মে ০৩, ২০১৭ ১২:১২ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩ মে বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • একটি মানুষও গৃহহীন থাকবে না’-প্রদানমন্ত্রী-ইত্তেফাক
  • অপকর্ম করে জনরোষ থেকে রেহাই পাওয়া যাবে না: মির্জা ফখরুল-কালের কণ্ঠ
  • রাজধানীতে সিটিং সার্ভিস নিয়ে সিদ্ধান্তে ৮ সদস্যের কমিটি-যুগান্তর
  • জামিন পেলেন সাংবাদিক আহমেদ রাজু-যুগান্তর
  • হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন-মানবজমিন
  • আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সাংবাদিকদের ওপর আইনের খড়্গ-প্রথম আলো
  • ২০ মাস হাসপাতালে শীর্ষ সন্ত্রাসী জোসেফ!-প্রথম আলো
  • বাবা-মেয়ের আত্মহত্যায় আরও একজন গ্রেপ্তার-প্রথম আলো
  • ৫৭ ধারা মতপ্রকাশের অন্তরায় : আইনমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
  • চট্টগ্রামে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • প্রমাণ দিয়ে বসিতকে কড়া বার্তা-আজকাল
  • সন্ত্রাস আর খেলা একসঙ্গে চলতে পারে না’-সংবাদ প্রতিদিন
  • অমিতকে পাত পেড়ে খাওয়ানো- রাজু ও গীতা যোগ দিলেন তৃণমূলে-আনন্দবাজার

 

শ্রোতা/পাঠক:  শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

একটি মানুষও গৃহহীন থাকবে না-প্রধানমন্ত্রী-ইত্তেফাক

দেশের একটি মানুষও আর গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাতটি জেলায় ১১টি গুচ্ছগ্রাম উদ্বোধন করে বলেছেন, এ সরকার দেশের সকল মানুষের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। গুচ্ছগ্রাম উদ্ধোধনকালে তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে- দেশে আর একটি মানুষও গৃহহীন থাকবে না। সবার জন্য মাথা গোঁজার ঠাই নিশ্চিত করা হবে, অন্তত একটি করে টিনের ঘর হলেও আমরা করে দেব।

 শেখ হাসিনা আজ বুধবার গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধনকালে একথা বলেন। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই প্রকল্পের উদ্বোধন করেন। এই ১১টি গুচ্ছগ্রামে ৩৯০টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। উপকারভোগীর সংখ্যা এক হাজার ৪১৫ জন। সরকারের ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন গুচ্ছগ্রাম প্রকল্প ২য় পর্যায় প্রকল্পটি ১ অক্টোবর ২০১৫ সালে শুরু হয়েছে এবং প্রকল্পের ব্যাপ্তি ২০২০ সাল পর্যন্ত। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৯৪১ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। প্রকল্পের আওতায় দেশব্যাপী ২ হাজার ৫শ’ গুচ্ছগ্রাম নির্মাণ করে ৫০ হাজার ভূমিহীন, গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হবে। প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুনে।

অপকর্ম করে জনরোষ থেকে রেহাই পাওয়া যাবে না: মির্জা ফখরুল-/কালের কণ্ঠ/ ইত্তেফাক

অপকর্ম করে জনরোষ থেকে রেহাই পাওয়া যাবে না- মন্তব্য মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে হত্যা, গুম, অপহরণসহ নানাভাবে জুলুম, উত্পীড়ন ও হয়রানির মাধ্যমে নির্মূল করার যে অভিযান চালানো হচ্ছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা সেটিরই ধারাবাহিকতা।

 বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র ও প্রতিবাদ জানিয়ে আজ বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

 মির্জা ফখরুল বলেন, ‘জোর-জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে এবং দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে সহ্য করতে পারে না বলেই বর্তমান শাসকগোষ্ঠী জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে আক্রমণ করে যাচ্ছে। মিথ্যা মামলা ও অশালীন-অশ্রাব্য ভাষা ব্যবহার করে তারেক রহমানকে পর্যুদস্ত করার এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই আজ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

