মে ১৫, ২০১৭ ১৩:৪০ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৫ মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • রিভিউ খারিজ, সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল–ইত্তেফাক
  • সেনানিবাস এলাকায় মলমূত্র ত্যাগ, ভিক্ষা করলে ২০ হাজার টাকা দণ্ড-প্রথম আলো
  • বিচারকদের শৃংখলাবিধি গেজেট প্রকাশে ফের সময় আবেদনে লজ্জিত আপিল বিভাগ-যুগান্তর
  • রাজধানীর গণপরিবহন-হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ যাত্রীরা-অশালীন অঙ্গভঙ্গিসহ নানা কায়দায় নাজেহাল করা হয়-যুগান্তর -যুগান্তর
  • মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলা-মানবজমিন
  • আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি : সাঈদীর ছেলে-কালের কণ্ঠ
  • আপন জুয়েলার্স ও রেইনট্রির মালিককে তলব-কালের কণ্ঠ
  • খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছাল-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • শহিদের বাড়িতে আরাম, বিতর্কে যোগী-আনন্দবাজার
  • মন্ত্রিসভায় চন্দ্রিমা-উজ্জ্বল, দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী-সংবাদ প্রতিদিন
  • তিন তালাক উঠলে নয়া আইন আনবে সরকার-আজকাল
  • পশ্চিমবঙ্গে পুরভোট: কমিশনের সামনে বিরোধী-বিক্ষোভ-বর্তমান

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ 

রিভিউ খারিজ, সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল–ইত্তেফাক

রিভিউ খারিজ, সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে সাঈদীর বিরুদ্ধে আগের রায় আমৃত্যু কারাদণ্ড বহাল রইল। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আজ সকালে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন ও খালাস চেয়ে করা সাঈদীর রিভিউ আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। আপিল বিভাগ উভয় পক্ষের আবেদন খারিজ করে দিয়ে এ রায় ঘোষণা করেন। আদালতে সাঈদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এনটিভিবিডি অনলাইনের খবর- প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, অপরাধীদের শিরোমণির ফাঁসি হয়নি, ব্যথা থাকবেই। অন্যদিকে খন্দকার মাহবুব বলেছেন সাঈদীকে বাঁচাতে পেরেছি তাতেই খুশি। তবে কালের কণ্ঠের খবরে  সাঈদীর ছেলে  মাসুদ বিন সাঈদী তার প্রতিক্রিয়ায় বলেছেন-আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।

আপন জুয়েলার্স ও রেইনট্রির মালিককে তলব-কালের কণ্ঠ

রিভিউ খারিজ, সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল

স্বর্ণ, ডায়মন্ড আটকের ঘটনায় আপন জুয়েলার্স ও অবৈধ মদ রাখার দায়ে হোটেল দ্য রেইনট্রি এর মালিককে তলব করেছে শুল্ক গো‌য়েন্দা ও তদন্ত অ‌ধিদফত‌র। আজ সোমবার শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের পাঁচটি বিক্রয়কেন্দ্র থেকে সোনা ও হীরা আটক করা হয়। এগুলো ব্যাখ্যাহীনভাবে মজুত রাখা ছিল। এ বিষয়ে ব্যাখ্যা জানার জন্য দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের সব মালিককে তলব করা হয়েছে। এছাড়া হোটেল রেইনট্রিতে ১০ বোতল মদ রাখার দায়ে দুই মালিকদের তলব করা হয়েছে।

বিচারকদের শৃংখলাবিধি গেজেট প্রকাশে ফের সময় আবেদনে লজ্জিত আপিল বিভাগ-যুগান্তর

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা বিধিমালার গেজেট প্রকাশ করতে ফের দুই সপ্তাহের সময় পেল সরকার। তবে গেজেট প্রকাশে সরকার পক্ষের বারবার সময় আবেদনে লজ্জিত আপিল বিভাগ।

সোমবার সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে আবারো সময় আবেদন করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বেধীন আপিল বেঞ্চ আবেদন গ্রহণ করে দুই সপ্তাহ সময় দেন। একই সঙ্গে সরকার পক্ষের বারবার সময় আবেদনে লজ্জা প্রকাশ করেন আদালত।

 

রাজধানীর গণপরিবহন-হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ যাত্রীরা-অশালীন অঙ্গভঙ্গিসহ নানা কায়দায় নাজেহাল করা হয়-যুগান্তর

হিজড়াদের কর্মকাণ্ড

রাজধানীর গণপরিবহনে হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠছেন যাত্রীরা। দাবিকৃত টাকা দিতে রাজি না হলেই নেমে আসে খক্ষ। নানা কায়দায় যাত্রীদের নাজেহাল করা শুরু হয়। গালাগালির পাশাপাশি চলে নানা অঙ্গভঙ্গি। হিজড়াদের এমন আচরণে নারী ও শিশু যাত্রীরা রীতিমতো আঁতকে ওঠেন।

