এপ্রিল ১৩, ২০১৭ ১১:৪৯ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৩ এপ্রিল বৃহষ্পতিবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • পিলখানা হত্যা: ডেথ রেফারেন্সের রায় যেকোনো দিন-ইত্তেফাক
  • ২০ দলীয় জোটের বৈঠক-ভারত নয়, সরকারবিরোধী জনমত তৈরির সিদ্ধান্ত–যুগান্তর
  • হেফাজতের সঙ্গে জোট হয়নি: ওবায়দুল কাদের-প্রথম আলো
  • প্রধানমন্ত্রীর ফলপ্রসু ভারত সফর বিএনপি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে’-নয়া দিগন্ত
  • খালেদার চার মামলার কার্যক্রম স্থগিত-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • গুজরাট দাঙ্গার সাক্ষী অমিত শাহ-আজকাল
  • ধমকে লাভ হবে না, পাত্তা দিই না, তোপ মমতার -বর্তমান
  • মমতার মাথার দাম ঘোষণা, এই উপসর্গ গণতন্ত্রের পক্ষে শুভ নয়-আনন্দবাজার
  • হিন্দুদের সঙ্গে বিমাতৃসুলভ ব্যবহার করছেন মমতা’সংবাদ প্রতিদিন

 

শ্রোতা/পাঠক!  শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

পিলখানা হত্যা: ডেথ রেফারেন্সের রায় যেকোনো দিন-ইত্তেফাক

পিলখানা হত্যা: ডেথ রেফারেন্সের রায় যেকোনো দিন

পিলখানা হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর আজ বৃহস্পতিবার হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে মামলাটি রায়ের জন্য সুনির্দিষ্ট দিন ধার্য না করে অপেক্ষমাণ রেখেছে আদালত। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ শুনানি নিয়ে মামলটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে। 

 পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডসহ বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত ও খালাসপ্রাপ্ত প্রায় ৬০০ জোয়ানের মৃত্যুদণ্ড চেয়ে সরকারের করা পৃথক তিনটি আপিল খারিজ করে দিয়েছে হাইকোর্টে। সরকার এসব আপিল ১০৬৩ দিন বিলম্বে দাখিল করেছিল। কিন্তু হাইকোর্ট বিলম্ব মার্জনার দরখাস্ত মঞ্জুর করেনি। ফলে আপিলগুলো খারিজ হয়ে যায়। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ আজ এ আদেশ দেয়। 

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করা হয়।

হেফাজতের সঙ্গে জোট হয়নি: ওবায়দুল কাদের-প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের জোট হয়ে যায়নি। চিন্তাধারারও মিলমিশ হয়নি। দেশের বাস্তবতা বিবেচনা করে রাজনীতি করছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পাল্টা জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ।

এ সম্পর্কে দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, ওবায়দুল কাদের বলেছেন, আমরা দেখেছি, জাতীয় মান-মর্যাদার সাথে সম্পৃক্ত আন্তর্জাতিক মহাসম্মেলন আইপিইউ নিয়ে বিএনপি নানা ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে। একই কায়দায় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ ‘ভারত সফর’-কে প্রশ্নবিদ্ধ করতে এখন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

২০ দলীয় জোটের বৈঠক-ভারত নয়, সরকারবিরোধী জনমত তৈরির সিদ্ধান্ত–যুগান্তর

ভারত নয়, সরকারবিরোধী জনমত তৈরির সিদ্ধান্ত

ভারত নয়, আওয়ামী লীগ সরকারবিরোধী জনমত তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী ভারতের সঙ্গে সম্প্রতি করা চুক্তি ও সমঝোতা স্মারককে জাতীয় স্বার্থবিরোধী হিসেবে উপস্থাপন করা হবে। এছাড়া সরকারের নানা অপশাসন, দুর্নীতি ও অনিয়ম নিয়ে লিফলেট তৈরি করে দেশব্যাপী বিতরণ করা হবে।

খালেদার চার মামলার কার্যক্রম স্থগিত-মানবজমিন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও সরকারি কাজে বাধা দিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা আরও চারটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব মামলা আমলে নেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিবসহ সরকারের সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোহিঙ্গা বোঝাই নৌকায় বিজিপির গুলিতে নিহত ১, আহত ৪-মানবজমিন

