হেফাজতকে কাছে টানার চেষ্টা সরকারের-ফখরুল: তেঁতুল হুজুর চক্র রাজাকারপন্থী-তথ্যমন্ত্রী
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৮ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত-ইত্তেফাক
- কুসিক মেয়র সাক্কুকে গ্রেফতারে পরোয়ানা জারি-যুগান্তর
- হেফাজতকে কাছে টানার চেষ্টা করছে সরকার’ফখরুল -প্রথম আলো
- তেঁতুল হুজুর চক্র রাজাকারপন্থী : তথ্যমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
- গাড়ির মালিকরা সামান্য কেউ নন, তারা অনেকেই প্রভাবশালী’ওবায়দুল কাদের: মানবজমিন ৩২ পরিবহন কোম্পানী অতিরিক্ত ভাড়া নিচ্ছে: যাত্রী কল্যাণ সমিতি-মানবজমিন
- জাল নোট তৈরির সরঞ্জাম ও সাপের বিষসহ গ্রেপ্তার ১০-কালের কণ্ঠ
- প্রধানমন্ত্রী থিম্পু পৌঁছেছেন-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- রক্ত দিয়ে মোদিকে চিঠি লিখলেন শিক্ষক-আজকাল
- নারদের এফআইআরে এক ডজন নেতা-মন্ত্রী-আনন্দবাজার
- রাজনৈতিক পথে মোকাবিলা’, বললেন মমতা-বর্তমান
- নমাজের জন্য আজান জরুরি, লাউডস্পিকার নয়’ আহমদ প্যাটেল-সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি..
কুসিক মেয়র সাক্কুকে গ্রেফতারে পরোয়ানা-যুগান্তর
অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশনের মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আদালত মনিরুল হক সাক্কুর স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করার নির্দেশও দিয়েছেন।দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন।
হেফাজতকে কাছে টানার চেষ্টা করছে সরকার-ফখরুল -প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হেফাজতে ইসলাম ও বিএনপি আগের অবস্থানেই আছে। হেফাজতের সব নয়, কিছু কিছু দাবির সঙ্গে বিএনপি একমত ছিল; এখনো সেই অবস্থানেই আছে। বরং হেফাজতকে বশে এনে কাছে টানার চেষ্টা করছে সরকার। এ ব্যাপারে বিএনপির অবস্থান ডাবল স্ট্যান্ড না।
আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। উজানের ঢল ও ভারী বর্ষণে হাওর অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিরোধী পক্ষকে বন্দি রেখে সরকার খালি মাঠে খেলার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। তিনি আরো বলেন, জনগণ এটা হতে দেবে না।
আর যুগান্তরের খবরে লেখা হয়েছে- জাতীয় নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মির্জা ফখরুল। বিএনপির দাবি, সবার জন্য সমান ক্ষেত্র তৈরি হলেই কেবল বিএনপি নির্বাচনে অংশ নেবে।
তেঁতুল হুজুর চক্র রাজাকারপন্থী : তথ্যমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
বাংলাদেশের তেঁতুল হুজুর চক্র রাজাকারপন্থী, পাকিস্তানপন্থী ও জঙ্গিপন্থী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
আজ কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, যারা বাংলাদেশে রাজনীতি করবে, তাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা ও সংবিধানের চার নীতি এবং ২৫ মার্চের কালরাতকে মানতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে চাইলে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও জামায়াতকে ছাড়তে হবে। তবেই তারা রাজনীতির উপযোগী হবে।
ইনু আরো বলেন, বাংলাদেশের তেঁতুল হুজুর চক্র হলো রাজাকারপন্থী, পাকিস্তানপন্থী ও জঙ্গিপন্থী। তেতুঁল হুজুর চক্র একটি ধর্মবিরোধী চক্র। এরা বাংলাদেশের কোনো আলেম, ওলামার প্রতিনিধিত্ব করে না। তেতুঁল হুজুর চক্র আসলে একটি রাজনৈতিক মোল্লা চক্র। এদের সঙ্গে মহাজোটের রাজনৈতিক লেনদেনের কোনো প্রশ্নোই ওঠে না।
খাগড়াছড়িতে 'হঠাৎ কান্না', অজ্ঞান ৭৫-যুগান্তর
সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার প্রত্যন্ত তৈ-মথাং গ্রামের অন্তত ৭৫ জন নারী ও পুরুষ অসুস্থ হয়ে পড়েন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় দয়া কুমার ত্রিপুরা জানান, সোমবার সকাল থেকে ওই গ্রামের মানুষেরা একে অন্যকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করেন। লোক দেখলেই তারা পালিয়ে যাচ্ছেন ও নানা রকম পাগলামি করতে শুরু করেন। এভাবে এক পর্যায়ে তারা অজ্ঞান হয়ে পড়তে থাকেন।
রোগীদের স্বজন গিরিবালা ত্রিপুরা, রাবাম ত্রিপুরা জানান, ঘটনার তিন দিন আগে এক পাহাড়ি বৈদ্য গ্রামবাসীর কাছ থেকে জনপ্রতি ১শ’ টাকা করে নেন। সবাই দিলেও দু'জন টাকা দিতে রাজি হননি। তারা জানান, সে সময় বৈদ্য বলেছিলেন- সবাই টাকা না দিলে গ্রামবাসী পাগলামী শুরু করবে।
রোগীর স্বজনদের ধারণা, বৈদ্যর জাদুমন্ত্রে গ্রামবাসীরা পাগলামী ও অসুস্থ হতে শুরু করেছেন। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নয়ন ময় ত্রিপুরা জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জন এবং মঙ্গলবার সকালে আরও ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি জানান, এটি একটি গণমনস্তাত্ত্বিক রোগ। তারা কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। আতংকিত হওয়ার কিছু নেই।
গাড়ির মালিকরা সামান্য কেউ নন, তারা অনেকেই প্রভাবশালী’ওবায়দুল কাদের: মানবজমিন
বাস্তবতার কারণে পরিবহন সংকট দূর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অভিযানের কারণে যেসব গাড়ি রাস্তায় নামছে না তাদের জোর করে নামানো সম্ভব নয়। বাস্তব কারণে এটা সম্ভব হচ্ছে না। গাড়ির মালিকরা সামান্য কেউ নন, তারা প্রভাবশালী। ভোগান্তি দূর করতে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ওবায়দুল কাদের জানান, বিআরটিএ চেয়ারম্যান মালিকপক্ষের সঙ্গে আগামীকাল বৈঠকে বসবেন। মালিকদের সঙ্গে বসে তিনি পুরো বিষয়টি আবার রিভিউ করে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করবেন।
৩২ পরিবহন কোম্পানী অতিরিক্ত ভাড়া নিচ্ছে: যাত্রী কল্যাণ সমিতি-মানবজমিন
সিটিং সার্ভিস বন্ধের অভিযান চলাকালীন সময়েও পরিবহন কোম্পানীগুলো বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। এর মধ্যে ৩২টি কোম্পানির গাড়ি যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আজ দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। ‘সিটিং সার্ভিসের নৈরাজ্য বন্ধের কার্যক্রম’ পরিদর্শন শেষে সংগঠনটি আজ এ অভিযোগ করে।
সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক জানান, গত দুইদিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তাদের ৪টি টিম অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি মনিটরিং করেছে। এসময় ৩২টি পরিবহন কোম্পানি সর্বনিম্ন ভাড়া আদায়ে অনিয়ম করছে। ২০টি পরিবহন কোম্পানি ২৫ টাকা, ৬টি কোম্পানি ২০ টাকা ও ৬ টি কোম্পানি সর্বনিম্ন ১০ টাকা ভাড়া আদায় করছে।
মারুফ কামালের স্ত্রীর মৃত্যু রহস্যের জট খুলেনি-ইত্তেফাক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের স্ত্রী তানিয়া খানের মৃত্যু রহস্যের জট খোলেনি। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চুলার আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে।
প্রধানমন্ত্রী থিম্পু পৌঁছেছেন-নয়া দিগন্ত
তিনদিনের সরকারি সফরে ভুটান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে এখানে এসে পৌঁছলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ভুটান।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিটে ভুটানের রাজধানীতে প্যারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
