৫ জানুয়ারি দায়িত্ব নিয়েছিলাম, আগামীতে নেব না: দলীয় এমপিদের প্রতি প্রধানমন্ত্রী
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৮ মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- পুঁজিবাজারে লোকসানের শীর্ষে সরকারি কোম্পানি-ইত্তেফাক
- বজ্রপাতে প্রাণহানি ক্রমেই বাড়ছে-ইত্তেফাক
- ‘জ্বালানি তেলের দাম কমছে না’-ইত্তেফাক
- ভরিতে ১১৬৬ টাকা পর্যন্ত কমছে সোনার দাম-ইত্তেফাক
- বনানীতে তরুণী ধর্ষণ-রুম পার্টি’তে সর্বনাশ -যুগান্তর
- ডিবি পরিচয়ে তুলে নেয়া দুই যুবকের খোঁজ নেই –যুগান্তর
- ঝিনাইদহের 'জঙ্গি আস্তানা'য় অভিযানের প্রস্তুতি-যুগান্তর
- যা থাকছে খালেদার ভিশন ২০৩০-এ-মানবজমিন
- হাসপাতাল থেকে কারাগারে আমিন হুদা, জোসেফও যাচ্ছেন-প্রথম আলো
- ডিজিটাল হুন্ডিতে কমছে প্রবাসী আয়-প্রথম আলো
- ৫ জানুয়ারি দায়িত্ব নিয়েছিলাম, আগামীতে নেব না-প্রথম আলো
- মুসার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত -এনটিভি-বিডি অনলাইন
- স্বর্ণের দাম কমেছে-নয়া দিগন্ত
- নির্বাচনী প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর-সবার আমলনামা আমার হাতে সাবধান হোন-কালের কণ্ঠ
- বন্ড সুবিধায় দুর্নীতি : সরেজমিন নয়াবাজার-প্রকাশ্যে বিক্রি হচ্ছে অবৈধ ‘কৃষ্ণা’-কালের কণ্ঠ-কালের কণ্ঠ
- দেশের ৩৮ শতাংশ মানুষ ধূমপানে আসক্ত-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- রাজনাথের বৈঠকের আগেই কলকাতা থেকে সরল CRPF-এর সদর দপ্তর-সংবাদ প্রতিদিন
- আজ থেকে করাচি–মুম্বই বিমান বন্ধ হচ্ছে-আজকাল
- প্রতিহিংসা কি না, প্রশ্ন সক্রিয়তায়-আনন্দবাজার
- ২ টাকা কেজি চালে দুর্নীতি, গোয়েন্দাদের রিপোর্ট নবান্নে -বর্তমান
শ্রোতা/পাঠক: শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
নির্বাচনী প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর-সবার আমলনামা আমার হাতে সাবধান হোন-কালের কণ্ঠ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখন থেকেই নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামার জন্য দলের সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, অনেক উন্নয়নমূলক কাজ করেছি বলে আত্মতুষ্টিতে ভুগলে কিংবা নির্বাচনকে সহজভাবে নিলে চলবে না। আগামী নির্বাচন কঠিন ও চ্যালেঞ্জিং হবে। তাই জনপ্রিয়তা ছাড়া কাউকে মনোনয়ন দেওয়া হবে না। এলাকায় দলের অভ্যন্তরীণ বিরোধ দ্রুত নিষ্পত্তি করারও নির্দেশ দেন তিনি।
৫ জানুয়ারি দায়িত্ব নিয়েছিলাম, আগামীতে নেব না-প্রথম আলো
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু আগামী নির্বাচনে দায়িত্ব নিতে পারবেন না। সাংসদদের নিজ যোগ্যতাবলে পাস করে আসতে হবে। এর জন্য এখন থেকেই মাঠে নামতে হবে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে।
গতকাল রাতে জাতীয় সংসদে সরকারি দলের বৈঠক কক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। পরে একাধিক সাংসদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী আরও বলেন, আর্থসামাজিক উন্নয়নে সরকারের সাফল্য আছে। কিন্তু এই সাফল্য প্রচারে সফল নয় আওয়ামী লীগ। এই ব্যর্থতার জন্য দলীয় সাংসদদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি সরকারের সাফল্য মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেন।
যা থাকছে খালেদার ভিশন ২০৩০-এ-মানবজমিন
‘রূপকল্প ২০৩০’-এর মাধ্যমে নির্বাচনকালীন সহায়ক সরকারের ফর্মুলা ও নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহলকে একটি পরিষ্কার বার্তা দিতে চায় বিএনপি। আগামী ১০ই মে রাজধানীর হোটেল
ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ রূপকল্প উপস্থান করবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে জাতির সামনে একটি রূপকল্প উপস্থানের ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন। তবে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের মনোভাব ও আগামী জাতীয় নির্বাচনের চলমান তোড়জোড় বিবেচনা করে সেটির বিষয়পরিধি বৃদ্ধির সিদ্ধান্ত নেয় বিএনপির নীতিনির্ধারক ফোরাম। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহায়ক সরকার গঠনের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা এবং দেশবাসী ও আন্তর্জাতিক মহলের সামনে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর সমন্বয়ে তৈরি করা হয় এ রূপকল্প। বিএনপির রূপকল্প প্রণয়ন সংশ্লিষ্ট কয়েকটি দায়িত্বশীল সূত্র জানায়, রূপকল্পে প্রধানত তিনটি প্রস্তাবনা থাকবে। প্রস্তাবনাগুলো হলো ১. নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সমন্বয়ে সর্বদলীয় সরকার গঠন, ২. স্বাধীনতার পর থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের সমন্বয়ে সর্বদলীয় সরকার গঠন ও ৩. দেশের নানা শ্রেণি-পেশার বিশিষ্ট, নিরপেক্ষ ও সজ্জন ব্যক্তিদের সমন্বয়ে একটি নির্দলীয় সরকার গঠন। নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে তিনটি প্রস্তাবনার দুটি প্রণয়ন করা হয়েছে সংবিধানের বিধি মেনে। অন্য প্রস্তাবনাটিতে গুরুত্ব দেয়া হয়েছে জনপ্রয়োজনে সংবিধানের বিধি পরিবর্তনের বিষয়টি। এক্ষেত্রে দুটি আহ্বানও জানাতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথমত, সংবিধানের কিছু বিধি পরিবর্তন। দ্বিতীয়ত, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রেসিডেন্টকে একটি সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানাতে পারেন তিনি। তবে দলীয় সরকারের অধীনে নয়- নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বিএনপির অনড় অবস্থান পুনর্ব্যক্ত হবে প্রতিটি প্রস্তাবেই।
বিএনপির ‘ভিশন ২০৩০’ ধাপ্পাবাজি: কাদের-প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির ‘ভিশন ২০৩০’-কে জনগণের সঙ্গে ধাপ্পাবাজি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, তাদের এ ভিশন হচ্ছে জনগণের সঙ্গে পরিহাস, যা সত্যের অপলাপ মাত্র।
গতকাল রোববার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।
দৈনিকটির অন্য একটি খবর এরকম যে, ইতিবাচক রাজনীতিকেও আওয়ামী লীগ ধাপ্পাবাজি মনে করে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিবাচক রাজনীতিকেও আওয়ামী লীগ ধাপ্পাবাজি মনে করে। বিএনপি নয়, আওয়ামী লীগই প্রতি পদে ধাপ্পাবাজি করে। তারা প্রতারণা করে বারবার ক্ষমতায় এসেছে।
খালেদা এত অসুস্থতা নিয়ে আগে আদালতে আসেননি’-প্রথম আলো
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়েছে। ১৫ মে শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এই দিন ঠিক করেন।
আজ খালেদা জিয়ার আইনজীবীরা তাঁর অসুস্থতার কথা উল্লেখ করে আদালতে সময় চেয়ে আবেদন করেন। আইনজীবীরা বলেন, খালেদা জিয়া এত অসুস্থতা নিয়ে আগে আদালতে আসেননি।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার হাঁটুতে প্রচণ্ড ব্যথা, হাঁটাচলায় সমস্যা হয়। এ অবস্থা নিয়েই তিনি আজ আদালতে হাজির হয়েছিলেন।
শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা খালেদা জিয়ার সময় বাড়ানোর আবেদনের বিরোধিতা করে তাঁর আত্মপক্ষ সমর্থন করার আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শুনানির নতুন দিন ঠিক করেন।
খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়া অসুস্থ, এত অসুস্থতা নিয়ে এর আগে কোনো দিন আদালতে আসেননি। এই কারণে শুনানির জন্য নতুন দিন রাখার জোর আবেদন জানানো হয়।
আড়াই বছরে হয়নি, আড়াই হাজার বছরেও হবে না-প্রধান বিচারপতি: যুগান্তর
অধস্তন আদালতের বিচারকদের জন্য আলাদা শৃঙ্খলা ও চাকুরিবিধির গেজেট জারির ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ ফের সময় আবেদন করায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
