প্রধান বিচারপতির বক্তব্যে পরিষ্কার দেশে গণতন্ত্র নেই: ফখরুল
প্রিয় শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৫ মে শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- উত্তরপত্র মূল্যায়নের নতুন পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রী: পাসের হার কিছুটা কমলেও মেধার যথার্থ যাচাই হবে/ বাসস / প্রথম আলো
- প্রধান বিচারপতির বক্তব্যে পরিষ্কার দেশে গণতন্ত্র নেই : ফখরুল / প্রথম আলোর আরেকটি শিরোনাম
- দিল্লিতে নির্ভয়ার ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসি বহাল ভারতের সুপ্রিম কোর্টে: ইত্তেফাক
- হাওরে দুর্নীতির কথা স্বীকার করলেন চার কর্মকর্তা: ইত্তেফাকের আরেকটি শিরোনাম
- তিস্তা চুক্তি হতেই হবে: ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় / যুগান্তর
- হেফাজতের কর্মসূচিতে তাণ্ডবের ৪ বছর। সেই ষড়যন্ত্রকারীরা শনাক্ত,তদন্ত গ্রিন সিগন্যালের অপেক্ষায়: বাংলাদেশ প্রতিদিন
- নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন করবে সরকার: মানব জমিন
- এরশাদের নেতৃত্বে ৭০ দলীয় সম্মিলিত জাতীয় জোট: নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- নির্ভয়াকাণ্ডে ফাঁসিই বহাল, ক্ষমার প্রশ্ন নেই: সুপ্রিম কোর্ট / আনন্দবাজার পত্রিকা
- জেলে দিলে পাল্টা জেল: মমতা / আনন্দবাজার পত্রিকার আরেকটি শিরোনাম
- পাকিস্তানের বর্বরতার বদলা নিতে দেশ তৈরি: সেনাপ্রধান : বর্তমান পত্রিকা
- করাচি-মুম্বই বিমান পরিষেবা বাতিল করছে পাকিস্তান

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
উত্তরপত্র মূল্যায়নের নতুন পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রী: পাসের হার কিছুটা কমলেও মেধার যথার্থ যাচাই হবে/ বাসস / প্রথম আলো এই শিরোনামে লিখেছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল এবং ফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের নতুন পদ্ধতি অত্যন্ত সময়োচিত এবং গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে পাসের হার কিছুটা কমে গেলেও পরীক্ষার্থীদের মেধা যাচাইয়ে এটি যথার্থ কার্যকরী হবে। নিজ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
নতুন পদ্ধতিতে পরীক্ষার্থীদের উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দিয়ে পরীক্ষা করানো হচ্ছে। মূল্যায়নের এ নতুন পদ্ধতি সংযুক্ত করায় শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধান বিচারপতির বক্তব্যে পরিষ্কার দেশে গণতন্ত্র নেই : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান বিচারপতির বক্তব্যের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগ স্বাধীন ভূমিকা পালন করতে পারছে না।
আজ শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি বারবার বলেছে, যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না। সরকার বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। বিএনপি এ কথাগুলো বলে এলেও অনেকে সেটা বুঝতে পারেননি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই সংবাদ সম্মেলন করে ‘ভিশন : ২০৩০’ তুলে ধরবেন। ১০ মে সেটি হতে পারে। তবে এখনো তারিখটি চূড়ান্ত নয়। স্থান পাওয়া সাপেক্ষে এটি হবে।

হাওরে দুর্নীতির কথা স্বীকার করলেন চার কর্মকর্তা: ইত্তেফাক
হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও পানিসম্পদ মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, সুনামগঞ্জ হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের খবর গত বছর গণমাধ্যমে আসে। এর পরিপ্রেক্ষিতে দুদক পাউবোকে প্রতিবেদন দাখিল করতে বলে গত বছরের ফেব্রুয়ারি মাসে। ওই চার কর্মকর্তা গত বছর নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেননি। তারা এ বছর অসম্পূর্ণ প্রতিবেদন জমা দিয়েছেন। এর কারণ জানতে চারজনকে গতকাল দুদক কার্যালয়ে তলব করা হয়।
তিস্তা চুক্তি হতেই হবে: ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় / যুগান্তর
তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দ্রুত সমাধানে জোরালো আওয়াজ তুলেছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। তিনি বলেছেন, ‘নিন্ম অববাহিকা হিসেবে বাংলাদেশের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। আমরা কোনোভাবেই এটা এড়াতে পারি না।’
বিষয়টি নিয়ে ‘অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা’ থাকলেও শিগগিরই সেগুলোর সমাধান হবে বলে জোর দিয়ে বলেন তথাগত রায়। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে তিস্তা ও অন্য নদীর পানিবণ্টনের বিষয়টি সমাধান করতে মোদিজি প্রতিজ্ঞাবদ্ধ। আজ হোক, কাল হোক এটা ঘটবেই। কারণ এটা দলীয় বিষয় নয়, এটার সঙ্গে সার্বভৌম ভারতের প্রতিশ্রুতি জড়িত আছে।’

নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন করবে সরকার: মানব জমিন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী পহেলা জুলাই থেকে সরকার অনলাইন ভিত্তিক নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়ন করতে যাচ্ছে। সরকার এ আইনটি ২০১২ সালে জাতীয় সংসদে পাস করেছে। এ আইন প্রণয়নের উদ্দেশ্য হলো কর আদায় পদ্ধতির সহজতর করা। এর ফলে ভ্যাটের আওতা ও কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং ফলস্বরূপ রাজস্ব আদায় বহুলাংশে বৃদ্ধি পাবে। একইসঙ্গে ট্যাক্স জিডিপি রেশিও বৃদ্ধি পাবে। পহেলা জুলাই থেকে পর্যায়ক্রমে অনলাইনে ভ্যাট পেমেন্ট এবং রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হবে। গতকাল সংসদে প্রশ্নোত্তরপর্বে ন্যাপের সংসদ সদস্য মিসেস আমিনা আহমেদের প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী আরো জানান, সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রের মর্যাদায় উন্নীত করার জন্য দেশের অভ্যন্তরীণ সম্পদ আহরণ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা ও সম্প্রসারণের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেছে।

এরশাদের নেতৃত্বে ৭০ দলীয় সম্মিলিত জাতীয় জোট: নয়াদিগন্ত
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে আসছে ৭০ দলের ‘সম্মিলিত জাতীয় জোট- ইউএনএ’। আগামী ৭ মে আনুষ্ঠানিকভাবে এই জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দেশের ইতিহাসে সংখ্যার দিক থেকে এটি হবে দ্বিতীয় সর্ববৃহৎ রাজনৈতিক জোট।
তবে নতুন জোটের একমাত্র নিবন্ধিত দল হচ্ছে উদ্যোক্তা জাতীয় পার্টি। সম্মিলিত জাতীয় জোট ‘ইউএনএ’র বাকি একটি দলেরও নিবন্ধন নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচন সামনে রেখে দেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্বকারী সংসদের বাইরে থাকা প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে চাপে রাখতেই মূলত এই নতুন জোট হচ্ছে।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
নির্ভয়াকাণ্ডে ফাঁসিই বহাল, ক্ষমার প্রশ্ন নেই: সুপ্রিম কোর্ট
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কোনও সাধারণ অপরাধ নয়। বিরল থেকে বিরলতম এই অপরাধ। নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
শুক্রবার এই মামলায় দোষী সাব্যস্ত চার জনের ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সারা দেশকে শিউরে দেওয়া এই মামলায় ২০১৩ সালে চার জনের ফাঁসির সাজা হয়েছিল নিম্ন আদালতে। পরের বছর দিল্লি হাইকোর্টও একই সাজা বহাল রাখে। তবে সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল দোষীরা। এ দিন সেই আর্জি খারিজ করে ফাঁসির সাজাই বহাল রাখল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর ভানুমতী এবং বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।
এ দিন ভিড়েঠাসা আদালতকক্ষে উপস্থিত ছিলেন নির্ভয়ার মা-বাবা। দুপুর ২টো নাগাদ রায় পড়ে শোনান বিচারপতি দীপক মিশ্র। তিনি বলেন, “নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় বিরল থেকে বিরলতম। ফলে দোষীদের কোনও ভাবেই এতে ক্ষমার প্রশ্ন ওঠে না। এবং সুবিচার নিশ্চিত করতে দোষীদের সর্বোচ্চ সাজা শোনাতে আমরা বাধ্য হচ্ছি।”
বিচারপতির রায় শোনানো শেষ হওয়ামাত্রই আদালতকক্ষে করতালির ঝড় ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতে উপস্থিত অন্তত ৮-১০ জন একটানা হাততালি দিতে থাকেন। সামনের সারিতে বসে থাকা জ্যোতি সিংহের মা-বাবার চোখেমুখে তখন দৃশ্যতই সন্তুষ্টির ছাপ। আদালতের মধ্যেই জলে ভিজে ওঠে জ্যোতির মা আশা সিংহের দু’চোখ।

