মে ১৩, ২০১৭ ১২:১৪ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৩ মে শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • খালেদা জিয়া ক্ষমতা পেলে আবারও ইতিহাস বিতর্কিত করবেন-ইনু- ইত্তেফাক
  • হাওরের বানে এবার ভাঙছে ভিটে-মাটি-ইত্তেফাক
  • যাঁরা দেশ চালাচ্ছেন, তাঁরা ভুল পথে যাচ্ছেন: শাহদীন মালিক—-প্রথম আলো
  • সাইবার হামলার ঝুঁকি বাংলাদেশেও?-প্রথম আলো
  • অর্থপাচার ঠেকাতে জমির মূল্য তুলে দেয়া হবে : অর্থমন্ত্রী-যুগান্তর
  • ছাত্রী ধর্ষণ চরম মানবাধিকার লঙ্ঘন-যুগান্তর
  • আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে আওয়ামী লীগ-মানবজমিন
  • রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক থাকবে : বাণিজ্যমন্ত্রী-কালের কণ্ঠ
  • আবাসনের সঙ্কট উত্তরণে ২০ হাজার টাকা ঋণ দাবি-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • টনক নড়াতে টনিক দিতে হয়, পুলিশ গা বাঁচিয়ে চলবে, এটা হতে পারে না-আনন্দবাজার
  • কাশ্মীরিদের বিরুদ্ধে নয় সেনা, লক্ষ্য জঙ্গিরাই: বিপিন রাওয়াত-সংবাদ প্রতিদিন
  • ভারতের আদালতে তিরস্কৃত যোগী সরকার-আজকাল
  • কাশ্মিরের নৌশেরায় ফের পাক গুলি, নিহত ২-আজকাল
  • চোপড়ায় গ্রেফতার ভুয়ো ডাক্তার রুবি হাসাপাতালের সাথে সে যুক্ত-বর্তমান

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ 

যাঁরা দেশ চালাচ্ছেন, তাঁরা ভুল পথে যাচ্ছেন: শাহদীন মালিক—-প্রথম আলো

যাঁরা দেশ চালাচ্ছেন, তাঁরা ভুল পথে যাচ্ছেন: শাহদীন মালিক

আইনের শাসন না হলে, বিশেষত পুলিশ আইনের আওতায় না এলে কোনো দেশের উন্নতি হয় না, যতই হাজার কোটি টাকার প্রকল্পের কথা বলা হোক না কেন। আজ শনিবার এক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন আইনজীবী শাহদীন মালিক।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘যাঁরা দেশ চালাচ্ছেন, তাঁদের বুঝতে হবে, আপনারা সম্পূর্ণ ভুল পথে যাচ্ছেন। ভুল পথে গিয়ে নিজেদের প্রচুর ক্ষতি হবে এবং সমাজকেও ধ্বংস করে দিয়ে যাবেন। এটা আমরা কেউ চাই না।’

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩-এর অধীনে পুলিশের জবাবদিহিতা নিশ্চিতকরণ’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার সভার আয়োজন করে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি। এতে সভাপতিত্ব করেন শাহদীন মালিক।

সভাপতির ভাষণে শাহদীন মালিক বলেন, ‘অগণতান্ত্রিক সরকারগুলো হাজার কোটি টাকা প্রকল্পের দিকে বেশি মনোনিবেশ করে। এ প্রকল্পগুলোর ঢাকঢোল বাজায়। সেটা প্রধানমন্ত্রীও করছেন। কোনো জেলায় গেলে আধা ঘণ্টায় ৩০টি প্রকল্প করেন। এটা নতুন কিছু নয়। দুনিয়ায় এমন দেশ খুঁজে পাওয়া যাবে না, যেখানে এ ধরনের শাসকেরা এই পথে যান না। কিন্তু এ পথে গিয়ে কোনো দেশেরই উন্নতি হয় না। আর্থিক মানদণ্ডে কিছু দেশ উন্নতি করেছে। যেমন মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে মাথাপিছু আয় ১৫ হাজার ডলার ছিল। এখন সেই দেশগুলো নরক হয়ে গেছে।’

