রানা প্লাজা: থমকে আছে বিচার
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৪ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- হজ প্যাকেজ ঘোষণা-ইত্তেফাক
- রানা প্লাজা: থমকে আছে বিচার-বিডিনিউজ ২৪ ডটকম অনলাইন
- ভাঙল ভরসার শেষ বাঁধটিও-প্রথম আলো
- ক্ষয়ক্ষতির তথ্য–উপাত্ত-হাওরাঞ্চলে ফসলহানি অর্থনীতির বড় ক্ষতি-প্রথম আলো
- বিরোধী নেতাকর্মীদের গণগ্রেফতার শুরু হয়েছে: বিএনপি-যুগান্তর
- চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-যুগান্তর
- দুর্যোগপূর্ণ আবহাওয়া, সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ: -মানবজমিন
- তিন দশকে সর্বোচ্চ বৃষ্টি-নয়া দিগন্ত
- হাওর এলাকায় পুনর্বাসনে তৎপর হওয়ার নির্দেশ-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- ইভিএম জ্বরে কাবু কেজরিওয়াল-আজকাল
- নোট বাতিলের পর পশ্চিমবঙ্গে উদ্ধার ৩০৫ কোটি কালো টাকা-বর্তমান
- বিশেষ নিরাপত্তা সরাতেই খুনের হুমকি আজম খানকে!-আনন্দবাজার
- পাকিস্তানকে গুড়িয়ে দেয়ার হুমকি দিলেন স্বামী-সংবাদ প্রতিদিন
- রহস্যজনকভাবে খুন জয়ললিতার নিরাপত্তারক্ষী, আহত আরও ১-সংবাদ প্রতিদিন
শ্রোতা/পাঠক ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি..
ভাঙল ভরসার শেষ বাঁধটিও-প্রথম আলো
লাকার শত শত মানুষের স্বেচ্ছাশ্রম আর দিনরাতের চেষ্টা ব্যর্থ করে দিয়ে ঢলের পানিতে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরের বোরো ধান। আজ সোমবার ভোররাতে হাওরের উড়ারকান্দি এলাকার বাঁধটি ভেঙে যায়। এরপর হাওরে প্রবল বেগে ঢলের পানি ঢুকে পড়ে।
প্রায় ২৩ দিন ধরে স্থানীয় কৃষক, এলাকাবাসী, জনপ্রতিনিধি ও প্রশাসনের চেষ্টায় বিভিন্ন বাঁধে কাজ করে এই হাওরের ফসল টিকিয়ে রাখা হয়েছিল। এটিই ছিল টিকে থাকা সুনামগঞ্জের সর্বশেষ হাওর।
গতকাল রোববার একইভাবে বাঁধ ভেঙে তলিয়ে যায় তাহিরপুর উপজেলার শনির হাওরের প্রায় ২২ হাজার একর জমির বোরো ধান।
পাকনার হাওরে প্রায় ২০ হাজার একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। জামালগঞ্জ উপজেলার সদর, ভীমখালী ও ফেনারবাক ইউনিয়নের ৬০টি গ্রামের মানুষের জমি আছে এই হাওরে।
ক্ষয়ক্ষতির তথ্য–উপাত্ত-হাওরাঞ্চলে ফসলহানি অর্থনীতির বড় ক্ষতি-প্রথম আলো
বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরের ফসলহানি জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ক্ষত তৈরি করেছে। গতকাল রোববার পর্যন্ত এর আর্থিক ক্ষতির পরিমাণ সাড়ে ৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানা গেছে। বন্যায় নষ্ট হওয়া ১০ লাখ টন চাল, ২ হাজার মেট্রিক টন মাছ ও ১১ হাজার ৩০৫ টন গোখাদ্যের বাজারমূল্য ধরে এই হিসাব বের করেছে হাওর অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম।
হাওর এলাকায় পুনর্বাসনে তৎপর হওয়ার নির্দেশ-কালের কণ্ঠ
বন্যা কবলিত হাওর এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের জন্য তৎপরতা বাড়ানো এবং গণমাধ্যমে প্রচারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব বিষয়ে অনুশাসন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
হাওর নিয়ে কাজ করা ৩৫টি আন্তর্জাতিক ও দেশীয় সংস্থার সমন্বয়ে গঠিত ওই সংগঠনটি বলছে, মূলত সরকারি উৎস থেকে নেওয়া তথ্য নিয়ে তারা এই হিসাব তৈরি করেছে। তবে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তারা যে তথ্য পেয়েছে, তাতে মোট ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি টাকা ছুঁয়ে যাবে।