সোমবার ১৬তম বারের মতো সময় আবেদন করলে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘এখানে কোনো গেজেট দেখছি না। এটা কী? এটা তো সময় আবেদন।’
এ সময় আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে বলেন, ‘সারা পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি, নিউইয়র্ক না টোকিও? আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় শহর ঢাকা। সুপ্রিম কোর্ট থেকে বঙ্গভবন ও গণভবনের দূরত্ব কয়েক লাখ কিলোমিটার। আড়াই বছরেও পাড়ি দেয়া হয়নি। আড়াই হাজার বছরেও সম্ভব হবে না? আড়াই বছর ফাইল চলাচলে সময় লাগে। আপনি কী বলতে চাচ্ছেন?’এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সময় চাচ্ছি।’
তখন প্রধান বিচারপতি বলেন, 'আড়াই বছরে এখান থেকে ওইখানে ফাইল চালাচালির সময় লেগেছে কিন্তু গেজেট জারি করা সম্ভব হয়নি। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এ বিষয়ে আইন করার জন্য।'
মন্ত্রিসভায় রদবদল হতে পারে’-ওবায়দুল কাদের-মানবজিমন
মন্ত্রিসভায় রদবদল (রিশাফল) হতে পারে বলে আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মন্ত্রিসভায় রদবদল হয়তো হবে। কারণ অনেক দিন হয়ে গেছে। তবে এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ওবায়দুল কাদের।
জাতীয় পার্টির নতুন জোট নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর থেকেই জাতীয় পার্টি মহাজোটে নেই। তারা ঐকমত্যের সরকারে আছে। জাতীয় পার্টির নতুন জোটকে চমক হিসেবেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, এই চমকের রেশ শেষ হতে কত সময় লাগবে, সেটার জন্য আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচনের আগে অনেক ভাঙাগড়া হবে। জোট ভাঙবে। জোট গড়বে। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই।
রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা-মানবজমিন/যুগান্তর/প্রথম আলো
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজানে সরকারি অফিস-আদালতের সময় ঠিক করে দিয়েছে সরকার।
এবার রোজায় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহর নামাজের বিরতি।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অফিসসূচি নির্ধারণ করা হয়। আর সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে বলেও জানান তিনি।
সাধারণত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসের সময়সূচি। রমজানে ইফতারের কথা মাথায় রেখে কর্মীদের বাড়ি ফেরার সুবিধার জন্য সূচিতে পরিবর্তন আনা হয়।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে রোজা শুরু হতে পারে।
ঝিনাইদহের 'জঙ্গি আস্তানা'র অভিযান সমাপ্ত-যুগান্তর
ঝিনাইদহের সদর উপজেলার লেবুতলার 'জঙ্গি আস্তানা'র অভিযান আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।সোমবার দুপুর সাড়ে ১২টায় খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।তিনি জানান, দ্বিতীয় দিনের অভিযানে বাড়ি থেকে ইলেকট্রিক ডিভাইস ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।এছাড়া আটক জেএমবি সদস্য শামীমের মাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান ডিআইজি দিদার আহমেদ।এর আগে সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান শুরু করে।এদিন মূলত বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমা নিষ্ক্রিয়ের কাজ করে। সকাল থেকে মোট ৮টি বোমা নিষ্ক্রিয় করা হয়।
ব্যাংকে পারিবারিক প্রভাবের সুযোগ আরো বাড়ল-এনটিভি বিডি অনলাইন
বেসরকারি ব্যাংকে পারিবারিক প্রভাবের সুযোগ আরো বাড়িয়ে আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আজ সোমবার সকালে মন্ত্রিসভায় ব্যাংক কোম্পানি আইন সংশোধনের প্রস্তাব ওঠানো হলে তার অনুমোদন দেওয়া হয়। বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদের সম্মেলনে কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়।
পরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
এ সময় সচিব বলেন, ‘ব্যাংক কোম্পানি আইনের ১৫ ধারার ১০ উপধারার সংশোধনীর অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। সংশোধন অনুযায়ী, এখন থেকে একই পরিবারের সর্বোচ্চ চারজন সদস্য ব্যাংক পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন। পরিচালকরা তিন বছর করে তিন মেয়াদে টানা নয় বছর দায়িত্ব পালন করতে পারবেন। মাঝে তিন বছরের বিরতি দিয়ে ফের নয় বছরের জন্য দায়িত্বে ফিরতে পারবেন তাঁরা।
বজ্রপাতে প্রাণহানি ক্রমেই বাড়ছে-ইত্তেফাক
দেশে বজ্রপাতের ঝুঁকি ভয়ানকরূপ ধারণ করেছে। গত সাত বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ক্রমেই বজ্রপাতের ঘটনা বাড়ছে, সঙ্গে মৃত্যুর হারও বাড়ছে। এ সময়ের মধ্যে চলতি বছরের ২২ এপ্রিল পর্যন্ত এক হাজার ৭৪৪ জন ব্যক্তির বজ্রপাতজনিত কারণে মৃত্যু হয়েছে। এরমধ্যে নারী ও শিশুও রয়েছে।
বিশ্লেষকগণ বলছেন, বিশ্ব জলবায়ূ পরিবর্তন জনিত বিষয়টি ঘন ঘন বা বেশি মাত্রায় বজ্রপাতের অন্যতম কারণ। আগে তাল গাছ, নারিকেল গাছ ইত্যাদি গাছ পালায় বজ্রপাতের ঘটনা বেশি লক্ষ্য করা যেত।
বাংলাদেশে হাওর এলাকা এখন বজ্রপাতের প্রধান ক্ষেত্র হিসাবে চিহ্নিত করা হচ্ছে। কারণ গত কয়েক বছরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ প্রভৃতি অঞ্চলে বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটেছে বেশি।
এ বিষয়ে সরকারের প্রস্তুতিও চলছে। ইতিমধ্যে ভিয়েতনাম থেকে কিছু কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। প্রশিক্ষিত কর্মকর্তারা একটি প্রকল্প তৈরির কাজে নিয়োজিত আছেন। এই প্রকল্পের মাধ্যমে ঢাকাসহ চিহ্নিত কিছু জায়গায় বাড়ির ছাদে বজ্রপ্রতিরোধক টাওয়ার স্থাপন করা হবে। ন্যাশনাল বিল্ডিং কোড-আইনে এই ব্যবস্থা বাধ্যতামূলক করে বিধান রাখার নির্দেশনা দেওয়া হবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ইত্তেফাককে বলেন, ভিয়েতনাম থেকে বজ্রপাত নিরোধকারী ও আগাম সংকেত প্রদানযোগ্য যন্ত্রাংশ আনার পর্যায়ে রয়েছে। এগুলো আসলে নির্ধারিত প্রকল্পের অধীনে বজ্রপাত নিরোধে প্রয়োজনীয় কাজকর্ম শুরু হবে। মন্ত্রী বলেন, এখন দেশে বিশেষ করে ফাঁকা অঞ্চলে ১০ লাখ তাল গাছ লাগানোর কাজ চলছে। এ ছাড়া ব্যাপক বনায়নকেও বজ্রপাতের ঝুকি হ্রাসের পক্ষে কার্যকর বলে বিশেষজ্ঞরা বলছেন। সে কাজেও পরিবেশ ও বন মন্ত্রণালয় কাজ করছে। দুর্যোগ মন্ত্রণালয় থেকেও বনায়নে কাজ করা হবে।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জানান, দেশের হাওর অঞ্চলে জরুরী ভিত্তিতে বজ্রনিরোধক টাওয়ার নির্মাণ বা স্থাপন করা হবে। বাসা-বাড়ির ছাদেও সরকারি ও বেসরকারি উদ্যোগে এই কাজ করা হবে। বিশেষজ্ঞ মতামত উদ্ধৃত করে তিনি বলেন, অধিকমাত্রায় বজ্রপাত প্রাকৃতিক দুর্যোগে নতুন মাত্রা। যেটি আমাদের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।
‘জ্বালানি তেলের দাম কমছে না-নসরুল হামিদ’-ইত্তেফাক
জ্বালানি তেলের দাম কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
গতকাল রবিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানিয়েছেন।
সংসদে এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ তেলের দাম না কমানোর পক্ষে সরকারের অবস্থান জানান।
হাসপাতাল থেকে কারাগারে আমিন হুদা, জোসেফও যাচ্ছেন-প্রথম আলো
ইয়াবা ব্যবসায়ী আমিন হুদাকে বারডেম হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) তৌহিদুর রহমান প্রথম আলোকে বলেন, কারা কর্তৃপক্ষের লোকজন তৈরি আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো ছাড়পত্র দেয়নি। ছাড়পত্র পেলেই তাঁকে কারাগারে নেওয়া হবে।
