এপ্রিল ২৯, ২০১৭ ১১:৪৩ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৯ এপ্রিল শনিবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • ৯০ লাখের বেশি হাওরবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর অ্যাডভোকেসি প্লাটফর্মের প্রতিবেদন-ইত্তেফাক
  • অস্ট্রেলিয়ান হাইকমিশনে হুমকিদাতা গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে-ইত্তেফাক
  • ভারতে পাচার হওয়া ১২ বাংলাদেশি নারীকে হস্তান্তর-ইত্তেফাক
  • ঢাকা কেন্দ্রীয় কারাগার নির্মাণে পদে পদে দুর্নীতি-যুগান্তর
  • সুন্দরবনের আরও দুটি দস্যু বাহিনীর আত্মসমর্পণ-যুগান্তর
  • ‘বাংলাদেশে সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীদের ওপর নির্যাতন বেড়েছে’-মানবজমিন
  • জঙ্গিবাদে বিদেশি অর্থায়ন থাকতে পারে: মনিরুল-মানবজমিন/প্রথম আলো
  • সরকারকে রিজভী জনগণের আহার, ক্ষুধা নিয়ে মশকরা করবেন না-প্রথম আলো
  • কাল হাওরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তার ঘেরাটোপ-এনটিভি-বিডি অনলাইন
  • অফিসার্স মেসে সহকারী পুলিশ কমিশনারের লাশ-এনটিভিবিডি অনলাইন 
  • ব্যর্থতা প্রমাণের ভয়ে হাওর অঞ্চলকে সরকার দুর্গত ঘোষণা করছে না : দুদু-নয়া দিগন্ত
  • দুর্নীতির কারণে সিদ্ধান্ত বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে : ড. কামাল-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • শিশু সৈনিক তৈরি করে হামলার ছক মাওবাদীদের-সংবাদ প্রতিদিন
  • ইভিএম নয়, ভুলটা আমাদেরই’, স্বীকারোক্তি পরাজিত কেজরীবালের-আনন্দবাজার
  • তিন তালাক নিয়ে রাজনীতি করবেন না, আর্জি প্রধানমন্ত্রী মোদির-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
 

জঙ্গিবাদে বিদেশি অর্থায়ন থাকতে পারে: মনিরুল-/মানবজমিন/প্রথম আলো

জঙ্গিবাদে বিদেশি অর্থায়ন থাকতে পারে: মনিরুল

বাংলাদেশের জঙ্গিবাদে বিদেশি কোনো সংস্থার অর্থায়ন থাকতে পারে বলেছেন ডিএমপি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম এ কথা বলেন। সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিটের সম্প্রতি পরিচালিত জঙ্গিবিরোধী দুটি অভিযানের বিষয়ে জানানো হয়। এ সময় ২২ এপ্রিল ঝিনাইদহ ও ২৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের জঙ্গিবিরোধী অভিযানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
জঙ্গিবাদের অর্থায়নের উৎসগুলো সম্পর্কে জানতে চাইলে মনিরুল বলেন, অর্থায়নের উৎস সব কটি এখনো পুরোপুরি চিহ্নিত করা যায়নি। যতটুকু চিহ্নিত হয়েছে, তাতে দেখা গেছে, জঙ্গিদের সমমনা কিছু দেশি ও প্রবাসী লোক এই অর্থের জোগান দিচ্ছেন। আর যেসব জঙ্গি জঙ্গিবাদে যুক্ত হতে ঘর ছেড়েছেন (হিজরত), তাঁরা সহায়-সম্পত্তি সংগঠনকে বিলিয়ে দিয়েছেন।

সরকারকে রিজভী জনগণের আহার, ক্ষুধা নিয়ে মশকরা করবেন না-প্রথম আলো/এনটিভিবিডি অনলাইন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আওয়ামী লীগ নেতাদের হাওরে ক্ষতিগ্রস্তদের তালিকা করার দায়িত্ব দিয়ে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রিজভী।
এ সময় রিজভী বলেন, হাওরে দুর্ভিক্ষের শঙ্কা থাকলেও মানুষের অসহায়ত্ব নিয়ে তামাশা করছে সরকার।
রিজভী আরো বলেন, ‘হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তারা বেছে বেছে পছেন্দর লোকদের নিয়ে তালিকা করবে আওয়ামী ঘরানার লোকদের দিয়ে। আর লাখ লাখ মানুষকে তারা ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত করবে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি করার সুযোগ দেওয়ার জন্যই ক্ষুধার্ত, অসহায়, দুর্গত মানুষকে তাচ্ছিল্য করা হলো।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি দুর্গত এলাকায় ফটোসেশন করতে গেছে। তাঁর বক্তব্যটি সম্পূর্ণভাবে সত্যের অপলাপ। হাওরের প্রথম আঘাতের সময় বিএনপির মহাসচিব হাওর এলাকায় গেছেন, সেখানে ত্রাণকাজে অংশ নিয়েছেন। গত পরশু বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে দুর্গত এলাকায় ব্যাপক ত্রাণকাজ চালিয়েছেন। বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান এবং বিএনপির জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমানকে সুনামগঞ্জে ত্রাণকার্য চালাতে প্রশাসন বাধা দিয়েছে। এরপরও স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ব্যাপকভাবে দুর্গত হাওর এলাকায় ত্রাণতৎপরতা অব্যাহত রেখেছেন।