 তিনি বলেন, ‘কিন্তু জনগণ সবকিছুই বোঝে। এসব অপকর্ম করে কখনোই জনরোষ থেকে রেহাই পাওয়া যায় না। এটি সরকার বুঝতে পারছে না বলেই দুঃশাসন ও অপকর্ম থেকে সরে আসছে না। বর্তমান শাসকগোষ্ঠীর অন্যায় দুঃশাসনের যখন অবসান হবে তখনই, যখন জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার নিশ্চিত হবে। মানুষের প্রতি জুলুম-নির্যাতন শেষ হবে।’

বাবা-মেয়ের আত্মহত্যায় আরও একজন গ্রেপ্তার-প্রথম আলো

বাবা-মেয়ের আত্মহত্যায় আরও একজন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে বাবা-মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ভোরে উপজেলার কর্ণপুর গ্রাম থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি হলেন মো. সাহিদ (৪৫)। বাবার নাম নাজির উদ্দিন। বাড়ি উপজেলার কর্ণপুর গ্রামে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আজ ভোররাতে কর্ণপুর ছিটপাড়া গ্রাম থেকে সাহিদকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় দুজন গ্রেপ্তার হলেন।

বাবা-মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় আগেই গ্রেপ্তার হন স্থানীয় গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন ব্যাপারী। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ইতিমধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে।

গত শনিবার সকালে শ্রীপুর রেলস্টেশনের পশু হাসপাতাল-সংলগ্ন এলাকায় আট বছরের পালিত কন্যা আয়েশা আক্তারকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে পড়ে আত্মঘাতী হন কর্ণপুর ছিটপাড়ার দিনমজুর হযরত আলী (৪৫)।

২০ মাস হাসপাতালে শীর্ষ সন্ত্রাসী জোসেফ!-প্রথম আলোর প্রতিবেদন

শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফ টানা ২০ মাস ধরে হাসপাতালে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামির কোনো জটিল রোগের কথা জানা যায়নি। কাগজপত্রে লেখা, ‘পিঠে ব্যথা’।

এই ‘ভিআইপি রোগী’বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কারাকক্ষে আছেন আরাম-আয়েশে। যাঁকে খুশি কারাকক্ষে ডেকে নিচ্ছেন, দল বেঁধে আড্ডা দিচ্ছেন। ১৯৯৯ সালের একটি হত্যাকাণ্ডে তাঁর মৃত্যুদণ্ড হয়। এই রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এখনো সাজা ভোগ করা বাকি আছে ২০ বছর ৯ মাস। সম্ভাব্য মুক্তির তারিখ ২০৩৯ সালের ২৪ জানুয়ারি।

শীর্ষ সন্ত্রাসীর এভাবে মাসের পর মাস হাসপাতালে অবস্থান নিয়ে বিব্রত চিকিৎসক ও কারা প্রশাসন। কিন্তু অজ্ঞাত কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়ছে না। কারণ জানতে চাইলে চিকিৎসক ও কারা প্রশাসনের কর্মকর্তাদের একই জবাব, ‘সবই তো বোঝেন।’

বাবা ও মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা হয়।

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সাংবাদিকদের ওপর আইনের খড়্গ-প্রথম আলো

সাংবাদিক আহমেদ রাজু 

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে চলমান বিতর্কের মধ্যে নতুন করে আরও তিনজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলো। এর আগে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা মামলা দায়ের করেছেন। এবার মামলা করেছে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। অভিযোগ, ওই তিন সাংবাদিক ‘ব্যবসায়িক সুনাম ও ব্র্যান্ড ইমেজ’-এর ক্ষতি করেছেন।

এমন এক পরিস্থিতিতে আজ ৩ মে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সংকটকালে সমালোচকের মন: শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা।’

বাংলাদেশের গণমাধ্যমে মুক্ত মত প্রকাশের সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে যাঁরা খোঁজখবর রাখেন তাঁরা বলছেন, সাম্প্রতিক সময়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা ছাড়াও ফৌজদারি মামলায় সাংবাদিকদের হয়রানির শিকার হওয়ার হার বেড়েছে। শীর্ষস্থানীয় দৈনিকের সম্পাদকদের দীর্ঘমেয়াদি আইনি লড়াই চালাতে হচ্ছে। কেউ কেউ কারাবরণ করেছেন। আইনি যুদ্ধের পাশাপাশি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক নিহত ও নির্যাতনের শিকার হয়েছেন। টেলিভিশন টক শোসহ অনলাইন ও ছাপা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে চাপে পড়েছে গণমাধ্যম।