৩ মে ‘২০ মাস হাসপাতালে শীর্ষ সন্ত্রাসী জোসেফ!’ এবং গতকাল রোববার ‘আমিন হুদা জেল খাটছেন হাসপাতালের বিছানায়!’ শীর্ষক দুটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, এরপর সমালোচনার মুখে তাঁদের হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত হয়।
জোসেফ টানা ২০ মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কারাকক্ষে আছেন আরাম-আয়েশে। ১৯৯৯ সালের একটি হত্যাকাণ্ডে তাঁর মৃত্যুদণ্ড হয়। এই রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এখনো সাজা ভোগ করা বাকি আছে ২০ বছর ৯ মাস। তাঁর সম্ভাব্য মুক্তির তারিখ ২০৩৯ সালের ২৪ জানুয়ারি।
অন্যদিকে ‘কোমর ব্যথা’ নিয়ে ভর্তি হয়ে টানা ১৮ মাস বারডেম হাসপাতালের শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে আরাম-আয়েশে কাটিয়েছেন ইয়াবা ব্যবসায়ী আমিন হুদা। যদিও কারা কর্তৃপক্ষের কাগজপত্রে এই রোগীর ‘বুকে ব্যথা’র কথা বলা হয়েছে।
আমিন হুদাকে ২০০৭ সালের ২৪ অক্টোবর গুলশানের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মুসার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত -এনটিভি-বিডি অনলাইন
বিলাসবহুল গাড়ির শুল্ক ফাঁকি ও মুদ্রাপাচারের অভিযোগে মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
রবিবার বিকালে রাজধানীর কাকরাইলে অধিদপ্তরের কার্যালয়ে মুসাকে তলব করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের এ তথ্য জানান।
মুসার বিরুদ্ধে তিনটি মামলা হবে বলে তিনি জানিয়েছেন। তার মধ্যে শুল্ক ফাঁকি ও মুদ্রাপাচারের অভিযোগে দুটি মামলা করবে শুল্ক বিভাগ। অপর মামলাটি হবে দুদক আইনে।
ডিজিটাল হুন্ডিতে কমছে প্রবাসী আয়-প্রথম আলো
বাইরে থাকা বাংলাদেশিরা অর্থ পাঠাতে (রেমিট্যান্স) আবারও হুন্ডিতে ফিরে যাচ্ছেন। প্রক্রিয়াটি এবার ডিজিটাল। অর্থ পাঠাতে ও পেতে এখন আর ব্যাংকে লাইন দিতে হচ্ছে না। পাঠানো অর্থ কয়েক মিনিটেই জমা হচ্ছে স্বজনের মোবাইল ব্যাংকিং হিসাবে। বিনিময় হারও মিলছে বেশি।
বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ায় হুন্ডি বা অবৈধ পথে অর্থ লেনদেন অনেকটাই কমে গিয়েছিল। কম খরচে দ্রুত পাঠাতে ব্যাংকগুলোকে বাধ্য করেছিল বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসা বেড়ে যায়। কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের অবৈধ ব্যবহারের কারণে এখন আবার প্রবল প্রতাপে ফিরে এসেছে সেই হুন্ডি ব্যবস্থা। ব্যাংকাররা এর নাম দিয়েছেন ‘ডিজিটাল হুন্ডি’।
আর এর ফলে ব্যবসা কমে যাওয়ায় লোকসানে পড়েছে বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ হাউস। পাশাপাশি দেশও পড়েছে বড়
ক্ষতিতে। অর্জিত বিদেশি মুদ্রা এখন আর দেশে আসছে না। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেই প্রবাসী আয় (রেমিট্যান্স) কমে গেছে ১৬ শতাংশ। একইভাবে ‘ডিজিটাল হুন্ডি’র মাধ্যমে অর্থ পাচারও বেড়ে গেছে।
বনানীতে তরুণী ধর্ষণ-রুম পার্টি’তে সর্বনাশ-যুগান্তর
রাজধানীর বনানীতে ধর্ষিত দুই তরুণীকে গভীর রাতে তাদের বন্ধুদের সঙ্গে ‘রুম পার্টি’তে অংশ নিতে বাধ্য করা হয়েছিল। গভীর রাতের ওই বিশেষ পার্টিতেই তাদের সর্বনাশ হয়।
রাজধানীতে রুম পার্টির নামের এক ধরনের উচ্ছৃঙ্খল অনুষ্ঠান চলে বিভিন্ন অভিজাত হোটেলসহ বিলাসবহুল ফ্ল্যাটে। এতে অংশ নেয় বিত্তশালী পরিবারের বখে যাওয়া সন্তানরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দুই তরুণী এ ধরনের পার্টিতে লালসার শিকার হন। অস্ত্রের মুখে জিম্মি করে রাতভর শারীরিক নির্যাতন চালানো হয় তাদের ওপর।
ঘটনার পর সামাজিক মর্যাদার ভয়ে তারা দীর্ঘ সময় মুখ খোলেননি। তবে ধর্ষণকারীদের অব্যাহত হুমকির মুখে তারা বাধ্য হয়ে থানায় প্রথমে অভিযোগ পরে মামলা করেন।
তবে ঘটনার এতদিন পর ধর্ষণের অভিযোগ মানতে নারাজ অভিযুক্তদের পরিবারের সদস্যরা। তারা বলছেন, বিশেষ উদ্দেশ্যে ধর্ষণ মামলাটি করা হয়েছে।
ডিবি পরিচয়ে তুলে নেয়া দুই যুবকের খোঁজ নেই –যুগান্তর
ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার ৪ দিন পরও ময়মনসিংহের তারাকান্দার দুই যুবকের সন্ধান মিলছে না। পরিবারের লোকজন আইন-শৃঙ্খলাবাহিনীর দফতরসহ বিভিন্নস্থানে হন্যে হয়ে খুঁজে ফিরছেন।
জানা যায়, তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের মৃত চাঁন মিয়া সরকারের ছেলে টেলিকম ব্যবসায়ী মেহেদী হাসান বাবুলকে (৩০) বুধবার ভোরে ডিবি পুলিশ পরিচয়ে এক দল লোক এসে ঘুম থেকে তুলে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।
এর পরপরই মেহেদী হাসান বাবুলকে দিয়ে মোবাইল ফোনে ডেকে নিয়ে তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামের ফিসফুড ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৩০) ময়মনসিংহ শহর থেকে ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে থানাসহ জেলা আইন-শৃংখলা বাহিনীর অফিসে যোগাযোগ করেও সন্ধান না পেয়ে নিখোঁজ মেহেদী হাসান বাবুলের বড় ভাই বিল্লাল হোসেন তারাকান্দা থানায় এবং নিখোঁজ আনোয়ার হোসেনের বড় ভাই রুহুল আমিন বাদি হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় বুধবার সাধারণ ডায়েরি করেছেন।
বন্ড সুবিধায় দুর্নীতি : সরেজমিন নয়াবাজার-প্রকাশ্যে বিক্রি হচ্ছে অবৈধ ‘কৃষ্ণা’-কালের কণ্ঠ
বিকেল সাড়ে ৪টা। রাস্তাজুড়ে তীব্র যানজট। সরু রাস্তার গলিপথ অবরুদ্ধ হয়ে আছে ঠেলাগাড়ি আর রিকশাভ্যানে। সবই কাগজপণ্য বোঝাই। কোনোটিতে তোলা হচ্ছে। কোনোটিতে বাঁধা হচ্ছে। রাস্তার দুই পাশেই কাগজের মার্কেট। গাড়িতে তোলা বেশির ভাগ প্যাকেটেই বড় ইংরেজি অক্ষরে লেখা—‘Krisna’। । ঠেলাগাড়িতে দড়ি দিয়ে প্যাকেট বাঁধছিলেন চালক সোহরাব। জানতে চাইলে তিনি বলেন, ‘এইডা কৃষ্ণা কাগজ, ইন্ডিয়ান। দুই নম্বর তো, হেল্লাইগা দাম কম। দ্যাখেন না, বেশি চলতাছে। এইখানে এক নম্বর, দুই নম্বর সবই পাওয়া যায়। ’ সম্প্রতি এক বিকেলে পুরান ঢাকার নয়াবাজারের জিন্দাবাহার ১ নম্বর লেনে নূরজাহান পেপার মার্কেটের সামনে কথা হয় শ্রমজীবী সোহরাবের সঙ্গে। এরপর নূরজাহান পেপার মার্কেট ও চাঁন মিয়া পেপার মার্কেটে ঘুরে তাঁর সেই বক্তব্যের সত্যতাও মিলল।
কয়েকজন ব্যবসায়ী জানালেন, কৃষ্ণা নামের যে কাগজসামগ্রী প্রকাশ্যে বিক্রি হচ্ছে তার সবই অবৈধ। একইভাবে গার্মেন্ট, ওষুধশিল্প ও অন্যান্য রপ্তানিমুখী প্রক্রিয়াকরণ শিল্প খাতের জন্য বন্ডেড ওয়ারহাউজের আওতায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা অন্যান্য কাগজও নয়াবাজারে বিক্রি হয়। এগুলোর নেই বৈধ চালান, ভ্যাট রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র। কিছু অসাধু ব্যবসায়ীর এই অপবাণিজ্যের কারণে চরম ক্ষতির মুখে পড়েছে দেশি কাগজশিল্প।
দেশের ৩৮ শতাংশ মানুষ ধূমপানে আসক্ত-বাংলাদেশ প্রতিদিন
১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বের অধিকাংশ দেশে কমে এসেছে ধূমপানের হার। তবে একই সময়ে ধূমপানকারী ও তামাকজনিত কারণে মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ১৯৯০-২০১৫ সাল পর্যন্ত ২৫ বছরে দেশের ধূমপানের চিত্রটা অপরিবর্তিত। সারাদেশে বর্তমানে ৩৮ শতাংশ মানুষ ধূমপানে আসক্ত।
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যান্সেট’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, যেখানে তামাকজাত কোম্পানিগুলো নতুন বাজার তৈরির লক্ষ্যে কাজ করায়; উন্নয়নশীল দেশগুলোতে মৃত্যুহার আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
গবেষণা প্রতিবেদনে অারও বলা হয়, ২০১৫ সালে বিশ্বে গড়ে প্রত্যেক চারজন পুরুষের একজন ও ২০ জন নারীর মধ্যে একজন দৈনিক ধূমপান করেছে। আর একই সময়ে তামাকজনিত কারণে মৃত্যুহার বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ।
ল্যান্সেট বলছে, ২০১৫ সালে প্রত্যেক দিন ৯৩ কোটিরও বেশি মানুষ ধূমপান করেছে। ১৯৯০ সালে এ ধূমপানকারীর সংখ্যা ছিল ৮৭ কোটি; অর্থাৎ বিশ্বে ৭ শতাংশ ধূমপানকারী বেড়েছে।
