মে ০৬, ২০১৭ ১৩:১৭ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৬ মে শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • বিএনপি নির্বাচনী পরিবেশ তৈরি করতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে-রিজভী- ইত্তেফাক
  • ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি-ড. মঈন খান-ইত্তেফাক
  • চালের দাম বাড়ছেই-ইত্তেফাক
  • বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন-এনটিভিবিডি অনলাইন
  • পাবনায় কৃষককে শ্বাসরোধে হত্যা-যুগান্তর
  • পাবনায় কৃষককে শ্বাসরোধে হত্যা-যুগান্তর
  • শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : শিল্পমন্ত্রী
  • রামপালের কারণে ভারতীয় কোম্পানিতে বিনিয়োগ করবে না নরওয়ে-মানবজমিন
  • ইউরোপমুখী শরণার্থীদের মধ্যে বাংলাদেশীই সবচেয়ে বেশি-মানবজমিন
  • সমুদ্র তীরের বালুকাবেলায় হাঁটলেন প্রধানমন্ত্রী - বাংলাদেশ প্রতিদিন
  • প্রশ্ন মতিয়া চৌধুরীর-মেয়েরা কি হাত বদলের জিনিস?’মতিয়অ চৌধুরী-প্রথম আলো
  • সুনামগঞ্জে গোয়াল ঘরে মানুষের বাস! ‘বাঁচতাম কেমনে এই চিন্তায় আছি’-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • পশ্চিমবঙ্গে নিরাপদ নয় আদিবাসীরা, অভিযোগ বিজয়বর্গীয়র-সংবাদ প্রতিদিন
  • টিকা এবং টুপির মধ্যে ভেদাভেদ করবে না সরকার, মন্তব্য যোগীর-আজকাল
  • নির্ভয়া-কাণ্ডে সুপ্রিম কোর্টে ফাঁসিই বহাল চার ধর্ষকের-আনন্দবাজার
  • গ্যাস লিক, দিল্লির স্কুলে দমবন্ধ দশা, প্রায় ২০০ ছাত্রী হাসপাতালে-বর্তমান

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ 

বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন-এনটিভিবিডি অনলাইন

বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার ইনানী বিচে উপস্থিত হয়ে এ সড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সড়কটিতে ১৭টি ব্রিজ, ১০৮টি কালর্ভাট রয়েছে। এ সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ৪০ কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবির অধীনে সড়কটি নির্মিত হয়।

 সমুদ্র তীরের বালুকাবেলায় হাঁটলেন প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

সমুদ্রতীরে যাবেন আর বালুকাবেলায় হাঁটবেন না, তাতো হয় না। আজ কক্সবাজারের উখিয়া উপজেলায় ইনানী বিচে সমুদ্রজলে হাঁটলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালি পায়ে হেঁটে বেড়ালেন বালুকাবেলায়।  

কক্সবাজারের বে ওয়াচ রিসোর্টের সামনে সৈকতের বেলাভূমিতে মঞ্চ করে হয় এই অনুষ্ঠানটি। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠান শেষ হলে শেখ হাসিনা সোজা সৈকতে নেমে যান। সেখানে কিছুক্ষণ খালি পায়ে হাঁটেন তিনি, নামেন পানিতেও। বে ওয়াচ রিসোর্টেই মধ্যাহ্ন ভোজ সারবেন তিনি। এই অনুষ্ঠানে বক্তব্যে শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতার কথা জানান।

ইনানীর সঙ্গে জড়িয়ে আছেন বঙ্গবন্ধুর স্মৃতিও। ১৯৫৮ সালে সামরিক শাসনামলে অরণ্যঘেরা ইনানীর চেনছড়ি গ্রামে বেশ কিছু দিন ছিলেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার কথাও বলেন শেখ হাসিনা।

বিএনপি নির্বাচনী পরিবেশ তৈরি করতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে-রিজভী- ইত্তেফাক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সরকার জাতীয় যাদুঘরে পাঠিয়েছে। এ কারণে শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন নয়, নিরপেক্ষ  সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। আর সে জন্যই বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। 