বিরোধী নেতাকর্মীদের গণগ্রেফতার শুরু হয়েছে: বিএনপি-যুগান্তর
সরকারের নির্দেশে কোনো ইস্যু ছাড়াই বিরোধীদলের নেতাকর্মীদের গণগ্রেফতার ও হয়রানি শুরু করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, কোনো ইস্যু বা আন্দোলন সংগ্রাম কিংবা কোনো কারণ ছাড়াই বিশেষ অভিযানের নামে দেশব্যাপী বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ফের গণগ্রেফতার শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে চলছে পুলিশ ও ডিবির তাণ্ডব। বাড়িতে নেতাকর্মীদের না পেলে তাদের পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা হচ্ছে। রক্ষা পাচ্ছে না শিশুরাও।
তিনি এ সময় ঢাকা, গাজীপুর, জামালপুর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, বাগেরহাট, পঞ্চগড়, কুমিল্লা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশি অভিযানের নামে ব্যাপক ধরপাকড়, হয়রানি ও নির্যাতনের অভিযোগ করেন।
রানা প্লাজা: থমকে আছে বিচার-বিডিনিউজ ২৪ ডটকম অনলাইন
বিশ্বকে নাড়িয়ে দেওয়া সাভারের রানা প্লাজা ধসের ঘটনার পর চার বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি নিহত সহস্রাধিক শ্রমিকের পরিবার।
রানা প্লাজার ৪২ শতাংশ শ্রমিক এখনো বেকার’
ওই ঘটনার পর দায়ের করা তিনটি মামলার মধ্যে হত্যা এবং ইমারত বিধির মামলায় অভিযোগ গঠন হলেও থমকে আছে সাক্ষ্যগ্রহণ। আর দুর্নীতি দমন কমিশনের দায়ের অন্য মামলায় এখনও অভিযোগ গঠনই হয়নি।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যন্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ভেঙে পড়লে শিল্পক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
ওই ঘটনায় নিহত হন এক হাজার ১৩৫ জন, আহত হন আরও হাজারখানেক শ্রমিক, যারা ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন।মামলার ৪১ আসামির মধ্যে ৩০ জন ইতোমধ্যে জামিন পেয়েছেন। ভবনমালিক সোহেল রানাসহ তিনজন আছেন কারাগারে; আর ৭ জন পলাতক।
আর ইত্তেফাকের প্রতিবেদনের শিরোনাম এরকম যে, শ্রমিকের ক্ষতিপূরণে নীতিমালা হয়নি এখনও রানা প্লাজা দুর্ঘটনার চার বছর ভয়াবহ রানা প্লাজা দুর্ঘটনার চার বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের আশুলিয়ায় ৯ তলা রানা প্লাজা ধসে ১১শ’ এর বেশি শ্রমিক নিহত হন। আহত হন আরও প্রায় দেড় হাজার শ্রমিক। বিশ্বের শিল্প ইতিহাসে ভয়াবহ ওই দুর্ঘটনা কাঁপিয়ে দেয় বিশ্ব বিবেক। ওই দুর্ঘটনার পর নানামুখী চাপে শিল্প শ্রমিকদের ক্ষতিপূরণের একটি নীতিমালা করার প্রতিশ্রুতি দেয় সরকার। কিন্তু এখনও আলোর মুখ দেখেনি ওই নীতিমালা। ফলে কোন শ্রমিকের মৃত্যুর পর ক্ষতিপূরণের পরিমাণ এক লাখ টাকাই রয়ে গেছে। শ্রমিক অধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কথা বলা হলেও এ বিষয়ে কার্যত অগ্রগতি নেই।
তাছাড়া যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, রানা প্লাজা ধসের চতুর্থ বার্ষিকীতে সাভারে শ্রমিকদের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
হজ প্যাকেজ ঘোষণা-ইত্তেফাক