অনেকেই ভয়ে কুঁকড়ে যান। গত দুই সপ্তাহ সরেজমিনে রাজধানীর বিভিন্ন রুটে এমনই চিত্রই দেখা গেছে। রাজধানীতে হিজড়াদের অন্তত ৫০ জন গুরু রয়েছে। এরাই শিষ্যদের দিয়ে বাসে বাসে চাঁদাবাজি করাচ্ছে। আর এভাবে গুরুদের প্রত্যেকেই কোটিপতি বনে গেছে। এদিকে হিজড়াদের এই উৎপাতের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ‘কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হয়। তবে হিজড়াদের গ্রেফতার করতে গেলে রীতিমতো ঝামেলায় পড়তে হয়।’

সেনানিবাস এলাকায় মলমূত্র ত্যাগ, ভিক্ষা করলে ২০ হাজার টাকা দণ্ড-প্রথম আলো

বাংলাদেশের মন্ত্রিপসভার নিয়মিত বৈঠক (ফাইল ফটো)

সেনানিবাস এলাকায় ৪৩টি অপরাধের জন্য আর্থিক জরিমানা বাড়ানো হচ্ছে। এ লক্ষ্যে সেনানিবাস আইন, ২০১৬–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। 

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ৯৩ বছর পর আইনটি সংশোধন করা হচ্ছে। ১৯২৪ সালের সেনানিবাস আইনটি এত দিন পর্যন্ত বহাল ছিল।

মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সোমবার রাজধানীর রমনা থানায় এ মামলা করেন।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, সাবেক এমপি মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু গত বছর দুদকে যে সম্পদবিবরণী জমা দিয়েছেন, তাতে ১৪৭ কোটি ১১ লাখ ৯৪ হাজার ৮৩৮ টাকার সম্পদ রয়েছে বলে উল্লেখ রয়েছে। এই সম্পদের মধ্যে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। এছাড়াও সম্পদ বিবরণীতে তিনি ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দিয়েছেন। এর ফলে তিনি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছাল-নয়া দিগন্ত

রিভিউ খারিজ, সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়ে পরবর্তী তারিখ ২৩ মে নির্ধারণ করা হয়েছে।

খালেদা জিয়ার পক্ষে আজ সোমবার সময় চেয়ে আবেদন করা হলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা শুনানির এই নতুন তারিখ ধার্য করেন। আজ এই মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। শুনানির ধার্য দিনে আদালতে সময় চেয়ে আবেদন করেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা আদালতে বলেন, আদালত বদল চেয়ে তাঁরা হাইকোর্টে আবেদন করেছেন। আবেদনের নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। কিন্তু আদালত বদলসংক্রান্ত আদেশের অনুলিপি এখনো পাওয়া যায়নি। তাই সময় প্রয়োজন।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

তিন তালাক উঠলে নয়া আইন আনবে সরকার-আজকাল

ভারতের সুপ্রিম কোর্ট

তিন তালাক প্রথা নিষিদ্ধ হলে নতুন আইন আনবে সরকার। সোমবার সুপ্রিম কোর্টে তিন তালাক নিয়ে শুনানি চলাকালীন জানালেন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি। ‌তিন তালাকের বিরোধিতা করে আদালতে রোহতাগি বলেন, ‘সৌদি আরব, ইরান, ইরাক, লিবিয়া, মিশর এবং সুদানের মতো দেশগুলিতে তো কবেই তিন তালাক প্রথা উঠে গিয়েছে। তাহলে আমরা করতে পারব না কেন? এই প্রথা মুসলিম মহিলাদের অধিকার বিরুদ্ধ। সব ধরনের তালাক প্রথাই খারাপ। কারণ সেগুলি একতরফা। দু’পক্ষের সমর্থনেই বিবাহ বিচ্ছেদ হওয়া উচিত। কিন্তু তালাক প্রথার দৌলতে মুসলিম মহিলারা সেই অধিকার থেকে বঞ্চিত হন।’ বিচারপতি ইউইউ ললিত তাঁকে জিজ্ঞেস করেন, ‘আদালত যদি তিন তালাক প্রথা নিষিদ্ধ করে, তাহলে তার বিকল্প কি হবে?’ জবাবে রোহতাগি বলেন, ‘আদালতে তিন তালাক প্রথার অবসান ঘটলে নতুন আইন আনবে সরকার।’ গত ১১ মে থেকে তিন তালাক প্রথা নিয়ে শীর্ষ আদালতে শুনানি চলছে। সোমবার শুনানি শুরু হলে প্রধান বিচারপতি জগদীশ সিং খেরারের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে তিন তালাকের পাশাপাশি বহুবিবাহ এবং নিকাহ হালালার বিরুদ্ধেও শুনানির আর্জি জানান সরকার পক্ষের আইনজীবী রোহতাগি।

