মে ২০, ২০১৭ ১২:১৮ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২০ মে শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

  • বাংলাদেশের শিরোনাম:
  • বাংলাদেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই-মির্জা ফখরুল-বাংলাদেশ প্রতিদিন
  • পুলিশ-সামগ্রী ও অস্ত্রসহ ভুয়া ডিবির ১৬ সদস্য গ্রেফতার- মানবজমিন
  • খালেদা জিয়াকে বিপর্যস্ত করতেই কার্যালয়ে তল্লাশি: রিজভী-ইত্তেফাক
  • আ.লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু-প্রথম আলো
  • আ'লীগ থাকলে জনগণের কল্যাণ হয়: প্রধানমন্ত্রী-যুগান্তর
  • ধর্ষিতাদের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা-কালের কণ্ঠ
  • হাওরে ক্ষতিগ্রস্তদের দেয়া ত্রাণ হাস্যকর ও অসম্মানজনক : সুলতানা কামাল-নয়া দিগন্ত
  • ইসলামী ব্যাংকে দ্বন্দ্ব চরমে -দৈনিক দিনকাল

ভারতের শিরোনাম:

  • কাসভের থেকে বড় জঙ্গি কুলভূষণ-পারভেজ মোশাররফ-সংবাদ প্রতিদিন
  • উচ্চবর্ণের হেনস্থা এড়াতে বৌদ্ধ হল ১৮০টি দলিত পরিবার-আনন্দবাজার
  • যুদ্ধ পরিস্থিতি!‌ হুঁশিয়ারি বায়ুসেনা কর্তার-আজকাল‘

 

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

আ'লীগ থাকলে জনগণের কল্যাণ হয়: প্রধানমন্ত্রী-যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বিস্তারিত খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে একটিই রাজনৈতিক দল রয়েছে, যেটি ক্ষমতায় থাকলে জনগণের কল্যাণ হয়।’আজ গণভবনে আয়োজিত আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।’এ সময় তিনি অভিযোগ করেন, ‘বিএনপি ক্ষমতায় থাকলে মুক্তিযুদ্ধ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে। তবে কোনো কোনো দৈনিকে ও অনলাইন পোর্টালে লেখা হয়েছে, অনেক দিন পরে হলেও বিএনপি ভিশন ২০৩০ ঘোষণা করায় প্রশংসা করেছেন। তবে বিএনপির মধ্যে মানবিকতা নেই এবং লুটেপুটে খায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দলীয় সদস্যপদ নবায়ন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আর প্রথম আলো খবর- দলীয় সদস্যপদ নবায়ন করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি।

যুগান্তর আরো লিখেছে, বর্ধিত সভায় উদ্বোধনী বক্তা হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই। আর এজন্য স্মার্ট, আধুনিক, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন মোকাবিলা করতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। শেখ হাসিনার উন্নয়নকে মিনিংফুল করতে হবে।'অন্যদিকে-ইত্তেফাক, প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিনসহ প্রায় সব জাতীয় দৈনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির খবরটি প্রকাশিত হয়েছে। বিস্তারিত খবরে ইত্তেফাক লিখেছে, খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়ে কিছুই পায়নি। পুলিশি লিখিত দিয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আর বাংলাদেশ প্রতিদিন লিখেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই। তিনি পুলিশি তল্লাশির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, বাংলাদেশ সম্পূর্ণ গণতন্ত্রবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। আইন-শৃংঙ্খলা বাহিনীর সাহায্যে এই সরকার দেশ চালাচ্ছে। ' আজ ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।দলের অপর নেতা রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার কার্যালয়ে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে পারে এটা মানুষ বিশ্বাস করে না। এ তল্লাশি সরকারের পাতানো ষড়যন্ত্র। সরকার খালেদা জিয়াকে অসম্মান আর বিপর্যস্ত করতেই পুলিশ দিয়ে এ তল্লাশি চালিয়েছে। এটা গণতান্ত্রিক সভ্যতার চরম পরিপন্থী। এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। এদিকে, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশীর প্রতিবাদে কাল বিএনপি বিক্ষোভের ডাক দিয়েছে বলে ইত্তেফাকের একটি খবরে উল্লেখ করা হয়েছে।

হাওরে ক্ষতিগ্রস্তদের দেয়া ত্রাণ হাস্যকর ও অসম্মানজনক : সুলতানা কামাল-নয়া দিগন্ত

