গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে সংগ্রাম: খালেদা জিয়া
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৫ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে সংগ্রাম: খালেদা জিয়া-ইত্তেফাক
- রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই: প্রধানমন্ত্রী-যুগান্তর
- বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে: মির্জা ফখরুল-প্রথম আলো
- জঙ্গিবাদ বৃদ্ধিতে রয়েছে অভ্যন্তরীণ রাজনীতির ইন্ধন'-ডিএমপি কমিশনার-কালের কণ্ঠ-কালের কণ্ঠ
- রাজধানীতে কাল থেকে উঠে যাচ্ছে সিটিং সার্ভিস-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ভারত–পাক সমুদ্র সুরক্ষা বৈঠক বাতিল-আজকাল
- কাশ্মীরের চাপে গোয়া ফেরার সিদ্ধান্ত! অকপট পর্রীকর-আনন্দবাজার
- সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে ভারত: প্রণব-সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি..
রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই: প্রধানমন্ত্রী-যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই। এমন বিষয়ে কথা উঠাও কাম্য নয়।
শনিবার সকালে রাজধানীর কাকরাইলে সুপ্রিমকোর্টের বিচারপতিদের জন্য নির্মিত বহুতল আবাসিক ভবনের উদ্বোধন করে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একে অপরকে অতিক্রম করে নয়, শাসন, বিচার ও আইন বিভাগকে এক সঙ্গে কাজ করতে হবে।'
তিনি বলেন, 'রাষ্ট্রের বিভাগগুলোর মধ্যে দ্বন্দ্ব আছে- এমন কথা আসা কারও জন্যই কাম্য নয়। আমি স্পষ্ট করতে চাই- রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই।'
এ সময় প্রধানমন্ত্রী বিচার বিভাগ নিয়ে কোনো প্রশ্ন থাকলে রাষ্ট্রপতির সঙ্গে তা আলাপ-আলোচনা করে সমাধান করারও আহ্বান জানান।
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে সংগ্রাম : খালেদা জিয়া-ইত্তেফাক
খালেদা জিয়া বলেছেন, ‘দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই। স্বাধীন দেশের এ অবস্থায় দেশের জন্য অনেকে অনেক কিছু করতে চায়। কিন্তু এ সুযোগে যদি কেউ দেশের প্রভু সাজতে চায় তা মেনে হবে না। প্রতিহত করা হবে। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। কাজেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে আবারও সংগ্রাম করা হবে’।
বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে: মির্জা ফখরুল-প্রথম আলো
নিরপেক্ষ সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে যেতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
এ সময় মাত্র চার মিনিটের বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়ী হব। বর্তমান সরকার এখন জনগণের সমর্থন হারিয়ে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’ তিনি বলেন, সরকার সারা দেশে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। নেত্রকোনার মতো সারা দেশে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরাও সরকারের জুলুম-নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি মির্জা ফখরুল ইসলাম।
জঙ্গিবাদ বৃদ্ধিতে রয়েছে অভ্যন্তরীণ রাজনীতির ইন্ধন'-ডিএমপি কমিশনার-কালের কণ্ঠ
জঙ্গিবাদ বৃদ্ধিতে অভ্যন্তরীণ রাজনীতির ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার (১৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে 'জঙ্গী, সন্ত্রাস ও মাদকের আগ্রাসন প্রতিরোধ গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'আমাদের দেশের কিছু পরিচিত দায়িত্বশীল, রাজনৈতিক নেতা-নেত্রী রয়েছেন, যারা জঙ্গি দমনে পুলিশের কৌশল নিয়ে সমালোচনা করেন। তারা প্রকারান্তরে জঙ্গিবাদকেই মদদ দিচ্ছেন। '
ফেসবুক ব্যবহারে বিশ্বে দ্বিতীয় ঢাকা-যুগান্তর
সর্বোচ্চ ফেসবুক ব্যবহারকারীর দেশ হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র থাকলেও শহর হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম।
প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান দ্য নেক্সট ওয়েব ডটকমের জরিপ অনুযায়ী, সক্রিয় ফেসবুক ব্যবহারকারী শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক।
এরপর ২ কোটি ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় ঢাকা এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ভারত–পাক সমুদ্র সুরক্ষা বৈঠক বাতিল-আজকাল
কুলভূষণ যাদবের ফাঁসির বিরুদ্ধে আর্জি জানিয়ে সাড়া মেলেনি। তাই পাকিস্তানের ওপর চাপ বাড়াতে দুই দেশের সমুদ্র সুরক্ষা বৈঠক বাতিল করল দিল্লি। আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত, পাকিস্তানি উপকূল নিরাপত্তা সংস্থার সঙ্গে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর চারদিন ব্যাপী বৈঠক ঠিক হয়েছিল। দলছুট মৎস্যজীবী এবং আরব সাগরে উদ্ধারকাজ চালানো নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার কথা ছিল। কিন্তু শনিবার সেই বৈঠক বাতিল করেছে ভারত।
কাশ্মীরের চাপে গোয়া ফেরার সিদ্ধান্ত! অকপট পর্রীকর-আনন্দবাজার
কাশ্মীরের মতো সমস্যাগুলো সামলানো প্রচণ্ড চাপের। সেই চাপ তিনি নিতে পারছিলেন না বলেই কার্যত স্বীকার করে নিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমানে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পাররিকর। তাই গোয়ার দায়িত্ব নেয়ার পথ তৈরি হতেই তিনি ইস্তফা দিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে। বিআর অম্বেডকরের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সভায় গিয়ে এই অকপট স্বীকারোক্তি মনোহর পর্রীকরের। এ খবর জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই।
সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে ভারত: প্রণব-সংবাদ প্রতিদিন
ভারত এমনিতে শান্তিপ্রিয় দেশ। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন উঠলে শত্রুদের সবরকমভাবে জবাব দিতে সক্ষম আমরা। আর দেশের সুরক্ষার জন্য প্রয়োজনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে পারে এই দেশ। এমনই মন্তব্য করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
সম্প্রতি মহারাষ্ট্রের আহমেদনগরে এক সেনা কেন্দ্র তথা স্কুলের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি।
একই দৈনিকের অন্য একটি খবরের শিরোনাম-কুলভূষণ যাদবকে ছাড়াতে পাকিস্তানে বোমা ফেলুক ভারত
কুলভূষণ যাদবকে ছাড়ানোর জন্য ভারতের উচিত পাকিস্তানে বোমা ফেলা। পাশাপাশি একইভাবে কাশ্মীরি জেহাদিদেরও শায়েস্তা করা, যাতে উপত্যকায় সহজে হিংসা না ছড়ায়। শুক্রবার জামশেদপুরে একটি জনসভায় একথা বললেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যনির্বাহী সভাপতি প্রবীণ তোগাড়িয়া। সেই সঙ্গে বলেন, ডোনাল্ড ট্রাম্পকে দেখে শেখা উচিত ভারতের। আফগানিস্তানে আইএস জঙ্গিদের ডেরায় যেভাবে আমেরিকা বোমা ফেলেছে, সেরকমভাবেই পাকিস্তানেও বোমা ফেলা উচিত।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