ব্যর্থতা প্রমাণের ভয়ে হাওর অঞ্চলকে সরকার দুর্গত ঘোষণা করছে না : দুদু-নয়া দিগন্ত

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু

সরকারের ব্যর্থতা প্রমাণ হয়ে যাবে এই ভয়েই তারা তারা এখনো হাওর অঞ্চলকে দুর্গত ঘোষণা করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামস্জ্জুামান দুদু। তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা টেন্ডার নিয়ে ওই সমস্ত এলাকায় কাজ করেছেন। তাদের দুর্নীতি প্রমাণ হওয়ার ভয়েই সরকার এখনো হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করছে না।
সরকার হাওরবাসীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে অভিযোগ করে দুদু বলেন, হাওর অঞ্চলের দুর্গতি সরকারের দুর্নীতির অংশ, ব্যর্থতার নগ্ন ইতিহাস। হাওরবাসী সরকারের এই ব্যর্থতা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরও সরকার অসহায় হাওরবাসীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
কাল হাওরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তার ঘেরাটোপ-এনটিভি-বিডি অনলাইন
অকাল বন্যায় বিধ্বস্ত হাওর এলাকা পরিদর্শনে আগামীকাল রোববার সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

৯০ লাখের বেশি হাওরবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর অ্যাডভোকেসি প্লাটফর্মের প্রতিবেদন-ইত্তেফাক

৯০ লাখের বেশি হাওরবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর অ্যাডভোকেসি প্লাটফর্মের প্রতিবেদন

হাওর অঞ্চলের সাম্প্রতিক আগাম বন্যায় ৯০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাওর অ্যাডভোকেসি প্লাটফর্মের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক আগাম বন্যায় দেশের ৭টি জেলার হাওর অঞ্চলই ক্ষতিগ্রস্ত হয়। এক ফসলি এ অঞ্চলে বোরা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
 
গতকাল দেয়া এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, হাওরের বেশির ভাগ অঞ্চলের ৯০ শতাংশ বোরো ধানই নষ্ট হয়ে গেছে। সরকারি হিসেবে ৩ লাখ ৭১ হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। আনুমানিক ৫ হাজার ৮১ কোটি টাকার ধান, মাছ ধ্বংস হয়েছে। প্রকৃত ক্ষতির পরিমাণ এর দ্বিগুণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ধরনের ক্ষতি পুষিয়ে নিতে কমপক্ষে পাঁচ বছর সময় প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইতিমধ্যে এক-তৃতীয়াংশ হাওরবাসী স্থানান্তরে বাধ্য হয়েছে। আরো অনেকেই চলে যাওয়ার পরিকল্পনা করছেন। এ ধরনের বন্যা ও বন্যা পরবর্তী বিভিন্ন সমস্যার আশঙ্কায় তারা স্থান পরিবর্তন করছেন। এপ্রিলের শুরু থেকেই তারা স্থান ত্যাগ শুরু  করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 হাওরে দুর্দশা লাঘবের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘদেয়াদী কিছু সুপারিশ করেছে হাওর অ্যাডভোকেসি প্লাটফর্ম। সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং মৌলভীবাজারের হাকালুকি হাওরে জরুরি অবস্থা জারি করার সুপারিশ করা হয়েছে।
 নভেম্বরের আগেই এ অঞ্চলের উন্নয়ন কাজের অর্থ ছাড় করা, হাওরের উন্নয়ন কাজ তদারকিতে স্থানীয় এবং সুশীল সমাজের সমন্বয়ে একটি নজরদারি কাঠামো তৈরি করা, নদীগুলো খনন করা এবং বাঁধগুলো টেকসই ও উঁচু করে নির্মাণের সুপারিশ করা হয়েছে।

ভারতে পাচার হওয়া ১২ বাংলাদেশি নারীকে হস্তান্তর-ইত্তেফাক

ভারতে পাচার হওয়া ১২ বাংলাদেশি নারীকে হস্তান্তর

ভালো কাজের প্রলোভনে পাচার হওয়া ১২ বাংলাদেশি নারীকে আড়াই বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় দেশটির পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
 