‘সংকটজনক’ এই সময়ে সাংবাদিক ও সংবাদমাধ্যম আসলে কতটা মুক্তভাবে কাজ করতে পারছে—এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘বাংলাদেশে কোনো সংবাদমাধ্যম কীভাবে স্বাধীন সাংবাদিকতা করবে? পত্রিকায় কোনো প্রতিবেদন ছাপা হলে মামলা হচ্ছে। তার ওপর ৫৭ ধারা পরিস্থিতিকে এত জটিল করেছে, ইচ্ছা করলেই সাংবাদিকদের বিরুদ্ধে যে কেউ মামলা করে দিচ্ছে।’

৫৭ ধারা মতপ্রকাশের অন্তরায় : আইনমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন

৫৭ ধারা মতপ্রকাশের অন্তরায় : আইনমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা স্বাধীন মতপ্রকাশের অন্তরায় বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ দুপুরে সচিবালয়ে ৫৭ ধারা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘এই ধারাটি নিয়ে শুরু থেকেই বিভিন্ন মহলের উদ্বেগ লক্ষ করছি। আমরা একটা ডিজিটাল নিরাপত্তা আইন করতে যাচ্ছি। এই আইনে ধারাটি বিলুপ্ত করা হবে। নতুন আইনের মাধ্যমে মানুষের যে উদ্বেগ আছে তা দূর হবে।’

সম্প্রতি আহমেদ রাজু নামের এক সাংবাদিককে ৫৭ ধারায় গ্রেপ্তার করা হয়। এর আগেও কয়েকজন একই ধারায় গ্রেপ্তার হন। এই বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী, ‘যাতে অবিচার না হয়, তারা ন্যায়বিচার বঞ্চিত না হন, সেজন্য সচেষ্ট থাকব।’

জামিন পেলেন সাংবাদিক আহমেদ রাজু-যুগান্তর

নিম্নমানের পণ্য ও ক্রেতাদের ভোগান্তি নিয়ে সংবাদ প্রকাশ করায় তথ্য প্রযুক্তি আইনে ওয়ালটনের করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আহমেদ রাজু।

বুধবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবিবের আদালত ওই মামলায় তাকে জামিন দেন।

আহমেদ রাজুর আইনজীবী মো. তরিকুল ইসলাম জানান, রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আদালত তাকে জামিনের নির্দেশ দিয়েছেন।

তবে তার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির আরেকটি মামলায় তিনি রিমান্ডে রয়েছেন।

মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত জাতীয় পার্টির-যুগান্তর

মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত জাতীয় পার্টির

মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। মঙ্গলবার রাতে পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বৈঠকে সভাপতিত্ব করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ পার্টির বেশিরভাগ সংসদ সদস্য এতে উপস্থিত ছিলেন।

তবে এখনই সরকার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের বিপক্ষে মত দেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

রাজধানীতে সিটিং সার্ভিস নিয়ে সিদ্ধান্তে ৮ সদস্যের কমিটি-যুগান্তর

রাজধানীতে সিটিং সার্ভিস নিয়ে সিদ্ধান্তে ৮ সদস্যের কমিটি

রাজধানীতে সিটিং সার্ভিস বাস থাকবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের পর সিদ্ধান্ত কার্যকর করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ'র পরিচালক  শেখ মাহবুব ই রব্বানী। 

তিনি বলেন, রাজধানীতে সিটিং সার্ভিস বাস চলাচলের অনুমোদন নেই। কিন্তু নগরে এখন প্রায় সব বাসই সিটিং সার্ভিস। আমরা তা বন্ধে অভিযানে নামার পর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। মালিক-শ্রমিক বাস বন্ধ করে দিয়েছে। এই প্রেক্ষাপটে ১৫ দিন পর সিটিং সার্ভিসের বাস চলাচল নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল।

হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন-মানবজমিন

হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

আগাম বন্যাকবলিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ সমগ্র হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে কিশোরগঞ্জস্থ ইটনা সমিতি মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বুধবার সকালে জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার স্টেশন রোডে এ কর্মসূচী পালন করা হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে সংহতি প্রকাশ করে কিশোরগঞ্জের হাওরাঞ্চলবাসী, মিঠামইন উপজেলা কল্যাণ সমিতি ও ভোরের আলো সাহিত্য আসরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

চট্টগ্রামে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার-নয়া দিগন্ত

চট্টগ্রামে মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন ওই কলোনিতে ‘ব্লক রেইড’ শুরু করে নগর পুলিশের দক্ষিণ বিভাগ।

অভিযানে কলোনির বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাটি খুঁড়ে বিশেষ কৌশলে ড্রাম বসিয়ে ফেন্সিডিলগুলো রাখা হয়েছিল। ওই রকম চারটি গর্ত থেকে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

প্রমাণ দিয়ে বসিতকে কড়া বার্তা-আজকাল

প্রমাণ দিয়ে বসিতকে কড়া বার্তা

সীমান্তে দুই জওয়ানকে হত্যা করে শিরশ্ছেদের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার আবদুল বসিতকে কড়া বার্তা দিল বিদেশ মন্ত্রক। এই নৃশংস ঘটনায় অভিযুক্ত পাক সেনা জওয়ানদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে ভারত। 

কাশ্মীর সীমান্তের কৃষ্ণা গাথি সেক্টরে পেট্রোলিংয়ের সময় সুবেদার পরমজিৎ সিং এবং কনস্টেবল প্রেম সাগরকে হত্যা করে তাঁদের শিরশ্ছেদ করে পাক সেনাবাহিনী। ভারতীয় সেনার দাবি, এলওসি অতিক্রম করে ভারতের মধ্যে ২৫০ কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছিল তারা। সোমবার সকালে শিরশ্ছেদ করা দুই জওয়ানের দেহ উদ্ধার হয়।

সন্ত্রাস আর খেলা একসঙ্গে চলতে পারে না’-সংবাদ প্রতিদিন

সন্ত্রাসের মতো ঘৃণ্য কাজ আর খেলার মতো সৌহার্দ্যপূর্ণ বিষয় পাশাপাশি থাকতে পারে না। দুই ভারতীয় জওয়ানের শিরশ্ছেদের পর এবার পাক খেলোয়াড়দের সম্পর্কেও আরও কঠোর মনোভাব নিল ভারত। এশিয়ান চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার কথা ছিল পাক কুস্তিগিরদের। তাঁদের ভিসা নাকচ করে পাকিস্তানকে সতর্কবার্তা দেওয়া হল ভারতের পক্ষ থেকে।

অমিতকে পাত পেড়ে খাওয়ানো রাজু-গীতা যোগ দিলেন তৃণমূলে-আনন্দবাজার

অমিতকে পাত পেড়ে খাওয়ানো রাজু-গীতা যোগ দিলেন তৃণমূলে

তৃণমূলে যোগ দিলেন রাজু ও গীতা মাহালি। মঙ্গলবার বিকাল থেকেই তাঁরা বাড়িতে ছিলেন না। অভিযোগ উঠছিল, তাঁদের নাকি তুলে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সকালে ওই দম্পতিকে দেখা যায় নকশালবাড়ির তৃণমূল পার্টি অফিসে। সেখানেই তৃণমূল নেতা তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে তাঁরা তৃণমূলে যোগ দেন। এর পর গৌতমবাবু ওই দম্পতিকে নিয়ে তাঁদের বাড়িতে যান। সেখানে চা-ও খান তিনি।

গত ২৫ এপ্রিল বিজেপি-র সর্বভারতীয় সভাপতি তাঁর পশ্চিমবঙ্গ সফের সময় ওই দম্পতির বাড়িতে পাত পেড়ে খেয়েছিলেন। তিনি গীতার রান্নার প্রশংসাও করেছিলেন। বিজেপি এ নিয়ে তৃণমূলকে বিঁধেছে। তাদের দাবি, মাহালি দম্পতিকে জোর করে এবং ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে। তৃণমূল যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। গৌতমবাবু বলেন, ‘‘ওঁরা বরাবরই তৃণমূল করেন। বিজেপি জোর করেই ওই দম্পতির বাড়িতে ও সব আয়োজন করেছিলো।

ধর্ষিতাকে নগ্ন করে ‘পরীক্ষা’ করল পুরুষ পুলিশ, হইচই হরিয়ানায়-আনন্দবাজার

ভক্ষকের থেকেও ভয়ানক, এ কোন রক্ষক!