 শনিবার বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে দেশের বর্তমান রাজনীতি, দলীয় অবস্থান ও ঐক্য সম্পর্কে মহানগর ও জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনা মহানগর বিএনপি এ প্রতিনিধি সভার আয়োজন করে। 

রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সম্পর্কে রিজভী বলেন, সুন্দরবন সংলগ্ন পশুর নদীর তীরে নির্মাণাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্র দক্ষিণাঞ্চলকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করবে। কয়লা পোড়ানোর পার্শ্ব প্রতিক্রিয়ায় সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংস হবে, বন্যপ্রাণী প্রজনন ক্ষমতা হারাবে, নদ-নদীতে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হবে।

আর দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী  ড. আবদুল মঈন খাঁন বলেছেন, জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আর বর্তমানে আওয়ামী লীগ সরকার ১৪ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে হটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করবে বিএনপি। 

এ জন্য যে কোন সময় এ সরকারকে হটানোর জন্য আন্দোলনের ডাক আসতে পারে বলে বিএনপি নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান ড. মঈন খাঁন।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : শিল্পমন্ত্রী-প্রথম আলো

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : শিল্পমন্ত্রী

"শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি এ দেশের মানুষের কর্মসংস্থানও সৃষ্টি করা হচ্ছে। ডিজিটাল বাংলা নিয়ে বিএনপি-জামায়াত 'কৌতুক' করতো। আসলে সেই কৌতুকর বিষয়ই বাস্তবে রূপ ধারণ করেছে। "

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় ঝালকাঠি শিশু পার্কে 'লানিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট' শীর্ষক প্রকল্পের মেলা উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বাংলাদেশ সাহায্যের জন্য কারো দ্বারে যাচ্ছে না মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, "আজকে ডিজিটাল বাংলা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবন্ধ নয়। ডিজিটাল বাংলার মাধ্যমে গ্রামের মানুষ বিদেশ থেকে টাকা আনতে পারেন, দিতেও পারেন। আমাদের কর্মসংস্থান দেখে বিদেশিরা বলতে শুরু করেছে, বাংলাদেশে লোক পাঠানো হবে। আগামী পাঁচ বছরের বছরের মধ্যে বাংলাদেশে কাজ করতে আসবে বিদেশি শ্রমিক। "

পাবনায় কৃষককে শ্বাসরোধে হত্যা-যুগান্তর

পাবনার আটঘরিয়া উপজেলায় সাদেক আলী (৫৯) নামের এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার হিদাশকোল বিল থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। সাদেক আলী উপজেলার একদন্ত ইউনিয়নের হিদাশকোল গ্রামের তায়জাল প্রামানিকের ছেলে।আটঘরিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার দিনগত রাতের কোনো এক সময় সাদেককে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বিলের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

রামপালের কারণে ভারতীয় কোম্পানিতে বিনিয়োগ করবে না নরওয়ে-মানবজমিন

রামপালের কারণে ভারতীয় কোম্পানিতে বিনিয়োগ করবে না নরওয়ে

সুন্দরবনের কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে যে ভারতীয় কোম্পানি, সেই ভারত হেভি ইলেকট্রিক্যালস কোম্পানিকে বিনিয়োগ তালিকা থেকে বাদ দিয়েছে নরওয়ের সবচেয়ে বড় বিনিয়োগ তহবিল। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

নরওয়ের ৯৩৫ বিলিয়ন ডলারের ওয়েলথ ফান্ড বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ তহবিলগুলোর একটি। কিন্তু এই রাষ্ট্রীয় তহবিল কোন দেশে বা কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে, তার কিছু নীতিমালা ঠিক করে দিয়েছে নরওয়ের পার্লামেন্ট। এর মধ্যে আছে পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্প, পরমাণু অস্ত্র, তামাক এবং এন্টি পার্সোনাল ল্যান্ড মাইনের মতো অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি।

নরওয়ের সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে, বাংলাদেশে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেটির পরিবেশগত ঝুঁকি নিয়ে উদ্বেগ আছে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এর ফলে ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুঁকি আছে। সেই বিবেচনাতেই ভারত হেভি ইলেকট্রিক্যালসকে তাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও থেকে বাদ দেয়া হয়েছে।

