সংখ্যাগরিষ্ঠতা ছাড়া কীভাবে বিচারপতি অপসারণ: প্রধান বিচারপতির প্রশ্ন
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৫ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের চার সদস্য গ্রেফতার-ইত্তেফাক
- গাজীপুরে চার শতাধিক শ্রমিক অসুস্থ, ৮ পোশাক কারখানায় ছুটি-মানবজমিন
- ঈদের পর সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি : মোশাররফ-নয়া দিগন্ত
- চীনের ‘বেল্ট অ্যান্ড রোড: চীনা বিশ্বায়নে ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ-প্রথম আলো
- সংখ্যাগরিষ্ঠতা ছাড়া কীভাবে বিচারপতি অপসারণ? : প্রধান বিচারপতি–কালের কণ্ঠ
- বিএনপি নিজেরাই নিজেদের প্রতিপক্ষ: ওবায়দুল-যুগান্তর
- ভয়ংকর দুঃশাসনে নজরুল আমাদের প্রেরণা দেয় : রিজভী-এনটিভিবিডি অনলাইন
ভারতের শিরোনাম:
- বিজেপির অভিযানে পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার দিলীপ ঘোষ-সংবাদ প্রতিদিন
- বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার-আজকাল
- বোমা, আগুন, লাঠি, কাঁদানে গ্যাস, জলকামানে রণক্ষেত্র কলকাতা-আনন্দবাজার
- উত্তরপ্রদেশে হাইওয়েতে গাড়ি থামিয়ে ৪ মহিলাকে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদ করে খুন যুবক -বর্তমান
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
বাংলাদেশে আজ পালিত হয়েছে দেশটির জাতীয় কবি, দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী এ সম্পর্কে সব জাতীয় দৈনিকে খবর ছাপা হয়েছে। এ সম্পর্কে কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, নজরুল প্রেমের কবি, যৌবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি। নজরুল প্রতিদিনই আমাদের কাছে প্রাসঙ্গিক। তবে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষর মূলোৎপাটন না হলে নজারুল-স্মরণ সার্থক হবে না। '
্আর অন্য এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই নিজেদের প্রতিপক্ষ। এটি -যুগান্ত ছাপা হয়েছে।
বিএনপি নিজেরাই নিজেদের প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, যারা বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছেন, তাদের সদস্যপদ নবায়ন করা হবে না
ভয়ংকর দুঃশাসনে নজরুল আমাদের প্রেরণা দেয় : রিজভী-এনটিভিবিডি অনলাইন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, ‘বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক। আমরা যখন বাকরুদ্ধ, অধিকারের জন্য কথা বলি, তখন নজরুল আমাদের প্রেরণা দেয়। আমরা যখন ভয়ংকর দুঃশাসনের মধ্যে সামান্যতম স্বস্তির কথা চিন্তা করি, তখন নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক।’
আজ বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী।
নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, রমজানের ঈদের পরই বেগম খালেদা জিয়া নির্বাচনকালিন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন
দুদকের বার্ষিক প্রতিবেদন ২০১৬--১০ খাতের দুর্নীতি বন্ধে ৬৫ দফা সুপারিশ-বালের কণ্ঠ
শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, জাতীয় রাজস্ব বোর্ড, ব্যাংক-বীমাসহ সরকারের ১০ খাতের দুর্নীতি রোধে ৬৫ দফা সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রপতিকে দেয়া ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদনে ওই সুপারিশ তুলে ধরা হয়। এগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা চেয়েছে দুদক
দফাগুলো হচ্ছে-সপ্তাহ শেষে ফাইল নিষ্পত্তি না হলে কর্মকর্তাকে কৈফিয়ত দিতে হবে * সেবা খাতের দুর্নীতি বন্ধে হেল্প ডেস্ক ও ওয়ানস্টপ সার্ভিস চালুর প্রস্তাব * এমএলএম কোম্পানির ব্যবসা বন্ধ করতে হবে * সম্পত্তির রেজিস্ট্রেশন ফি অর্ধেকের প্রস্তাব * মানসম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য পৃথক পিএসসি গঠন * আর্থিক খাতে ‘অতিরিক্ত বাজেট বরাদ্দ উপদেষ্টা কাউন্সিল’ গঠনের সুপারিশ
নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের চার সদস্য গ্রেফতার-ইত্তেফাক
ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের কাঁচপুর ও মুন্সিগঞ্জের মাওয়া এলাকায় এলাকায় অভিযান চালানো হয়।
সংখ্যাগরিষ্ঠতা ছাড়া কীভাবে বিচারপতি অপসারণ? : প্রধান বিচারপতি–কালের কণ্ঠ