ভুটানের প্রধানমন্ত্রী তেসেরিং তোবগে এবং থিম্পুতে বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এসময় তাকে আনুষ্ঠানিক খাদার (স্কার্ফ) উপহার দেয়া হয়। অটিজম এবং নিউরোডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হবে।
বিকালে প্রধানমন্ত্রীকে তাসিচোড জঙ্গ রাজকীয় প্রাসাদে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হবে। তাসিচোড জঙ্গ প্রাসাদের মূলফটকে একজন ক্যাবিনেট মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।ভুটানের রাজা জিগমে ন্যামগেল ওয়াংচুক ও রানী জেটসান পেমার সঙ্গে ভুটানের রাজপ্রসাদে প্রধানমন্ত্রীর সাক্ষাত হবে।
ভুটানের প্রধানমন্ত্রী তেসেরিং তোবগে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পূর্বে দুই দেশের মধ্যে জলবিদ্যুৎ, যোগাযোগ এবং ব্যাবসা-বাণিজ্য বিষয়ে ৬টি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। শেখ হাসিনা হেজো’তে বাংলাদেশ দূতাবাসের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল তার সম্মানে ভুটানের রাজা ও রানীর দেয়া এক ব্যক্তিগত ভোজেও যোগ দেবেন। প্রধানমন্ত্রী তার ৩ দিনের সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরবেন।
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত-ইত্তেফাক
হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ২৩ এপ্রিল রবিবার পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার ধর্মমন্ত্রী ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বেসরকারি হজ এজেন্সি মালিকদের (হাব) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পূর্ব ঘোষণা অনুসারে গতকাল ছিল নিবন্ধনের শেষ দিন। তবে এ সময়ে হাব নিবন্ধন কার্যক্রম বর্জন করায় আবারো এক সপ্তাহ সময় বাড়াল সরকার। সভা সূত্রে জানা গেছে, তবে ২৫ এপ্রিল পর্যন্তও নিবন্ধন চলবে। ২৩ এপ্রিলের সময়সীমার পর সরকারি কোটার যেগুলো বাকি থাকবে সেগুলো বেসরকারি এজেন্সিদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে।
এমপি রানার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত-মানবজমিন
টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের এমপি আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট। রাষ্ট্রপক্ষের আনা এক আবেদনের শুনানি শেষে জামিন আদেশ স্থগিত করে এ আদেশ দেয় সুপ্রিমকোর্টের অবকাশকালীন চেম্বার কোর্ট বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।ডেপুটি এটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
জাল নোট তৈরির সরঞ্জাম ও সাপের বিষসহ গ্রেপ্তার ১০-কালের কণ্ঠ
রাজধানীতে জাল নোট, জাল নোট তৈরির সরঞ্জাম এবং সাপের বিষ বিক্রির নামে প্রতারণায় জড়িত মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আবু হানিফ (চেয়ারম্যান), মো. আফতাব আলী, মো. নজরুল ইসলাম, মো. মুক্তার হোসেন এবং মো. রহিচ উদ্দিন। গ্রেপ্তারকৃত অপর পাঁচজনের পরিচয় জানা যায়নি।
শ্রোতা// পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
রক্ত দিয়ে মোদিকে চিঠি লিখলেন শিক্ষক-আজকাল
চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেলেনি কাজ। আড়াই বছর ধরে অপেক্ষা করছেন হরিয়ানার জেবিটি শিক্ষকররা। শেষে নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে রক্ত দিয়ে চিঠি লিখলেন তাঁরা। জেবিটি শিক্ষক সংঘর্ষ সমিতির সভাপতি কিশোর জওয়ালিয়া জানিয়েছেন, ২০১৪– য় শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাস করে তালিকায় নাম উঠেছে তাঁদের। কিন্তু আড়াই বছর পরেও নিয়োগপত্র পাননি। প্রতিবাদে মহেন্দ্রগড়ে শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মাকে ঘেরাও করার চেষ্টাও করেছিলেন তাঁরা। কিন্তু কাজ হয়নি। গত দু’বছর ধরে নিয়োগের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। একাধিকবার তাঁদের উপর লাঠিচার্জ করা হয়েছে। সরকার দ্রুত পদক্ষেপ না করলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষুব্ধরা। গত বছর অমিত শাহকে কালো পতাকাও দেখিয়েছিলেন তাঁরা।
তবে রক্ত দিয়ে চিঠি লেখা এই প্রথম নয়, ২০১৫–য় একই দাবিতে ১৫ জন শিক্ষক অনশন শুরু করেছিলেন। তাঁরাও রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে চিঠি লিখেছিলেন। এবার সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি লিখেছেন তাঁরা।
টিফিন নিয়ে বচসার জেরে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্রী-সংবাদ প্রতিদিন
নিজের বাড়িতেই উদ্ধার হল ১১ বছরের কিশোরীর ঝুলন্ত দেহ৷ মৃতা শ্রেষ্ঠা দে যোধপুর গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী৷ পরিবারের অভিযোগ, স্কুলে সহপাঠীর সঙ্গে টিফিন নিয়ে বচসার জেরেই আত্মঘাতী হয়েছে ওই কিশোরী৷ শ্রেষ্ঠার মা মহুয়া দে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ৷ তার কিছুক্ষণ আগেই বড় মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলেন তিনি৷ বাড়িতে তখন একাই ছিল শ্রেষ্ঠা৷ ফিরে এসে অনেকক্ষণ দরজায় ধাক্কা মেরেও শ্রেষ্ঠা যখন দরজা খোলেনি, তখন প্রতিবেশীদের ডাকেন তিনি৷ তাঁদের সাহায্যেই দরজা খোলা হয়৷ ভিতরে গিয়ে দেখা যায় শ্রেষ্ঠার দেহ তারই ওড়নারর ফাঁসে সিলিং ফ্যানে ঝুলছে৷ স্থানীয়দের সাহায্যেই দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা শ্রেষ্ঠাকে মৃত বলে ঘোষণা করেন৷
পরিবারের অভিযোগ, সোমবার সকালে স্কুল থেকে ফেরার পর থেকেই মনমরা ছিল শ্রেষ্ঠার৷ সেদিন স্কুলে টিফিন নিয়ে সহপাঠীর সঙ্গে ঝামেলা হয় ১১ বছরের কিশোরীর৷ সেকথা বাড়িতে এসে নাকি জানিয়েও ছিল সে৷ তারপরই এই ঘটনা ঘটে৷ একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে৷ তবে তাতে কী লেখা রয়েছে তা জানা সম্ভব হয়নি৷
পাতে রসগোল্লা বেশি না কম? বচসার জেরে ভেস্তেই গেল বিয়ে-সংবাদ প্রতিদিন
পণের কারণে বিয়ে ভাঙা এ দেশে আকছার ঘটনা। এমনকী হবু বর মদ্যপ, এই অভিযোগেও ছাঁদনাতলায় বসতে নারাজ হয়েছেন পাত্রী। কিন্তু তা বলে রসগোল্লার জন্যও বিয়ে ভাঙতে পারে! মাত্র একটা রসগোল্লা নিয়ে বচসার জেরে উত্তরপ্রদেশে ঘটল সে ঘটনাই।
ঘটনা লখনউ থেকে ৭০ কিমি দূরের কুরমাপুর গ্রামের। হবু কনের বাস সেখানেই। জানা যাচ্ছে, বেশ ধুমধাম করেই এসেছিল পাত্রপক্ষ। গোলাপের পাপড়ি ছড়িয়ে তাঁদের স্বাগত জানায় কন্যাপক্ষ। আসতে সামান্য দেরি হয়েছিল বলে বরযাত্রীদের তাড়াতাড়ি খাওয়ার অনুরোধ করা হয়। তখনও বিয়ের অনুষ্ঠান শুরু হয়নি। এদিকে জনপিছু একটি করেই রসগোল্লা নাকি ধার্য করেছিল কন্যাপক্ষ। কিন্তু খেতে বসে বরের আত্মীয় দুটি রসগোল্লা চেয়ে বসেন। পরিবেশনকারী তা দিয়েও দেন। মিষ্টির স্টল সামলানোর দায়িত্বে যিনি ছিলেন, তিনি এ কাজে বেশ অসন্তুষ্ট হন। তাঁর অসন্তোষের কথা চাউর হয়ে যায় বরপক্ষের কাছে। সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেওয়া হয় রসগোল্লা। মুহূর্তের মধ্যে বাধে বচসা। আর কিছুক্ষণের মধ্যেই গোটা বিয়েবাড়ি রণক্ষেত্র হয়ে যায়। মারামারিতে ধুন্ধুমার বাধে। কনেপক্ষের দিকে খাবারের প্লেট ছুড়ে দেন ক্ষিপ্ত বরপক্ষের লোকেরা। একসময় গোটা মণ্ডপই ভেঙে পড়ে। এরই মধ্যে কেউ পুলিশকে খবর দেয়। পুলিশ আসেও। কোনওরকমে দু-পক্ষকে শান্ত করা হয়। স্থানীয়দের ডেকে বিবাদ মেটানোর চেষ্টাও করা হয়। এদিকে ছাদ থেকে পুরো ঘটনাই দেখছিলেন কনে। দেখছিলেন তাঁর হবু বরের বাড়ির ব্যবহার। বাবা ও আত্মীয়দের বেদম মার খেতেও দেখেছিলেন। এরপর বিয়ের পিঁড়িতে বসতে তিনি নিজেই অস্বীকার করেন। ফলে ভেস্তে যায় বিয়ে। শেষমেশ তরকারি মাখা জামাকাপড়ে নিজের গ্রামে ফিরে যান বরযাত্রীরা।