সুনামগঞ্জে গোয়াল ঘরে মানুষের বাস! ‘বাঁচতাম কেমনে এই চিন্তায় আছি’-নয়া দিগন্ত

সুনামগঞ্জে গোয়াল ঘরে মানুষের বাস! ‘বাঁচতাম কেমনে এই চিন্তায় আছি’

‘বানের পানি পাহাড়ি ঢল আমরার সব ডুবাইয়া দিছে, বাঁচতাম কেমনে খাইতাম কেমনে এই চিন্তায় আছি’ আমরার বাচ্চ কাচ্ছা নিয়া খুবই বিপদে আছি, কাম কাজ নাই রোজি বন্ধ হেরলাইগা দিনে একবার খাইলে আরেকবারের আশা নাই, আইজও বাচ্চারারে কোন রহম খাওয়াইছি, উনা (অধাপেট) উফাসেই চলছে আমরার সংসার, সরকারী কোন কিছু সাহায্যের মাঝে আমর নাম নাই সাহায্য দিব কে ? নিজের বাড়ি ঘর নাই অন্যের গোয়াল ঘরের অর্ধেকটাতে আমরা থাকি, আর অর্ধেকটাতে গরু থাকে, প্লাষ্টিকের জুতা জ্বলাইয়া মশার কামড় থাইক্কা বাঁচি’ এম কষ্টের কথা বর্ণনা দিতে দিয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে হাফ ছাড়েন পাকনা হাওরের আব্দুল্লাহ পুর গ্রামের দিন মজুর জালাল মিয়ার স্ত্রী হালেমা বেগম।

ইউরোপমুখী শরণার্থীদের মধ্যে বাংলাদেশীই সবচেয়ে বেশি-মানবজমিন

নৌপথে ইউরোপে যাওয়া শরণার্থীদের মধ্যে এ বছরের প্রথম তিন মাসে বাংলাদেশীর সংখ্যাই সবচেয়ে বেশি। এক্ষেত্রে সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইরিত্রিয়া, সাব সাহারান আফ্রিকাকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এ বছর ইউরোপের বিভিন্ন অঞ্চলে কমপক্ষে ২৮০০ বাংলাদেশী আশ্রয়ের জন্য ছুটে গেছেন বিভিন্ন উপায়ে। এর বেশির ভাগই গিয়েছেন ভূমধ্যসাগরের উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে। জীবন বাজি রেখে এভাবে ইউরোপের উপকূলে পৌঁছানোর আগে যাদেরকে উদ্ধার করা হয়েছেতারা বলেছেন, ঢাকা থেকে দুবাই অথবা তুরস্ক হয়ে লিবিয়া যাওয়ার জন্য তাদের প্রত্যেকে দালালদের দিয়েছে ১০ হাজার ডলার করে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, গত বছরের প্রথম তিন মাসে ইতালিতে প্রবেশকারী বাংলাদেশীর সংখ্যা ছিল মাত্র ১। কিন্তু এ বছর সেই সময়ে বাংলাদেশী বা বাংলাদেশী বংশোদ্ভূতদের সংখ্যা সব দেশকে ছাড়িয়ে গেছে। বিশ্বে শরণার্থী সঙ্কট প্রবেশ করেছে চতুর্থ বছরে।

চালের দাম বাড়ছেই-ইত্তেফাক

চালের দাম বাড়ছেই

রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে বোরোর নতুন চাল। কিন্তু তারপরও চালের দাম বেড়েই চলেছে। গত বছর আগস্ট থেকে চালের দাম বাড়তে শুরু করেছিল, কিন্তু এবার তা এখনই রেকর্ড ছাড়িয়ে গেছে। জানুয়ারিতে আমন ধানের চাল বাজারে উঠলেও বাজারের অস্থিরতা কমাতে পারেনি। এখন বোরোর চাল বাজারে আসতে শুরু করেছে। তারপরও চালের দাম কমছে না।