দেশে ফেরা নারীরা হলেন— শারমিন খাতুন, মালা, পায়েল, লাইজু, সাদিয়া, রেনজু, রিনা, সাগরি খানম, মাজেজা, তহমিনা, রুনা ও শাহনাজ। এদের বাড়ি যশোর, সাতক্ষীরা, ঠাকুরগা, ঢাকা, ফরিদপুর, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের সীমান্তের অবৈধপথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে নবজীবন শেলটার হোম নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরত আসে। ইমিগ্রেশন পুলিশ কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে রাতেই পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয় তাদের।

ঢাকা কেন্দ্রীয় কারাগার নির্মাণে পদে পদে দুর্নীতি-যুগান্তর

ঢাকা কেন্দ্রীয় কারাগার নির্মাণে পদে পদে দুর্নীতি

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার নির্মাণে পদে পদে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। অভিযোগ উঠেছে ভবন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার এবং বালি ও সিমেন্টের পরিমাণে গরমিলের কারণে অনেক অংশের পলেস্তারা খসে পড়ছে। এ ছাড়া নির্দিষ্ট সময়ে শেষ হয়নি প্রকল্প। সাত দফা বাড়ানো হয়েছে মেয়াদ। মানসম্পন্ন না হওয়ায় নির্মাণকাজ শেষ হওয়া আবাসিক ভবনগুলোর দরজা-জানালার পাল্লা বেঁকে গেছে, ভেঙে পড়েছে আবাসিক ভবনগুলোর লোহার গেটও। এ কারণে পরিবার-পরিজন নিয়ে ওইসব ভবনে উঠতে ভয় পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া সামান্য ঝড়ে কারাগার এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ছে। এসব বিষয় খতিয়ে দেখতে গত সপ্তাহে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আফজাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতার হোসেন যুগান্তরকে জানান, এ কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিনিধি আছেন।

সুন্দরবনের আরও দুটি দস্যু বাহিনীর আত্মসমর্পণ-যুগান্তর

সুন্দরবনের আরও দুটি দস্যু বাহিনীর আত্মসমর্পণ

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির মধ্যস্থতায় সুন্দরবনের ভয়ঙ্কর আরও  দুটি বনদস্যু বাহিনী আত্মসমর্পণ করেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ জন সদস্য আত্মসমর্পণ করেন। এ সময় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশে সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীদের ওপর নির্যাতন বেড়েছে’-মানবজমিন

২০১৬ সালে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, ধর্মনিরপেক্ষ ব্লগার, বুদ্ধিজীবী এবং বিদেশিদের ওপর সহিংস ও প্রাণঘাতী হামলার ঘটনা বেড়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তদন্ত, গ্রেপ্তার, দোষীদের বিচারের আওতায় আনা এবং সম্ভাব্য টার্গেটদের নিরাপত্তা বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে। তা সত্ত্বেও এসব সহিংসতা সকল ধর্মের বাংলাদেশি নাগরিকদের মধ্যে ভীতি  বাড়িয়েছে। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) নামের একটি সর্বদলীয় স্বাধীন কমিশনের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে এসব কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, ২০১৬ সালে টানা দ্বিতীয় বছর ধর্মীয় সংখ্যালঘু, ধর্মনিরপেক্ষ ব্লগার, বুদ্ধিজীবী ও বিদেশিদের টার্গেট করে অনেক প্রাণঘাতী হামলা হয়েছে। বিশেষ করে জঙ্গিগোষ্ঠী জেএমবি ও আইসিস এসব হামলার দায় স্বীকার করেছে বা তারা হামলা চালিয়েছে বলে বলা হয়েছে।

দুর্নীতির কারণে সিদ্ধান্ত বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে : ড. কামাল-কালের কণ্ঠ

সংবিধানপ্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

সংবিধানপ্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কারণে যতগুলো সিদ্ধান্ত বা কর্মসূচি নেওয়া হয় তা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে, বিলম্বিত হয়। তিনি হাওরবেষ্টিত জেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করার পাশাপাশি জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের দাবি জানান। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণফোরামের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিশিষ্ট এই আইনজীবী।

অফিসার্স মেসে সহকারী পুলিশ কমিশনারের লাশ-এনটিভিবিডি অনলাইন

সহকারী পুলিশ কমিশনার সাব্বির আহমেদ সরফরাজের লাশ পাওয়া গেছে

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অফিসার্স মেসের একটি কক্ষে সহকারী পুলিশ কমিশনার সাব্বির আহমেদ সরফরাজের লাশ পাওয়া গেছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে সাংবাদিকদের অফিসার্স মেসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। যে কক্ষে তাঁর মৃতদেহ রয়েছে, সেই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। তিনি জানালার গ্রিলে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন।’