ভক্ষকের থেকেও ভয়ানক, এ কোন রক্ষক!

ধর্ষকদের শাস্তি চাইতে থানায় গিয়েছিল ১৪ বছরের কিশোরীটি। কিন্তু, সেখানে ধর্ষণের প্রমাণ দেখতে চাইলেন এক পুরুষ পুলিশকর্মী! শুধু দেখতে চেয়েই ক্ষান্ত হলেন না, ওই কিশোরীকে নগ্ন হয়ে দাঁড়াতে বললেন। পুলিশের সেই হুকুম তামিল করতে না চাওয়ায়, বাবা-মায়ের সামনেই জোর করে তাকে পোশাক খুলতে বাধ্য করা হয়। এখানেও থামেনি পুলিশের ‘প্রমাণ’ নেওয়ার পালা। আদৌ ধর্ষণ করা হয়েছে কি না তা ‘পরীক্ষা’ করে দেখতে এর পর কিশোরীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন ওই পুলিশকর্মী। আর সবটাই করা হয় থানার ভিতরে, অন্য কয়েক জন পুলিশ কর্মীর সামনে!

গোটা ঘটনাটির কথা জানিয়ে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে পিটিশন দাখিল করেন ওই কিশোরীর বাবা। এই অভিযোগের কথা প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে। থানায় ওই দিন ঠিক কী হয়েছিল, তা অবিলম্বে জানাতে সোমবার হরিয়ানা পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর পর মঙ্গলবার রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রক ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্যের অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব রাম নিবাস জানান, ঘটনাটি সত্যিই মারাত্মক! ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রেলের খাবারে চরম দুর্নীতি, এক কেজি দইয়ের দাম ৯৭২০ টাকা-সংবাদ প্রতিদিন

রেলের খাবারে চরম দুর্নীতি, এক কেজি দইয়ের দাম ৯৭২০ টাকা

এক কিলো দইয়ের দাম ৯,৭২০ টাকা। প্রতি লিটার রিফাইন তেলের দাম ১,২৪১ টাকা। না কোনও পাঁচ তারা রেস্তরাঁর খাবারের দাম নয়, সেন্ট্রাল রেলওয়ে নাকি বাজার থেকে এই রেটে বিভিন্ন খাদ্যসামগ্রী কিনে গুদামে মজুত করে রাখে। সম্প্রতি একটি আরটিআই আবেদনের ভিত্তিতে এই তথ্য প্রকাশ্যে এসেছে। খবরটি জানিয়েছে ‘দ্য হিন্দু’।

বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আন্দোলনকারী অজয় বসু রেলের কাছে আরটিআই আইনে জানতে চান, সেন্ট্রাল রেলওয়ের ক্যাটারিং দপ্তর কোন খাদ্য সামগ্রী কিনতে কত টাকা খরচ করে? কেন দিনের পর দিন কোটি কোটি টাকা লোকসান হয় রেলের? প্রথমবার আবেদনের ভিত্তিতে কোনও জবাব দেয়নি রেল। দ্বিতীয়বার আবেদন করলে অজয় বসুর প্রশ্নের উত্তরে সেন্ট্রাল রেল যা যা তথ্য দেয়, দেখে চোখ কপালে উঠে যেতে বাধ্য। রেল সূত্রে জানানো হয়, প্রতি কিলোগ্রাম দই কিনতে রেলের ৯,২৭০ টাকা খরচ হয়। ৬৫০ কিলো বোনলেস চিকেন কিনতে খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা। অর্থাৎ, প্রতি কিলোর জন্য প্রায় ২৫০ টাকা। এখানেই শেষ নয়, জল ও নরম পানীয়র এক একটি বোতল কেনা হয়েছে ৬০ টাকা দামে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