 দিনাজপুরসহ দেশের উত্তরাঞ্চলেও চালের দাম বাড়তি। এ মাসের মাঝামাঝি দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পুরোদমে বোরো ওঠা শুরু হবে। কিন্তু ঐসব অঞ্চলেও চালের দাম চড়া। গত বছর এই সময়ে ঐসব অঞ্চলে নতুন বোরো ধানের মণ ছিল ৬০০ থেকে ৬৫০ টাকা, যা এবার ৮৫০ থেকে ৯০০ টাকায় উঠেছে। এদিকে অকাল বন্যায় দেশের পূর্বাঞ্চলের সবকটি হাওর তলিয়ে সেখানকার অর্ধেকের বেশি বোরো বিনষ্ট হয়ে গেছে। তাই হাওরাঞ্চল থেকে বোরো সরবরাহ নেই। দেশের অন্যতম প্রধান শস্যভাণ্ডার চলনবিলেও অকাল বন্যা হয়েছে। এসব কারণে চালের দাম সামনে আরো বাড়ার আশঙ্কা রয়েছে। তবে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির জন্য চালের দাম বেড়েছে। আমরা বাজার পর্যবেক্ষণ করছি। কোনো সংকট হতে দেব না।

প্রশ্ন মতিয়া চৌধুরীর-মেয়েরা কি হাত বদলের জিনিস?’মতিয়অ চৌধুরী-প্রথম আলো

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জঙ্গিবাদে পুরুষেরা নারীদের যেভাবে ব্যবহার করেন সে কথা উল্লেখ করে বলেছেন, ‘অমুক আমার স্ত্রী, মারা গেলে তমুকের সঙ্গে বিয়ে হবে—জঙ্গিরা নিজেরাই ঠিক করে রাখে। মেয়েরা কি হাত বদলের জিনিস?—এই প্রশ্নটি রাখতে চাই।’

পাক্ষিক অনন্যা আয়োজিত অনুষ্ঠানে মতিয়া চৌধুরী রাজধানীর আশকোনার সূর্য ভিলার জঙ্গি আস্তানায় আত্মঘাতী নারী শাকিরার উদাহরণ দিয়ে বলেন, তাঁর প্রথম স্বামী ক্যানসারে মারা গেছেন। পরে আবার বিয়ে করেন তিনি। কোমরে বোমা নিয়ে আত্মঘাতী হওয়ার সময় মারা যান। এই সময় তাঁর সঙ্গে ছিল আগের স্বামীর সন্তান। এ সন্তান চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে, তবে এ পৃথিবীতে তার আপন আর কেউ রইল না। অন্যদিকে, শাকিরাকে দ্বিতীয় বিয়ে করে জঙ্গিবাদে দীক্ষা নিতে হয়েছে।

আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘অনন্যা শীর্ষদশ-২০১৬সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। জঙ্গিবাদ সমস্য নিয়ে সবাইকে সমস্বরে কথা বলার আহ্বান জানান তিনি। তবে সবাই তা করছে না বলেও তিনি মন্তব্য করেন।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

নির্ভয়া-কাণ্ডে সুপ্রিম কোর্টে ফাঁসিই বহাল চার ধর্ষকের-আনন্দবাজার

নির্ভয়া-কাণ্ডে সুপ্রিম কোর্টে ফাঁসিই বহাল চার ধর্ষকের

শাস্তি মৃত্যুই। নির্ভয়ার গণধর্ষণ ও খুনে দোষী চার জনকে বিন্দুমাত্র দয়া দেখাতে নারাজ দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতিদের কথায়, ‘‘যদি কোনও মামলায় ফাঁসির সাজা দিতে হয়, তা হলে এটাই সেই মামলা।’’