সংসদে কোনো দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে সংসদের মাধ্যমে কীভাবে বিচারপতি অপসারণ হবে? উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা বিষয়ে সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে এই প্রশ্ন রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, শাসনতন্ত্রে দেশের সবচেয়ে পবিত্র আইন (সংবিধান) আমরা সংরক্ষণ করি। পার্লামেন্টে টু থার্ড মেজরিটি না থাকলে ওই পরিস্থিতিতে কোনো বিচারকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তখন কী হবে? জুডিশিয়ারি কী করবে? সংবিধানের ষোড়শ সংশোধনী বা উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের হাতে প্রদান করা বাতিল প্রসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর অ্যামিকাস কিউরি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের লিখিত মতামতের ওপর শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রশ্ন করেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কিভাবে বিচারপতি অপসারণ করা হবে। প্রধান বিচারপতি বলেন, এখন না হয় সংখ্যাগরিষ্ঠতা আছে। কিন্তু কোনো সময় যদি না থাকে? যদি হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়। তাহলে কি হবে? কিভাবে অপসারণ (বিচারপতি) করা হবে? তখন তো একটা ভ্যাকুয়াম (শূন্যতা) সৃষ্টি হবে। জবাবে রোকন উদ্দিন মাহমুদ বলেন, আমার লিখিত সাবমিশনে এটা আছে এবং আমি নিজেও এ প্রশ্ন রাখছি।
চীনের ‘বেল্ট অ্যান্ড রোড: চীনা বিশ্বায়নে ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ-প্রথম আলো
বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া ২৯ জন রাষ্ট্রনেতার মধ্যে বাংলাদেশের কেউ ছিলেন না। বাংলাদেশ পাঠিয়েছিল মন্ত্রী–মর্যাদার প্রতিনিধিদল। অথচ ভারত ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আর সব দেশের অংশগ্রহণ ছিল শীর্ষ পর্যায়ের। এ সম্মেলনে বাংলাদেশ মাত্র দুটি চুক্তি সই করেছে। কিন্তু গত বছরের শেষাশেষি চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরের সময় স্বাক্ষরিত ২৭টি চুক্তিকে আমলে নিলে বোঝা যায়, বিআরআই বিষয়ে বাংলাদেশ এগিয়েই আছে। বিআরআই ফোরামে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিকে এ প্রকল্পে ভারতের আপত্তির প্রতিক্রিয়াজনিত সতর্কতা হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। বিপরীতে চীনের কৌশল ছিল ‘শতাব্দীর বৃহত্তম প্রকল্পের’ পক্ষে বৈশ্বিক সমর্থন প্রদর্শন করা। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রেশমপথে চীন মোটেই নিঃসঙ্গ পথিক নয়। ভারত বিআরআই ফোরামের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে।
ভারত মহাসাগরে চীনের অন্যতম প্রবেশপথের দেশ হিসেবে বিআরআই প্রকল্পে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ যতটা, ততটাই ঝুঁকিপূর্ণ। বাংলাদেশি অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য তাই জোর দিয়েছেন ভারসাম্যের নীতির ওপর। তাঁর মতে, ‘চীনের এই উদ্যোগে বাংলাদেশের জড়িত হওয়াকে বৃহত্তর চিন্তার আলোকে দেখতে হবে।
গাজীপুরে চার শতাধিক শ্রমিক অসুস্থ, ৮ পোশাক কারখানায় ছুটি-মানবজমিন
গাজীপুরের কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় তীব্র তাপদাহে ৮টি পোশাক কারখানার চার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর কারখানারগুলো এক দিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ ও হাসপাতাল বিভাগ জানায়, বৃহস্পতিবার সকালে কাশিমপুরের নয়াপাড়া ও কোনাবাড়ি এলাকার কারখানাগুলোতে কাজে যোগ দেয় শ্রমিকরা।
তখন ৮টি কারখানার বেশ কিছু শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে কারখানা কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্ন ক্নিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ভারতে ঢুকেছে ২২ লস্কর জঙ্গি, চার শহরে জঙ্গি হামলার সতর্কতা জারি-সংবাদ প্রতিদিন
নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার কাছে নাস্তানাবুদ হওয়ার পর ক্ষোভে-রাগে ফুঁসছে পাকিস্তান৷ অপমানের বদলা নিতে এবার তৈরি হচ্ছে ইসলামাবাদ৷ কেন্দ্রীয় গোয়েন্দারা লস্কর জঙ্গিদের বেশ কয়েকটি কল ট্র্যাক করে জানতে পেরেছেন, ভারতে ২৬/১১-র ধাঁচে হামলা চালাতে তৈরি হচ্ছে লস্কর-ই-তৈবা৷ মুম্বই, রাজস্থান, পাঞ্জাব-সহ দেশের চারটি গুরুত্বপূর্ণ শহরে লস্করের ফিদায়েঁ জঙ্গিরা হামলা চালাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে৷