রোহিঙ্গা বোঝাই নৌকাতে মিয়ানমারের বিজিপির নির্বিচারের গুলিতে এক নারী নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে মহিলাসহ আরো ৪ জন। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে নাফ নদের মিয়ানমারের সীমান্তে নাইক্ষ্যংদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত রোহিঙ্গাদের বিজিবি উদ্ধার করে বৃহষ্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ হাসপাতালে ভর্তি করেছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার হাসপাতালে প্রেরণ করেছে। নিহত নারী হচ্ছেন মিয়ানমারের মংডুর কালু মিয়ার স্ত্রী জাহেদা

কোটালীপাড়ায় মুফতি হান্নানের লাশ দাফন সম্পন্ন-ইত্তেফাক

হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির লাশ দাফন 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ১৭ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে মুফতি হান্নানের লাশ কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে নিয়ে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মুফতি হান্নানের বড়ভাই মাওলানা মুন্সি আলিউজ্জামান ও ভাইর বৌ শারমিন নাহার মুফতি হান্নানের লাশ গ্রহণ করেন। ভোর ৫ টা ৩৫ মিনিটে বাড়ির পাশে হিরন বালিকা মাদ্রাসা ও এতিম খানা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ধমকে লাভ হবে না, পাত্তা দিই না, তোপ মমতার-বর্তমান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (ফাইল ফটো)

আমাকে ধমকে লাভ হবে না। আলিগড়ের এক বিজেপি নেতা মমতাকে খুনের হুমকি দেয়ার কয়েকঘণ্টার মধ্যে গতকাল ডোমকলে এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন্তব্য করেন। কারো  নাম না করে বিজেপিকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, ওরা যত গালি দেবে আমরা ততই এগব। এখন তো বাংলায় আছি। আস্তে আস্তে বাংলা থেকে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড এবং দিল্লিতে যাব। 

গুজরাট দাঙ্গার সাক্ষী অমিত শাহ-আজকাল

মায়া কোদনানি ও অমিত শাহ (ফাইল ফটো)

গুজরাট সাম্প্রদায়িক দাঙ্গায় নাম জড়াতে চলেছে অমিত শাহর। রাজ্যের প্রাক্তন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মায়া কোদনানির হয়ে আদালতে সাক্ষী দিতে ডাকা হতে পারে তাঁকে। বুধবার বিশেষ আদালতে শুনানি চলাকালীন শাহ তাঁর হয়ে সাক্ষী দেবেন বলে দাবি করেন কোদনানি। বিজেপি ক্ষমতায় থাকাকালীন ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। গোধরা কাণ্ডের একদিন পর, ২৮ ফেব্রুয়ারি, আমেদাবাদের নারোদা এলাকায় বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা করে প্রায় ৫০০০ মানুষ। প্রাণ হারান প্রায় ১০০ মুসলিম। গ্রেপ্তার হন মায়া কোদনানি।

হিন্দুদের সঙ্গে বিমাতৃসুলভ ব্যবহার করছেন মমতা’সংবাদ প্রতিদিন

বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র সম্বিত পাত্র (ফাইল ফটো)

এক মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপাড় সারা দেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুণ্ডচ্ছেদের ফতোয়া জারি করায় ইতিমধ্যেই যুবনেতা যোগেশ ভারশনেকে ৩ বছরের জন্য সাসপেন্ড করেছে বিজেপি। এর মধ্যেই নয়া বিতর্কে জড়ালেন আরেক বিজেপি নেতা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র সম্বিত পাত্র। পরোক্ষে তিনি বলেন, হিন্দুদের সঙ্গে সৎ মায়ের মতো ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে এক সাংবাদিক বৈঠকে সম্প্রতি এই মন্তব্য করেন সম্বিত।

মমতার মাথার দাম ১১ লক্ষ টাকা, এই উপসর্গ গণতন্ত্রের পক্ষে শুভ নয়-আনন্দবাজার

কোনও সংশয় নেই, এই কণ্ঠস্বর মৌলবাদেরই। এই কণ্ঠস্বর চরম অসহিষ্ণুতার, অগণতান্ত্রিকতার, রাজনৈতিক অশিক্ষার। কোনও গণতান্ত্রিক পরিসরে রাজনৈতিক প্রতিপক্ষের মাথা কেটে আনার জন্য পুরস্কার মূল্য যে ঘোষিত হতে পারে না, সে সত্য উচ্চারণের অপেক্ষা রাখে না। কিন্তু তেমনই হল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শিরশ্ছেদের বরাত দিলেন উত্তরপ্রদেশের এক বিজেপি যুব নেতা, মোটা অঙ্কের পুরস্কার মূল্যও ঘোষণা করলেন। উদ্বেগটা বাড়ছে এ বার দেশ জুড়েই বাড়ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