২০১২-র ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসের মধ্যে নির্ভয়ার উপরে নৃশংসতম অত্যাচার চালিয়েছিল ছ’জন। দু’সপ্তাহ জীবনযুদ্ধের পর মারা যান নির্ভয়া। ছয় অপরাধীর মধ্যে মূল অভিযুক্ত রাম সিংহ তিহাড় জেলে আত্মহত্যা করে। সবথেকে বেশি হিংস্র ছিল যে, সেই নাবালক অপরাধী জুভেনাইল হোমে তিন বছর কাটিয়ে ছাড়া পেয়ে যায়। বাকি চার জন— অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, মুকেশ সিংহ এবং বিনয় শর্মাকে ফাঁসির সাজা শুনিয়েছিল নিম্ন আদালত। দিল্লি হাইকোর্ট সেই রায়ই বহাল রাখে। আজ ফাঁসির রায় দিল সুপ্রিম কোর্টও।

গ্যাস লিক, দিল্লির স্কুলে দমবন্ধ দশা, প্রায় ২০০ ছাত্রী হাসপাতালে-বর্তমান

গ্যাস লিক, দিল্লির স্কুলে দমবন্ধ দশা, প্রায় ২০০ ছাত্রী হাসপাতালে

সকাল ৭টা। সবে স্কুল শুরু হয়েছে। কিছু ক্ষণ পড়েই স্কুলের বিভিন্ন ক্লাসরুম থেকে ছাত্রীদের অসুস্থতার কথা ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। চোখ, গলা জ্বালা, দমবন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয় গোটা স্কুলে। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে। ঝাঁঝালো গন্ধ তখন স্কুলের ভিতরে ভরে গিয়েছে। একের পর এক ছাত্রী অসুস্থ বোধ করতে শুরু করে। সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। প্রায় ২০০ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

শনিবার সকালে দক্ষিণ দিল্লির তুঘলকাবাদ এলাকার প্রহ্লাদপুরে রানি ঝাঁসি স্কুলের ঘটনা।

টিকা এবং টুপির মধ্যে ভেদাভেদ করবে না সরকার, মন্তব্য যোগীর-সংবাদ প্রতিদিন

তাঁর রাজত্বে টুপি এবং টিকার মধ্যে বিভেদ করা হবে না। সাফ জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ধর্মের ভিত্তিতে পক্ষপাতিত্বে নারাজ যোগী সরকার। এক জনৈক বৈদ্যুতিন মাধ্যমের আলোচনা সভায় এসে যোগী বলেন, তাঁর সরকার রাজ্যের উন্নয়নে সবাইকে অংশীদার করবে এবং সমস্ত নাগরিককে নিরাপত্তা দেবে। সম্প্রতি রাজ্যে হিন্দু যুবা বাহিনীর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অনেকেই উদ্বিগ্ন। তাঁর হাতে গড়া এই সংগঠনের দাপট দিন দিন বেড়েই চলেছে। সেই প্রসঙ্গে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ভুয়ো গেরুয়া চাদরধারীরা সাবধান হয়ে যাক, কাউকে রেয়াত করা হবে না।’

তিনি আরও বলেন, ‘যে বা যারা বিজেপি বা সাংস্কৃতিক সংগঠনকে বদনাম করবে তাদের ছেড়ে কথা বলবে না সরকার।’

পশ্চিমবঙ্গে নিরাপদ নয় আদিবাসীরা, অভিযোগ বিজয়বর্গীয়র-সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গে নিরাপদ নয় আদিবাসীরা, অভিযোগ বিজয়বর্গীয়র

রাজ্যে বিজেপির শক্তিবৃদ্ধি করতে পা রেখেছিলেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নকশালবাড়ি থেকে শুরু করেছিলেন তাঁর অভিযান৷ সেখানেই যত্ন করে তাঁকে খাইয়েছিলেন মাহালি দম্পতি৷ কিন্তু কটাদিন পরেই পালাবদল৷ সেই মাহালি দম্পতিই যোগ দিল তৃণমূলে৷ আর এ নিয়েই মমতা সরকারকে বিঁধলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷ জানালেন, পশ্চিমবঙ্গের এমন অবস্থা যে এখানে আদিবাসীরাও নিরাপদ নয়৷ মাহালি দম্পতির তৃণমূলে যোগদানের পর থেকেই চলছে চরম রাজনৈতিক চাপানউতোর৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেদিনই অভিযোগ করেছিলেন, ওই দম্পতির উপর চাপ সৃষ্টি করে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে৷#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