কেন্দ্রীয় গোয়েন্দারা এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে একটি রিপোর্ট পেশ করেছে অতি সম্প্রতি৷ ওই রিপোর্টে বলা হয়েছে, ২০-২২ জন লস্কর জঙ্গিদের একটি দল ইতিমধ্যেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের মাটিতে ঢুকে পড়েছে৷ দেশের অন্তত চারটি বড় শহরে হামলার ছক কষেছে জঙ্গিরা৷ স্বরাষ্ট্রমন্ত্রক এই রিপোর্ট পেয়েই দেশ জুড়ে সমস্ত পুলিশ কর্তা, ক্রাইম ব্রাঞ্চ, সাইবার সেল ও জঙ্গি দমন শাখার আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে৷
উত্তরপ্রদেশে হাইওয়েতে গাড়ি থামিয়ে ৪ মহিলাকে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদ করে খুন যুবক –বর্তমান
হাইওয়েতে গাড়ি আটকে চার মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। বাধা দিতে গিয়ে খুন হলেন তাঁদের এক আত্মীয়। বুধবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে। জানা গিয়েছে, গ্রেটার নয়ডা থেকে বুলন্দশহরে ফিরছিলেন একই পরিবারের আট সদস্য। অভিযোগ, যমুনা এক্সপ্রেসওয়ের জেওয়ার-বুলন্দশহর রাস্তায় গাড়ি থামিয়ে প্রথমে টাকা, মূল্যবান সামগ্রী লুট করে ছয় ডাকাত। পরে গাড়িতে থাকা চার মহিলাকে গণধর্ষণ করা হয়। প্রতিবাদ করতে গিয়ে ডাকাতদের গুলিতে প্রাণ হারিয়েছেন তাঁদের আত্মীয় বছর ২৫-এর এক যুবক। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ গৌতম বুদ্ধ নগরের বাসিন্দারা। বিজেপি সরকারের আমলে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী দলগুলি।
বিজেপির লালবাজার অভিযানে ব্যাপক মারপিট-গ্রেফতার দিলীপ ঘোষ
বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে শহর৷ পাঁচ দিক থেকে মিছিল করে লালবাজারে পৌঁছনোর পরিকল্পনা ছিল গেরুয়া শিবিরের৷ ব্রেবোর্ন রোডেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে কর্মীদের৷ পুলিশকে লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয়৷ বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়৷ ভাঙচুর করা হয় সরকারি গাড়িও৷
ডেপুটেশন জমা দিতে গেলে কেন এত পুলিশকর্মীর প্রহরা, সে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷ এদিকে পুলিশের উপরই জোর আক্রমণ শানাল বিজেপি সমর্থকরা বলেই অভিযোগ৷ ব্রেবোর্ন রোডে পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি৷ পুলিশ তাঁদের বোঝানোর চেষ্টা করে৷ কিন্তু কোনও ফল হয় না৷ জলকামান ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ৷ কিন্তু পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে কর্মীদের৷ এর মধ্যেই পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ৷ বিজেপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে মাথা ফাটে বেশ কয়েকজন পুলিশকর্মীর৷ বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন৷ টায়ারে আগুন লেগে যে কোনও সময় বিস্ফোরণের সম্ভাবনা ছিল৷ আর একটি সরকারি গাড়িতেও ভাঙচুর চালানো হয়৷
এদিকে মিছিল চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা রাহুল সিনহা ও লকেট চট্টোপাধ্যায়৷ ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করলে গ্রেপ্তার করা হয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷
দুঃস্বপ্নের পাকিস্তান ছেড়ে দেশে ফিরলেন ‘ভারতকন্যা’ উজমা/সংবাদ প্রতিদিন /আনন্দবাজার
ঘরে ফিরলেন উজমা আহমেদ। দিল্লির মেয়ে উজমা ইসলামাবাদ গিয়েছিলেন তাহির আলি নামে এক বন্ধুর বাড়িতে। তাহির তাঁকে জোর করে বিয়ে করেন। উজমার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। পাক আদালতের দ্বারস্থ হয়ে অবশ্য উজমা সুবিচারই পেয়েছেন। উজমা আহমেদকে পাকিস্তানের আদালত ভারতে ফেরানোর নির্দেশ দেয়। আজ, বৃহস্পতিবার তিনি দেশে ফিরেছেন। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ নিজেই সে কথা টুইট করে জানিয়েছেন। বুধবারই ইসলামাবাদ হাইকোর্ট উজমাকে ভারতে ফেরার অনুমতি দেয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