। 

শীর্ষ জঙ্গি নেতাকে গ্রেপ্তারের দাবি পুলিশের-মানবজমিন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শরিয়া বোর্ডের সদস্য হাফেজ মাওলানা মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহকে (৩১)  গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ডিএমপি দক্ষিণের গোয়েন্দা পুলিশের সদস্যরা গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আবদুল্লাহ’র বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ভারতীয় দৈনিকগুলোতেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর চলমান ভারত সফর নিয়ে অনেক খবর ছাপা হয়েছে।

আজকালের শিরোনাম-মোদি–হাসিনার যৌথ বিবৃতি, বৈঠকে মমতাও। বর্তমানের শিরোনাম- ৩০ কেজি ইলিশ নিয়ে দিল্লিতে এলেন হাসিনা। আজ কথা মমতার সঙ্গে।

 আমেরিকায় ফের ভারতীয়কে গুলি করে খুন-আজকাল

আমেরিকায় ভারতীয় নাগরিক হত্যা

ফের আমেরিকায় ভারতীয়কে গুলি করে খুন। এবার ওয়াশিংটনে। গ্যাস স্টেশনের দোকানে লুঠের সময় ২৬ বছরের বিক্রম জারওয়ালকে গুলি করে দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। শনিবার সকালে টুইট করে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। লিখলেন, ‘সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেট নিহতের পরিবারকে সাহায্য করছেন। পুলিসের সঙ্গেও যোগাযোগ রাখছেন।’

ভারতে এই প্রথম, চার বড় হাইকোর্টের শীর্ষে এখন চার মহিলা-আনন্দবাজার

ভারতের চারটি বড় হাইকোর্টেরই শীর্ষস্থানে এখন মহিলারা

কলকাতা, বম্বে, দিল্লি এবং মাদ্রাজ— দেশের এই চারটি বড় হাইকোর্টেরই শীর্ষস্থানে এখন মহিলারা।

৩১ মার্চ মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ইন্দিরা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরই এই ইতিহাস গড়ে ওঠে। এই প্রথম দেশের চার বড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে একসঙ্গে চারজন মহিলা বিচারব্যবস্থা সামলাচ্ছেন।

ভারতে ধর্মীয় স্থান বা স্কুল-কলেজের সামনে মদের দোকান কখনওই নয়’-সংবাদ প্রতিদিন

সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় সড়কের আশেপাশে মদ বিক্রি বন্ধ। অনেকেই দোকান গুটিয়ে ফেলেছেন। কিন্তু ওই মদ বিক্রেতারা যাতে রাজ্যের ধর্মীয় স্থান কিংবা স্কুল-কলেজের আশেপাশে পুনরায় দোকান না খোলেন, সে ব্যাপারে নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। এব্যাপারে কড়া নজর রাখতে শুক্রবার প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