অস্ট্রেলিয়ান হাইকমিশনে হুমকিদাতা গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে-ইত্তেফাক

অস্ট্রেলিয়ান হাইকমিশনে হুমকিদাতা গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

অস্ট্রেলিয়ান হাইকমিশন ও জাগো ফাউন্ডেশনকে ই-মেইলের মাধ্যমে হুমকি প্রদানকারীকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এর সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। তার নাম তৌসিফ হোসেন সীমান্ত (২৮)। তিনি একজন ফ্রিল্যান্স আলোকচিত্রী। গত বৃহস্পতিবার বিকালে রামপুরার বনশ্রী এলাকায় তার বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন সেট ও রাউটার উদ্ধার করা হয়েছে। গতকাল তাকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

তিন তালাক নিয়ে রাজনীতি করবেন না, আর্জি প্রধানমন্ত্রী মোদির-সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘তিন তালাক’ নিয়ে এবার সরব হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র নিয়ে৷ স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে রাজনীতি না করার আর্জি জানালেন তিনি৷ সম্প্রতি নয়া দিল্লির বাসব সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি৷ মুসলিম সম্প্রদায়ের কাছে প্রধানমন্ত্রী আবেদন করেন, তিন তালাকের মতো বিষয়টিকে রাজনীতির বাইরে রাখুন৷ তাঁদের এগিয়ে এসে এই সমস্যার সমাধান করার আর্জি জানান তিনি৷
তিন তালাক নিয়ে ইতিমধ্যেই দ্বিধা বিভক্ত দেশ৷ মার্চ মাসেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহের জানান, ১১ থেকে ১৯ মে-র মধ্যেই তিন তালাক নিয়ে চূড়ান্ত শুনানি হবে৷

ইভিএম নয়, ভুলটা আমাদেরই’, স্বীকারোক্তি পরাজিত কেজরীবালের-আনন্দবাজার

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

বিজেপি হাওয়ায় দিল্লি পুরভোটে খড়কুটোর মতো উড়ে গিয়ে প্রথমেই ইভিএমের দিকে আঙুল তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কেজরী অভিযোগ তুললেও আপের বেশ কয়েক জন নেতা কিন্তু তখনই উল্টো সুর গেয়েছিলেন। বিজেপির সংগঠন এবং দল হিসাবে পূর্ব প্রতিশ্রুতি না রাখতে পারাকেই দায়ী করেছিলেন তাঁরা। অবশেষে সেই পথে হাঁটলেন আপ সুপ্রিমোও। দিল্লি পুরভোটে বিজেপির কাজে বিপুল পরাজয়ের পর তাঁর উপলব্ধি, ইভিএম নয়, গলদটা আসলে তাঁদেরই। নিজেদের ভুল মেনে নিয়ে শনিবার সকালে টুইটারে একটা স্বীকারোক্তি পোস্ট করেছেন তিনি।
টুইটারে কেজরী লিখেছেন, ‘‘গত দু’দিনে আমি অনেক দলীয় সদস্য এবং ভোটারদের সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, ভুলটা আমাদেরই। ভুল খুঁজে বের করে দ্রুত সংশোধন করা উচিত।’’ সঙ্গে দলের কর্মীদের প্রতি তাঁর বার্তা, “কোনও অজুহাত না দিয়ে এখন শুধু কাজটাই মন দিয়ে করা উচিত আমাদের।”

শিশু সৈনিক তৈরি করে হামলার ছক মাওবাদীদের-সংবাদ প্রতিদিন

শিশু সৈনিক তৈরি করে হামলার ছক মাওবাদীদের

বিস্ফোরিত চোখে এখনও ভাসছে আতঙ্কের ছায়া। দু’টি আঙুলের মাঝে ধরা দলা পাকানো শার্টের অংশ। আর্ত স্বরে একটাই বক্তব্য, “আমাদের বাড়ি ঘর সব গিয়েছে। দয়া করে কমরেডদের কথা জানতে চাইবেন না। আমরা আর বিপদে পড়তে চাই না।” ১৬ বছরের ঝাড়খণ্ডের কিশোর লাচ্চুর এই বক্তব্যে লুকিয়ে আছে মাও সন্ত্রাসের এক ঘৃণ্য অধ্যায়। মাত্র ১০ বছর বয়সে পঞ্চম শ্রেনির ছাত্র লাচ্চুর জীবনে নেমে এসেছিল এক ভয়ঙ্কর ছায়া।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