ভরিতে ১১৬৬ টাকা পর্যন্ত কমছে সোনার দাম-নয়া দিগন্ত
দুই মাসের ব্যবধানে এবার কমলো সোনার দাম। সোমবার থেকে ভরিপ্রতি ৮১৬ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমেছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়েছে বলে দাবি বাজুসের।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৫ হাজার ৮৯৮ টাকা দরে। গত ৯ ফেব্রুয়ারি থেকে রবিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৭ হাজার ৬৪ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমেছে। সোমবার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৪৩ হাজার ৫৮৭ টাকা দরে। রবিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি সোনার বিক্রিমূল্য ছিল ৪৪ হাজার ৯৬৫ টাকা। এ মানের সোনায় ভরিপ্রতি এক হাজার ১০৮ টাকা কমেছে। আর ১৮ ক্যারেটের সোনা ৮১৭ টাকা কমে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৬৬ টাকা। রবিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৩৯ হাজার ৪৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৫ হাজার ৬৬০ টাকার বদলে সোমবার থেকে বিক্রি হবে ২৪ হাজার ৮৪৪ টাকায়। অর্থাৎ ভরিতে ৮১৬ টাকা কমেছে।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
প্রতিহিংসা কি না, প্রশ্ন সক্রিয়তায়-আনন্দবাজার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের কোনও কাজের প্রতিবাদ করলেই ‘এজেন্সি’ লেলিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে দিল্লি। সেই অভিযোগের সত্যাসত্য প্রমাণসাপেক্ষ। কিন্তু সূত্রের খবর, এটা ঠিক যে ইদানীং অন্তত সাতটি কেন্দ্রীয় সংস্থা এ রাজ্যে সক্রিয় হয়েছে। শাসক দলের নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়কদের নানা কারবার সম্পর্কে খোঁজ নিচ্ছে তারা। সিবিআই, ইডি, আয়কর, বা এনআইএ-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলির এহেন সক্রিয়তায় তৃণমূলের অন্দরে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে।
২০১৩-এর এপ্রিল থেকে এখন পর্যন্ত সিবিআই এবং ইডি অন্তত ২৪ জন তৃণমূল নেতা-মন্ত্রীকে হয় গ্রেফতার করেছে, নয় জেরা করেছে, না হয় এফআইআর করেছে। অন্য সংস্থাগুলির আতসকাচের তলায় রয়েছেন আরও বেশ কয়েক জন নেতা-মন্ত্রী। তৃণমূল সূত্রের দাবি, যে ধরনের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংস্থাগুলি এ রাজ্যে তদন্তের জাল বিছিয়েছে, তেমন অভিযোগ গুজরাত, মহারাষ্ট্রের মতো রাজ্যেও উঠেছে। কিন্তু শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন্দ্রীয় এজেন্সিগুলি ‘অতিসক্রিয়’।
আজ থেকে করাচি–মুম্বই বিমান বন্ধ হচ্ছে-আজকাল
সোমবার থেকে করাচি–মুম্বই বিমান পরিষেবা বন্ধ হচ্ছে। করাচি থেকে মুম্বই এবং মুম্বই থেকে করাচি যাওয়ার জন্য এতদিন সপ্তাহে তিনটি বিমান পরিষেবা দিত পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থা (পিআইএ)। কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকায় তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। সংস্থার মুখপাত্র দানিয়াল গিলানি জানিয়েছেন, ‘৮ এপ্রিল থেকে করাচি থেকে মুম্বই, এবং মুম্বই থেকে করাচি আসার জন্য বিমান পরিষেবা দেবে না পিআইএ। এই রুটের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।’ গত বছর সেপ্টেম্বর মাসে কাশ্মীরে উরির সেনা ছাউনিতে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় ১৯ জওয়ান শহিদ হন। তারপর থেকেই পাকিস্তানিদের ভিসা দেওয়া নিয়ে কড়াকড়ি চালু করেছে ভারত সরকার। বিমান পরিষেবা বন্ধের জন্য ভারতের এই সিদ্ধান্তও কিছুটা দায়ী বলে দাবি করেছেন গিলানি।
রাজনাথের বৈঠকের আগেই কলকাতা থেকে সরল CRPF-এর সদর দপ্তর-সংবাদ প্রতিদিন