শাহদীন মালিক আরও বলেন, পুলিশের নির্যাতন বেশি ঘটেছে—এমন দেশগুলোর ক্ষেত্রে দেখা যায়, পুলিশের মনোভাব ছিল, তারা মেরে সবকিছু ঠিক করে ফেলবে। অথচ ওই সব দেশ এখন সবচেয়ে বেশি অপরাধপ্রবণ দেশ। এ জন্য পুলিশকে এ ধরনের ঘটনা থেকে বিরত রাখতে হবে।

খালেদা জিয়া ক্ষমতা পেলে আবারও ইতিহাস বিতর্কিত করবেন-ইনু- ইত্তেফাক

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ফটো)

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া ক্ষমতা পেলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন। আবারও বাংলাদেশের ইতিহাসকে বিতর্কিত করবেন।  শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০- এ যে প্রস্তাবনা উত্থাপন করেছেন তার মধ্যে  গুরুত্বপূর্ণ অনেক বিষয় অনুপস্থিত রয়েছে। স্বাধীনতার ঘোষণা, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২৫ মার্চের কালো রাত সর্ম্পকে ভিশন ২০৩০-তে কিছুই উল্লেখ নেই। সু-কৌশলে তিনি এগুলো এড়িয়ে গেছেন।

 মন্ত্রী আরও বলেন, যেহেতু বেগম খালেদা জিয়া রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী, জামায়াত ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ত্যাগের কোনো ঘোষণা দেননি, সেহেতু বিএনপির ভিশন ২০৩০- কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। খালেদা জিয়া আগের জায়গায়ই আছেন।

আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে আওয়ামী লীগ-মানবজমিন

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির উদ্দিন মিলনায়তনে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতির সম্মেলনে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, আমরা মনে করি ইভিএম পদ্ধতি একটি আধুনিক এবং প্রযুক্তিগতভাবে ভুল হওয়ার সম্ভবনা নেই। এই পদ্ধতিতে নির্বাচন হলে নির্ভুল এবং নিরপেক্ষ ফলাফল যথাযথ হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, কোনোকিছু ভালো করতে গেলেই, তারা (বিএনপি) বলে মানি না, মানব না। ইভিএমের মতো একটি পদ্ধতির বিরোধিতা বিএনপি করে যাচ্ছে। এটা সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন। কিন্তু আমাদের দলীয় অবস্থান ইভিএমের পক্ষে, তা দেশবাসী এবং নির্বাচন কমিশনকে জানানোর অধিকার আমাদের রয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা যদি আমাদের ডাকে, তাহলে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব।

অর্থপাচার ঠেকাতে জমির মূল্য তুলে দেয়া হবে : অর্থমন্ত্রী-যুগান্তর

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ফটো)

অর্থপাচার ঠেকাতে দেশের জমির মূল্য তুলে দেয়া হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে কোনো মৌজার রেট (জমির মূল্য) থাকবে না। অর্থপাচার ঠেকাতে এটা একটি কার্যকর উদ্যোগ হতে পারে বলেও মনে করেন তিনি। শনিবার সচিবালয়ের অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা বলেন। 

ইকোনোমিকস রিপোর্টার্স ফোরামের সভাপতি বিলাল আহমেদ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের নেতৃত্বে সংগঠনের বর্তমান ও সাবেক প্রতিনিধিসহ রিপোর্টাররা এসময় সেখানে উপস্থিত ছিলেন। 

এ সংক্রান্ত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থপাচারে যেসব কারণ রয়েছে, জমির মূল্য নির্ধারিত থাকা তার একটি অন্যতম কারণ। জমির মূল্য উঠিয়ে দেয়া হলে অর্থপাচার প্রবণতা কমে আসবে। 

 অপর এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, সাম্প্রতিক সময়ে রেমিটেন্স কমে যাওয়ার বিষয়টি সবার নজরে পড়েছে। রেমিটেন্স দেশের অর্থনীতির জিডিপিতে বিশেষ ভূমিকা রাখছে। এটা বাড়াতে প্রবাসী যারা রেমিটেন্স পাঠান এর খরচ যাতে না লাগে সে বিষয়ে সরকার একটা পদক্ষেপ নিচ্ছে- আগামী বাজেটেই এর একটা নির্দেশনা থাকবে। 

