কওমির ছাত্র-শিক্ষকরা কোনো দিন জঙ্গি হতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২১ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ২০১৮ সালেই দেশব্যাপী মোবাইল পেমেন্ট সেবা চালু করবে সরকার-ইত্তেফাক
- ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে শাসালেন ওবায়দুল কাদের-যুগান্তর
- বিএনপি ক্ষমতার দিকে পা পা করে এগোচ্ছে’দুদু-এনটিভি বিডি অনলাইন
- বিএনপি 'মানসিক প্রতিবন্ধী'-হানিফ-যুগান্তর
- দুর্নীতির মামলা-রাজকীয় আসামি খালাস! -প্রথম আলো
- ঢাবিতে সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ -নয়া দিগন্ত
- কওমির ছাত্র-শিক্ষকরা কোনো দিন জঙ্গি হতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী-এনটিভি বিডি অনলাইন
- বিএনপি ক্ষমতার দিকে পা পা করে এগোচ্ছে’দুদু-এনটিভি বিডি অনলাইন
- নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই-মির্জা ফখরুল-মানবজমিন
- খুলনায় যুদ্ধাপরাধ মামলার ৯ আসামি গ্রেপ্তার-কালের কণ্ঠ
- ঢাবিতে সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ -নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- কাশ্মীরিদের প্রাপ্য সম্মান দেওয়া হোক-রাজনাথ সিং-আজকাল
- আমলাদের মানসিকতার বদল চান মোদি-আজকাল
- মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে জোট, নবীন অবশ্য চুপই-আনন্দবাজার
- নারদে অভিযুক্তদের সম্পত্তির - তালিকা তৈরি করছে সিবিআই-বর্তমান
- ধর্মনিরপেক্ষ দলগুলিকে একজোট হওয়ার ডাক-রাজ্যে রাজ্যে দল ভাঙাতে নেমেছে বিজেপি: মমতা-বর্তমান
- আজান’এর সময় মাইকের ব্যবহারে শব্দদূষণ, দাবি হিন্দু সংগঠনের-সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি..
কওমির ছাত্র-শিক্ষকরা কোনো দিন জঙ্গি হতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা কখনোই জঙ্গি কিংবা সন্ত্রাসী হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ সকালে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির জঙ্গিবাদবিরোধী সমাবেশে মন্ত্রী এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার লোকজন খাঁটি মুসলমান। তারাই দেশের মানুষকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেয়। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দেশে কোনো জঙ্গির স্থান থাকবে না।
বিএনপি 'মানসিক প্রতিবন্ধী'-হানিফ-যুগান্তর/ নয়া দিগন্ত ও কালের কণ্ঠসহ প্রায় সব দৈনিকের খবর
অহেতুক মিথ্যাচারের মাধ্যমে বিএনপি জনগণের কাছে নিজেদের 'মানসিক প্রতিবন্ধী' হিসেবে প্রতিষ্ঠিত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে হানিফ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এখন বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে মিথ্যাচার করছে। সরকারের উন্নয়ন পদক্ষেপ নিয়ে অহেতুক মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত্রি ছাড়াচ্ছে।
তিনি বলেন, 'এসব করে দলটি মানসিক প্রতিবন্ধী হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক বিকারগ্রস্ত ও দেউলিয়া হয়ে গেছে।'
বিএনপি ক্ষমতার দিকে পা পা করে এগোচ্ছে’দুদু-এনটিভি বিডি অনলাইন