দেশের মাওবাদী অধ্যুষিত ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ ছত্তিশগড়ের সুকমায় গেরিলা বাহিনীর হামলায় ২৫ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর পরিবর্তিত পরিস্থিতিতে মাও-সমস্যা মোকাবিলা নিয়ে ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা৷ কিন্তু তার আগেই তাৎপর্যপূর্ণভাবে সিআরপিএফ কমান্ড সদর দফতর কলকাতা থেকে ছত্তিশগড়ে সরিয়ে নিল কেন্দ্র৷
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ৪ মে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীর সেন্ট্রাল জোন কমান্ডের সদর দফতর দ্রুত কলকাতা থেকে সরিয়ে বিজেপি শাসিত ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে৷
২ টাকা কেজি চালে দুর্নীতি, গোয়েন্দাদের রিপোর্ট নবান্নে-বর্তমান
সরকারি ভরতুকিযুক্ত চাল-গম পাচার করে দিচ্ছেন রেশন মালিক ও ডিলারদের একাংশ। তাঁদের এই দুর্নীতিতে মদত দিচ্ছেন স্থানীয় কিছু রাজনৈতিক নেতা। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য প্রশাসনকে বিপাকে ফেলতেই এই কৌশল নিয়েছেন তাঁরা। যাতে এই সুবিধা গ্রামের মানুষের কাছে না পৌঁছায় এবং সরকারের প্রতি তাঁদের ক্ষোভ জন্মায়। রাজ্য গোয়েন্দাদের তরফে কিছুদিন আগেই এই সংক্রান্ত একটি রিপোর্ট নবান্নে জমা পড়েছে বলে খবর। কারা এই কাজে জড়িত এবং কীভাবে গোটা প্রক্রিয়া চলছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন তাঁরা। রাজ্য সরকারকে বেকায়দায় ফেলতে যে সমস্ত রেশন মালিক ও ডিলার সাধারণ মানুষকে খেপানোর চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তার প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর। বিষয়টিতে জেলা প্রশাসনের কড়া নজরদারির উপরও জোর দেওয়া হচ্ছে।
বিজেপি বিধায়কের শাসানি, কেঁদেই ফেললেন মহিলা আইপিএস অফিসার-সংবাদ প্রতিদিন
প্রকাশ্যে মহিলা আইপিএস অফিসারকে শাসালেন বিজেপি বিধায়ক ডা. রাধামোহন দাস আগরওয়াল। হুমকির দাপট এতটাই ছিল যে কেঁদে ফেললেন আইপিএস অফিসার। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কোয়িলহা গ্রামে। এক সাংবাদিকের সৌজন্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
২০১৩-র ব্যাচের আইপিএস অফিসার চারু নিগম। সবে কাজ যোগ দিয়েছেন যোগীর রাজ্যে। রবিবার তিনি খবর পান, গ্রামের রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু মহিলা। অভিযোগ, পুলিশ ও প্রশাসনের মদতে চলছে মদের অবৈধ কারবার।সঙ্গে সঙ্গে টিম নিয়ে পৌঁছে যান পরিস্থিতি সামাল দিতে। কিন্তু পুলিশ দেখেই বিক্ষোভকারীরা পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছান বিজেপি বিধায়ক রাধামোহনও। কিন্তু পুলিশের কাজে সাহায্য করা তো দূরে থাক, উল্টে মহিলা আইপিএস অফিসারকেই প্রকাশ্যে শাসাতে থাকেন তিনি। তাঁকে কোনও কথা বলার সুযোগ না দিয়েই চুপ করতে বলেন। ‘লিমিট ক্রস’ না করার হুমকি দেন তিনি। চারু বারবার বলতে থাকেন, তিনি যখন দায়িত্বে রয়েছেন জানেন তিনি কী করছেন। কিন্তু কোনও কথায় কান না তুলে মহিলা অফিসারকেই শাসাতে থাকেন বিধায়ক। প্রকাশ্যে এভাবে অপদস্থ হয়ে ভেঙে পড়েন আইপিএস অফিসার। তাও বিধায়কের দাপট এতটুকু কমেনি। অভিযোগ, বিধায়কের হুকুমে শেষ পর্যন্ত পুলিশকে ঘটনাস্থল থেকে ফিরে যেতে হয়।
মণিপুরে সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ, মৃত ১ জওয়ান-সংবাদ প্রতিদিন
ফের একবার সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ। সোমবার মণিপুরের মোরেহতে ১০২ নং জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময়েই রিমোট কন্ট্রোলের সাহায্যে সেনার কনভয়ে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনায় এখনও অবধি এক জওয়ানের মৃত্যু হয়েছে। এছাড়া এক সেনা আধিকারিক সহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদের ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