হাওরের বানে এবার ভাঙছে ভিটে-মাটি-ইত্তেফাক

হাওরের বানে এবার ভাঙছে ভিটে-মাটি

নেত্রকোনার হাওরদ্বীপ খালিয়াজুরীতে অকাল বানের পানি ধান, মাছ ও হাঁস ধংসের পর এবার কৃষকের শেষ সম্বল ভিটে-মাটিটুকুও গ্রাস করছে। ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ছে অরক্ষিত বাড়িঘর। হঠাৎ দুর্যোগে কৃষকের হাতে টাকা না থাকায় কোনো প্রতিরোধমূলক ব্যবস্থাও নিতে পারছেনা।

 সম্প্রতি, বাঁধভাঙা ঢলের পানিতে সৃষ্ট অকাল বন্যায় খালিয়াজুরীর প্রায় শতভাগ বোরো ফসল তলিয়ে যাওয়াসহ মাছ ও হাঁসের ধংসলীলা শেষ হতে না হতেই ঢেউয়ের আঘাতে প্রায় অর্ধশত গ্রামে ভাঙন দেখা দিয়েছে। আগাম এ ভাঙন ঠেকানোর প্রস্তুতি আর অর্থ না থাকায় নিশ্চিহ্ন হচ্ছে অসংখ্য ভিটে-বাড়ি।

স্থানীয়রা জানান, অন্যান্য বছর হাওরে পানি আসে আষাঢ় মাসে। তাই হাওর পাড়ে ঢেউয়ের কবল থেকে বাড়ি বাঁচাতে প্রতিরক্ষা বাধ দেয়া হতো জ্যৈষ্ঠের শেষ দিকে। বৈশাখী ফসলের আয়ে বাঁশ, প্লাস্টিক বস্তা কিংবা বাঁশের বেড়াসহ প্রয়োজনীয় উপকরণ কিনে এনে আগের বছরগুলোতে বাড়ির প্রতিরক্ষা বাধ নির্মাণ করতে পারলেও এবার তা অনেকের হয়ে ওঠেনি। এ বছর চৈত্রের শুরুতেই হঠাৎ বন্যার পানি এসে হাওরের ফসলসহ ঘর-বাড়িতে হানা দেয়। এতে ফসল হারিয়ে এলাকাবাসী অর্থ সংকটে পড়েছে এবং ঘর-বাড়ি রক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ কিনতে পারছেন না বলে ঢেউ হচ্ছে অপ্রতিরোধ্য।

সাইবার হামলার ঝুঁকি বাংলাদেশেও?-প্রথম আলো

বিশ্বজুড়ে একযোগে বড় ধরনের সাইবার হামলা

বিশ্বজুড়ে একযোগে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তথ্য অনুয়ায়ী, বিশ্বের অন্তত ৭৪টি দেশের কম্পিউটার ব্যবস্থায় হানা দিয়েছে হ্যাকাররা।

গতকাল শুক্রবার হ্যাকিংয়ের শিকার দেশগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, স্পেন, ইতালি ও তাইওয়ানের মতো উন্নত প্রযুক্তির রাষ্ট্রও। এই তালিকায় বাংলাদেশের নাম থাকতে পারে বলে মনে করছেন দেশের বিশিষ্ট তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিডিনগ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির।

সুমন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সাইবার হামলায় আক্রান্ত দেশগুলোর পুরো তালিকা প্রকাশিত হয়নি। তবে নিরাপত্তাবিষয়ক ওয়েবসাইটগুলোয় প্রকাশিত যে ম্যাপ দেখাচ্ছে, সেখানে বাংলাদেশ আক্রান্ত হওয়ার বিষয়টিও দেখা যাচ্ছে। আজ ও আগামীকাল বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। তবে শুক্রবার এই সাইবার হামলা হওয়ায় আমরা অনেকটাই বেঁচে গেছি। শুক্রবার আমাদের দেশে ছুটি হওয়ায় বেশির ভাগ অফিস বা কম্পিউটার সিস্টেম বন্ধ থাকে। তবে উইন্ডোজচালিত পিসি সিস্টেম যাঁদের চালু ছিল, তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে।’