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামীতে ক্ষমতায় যাবে বিএনপি। সেই লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাঁদের দল। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই-মির্জা ফখরুল-মানবজমিন
ভয় না দেখিয়ে আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ২০১৪ সালে কী নির্বাচন করেছেন? কোনো বিরোধী দল আপনার নির্বাচনে অংশ নেয়নি। সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে ও দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। এখন বিএনপিকে আগামীতে কী করে নির্বাচনে আনবেন, সেই চেষ্টা করুন। নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই। দেশের সর্ববৃহৎ দল বিএনপি নিবন্ধন বাতিলের ভয় করে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে শাসালেন ওবায়দুল কাদের-যুগান্তর
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনকে শাসিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংগঠনে নিয়ন্ত্রণ নেই বলে তাদের শাসান তিনি।
মন্ত্রী বিভিন্ন সময়ে ছাত্রলীগ নেতাদের অভ্যন্তরীণ সংঘর্ষে জড়িয়ে পড়া এবং বিভিন্ন বিতর্কিত ঘটনায় সংগঠনের নাম জড়ানোয় শীর্ষ দুই নেতাকে সতর্ক করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তাদের তৎপর হতে বলেন।
খুলনায় যুদ্ধাপরাধ মামলার ৯ আসামি গ্রেপ্তার-কালের কণ্ঠ
খুলনার ডুমুরিয়া উপজেলায় একাত্তরের যুদ্ধাপরাধের এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ আসামির মধ্যে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আক্কাস আলী জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার খর্নিয়া ও রানাই গ্রাম এবং খুলনা মহানগরীর গল্লামারী এলাকায় অভিযান চালিয়ে সাত অসামিকে তারা গ্রেপ্তার করেন। একই সময়ে ঢাকা থেকে আরও দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
২০১৮ সালেই দেশব্যাপী মোবাইল পেমেন্ট সেবা চালু করবে সরকার-ইত্তেফাক
সরকার ২০১৮ সালের প্রথমদিকেই দেশব্যাপী মোবাইল পেমেন্ট সেবা চালু করতে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের এক নীতিগত উপদেষ্টা জানিয়েছেন। গভর্নমেন্ট ইনসাইডারকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই তথ্য জানান।
এসময় বাংলাদেশ পাবলিক সেক্টর উদ্ভাবন সংস্থার প্রধান অনির চৌধুরী প্রধানমন্ত্রী কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন ( এটুআই) এর বরাতে বলেন, ‘সিস্টেমটি কেন্দ্রীয় ব্যাংকের (বাংলাদেশ ব্যাংক) সহযোগিতায় প্রতিষ্ঠিত হবে।’
এছাড়া এই সিস্টেমটি বাংলাদেশে চলমান পেমেন্ট সেবা বিকাশের সঙ্গে সিঙ্ক করা হবে, এর ফলে ভোক্তারা এসএমএস বার্তায় টাকা পরিশোধের মাধ্যমে পণ্য ও পরিষেবা ক্রয় করতে পারবেন।
ঢাবিতে সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ -নয়া দিগন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে বারান্দার সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের মধ্যে বৃহস্পতিবার রাত ১২টার কিছু আগে এ ঘটনা ঘটে।
দুর্নীতির মামলা-রাজকীয় আসামি খালাস! -প্রথম আলো