অ্যাডভোকেট সুলতানা কামাল

বিস্তারিত খবরে বলা হয়েছে, বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, হাওরে ক্ষতিগ্রস্তদের প্রতি মাসে ত্রিশ কেজি চাল ও পাঁচশত টাকার বরাদ্দ দেয়ার বিষয়টি হাস্যকর ও অসম্মানজনক। তিনি বলেন, ত্রাণ দিতে হলে দিন এটা কোন চিরস্থায়ী ব্যবস্থাও নয়, তবে অসন্মান করার অধিকার কারো নাই।সিপিবি ও বাসদ’র উদ্যোগে আজ দিনব্যাপী মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনের (ষষ্ঠ তলায়) তাজুল মিলনায়তনে ‘হাওর কনভেনশন’ এ কথা বলেন তিনি।সুলতানা কামাল আরো বলেন, বাংলাদেশের একটি পরিবারে নুন্যতম পাঁচজন সদস্য থাকবেন বলে ধরে দেয়া হয়। ত্রিশ কেজি চাল যদি প্রতি মাসে দেয়া হয় তাহলে প্রতি একটি কেজি চাল প্রতিটি পরিবারের জন্য হবে দৈনিক বরাদ্ধ। এক কেজি চাল দিয়ে একটি পরিবারের তিনবেলা অন্নসংস্থান কি করে হয়,যারা এটা বরাদ্দ দিয়েছেন তাদের কাছেই এটা আমার প্রশ্ন। আর পাঁচশত টাকা খরচ করতে এখন এক মিনিটও সময় লাগে না। তাই এই পাঁচশত টাকা হাতে নিয়ে মানুষগুলি কিভাবে জীবন যাপন করবে-সেটা একটা বিরাট প্রশ্ন। তাছাড়া নারী পরিচালিত পরিবার গুলি ক্ষতিগ্রস্থ হিসাবে আলাদাভাবে করা হয়নি। তিনি বলেন, সরকারের লোকজন কতটা তথ্য নিয়ে হাওরে যাচ্ছে তা এখন প্রশ্ন।

নতুন আতঙ্কে বনানী ধর্ষণের ভুক্তভোগীরা-বাংলাদেশ প্রতিদিন

নতুন আতঙ্কে বনানী ধর্ষণের ভুক্তভোগীরা

নতুন আতঙ্কে বনানী ধর্ষণের ভুক্তভোগীরা। অপপ্রচার পিছু ছাড়ছে না ধর্ষণের শিকার দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর। ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপত্তিকর মন্তব্যসহ তাদের ছবি ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। সম্প্রতি ফেসবুকে একটি ফেক অ্যাকাউন্ট থেকে ভুক্তভোগী এক তরুণীর ছবিও আপলোড করা হয়েছে। ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে কিনা সেই আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবার দু'টি।এ সম্পর্কে কালের কণ্ঠের-খবর রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহারগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ-সামগ্রী ও অস্ত্রসহ ভুয়া ডিবির ১৬ সদস্য গ্রেফতার- মানবজমিন/ইত্তেফাক

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ভুয়া ডিবি’র ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ-সামগ্রী ও অস্ত্র¿সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রামপুরা বনশ্রী রোড এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়।বিদেশে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকদের কর্মকাণ্ড নজরদারিতে রাখার নির্দেশ প্রত্যাহার করা হয়েছে বলে আজকের কোনো কোনো অনলাইন পোর্টালে খবর ছাপা হয়েছে। গতকাল ইত্তেফাকের খবরে বলা হয়েছিল বিদেশে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকদের কর্মকাণ্ড নজরদারিতে রাখার নির্দেশ দেয়া হয়েছে বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ নির্দেশ দেয়া হয়। আর দৈনিক দিনকালের খবর-বিদেশ ভ্রমণে সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশনার সমালোচনা করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ইসলামী ব্যাংকে দ্বন্দ্ব চরমে -দৈনিক দিনকাল

প্রতিবেদনবিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকে কার্যত সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে নিয়োগপ্রাপ্ত শীর্ষ দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য হয়ে উঠেছে। এনিয়ে দেশী-বিদেশী পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হচ্ছে। গত ১১ মে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজের একটি ফেইসবুক স্ট্যাটাস থেকে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ হতে থাকে। এর দুদিন পর ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় মানবসম্পদ বিভাগের প্রধান (ইভিপি) মাহবুব আলমকে অন্য বিভাগে বদলি করা হয়। পাশাপাশি জনসংযোগ ও সিএসআর বিভাগের প্রধানকেও বদলি এবং ব্যাংকের জাকাত ফান্ডের ৪৫০ কোটি টাকা প্রধানমন্ত্রীর জাকাত তহবিলে দেয়া, ইফতারের ১৩ কোটি টাকা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিতরণের সিদ্ধান্ত হওয়ার কথা জানান পারভেজ। তবে চারদিন পর বুধবার ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা অস্বীকার করা হয়।

শ্রোতা/ পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

উচ্চবর্ণের হেনস্থা এড়াতে বৌদ্ধ হল ১৮০টি দলিত পরিবার-আনন্দবাজার

ভারতে উচ্চ বর্ণের হেনস্থা এড়াতে বৌদ্ধ হলো  উত্তরপ্রদেশের ১৮০ পরিবার

যখন তখন তাঁদের উপর হামলা হয়। মানুষ বলে গণ্যই করা হয় না। তার উপর শুরু হয়েছে পুলিশি ধরপাকড়। এর থেকে বাঁচতে তাই ধর্ম বদলে নিল উত্তরপ্রদেশের ১৮০টি দলিত পরিবার!