ছাত্রী ধর্ষণ চরম মানবাধিকার লঙ্ঘন-যুগান্তর

রাজধানীর বনানীর রেইন ট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এ সংক্রান্ত জাতীয় মানবাধিকার কমিশন গঠিত তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেলটি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন। 

নজরুল ইসলাম বলেন, 'পরিদর্শন শেষে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, 'দ্য রেইন ট্রি' হোটেলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে।' 

তিনি জানান, যে কক্ষগুলোতে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, তা বন্ধ ছিল। তবে বাইরে থেকে আমরা পর্যবেক্ষণ করেছি। বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সব কিছু মিলেই প্রতিবেদনে দেয়া হবে। 

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক থাকবে : বাণিজ্যমন্ত্রী-কালের কণ্ঠ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ফটো)

বিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, রমজান মাসকে পুঁজি করে কেউ যেন দ্রব্যমূল্যের দাম না বাড়ায় সেজন্য প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

গতকাল শুক্রবার রাতে ভোলা জেলা পরিষদ চত্বরে আসন্ন মাহে রমজান উপলক্ষে সর্বস্তরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, "১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আমি যখন মন্ত্রী ছিলাম তখন চিনি আমদানিকারক প্রতিষ্ঠান সুগার করপোরেশনে এক হাজার ৩০০ কোটি টাকার চিনি মজুদ রেখেছিলাম। চিনির দাম কোনোদিন বাড়েনি। সুগার করপোরেশনের মাধ্যমে চিনি আমদানি করে ডিলারদের মাধ্যমে জনগণের মাঝে পৌঁছে দেওয়া হত। সুগার মিলগুলোও ভালো চলেছিল। কোনো ব্যবসায়ী কারসাজি করতে পারেনি। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সুগার করপোরেশন বাদ দিয়ে ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়ীদের হাতে চিনি ছেড়ে দেয়।

মন্ত্রী বলেন, "আমি যখন শিল্পমন্ত্রী ছিলাম তখন লাল চিনি এনে রিফাইন করার সুযোগ কাউকে দেইনি। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে প্রাইভেট সেক্টরে লাল চিনি এনে রিফাইন করে এবং এর মূল্য সংযোজন মাধ্যম ১৫ শতাংশ। আজকে তাদের হাতেই চিনি।

 আবাসনের সঙ্কট উত্তরণে ২০ হাজার টাকা ঋণ দাবি-নয়া দিগন্ত

আবাসন শিল্প বর্তমানে সঙ্কটাবস্থায় কাটছে। সরকারের আশু পৃষ্ঠপোষকতা ছাড়া এই সঙ্কট থেকে উত্তরণের পথ দেখছেন না আবাসন শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন (রিহ্যাব)। রিহ্যাব আসন্ন বাজেটে এ সেক্টরে স্বল্প সুদে ২০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের দাবি করেছে। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: লিয়াকত আলী ভূইয়া এ দাবি জানান। রিহ্যাব একইসাথে এপার্টমেন্টের রেজিস্ট্রেশন ব্যয় হ্রাস করারও আহবান জানিয়েছে। লিয়াকত আলী ভূইয়া জানান, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশেই সর্বোচ্চ ১৪ শতাংশ রেজিস্ট্রেশন ব্যয়। অন্যান্য দেশে রেজিস্ট্রেশন ব্যয় ৪ থেকে ৭ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।

তিনি বলেন, রেজিস্ট্রেশন ব্যয় বেশি বলে অনেকেই রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন না। ফলে অপ্রদর্শিত আয়ের টাকার পরিমাণও বাড়ছে। 

তিনি আরো বলেন, সরকার নতুন আইনে ভ্যাট কার্যকর করার ঘোষণা দিয়েছে। নতুন এই ভ্যাট আইন কার্যকর হলে আবাসন শিল্প আরো বেশি সঙ্কটে পড়বে।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