সাংবাদিক কামাল আহমেদের মতামতধর্মী লেখায় বলা হয়েছে,পতিত সামরিক স্বৈরাচার প্রায় ২৫ বছর পর দুর্নীতির একটি মামলা থেকে খালাস পেয়েছেন। রাডার ক্রয়ে দুর্নীতির মামলায় তাঁর সঙ্গে অভিযুক্ত অপর দুজন বিমানবাহিনীর সাবেক দুই প্রধানও খালাস পেয়েছেন। সহ-আসামিরা খালাস পাওয়ার পর তাঁদের একজন আনন্দে কেঁদে ফেলেছিলেন। কিন্তু জেনারেল সাহেবের মধ্যে কোনো ভাবলেশ ঘটেনি। তিনি সাংবাদিক কিংবা উপস্থিত সুবিধাভোগী-অনুরাগীদের উদ্দেশেও কিছু বলেননি। কারাগার অথবা মুক্তজীবনের দোটানা ২৫ বছর ধরে চলতে থাকার পর যখন তিনি রেহাই পেলেন, তখনো তাঁর মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই—এটা কীভাবে সম্ভব? অথচ এর আগে বিভিন্ন সময়ে অন্য মামলার রায়ের পর অথবা শুনানির সময়ে আদালতে তিনি দুজনের বিরুদ্ধে—বিএনপিপ্রধান খালেদা জিয়া এবং বিচারপতি সাহাবুদ্দীন আহমদের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন। তাঁর বিরুদ্ধে মামলাগুলোর প্রায় সবই হয়েছে ওই দুজনের শাসনামলে।
এবার তাঁর এতটা নিস্পৃহ থাকার যেসব কারণ থাকতে পারে তার একটি হচ্ছে, তিনি আগে থেকেই জানতেন যে তাঁর কিছুই হবে না। কারণ, ক্ষমতায় কিংবা ক্ষমতার কাছাকাছি থাকলে অপরাধ যত বড়ই হোক না, কারও কিছু হয় না। তিনি তো ক্ষমতায়ও আছেন, বিরোধী দলেও আছেন! আদালতে তাঁর মামলার রায় শোনার জন্য তাঁর দলের মন্ত্রীদেরও দু-একজনকে দেখা গেছে।
অন্য আরেকটি কারণ হতে পারে, তিনি ভালোই জানেন যে এই মামলায় খালাস পেলেও তাঁর মুক্তজীবনের কোনো গ্যারান্টি নেই। সরকার প্রয়োজনমতো তাঁর বিরুদ্ধে অন্য মামলাগুলো সচল করতে পারবে—যার মধ্যে সবচেয়ে ঝুঁকির মামলা হচ্ছে জেনারেল মঞ্জুরকে হত্যার মামলা। সুতরাং, এই ৮৬ বছর বয়সেও তাঁকে সরকারের কাছে নিজের গুরুত্বটা তুলে ধরতে রাজনীতির খেলা চালিয়ে যেতে হবে। অবসর নেওয়ার সুযোগ নেই। কয়েক ডজন ইসলামপন্থী দল নিয়ে তিনি যে জোট গড়ার ঘোষণা দিয়েছেন, সেটা তাঁকে করতেই হবে। এ রকম জোটজাতীয় কিছু না দেখাতে পারলে আগামী নির্বাচনে হারিয়ে যাওয়ার ঝুঁকিটা যে প্রবল হয়ে উঠবে।
শ্রোতাবন্ধুরা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
কাশ্মীরিদের প্রাপ্য সম্মান দেওয়া হোক-রাজনাথ সিং-আজকাল
‘ভারতীয় নাগরিক হিসেবে সমান অধিকার প্রাপ্য কাশ্মীরিদের। গোটা দেশকে তাঁদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।’ রাজস্থানে কাশ্মীরি ছাত্র নিগ্রহের তীব্র নিন্দা করে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের। তিনি বলেছেন, ‘গত রাতে শুনলাম দু’–এক জায়গায় নাকি কাশ্মীরি যুবকদের হেনস্থা করা হয়েছে। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে অনুরোধ, এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। ওঁরাও ভারতের নাগরিক। সমান অধিকারের দাবিদার। দেশের নিরাপত্তায় যথেষ্ট অবদান রয়েছে ওঁদের। তাই দেশের যে প্রান্তেই হোক না কেন, কাশ্মীরিদের নিরাপত্তা নিশ্চিত করা গোটা দেশের দায়িত্ব। স্বরাষ্ট্র সচিবকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি।
আমলাদের মানসিকতার বদল চান মোদি-আজকাল