জেলে দিলে পাল্টা জেল: মমতা
আনন্দবাজার পত্রিকা এই শিরোনামে লিখেছে, জেলে যেতে যে তিনি ভয় পান না, তা আগেই জানিয়েছিলেন। রসিকতার সুরে বলেছিলেন, বরং জেলে পাঠালে দিন কয়েক বিশ্রাম পাবেন। সেই হাল্কা চাল ছেড়ে বিজেপি মোকাবিলায় এ বার আরও আক্রমণাত্মক হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মালদহে বিজেপির উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘‘জেলে দিলে জেলে যেতেও হবে।’’
নারদ এবং চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের সূত্রে বিজেপি নেতারা বার বার তৃণমূলের নেতা-মন্ত্রীদের জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন। তাতে দলের নিচুতলার মনোবলে কিছুটা হলেও যে চিড় ধরেছে, তা বিলক্ষণ বুঝেছেন তৃণমূল নেত্রী। তা সামাল দিতেই রণংদেহি মমতা এ দিন বলেন, ‘‘আমাদের এক জনকে জেলে পাঠালে বিজেপির এক লক্ষ কর্মীকে সাধারণ মানুষ জেলে পাঠাবে।’’
পাকিস্তানের বর্বরতার বদলা নিতে দেশ তৈরি: সেনাপ্রধান : বর্তমান পত্রিকা
ভারতীয় দুই সেনার মুণ্ডচ্ছেদের মতো বর্বরোচিত ঘটনায় পাকিস্তানের উপর প্রতিশোধ নিতে তৈরি ভারত। আজ এমনটাই জানিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তবে কী হবে সেই ‘জবাব’, তা খোলসা করতে তিনি নারাজ। শুধু বললেন, আক্রমণের স্ট্র্যাটেজি কি মিডিয়ার সামনে খোলাখুলি বলা যায় নাকি? অপারেশনের পরেই তা জানানো যেতে পারে। স্ট্র্যাটেজি গোপন রেখে শত্রুপক্ষকে টের পেতে না দিয়ে কীভাবে মুখের উপর জবাব দেব, তার প্রস্তুতি শেষ। কেবল সঠিক সময়ের অপেক্ষা।
অন্যদিকে, দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, দুই ভারতীয় সেনার আত্মত্যাগ বৃথা যাবে না। এই নির্মম ঘটনার জবাব আমরা দেবই। একইসঙ্গে তিনি বলেন, এই ঘটনার পিছনে পাকিস্তানের সেনা জড়িত। তাই মোটেই বিষয়টিকে হালকা করে দেখা হচ্ছে না। পাকিস্তানি সেনার মদতেই যে সীমান্ত পেরিয়ে ভারতের দুই জওয়ান নায়েব সুবেদার পরমজিৎ সিং এবং বিএসএফের হেড কনস্টেবল প্রেম সিংয়ের উপর হামলা করে মুণ্ডচ্ছেদ করা হয়েছে, তার প্রমাণ ভারতের হাতে আছে। পাকিস্তানকেও তা জানানো হয়েছে। তাই ইসলামাবাদ যতই অস্বীকার করুক, আমরা তাকে মোটেই গুরুত্ব দিচ্ছি না।

করাচি-মুম্বই বিমান পরিষেবা বাতিল করছে পাকিস্তান: সংবাদ প্রতিদিন
সীমান্ত থেকে সন্ত্রাস। একাধিক ইস্যুতে তলানিতে ভারত-পাকিস্তান সম্পর্ক। চলছে প্রবল চাপানউতোর। এবার শৈত্য আরও বাড়িয়ে করাচি-মুম্বই বিমান পরিষেবা বাতিল করতে চলেছে পাকিস্তানের সরকারী বিমানসংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’।চলতি মাসের ১৫ তারিখ থেকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে ওই রুটে ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র ডাইরেক্ট ফ্লাইট পরিষেবা।
জানা গিয়েছে, গত কয়েকমাসে বিশেষ করে উরি হামলার পর থেকেই তলানিতে ঠেকেছে নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্ক।সম্প্রতি, পাকিস্তানে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর থেকেই সে দেশের নাগরিকদের জন্য ভিসা নীতি কড়া করেছে ভারত।এর ফলে কমে গিয়েছে যাত্রী সংখ্যা।তাই যথেষ্ট যাত্রী না পাওয়ায় পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানসংস্থাটি।
তো শ্রোতাবন্ধুরা! এই ছিল আজকের পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ কিছু খবর। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পার্সটুডে/নাসির মাহমুদ/৫