আদালতে তিরস্কৃত যোগী সরকার-আজকাল

আদালতে তিরস্কৃত যোগী সরকার

‘আমিষ খাওয়ার অধিকার রয়েছে মানুষের। রাজ্য সরকার তাতে নিষেধাজ্ঞা বসাতে পারে না।’ উত্তরপ্রদেশে বেআইনি কসাইখানা বন্ধ নিয়ে যোগী আদিত্যনাথ সরকারকে তিরস্কার এলাহাবাদ হাইকোর্টের। শুক্রবার রাজ্যের মাংস ব্যবসায়ীদের আবেদনের শুনানি চলছিল আদালতে। সেখানে মাংস বিক্রেতাদের হয়ে সওয়াল করেন লখনউ ডিভিশন বেঞ্চের বিচারক এপি শাহী এবং সঞ্জয় হারকৌলি। তাঁরা বলেন, ‘মানুষ কী খাবেন আর কী খাবেন না, সেটা মানুষকেই ঠিক করতে দিন। আমিষ খাওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে তাঁদের। রাজ্য সরকার তা কেড়ে নিতে পারে না। বেআইনি কসাইখানা বন্ধ করছেন করুন। তবে বৈধ কসাইখানাগুলি কী দোষ করেছে? লাইসেন্সের পুননর্বীকরণ বন্ধ রাখা হয়েছে কেন? নতুন যাঁরা আবেদন করেছেন তাঁদেরই বা লাইসেন্স দেওয়া হচ্ছে না কেন? এভাবে দায় এড়িয়ে যেতে পারে না রাজ্য সরকার।

আইসিজে–র নির্দেশ মানবে না পাকিস্তান-আজকাল

আইসিজে–র নির্দেশ মানবে না পাকিস্তান

কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। তবে খুব শিগগির তা খারিজ করতে চলেছে পাকিস্তান। জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে সেনা আদালতের সিদ্ধান্তই কার্যকর করবে তারা। এমনটাই দাবি পাকিস্তানি খবরের চ্যানেল ‘দুনিয়া নিউজ’–এর। তাদের একটি রিপোর্টে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক আদালতের নির্দেশকে ধর্তব্যের মধ্যেই আনছে না ইসলামাবাদ। দেশের অ্যাটর্নি জেনারেলকে সবকিছু জানানো হয়েছে। ‌জাতীয় নিরাপত্তার খাতিরে আন্তর্জাতিক আদালতের নির্দেশ খারিজ করা যেতেই পারে।’‘ডেইলি পাকিস্তান’ ‌সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে। তাদের দাবি, ‘পাকিস্তান বা কোনও রাষ্ট্রই আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য নয়।

টনক নড়াতে টনিক দিতে হয়, পুলিশ গা বাঁচিয়ে চলবে, এটা হতে পারে না-আনন্দবাজার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (ফাইল ফটো)

কয়েক দিন আগেই নদিয়া জেলার প্রশাসনিক বৈঠকে সেখানকার আইনশৃঙ্খলার ব্যর্থতা নিয়ে পুলিশ-প্রশাসনের কর্তাদের একহাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হাওড়ার প্রশাসনিক বৈঠকেও তারই পুনরাবৃত্তি ঘটল। সাম্প্রতিক কালে হাওড়ায় সব থেকে বড় ঘটনা ধুলাগড়ের অশান্তি। তার মোকাবিলায় তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এবং পুলিশ-প্রশাসন যে ব্যর্থ, তা এ দিন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

ধুলাগড়ে অশান্তি হয়েছে বেশ কয়েক মাস আগে। অশান্তির জেরে জেলার পুলিশ সুপার, স্থানীয় থানার আইসি-কে বদলি করা হয়েছে। ওই অশান্তি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ময়দানেও নেমেছিল।