আমলাদের কাজের ধরন এবং মানসিকতায় বদল আনতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি বলেন, যে কোনও প্রয়োজনে সরকারের ওপর মানুষের নির্ভরতা কমেছে। এই পরিবর্তনের সঙ্গে নিজেদের বদলানো দরকার। এর সঙ্গে দরকার রাজনৈতিক সংস্কার। এরপরেই তিনি বলেন, আমার মধ্যে এটার অভাব নেই। সিভিল সার্ভিস ডে উপলক্ষে দিল্লিতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে সরকারের কাজ ছিল স্বাস্থ্য ব্যবস্থা থেকে শিল্প সব তৈরি করা। গত ১৫ বছরে সব বদলে গিয়েছে।’ তাই চিরাচরিত ভাবনা ছেড়ে আমলাদের আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে হবে।
আজান’এর সময় মাইকের ব্যবহারে শব্দদূষণ, দাবি হিন্দু সংগঠনের-সংবাদ প্রতিদিন
সোনু নিগমের পর ‘আজান’ নিয়ে এবার প্রশ্ন তুলল উত্তরপ্রদেশের হিন্দু জাগরণ মঞ্চ। সংঘ পরিবারের এই শাখার মতে, প্রতিদিন মাইক বাজিয়ে আজানের ফলে শব্দ দূষণ হচ্ছে। এরপরেই মসজিদগুলিতে আজানের সময় মাইকের ব্যবহার বন্ধ করতে দাবি জানিয়েছে তাঁরা।
উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেখানে ধর্মের ভেদাভেদে হানাহানি রুখতে তৎপর সেখানে ‘আজান’ দেওয়ার সময় মাইকের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলায় কী বিতর্কের সৃষ্টি করবে না?
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে জোট, নবীন অবশ্য চুপই-আনন্দবাজার
আঞ্চলিক শক্তির জোট গড়েই বিজেপি-র মোকাবিলায় এগোতে হবে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করার পরে ফের সেই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ সম্পর্কে বর্তমানের খবর-ধর্মনিরপেক্ষ দলগুলিকে একজোট হওয়ার ডাক-রাজ্যে রাজ্যে দল ভাঙাতে নেমেছে বিজেপি: মমতা-বর্তমান
রাজ্যে রাজ্যে দল ভাঙানোর খেলায় নেমেছে বিজেপি। মন্ত্রী-এমএলএ কিনছে ওরা। এরকম একটা সময়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করতে আঞ্চলিক দলগুলিকে অগ্রণী ভূমিকা নিতে হবে। ওড়িশা সফরের শেষদিনে বৃহস্পতিবার বিকালে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আঞ্চলিক দলগুলি কি বিজেপিকে ঠেকাতে পারবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মমতা বলেন, তাদের ঠেকাতে আঞ্চলিক দলগুলিই যথেষ্ট। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ঠিকঠাক বজায় রাখতে আঞ্চলিক দলগুলির আরও শক্তিবৃদ্ধি চাই আমরা। তাঁর অভিযোগ, বিজেপি জাত, ধর্ম আর দলের নামে বিভাজন চায়। আমরা চাই সবার একতা। মমতা বলেন, ওড়িশা এবং আমরা প্রতিবেশী। প্রতিবেশী হিসাবে সবসময়ই সুসম্পর্ক বজায় রাখি। নানা ইস্যুতে বছরের ৩৬৫ দিনই আমাদের মধ্যে যোগাযোগ হয়। নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করে মমতা সন্ধ্যার বিমানে ফিরে আসেন কলকাতায়।
নারদে অভিযুক্তদের সম্পত্তির - তালিকা তৈরি করছে সিবিআই-বর্তমান
নারদ স্টিংকাণ্ডে এফআইআরে নাম থাকা অভিযুক্তদের ‘প্রপার্টি ম্যাপিং’-এর কাজ শুরু করল সিবিআই। অভিযুক্ত হিসাবে যে ১৩ জনের নাম রয়েছে, তাঁদের সম্পত্তির বহর বেড়ে থাকলে কতটা বেড়েছে, তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এক্ষেত্রে স্থাবর-অস্থাবর সম্পত্তির সবটাই দেখা হচ্ছে। যদি কোনও নেতা-মন্ত্রী বা এমপি’র অস্বাভাবিক কিছু নজরে আসে, তখন খুঁজে দেখা হবে, এই বাড়বাড়ন্ত কী করে হল। তালিকা তৈরির ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে তাঁদের সম্পত্তির হিসাব।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১