শহিদের বাড়িতে আরাম, বিতর্কে যোগী-আনন্দবাজার

সুযোগ পেলেই দেশপ্রেম ও জাতীয়তাবাদ নিয়ে লম্বা চওড়া ভাষণ দিয়ে বসেন বিজেপি নেতারা। সিয়াচেন থেকে কাশ্মীর— রাজনীতির স্বার্থে ভারতীয় জওয়ানদের আত্মত্যাগকেও হাতিয়ার করতে ছাড়েন না। কিন্তু শহিদ জওয়ানের পরিবারের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে মানবিকতাকেই বিসর্জন দিয়ে বসলেন তাঁরা। গত ১ মে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কাশ্মীরে ঢুকে সীমান্তরক্ষী বাহিনীর হেড কনস্টেবল প্রেম সাগরের শিরচ্ছেদ করে পাকিস্তানের ব্যাট বাহিনী। প্রেম সাগর উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা ছিলেন। সম্প্রতি তাঁর পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শহিদ জওয়ানের শেষকৃত্য যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে ব্যবস্থা করেন। তাঁর পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেন। তবে যোগীর এই যাত্রা নিয়েই বিতর্ক শুরু হয়েছে। অসন্তোষ প্রকাশ করেছেন শহিদ পরিবারের লোকজনও। প্রেম সাগরের ছেলে ঈশ্বর জানিয়েছেন, ‘সমবেদনা জানাতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি এসে বাড়িতে পা রাখার দু’দিন আগে থেকেই আমাদের অতিষ্ঠ করে তুলেছিলেন স্থানীয় বিজেপি নেতারা।

দিল্লিতে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ-আজকাল

দিল্লিতে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ

দিল্লিতে ফের নির্ভয়া কাণ্ডের ছায়া। গণধর্ষণের পর চলন্ত গাড়ি থেকে তরুণীকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল ৩ দুষ্কৃতী। দিল্লির গুরুগ্রামের ঘটনা। বছর বাইশের নির্যাতিতা আদতে সিকিমের বাসিন্দা। বর্তমানে গুরুগ্রামের সেক্টর ১৭–তে থাকেন। রবিবার ভোররাতে মধ্য দিল্লির কনাট প্লেস থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র কয়েক হাত দূরে  তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁকে অপহরণ করে একটি মারুতি সুইফট গাড়িতে তোলে। গুরুগ্রাম থেকে পশ্চিম দিল্লির নজফগড়ের দিকে রওনা দেয় গাড়িটি। চলন্ত গাড়িতেই একে একে তরুণীকে ধর্ষণ করে তারা। এরপর গুরুগ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নজফগড়ের রাস্তায় তরুণীকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়ে চম্পট দেয় তারা। স্থানীয় মানুষের সাহায্যে কোনওরকমে স্থানীয় থানায় পৌঁছন নির্যাতিতা। সেখান থেকে গুরুগ্রাম পুলিসের কাছে খবর পৌঁছয়। নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিস। অভিযুক্তদের মধ্যে একজনের নাম দীপক বলে জানিয়েছেন তিনি। তাঁর ওপর অত্যাচার চালানোর সময় বাকি দু’জন নাকি তাকে ওই নামেই ডাকছিল। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শণাক্ত করার চেষ্টা করছে গুরুগ্রাম পুলিস।

মন্ত্রিসভায় চন্দ্রিমা-উজ্জ্বল, দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী-সংবাদ প্রতিদিন

মমতার মন্ত্রিসভায় নতুন মুখ

মন্ত্রিসভায় যে তাঁরা যোগ দিতে চলেছেন সে ঘোষণা আগেই করা হয়েছিল৷ সোমবার দিল্লি যাওয়ার আগে রাজ্যের দুই নয়া মন্ত্রী, উজ্জ্বল বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্যের মধ্যে দপ্তর বন্টনও করে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ বেলা ১২টা ২০ মিনিট নাগাদ দুই মন্ত্রীকে শপথ পাঠ করান রাজ্যপাল৷ তাঁদের দপ্তরও দিয়ে দেওয়া হয়৷ উজ্জ্বল বিশ্বাস পেলেন কারার দায়িত্ব৷ অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য হলেন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী৷ এছাড়া নতুন গঠিত ই-গভর্ন্যান্স দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হলেন তিনি৷ এর আগে কারার দায়িত্ব ছিল অবনী জোয়ারদারের হাতে৷ সে ভার উজ্জ্বল বিশ্বাস নেওয়ায় আপাতত দপ্তরহীন মন্ত্রী হয়ে থাকলেন তিনি৷দিল্লি থেকে ফিরে মন্ত্রিসভায় আরও রদবদল করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

পশ্চিমবঙ্গে পুরভোট: কমিশনের সামনে বিরোধী-বিক্ষোভ-বর্তমান

পশ্চিমবঙ্গে পুরভোট: কমিশনের সামনে বিরোধী-বিক্ষোভ

নজিরবিহীনভাবে ভোটের দিন কোনও রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন না রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং। তিনি দেখা না করায় রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখালেন কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপির নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। রাস্তা অবরোধও করেন বিরোধীরা। রবিবারের পুর নির্বাচন বাতিল ঘোষণার দাবিতে কংগ্রেস ও বামফন্ট স্মারকলিপি দিতে এসেছিল। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার না নেওয়ায় তারা তা দেওয়ালে সেঁটে দেয়। পরে রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করে। তবে বিজেপি ওই থানায় স্মারকলিপি জমা দেয়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