চোপড়ায় গ্রেফতার ভুয়ো ডাক্তার রুবি হাসাপাতালের সাথে সে যুক্ত-বর্তমান

চোপড়ায় গ্রেফতার ভুয়ো ডাক্তার রুবি হাসাপাতালের সাথে সে যুক্ত

সিআইডির হাতে ধৃত ভুয়ো ডাক্তার কাইজার আলম চিকিৎসা করেছে বাইপাসের রুবি হাসপাতালে। ডাক্তারি পাশ না করা একজন ছাত্রকে কীভাবে নিয়োগ করল হাসপাতাল, তা নিয়ে প্রশ্ন তুলছেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা। ওই বেসরকারি হাসপাতালে সে একটি ফ্লোরের দায়িত্বে ছিল বলে তাঁরা জেনেছেন। দিনকয়েক আগে কাইজার উত্তর দিনাজপুরের চোপড়ায় সিআইডির হাতে ধরা পড়ে। সিআইডির বক্তব্য, হাসপাতালে রোগীরা ভরতি হওয়ার পর কাইজার তাঁদের দেখত এবং বেশ কয়েকজনের ডেথ সার্টিফিকেটও ইস্যু করেছে। রুবি হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিস দিয়ে জানতে চাওয়া হয়েছে, কে তাকে নিয়োগ করল, নিয়োগ কমিটিতে কারা ছিলেন ইত্যাদি।

কাশ্মীরিদের বিরুদ্ধে নয় সেনা, লক্ষ্য জঙ্গিরাই: বিপিন রাওয়াত-সংবাদ প্রতিদিন

কাশ্মীরিদের বিরুদ্ধে নয় সেনা, লক্ষ্য জঙ্গিরাই: বিপিন রাওয়াত

লেফটেন্যান্ট উমর ফৈয়াজের মৃত্যুর পর থেকেই নাকি ক্ষোভে ফুঁসছে সেনা৷ উপত্যকায় চালানো হচ্ছে কাসো অর্থাৎ এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান৷ রাষ্ট্রীয় রাইফেলসের প্রায় ৪০০০ জওয়ান মিলে এমনই তল্লাশি চালিয়েছে জম্মু-কাশ্মীরের ১৫টি গ্রামে৷ কোনও সত্যতা নেই এই খবরে৷ এমন কোনও সার্চ অপারেশন চালানো হয়নি৷ এক সর্বভারতীয় সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথা জানিয়ে দেন সেনাপ্রধান বিপিন রাওয়াত৷

রাওয়াত বলেন, ‘কাশ্মীরের সমস্ত বাসিন্দা জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত নয় বলেই মনে করে সেনা৷ সেনার কাজ হল কাশ্মীরিদের মধ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের আলাদা করে ওদের নিকেশ করা। আমরা এটা বুঝি যে এই জেহাদ নামক বস্তুর সঙ্গে উপত্যকার বেশিরভাগ মানুষই জড়িত নন৷ অল্প কিছু মানুষ এর নেপথ্যে রয়েছে৷ জঙ্গিদের থেকে কাশ্মীরের বাসিন্দাদের বিচ্ছিন্ন করাটাই আমাদের কাজ৷’

কাশ্মিরের নৌশেরায় ফের পাক গুলি, নিহত ২-আজকাল

কাশ্বিরে আবারও ২ জন নিহত

ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। শনিবার সকাল সোয়া ৭টা নাগাদ জম্মু–কাশ্মীরের নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন কালসিয়া গ্রামকে নিশানা করে গোলাগুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তানি সেনা। তাতে দুই স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। ৪ জওয়ান সহ জখম হয়েছেন মোট ৭ জন। রাজ্য পুলিস সূত্রে খবর,‘বিনা প্ররোচনায় গত তিনদিনে তিনবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। তবে এবার সেনা ছাউনি উড়িয়ে দেওয়া তাদের লক্ষ্য ছিল না। শুরু থেকেই নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন ভওয়ানি, বাবা খোয়ারি এবং কালসিয়ান— এই তিনটি গ্রামকে নিশানা করছে তারা। গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। পাক সেনা এলোপাতাড়ি গুলিবর্ষণ করায় আপাতত স্থানান্তরণের কাজ বন্ধ রাখা হয়েছে।’ সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনীশ মেহতা জানিয়েছেন, ‘শনিবার সকালে বিনা প্ররোচনায় আচমকা গোলাগুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তানি সেনা। স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র ব্যবহারের পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা বরাবর ৮২ ও ১২০ মিলিমিটার মর্টার জাতীয় গোলাও ছুঁড়েছে তারা। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দিয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