উত্তরপ্রদেশের রুপদি, এগরি এবং কাপুরপুর গ্রামের মোট ১৮০টি দলিত পরিবার ধর্ম বদলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। দলিত থেকে বৌদ্ধ হলে তাঁদের উপর সামাজিক নির্যাতন বন্ধ হবে, আর তার ফলে পুলিশের হাত থেকেও রেহাই মিলবে। সে কারণেই এই ধর্মান্তরকরণ বলে জানিয়েছে দলিতদের সংগঠন ভিম সেনা।বছর খানেক ধরেই দলিত সম্প্রদায়ের উপরে নির্যাতন বেড়েছে। অন্যান্য রাজ্যের তুলনায় উত্তরপ্রদেশে এই নির্যাতনের ঘটনা তুলনামূলক বেশি। সম্প্রতি উত্তরপ্রদেশের সাহারানপুরে ঠাকুর এবং দলিতদের মধ্যে ঝামেলা ব্যাপক আকার ধারণ করে। গত তিন সপ্তাহ ধরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশ। দলিতের সংগঠন ভিম সেনার সঙ্গে সংঘর্ষ বাধে ঠাকুরের। গত তিন সপ্তাহে উত্তরপ্রদেশের শাবিরপুর এবং তার আশেপাশের গ্রামের ৬০টি দলিত বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে ঠাকুরদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় ২৩টি গাড়িতে।

কাসভের থেকে বড় জঙ্গি কুলভূষণ-পারভেজ মোশাররফ-সংবাদ প্রতিদিন

কুলভূষণ যাদবকে নিয়ে আন্তর্জাতিক আদালতে মুখ পুড়েছে পাকিস্তানের৷ মামলার চুড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কুলভূষণের মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি রনি আব্রাহাম৷ কিন্তু তাতেও পাকিস্তানের হম্বিতম্বি কমছে না৷ এই ইস্যুতে এবার মুখ খুললেন পাকিস্তানে প্রাক্তন প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মুশাররফ৷ তাঁর মতে, আজমল কাসভের থেকেও বড় জঙ্গি কুলভূষণ যাদব৷২০০৮ সালে মুম্বই শহরে জঙ্গি হামলা চালায় আজমল কাসভ ও তাঁর সঙ্গীরা৷ মৃত্যু হয় ১৬৪ জনের৷ বাকি জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা গেলেও, জীবিত অবস্থায় ধরা পড়ে কাসভ৷ তাঁকে মত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল বম্বে হাইকোর্ট৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন কাসভের আইনজীবী৷ কিন্তু সুপ্রিম কোর্টও মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখে৷ সেই প্রসঙ্গ উল্লেখ করে পারভেজ মুশাররফ বলেন, আজমল কাসভকে একটি বৃহত্তর ষড়য়ন্ত্রের বোড়ে হিসেবে ব্যবহার করা হয়েছিল৷ কিন্তু কুলভূষণ যাদব সরাসরি সন্ত্রাসবাদে মদত দিচ্ছিল৷

মিড-ডে মিলে মিলল টিকটিকি, খেয়ে অসুস্থ বহু শিশু-সংবাদ প্রতিদিন

মিড-ডে মিল নিয়ে জমছে একের পর এক অভিযোগ৷ ক’দিন আগেই মিড-ডে মিলে সাপের দেখা মিলেছিল৷ এবার মিলল টিকটিকি৷ তা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বহু শিশু৷

ঘটনা মধ্যপ্রদেশের কাটনি জেলার৷ জানা যাচ্ছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে মিড-ডে মিল দেওয়া হয়েছিল তাতেই ছিল টিকটিকি৷ মৃত টিকটিকি খাবারে মেশায় বিষাক্ত হয়ে পড়ে তা৷ প্রথমে কারওরই নজরে পড়েনি৷ যখন খেয়াল হল ততক্ষণে শিশুরা তা না জেনেই খেয়ে ফেলেছে৷ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে শিশুরা৷ আট শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা যাচ্ছে৷ভারতে যুদ্ধ পরিস্থিতি!‌ হুঁশিয়ারি বায়ুসেনা কর্তার-আজকাল‘ভয়্ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। যেটুকু সম্বল তাই নিয়েই যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি থাকুন।’ প্রত্যেক বায়ুসেনা অফিসারকে চিঠি দিয়ে সতর্ক করলেন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়ার। ধানোয়া দায়িত্বে আসার তিন মাস পর, গত ৩০ মার্চ বায়ুসেনায় কর্মরত ১২,০০০ অফিসারের কাছে ওই চিঠি পৌঁছেছে। তাতে লেখা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে যে কোনও মুহূর্তে বিপদ ঘনিয়ে আসতে পারে। যুদ্ধে নামতে হতে পারে। আমাদের যেটুকু সম্বল তাই নিয়েই ঝাঁপিয়ে পড়তে হতে পারে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০