নারদের এফআইআরে এক ডজন নেতা-মন্ত্রী-আনন্দবাজার
ছ’জন সাংসদ, চার জন মন্ত্রী— তার মধ্যে এক জন আবার মেয়র। এক জন বিধায়ক তথা ডেপুটি মেয়র, এক জন প্রাক্তন মন্ত্রী এবং এক জন আইপিএস অফিসার।
নারদ কাণ্ডে এই ১৩ জন প্রভাবশালীর বিরুদ্ধে যড়যন্ত্রের অভিযোগ এনে কলকাতার নিজাম প্যালেসে তাদের দুর্নীতি দমন শাখায় এফআইআর দায়ের করল সিবিআই।
১৬ এপ্রিল, অর্থাৎ রবিবার রাত সাতটার সময় সরকারি ভাবে ওই এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাচক্রে ওই দিনই শেষ হয়েছে প্রাথমিক তদন্ত চালানোর জন্য আদালতের বেঁধে দেওয়া সময়সীমা। সিবিআই সূত্রের দাবি, এই এফআইআরের ভিত্তিতে ১৩ জন প্রভাবশালীর যে কাউকে, যে কোনও সময়ে গ্রেফতার করা হতে পারে। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য প্রতিক্রিয়া, ‘‘এটা রাজনৈতিক খেলা। আমরা রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করব।’’
নমাজের জন্য আজান জরুরি, লাউডস্পিকার নয়- আহমেদ প্যাটেল’-সংবাদ প্রতিদিন
মুসলিম না হয়েও আজানের শব্দে ঘুম ভাঙবে কেন, প্রশ্ন তুলেছিলেন গায়ক সোনু নিগম৷ তাঁর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক গোটা দেশ জুড়ে৷ এবার সে প্রসঙ্গেই নিজের মত জানালেন গুজরাটের কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল৷ তাঁর দাবি, নমাজের জন্য আজান জরুরি৷ কিন্তু তার জন্য লাউডস্পিকার মোটেও জরুরি নয়৷
টুইটারে সোনুর মন্তব্য সামনে আসামাত্র তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে৷ কেউ কেউ সোনুর টুইটকে অসহনশীল আখ্যা দিয়েছেন৷ কারও আবার মত, সোনু কোনও বিশেষ ধর্মের বিরোধিতা করেননি৷ ধর্মের নামে জোর করে অনুশাসন চাপিয়ে দেওয়া বা লাউডস্পিকার বাজানোরই বিরোধিতা করেছেন৷ পাল্টা প্রশ্ন ধেয়ে এসেছে তাঁর দিকেও৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু প্রশ্ন তুলেছিলেন, কীর্তন বা রামায়ণের সময়ও লাউডস্পিকার ব্যবহার করা হয়৷ তাহলে কি বিজেপি শাসিত রাজ্যগুলি এর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে সমর্থ হবে? এদিকে নেটিজেনরা প্রিয়াঙ্কা চোপড়ার এক ভিডিওয় সোনুকে জবাব দিয়েছেন৷ যেখানে নায়িকা জানিয়েছিলেন, আজান শুনতে তাঁর খুব ভাল লাগে৷ জনৈক নেটিজেনের আবার প্রশ্ন, এরপর রাতভর ধর্মীয় উৎসবে গান গাওয়ার অফার ফিরিয়ে সোনু যেন তাঁর প্রতিবাদ জারি রাখেন৷
রাজনৈতিক পথে মোকাবিলা, বললেন মমতা-বর্তমান
নারদকাণ্ডে দলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে সিবিআই এফআইআর রুজু করায়, বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের এই পদক্ষেপের পর মমতা বলেন, ‘চিন্তা করার কোনও কারণ নেই। এফআইআর করলেই কি প্রমাণ হয়ে গেল! এফআইআর করলেই দোষী প্রমাণিত হয় না। রাজনৈতিকভাবেই আমরা এর মোকাবিলা করব।’ তিনি আরও বলেন, ‘নারদকাণ্ড আগাগোড়াই একটা রাজনৈতিক চক্রান্ত। তাই রাজনৈতিকভাবেই আমরা এর মোকাবিলা করব।’ এর আগে মমতা একাধিকবার বলেছেন, সিবিআই দিয়ে আমায় চমকানো যাবে না। বিজেপি’র ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার মানুষকে নিয়েই আমরা লড়াই চালিয়ে যাব।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