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবারে (১৪৩৮ হিজরী সন) হজ পালনের সার্বিক ব্যয়ের প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ধর্মমন্ত্রণালয় নির্ধারিত সব ধরনের খরচের অতিরিক্ত এবারও একজন হজযাত্রী এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন। হিজরী ১৪৩৫ সনে যা ৫শ’ ডলার ছিল। গতকাল এ সংক্রান্ত দু’টি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-যুগান্তর
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গিলাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে গিলাবাড়ি সীমান্তের ২০১/৯-আর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। সাইদুল ইসলাম উপজেলার শিকারি গ্রামের এরফান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সাইদুলসহ কয়েকজন গিলাবাড়ি সীমান্তের ২০১/৯-আর সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যায়।
রাত ১০টার দিকে ভারতের আদমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সহযোগীরা সাইদুলের লাশ বাড়িতে নিয়ে আসে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া, সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ: মানবজিমন
বৈরী আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সোমবার সকালে এ নির্দেশনা জারি করা হয়। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদিন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সারাদেশে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ চলাচল ফের চালু হবে।
এর আগে সকাল সাড়ে ৭টা ও ৯টায় লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
স্কুলের সামনে বৃদ্ধের যৌন হয়রানি, অতঃপর...প্রথম আলো
রাজধানীর মুগদায় স্কুলের সামনে মেয়েদের যৌন হয়রানি করার দায়ে মো. সেলিম (৬০) নামের এক ব্যক্তির সাত বছরের কারাদণ্ড হয়েছে। আজ সোমবার ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এ রায় দেন।
এ আদালতের সরকারি কৌঁসুলি আলী আজগর প্রথম আলোকে বলেন, মানিকনগর মডেল হাইস্কুলের সামনে বিদ্যালয় ছুটির পর ভিড়ের ভেতর ঢুকে ছাত্রীদের যৌন নির্যাতন করতেন মো. সেলিম। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের এক শিক্ষিকা বাদী হয়ে ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর মুগদা থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২১ সেপ্টেম্বর পুলিশ অভিযোগপত্র দেয়। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রায় ঘোষণা করেন।
তিন দশকে সর্বোচ্চ বৃষ্টি-নয়া দিগন্ত
বাংলাদেশে এ বছরের এপ্রিলে গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, স্বাভাবিকের তুলনায় ২০১৭ সালের ২৩ এপ্রিল পর্যন্ত ১১৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। মাসের বাকি সময়টা আর বৃষ্টি না হলেও স্বাভাবিকের তুলনায় এ মাসে ৬৮ শতাংশ বেশি বৃষ্টি থাকবে। এপ্রিলের চেয়ে বেশি বৃষ্টি হয়েছিল সর্বশেষ ১৯৮৭ সালে। সেটি ছিল স্বাভাবিকের চেয়ে ৭৬ শতাংশ বেশি।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পাথর-গুলি ও আলোচনা একসঙ্গে চলতে পারে না: মেহবুবা মুফতি-সংবাদ প্রতিদিন
যতদিন না সেনা জওয়ান ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ থামছে, ততদিন বিচ্ছিন্নতাবাদী দলগুলি বা বিক্ষোভকারীদের সঙ্গে কোনও কথা সম্ভব নয়। একদিক থেকে পাথর ছোড়া হচ্ছে, অপরদিক থেকে গুলি চলছে। এই পরিস্থিতিতে কোনও আলোচনাই সম্ভব নয়। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের এমনটাই জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
গত কয়েকদিন ধরেই উপত্যকায় বেড়ে গিয়েছে হিংসার ঘটনা। বারবার সেনার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন কাশ্মীরের সাধারণ মানুষরা। বেড়ে গিয়েছে সেনাকে লক্ষ্য করে ইটবৃষ্টির প্রবণতা। উল্টোদিকে, সেনাও ছররা বন্দুকের পরিবর্তে গুলির ব্যবহার করায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ।
নোট বাতিলের পর পশ্চিমবঙ্গে উদ্ধার ৩০৫ কোটি কালো টাকা-বর্তমান
কালো টাকার বাড়বাড়ন্ত রোখার যুক্তিতে গত ৮ নভেম্বর নোট বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দিন কয়েক পরই তিনি ঘোষণা করেন কালো টাকা জমা করার নয়া স্কিম ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’। স্কিমটি শেষ হওয়ার কথা ছিল ৩১ মার্চ। আয়কর দপ্তরের কর্তারা বলছেন, গোটা দেশে সেভাবে সাফল্য আসেনি ওই স্কিমে। সর্বভারতীয়ভাবে সাকুল্যে সাড়ে চার হাজার কোটি টাকাও ঘোষণা হয়নি ওই স্কিমে, বলছেন আয়কর কর্তাদের একাংশ। সরকারিভাবে এখানও পর্যন্ত বিষয়টি নিয়ে রা কাড়েনি আয়কর দপ্তর।
রহস্যজনকভাবে খুন জয়ললিতার নিরাপত্তারক্ষী, আহত আরও ১-সংবাদ প্রতিদিন
রহস্যজনকভাবে খুন হলেন তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার নিরাপত্তারক্ষী৷ সোমবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷ নিহতের নাম ওম বাহাদুর৷ ঘটনায় আহত হয়েছেন কৃষ্ণ বাহাদুর নামে আরও এক নিরাপত্তারক্ষী৷ জয়ললিতার কোডানড় এস্টেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন দু’জনে৷ ওম বাহাদুরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
ইভিএম জ্বরে কাবু কেজরিওয়াল-আজকাল
‘ফের ইভিএম কারচুপির অভিযোগ আনবেন না যেন!’ বুথফেরত সমীক্ষা দেখে অরবিন্দ কেজরিওয়ালকে টিপ্পনি বিজেপি–র কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েলের। রবিবার দিল্লির তিন পুরসভা কেন্দ্রে নির্বাচন ছিল। বিকেল সাড়ে ৫টা নাগাদ ভোটগ্রহণ শেষ হলে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত দেয় বুথ ফেরত সমীক্ষা। তাতে চটে যান দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ নেতা কেজরিওয়াল। দিল্লির সর্বত্র ইভইএম কারচুপি চোখে পড়েছে বলে দাবি করেন। তাঁর এমন মন্তব্যে হাসি চেপে রাখতে পারেননি গোয়েল। পরপর বেশ কয়েকটি টুইট করে লেখেন, ‘অনেক হয়েছে। আর নয়। ফের ইভিএম জ্বরে কাবু হয়েছেন কেজরিওয়াল।
বিশেষ নিরাপত্তা সরাতেই খুনের হুমকি আজম খানকে!-আনন্দবাজার
এত দিন তিনি ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেতেন। কিন্তু, শনিবারের এক নির্দেশ তাঁর সেই নিরাপত্তা ব্যবস্থায় কাটছাঁট হয়। তার পরেই প্রাণনাশের হুমকি চিঠি পেলেন সমাজবাদী পার্টির প্রবীণ নেতা আজম খান। তাঁর অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থায় কাটছাঁটের খবর মাথায় রেখেই তাঁকে ওই হুমকি চিঠি পাঠানো হয়েছে। রবিবার উত্তরপ্রদেশের রামপুর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।
ওই অভিযোগে আজম জানিয়েছেন, নিরাপত্তার বহর কাটছাঁট করার পর খুন হতে হয়েছে এমন অনেক উদাহরণ এ দেশে রয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