মে ২৯, ২০১৭ ১১:৪৬ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৯ মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • ‘মন্ত্রিসভায় ফিরছেন সোহেল তাজ’-ইত্তেফাক
  • ঈদে বেশি ভাড়া বন্ধে ভিজিল্যান্স টিম হবে: কাদের-প্রথম আলো
  • প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম- নির্বাচনের পরিবেশ তৈরিতে মামলা প্রত্যাহার চান ফখরুল
  • হ্যান্ডকাফ পরিয়ে চিকিৎসা, আশুলিয়া থানার ওসিকে তলব-যুগান্তর
  • বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না : প্রধান বিচারপতি-এনটিভিবিডি অনলাইন
  • মিশু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড-মানবজমিন
  • দুদিনের সরকারি সফরে ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন-প্রধানমন্ত্রী-নয়া দিগন্ত
  • ঘূর্ণিঝড় ‘মোরা’ ধেয়ে আসছে-উপকূলে ৭ নম্বর বিপদ সংকেত-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • বেঙ্গালুরুর রাস্তায় বিষাক্ত ‘তুষারপাত’!-সংবাদ প্রতিদিন
  • সন্ত্রাস না থামলে ভারত–পাক ক্রিকেট নয়-আজকাল
  • কাশ্মীরি যুবককে জিপে বাঁধা ভুল হয়নি: সেনাপ্রধান-আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

ঈদে বেশি ভাড়া বন্ধে ভিজিল্যান্স টিম হবে: কাদের-প্রথম আলো

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঈদে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী এলাকায় ভিজিলেন্স টিম গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই টিম যাত্রী ভোগান্তি আছে কি না, তা দেখভাল করবে বলে জানান তিনি। আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, যানবাহন চলার সুবিধার্থে ঈদের আগের সাত দিন ও পরের সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ বিষয়ে জ্বালানি বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে। মহাসড়কে যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতে পোশাক কারখানাগুলো আলাদা আলাদা দিনে ছুটি ও খোলার তারিখ ঘোষণার অনুরোধ জানানো হয়েছে। 

প্রথম আলোর রাজনীতি বিষয়ক একটি খবরের শিরোনাম- নির্বাচনের পরিবেশ তৈরিতে মামলা প্রত্যাহার চান ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর

নির্বাচনের পরিবেশ তৈরিতে সবার জন্য সমান সুযোগ দেওয়া, বিএনপির নেতা-কর্মীদের মামলা না দেওয়া এবং সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনারা নির্বাচন করবেন, আর আমরা আদালতের বারান্দায় দাঁড়িয়ে দেখব, সে ধরনের নির্বাচন দেশে হবে না।’আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। 

ফখরুল অভিযোগ করেন, সরকার উন্নয়নের ভুল পরিসংখ্যান দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। তাদের প্রতিটি হিসাবে গড় মিল আছে। বিএনপি শিগগির এ বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও তারা আসলে সুবিধাবাদী দল। ১৯৯৮ সালে ভোটের আগে তারা সবচেয়ে দক্ষিণপন্থী দল খেলাফতে মজলিশের সঙ্গে পাঁচ দফা চুক্তি করেছিল। সেখানে ফতোয়ার বিধানও ছিল। ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ সেটা করেছিল। এখনো তারা একই কাজ করছে।

সতর্কীকরণ মাইকিং-মনপুরায় ঘূর্ণিঝড় 'মোরা' আতঙ্কে লক্ষাধিক মানুষ, ৭ নম্বর বিপদ সংকেত-ইত্তেফাক/কালের কণ্ঠ

ঘূর্ণিঝড় 'মোরা' ধেয়ে আসছে

মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় মোরা সৃষ্টি হওয়ায় মনপুরায় লক্ষাধিক মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পদক্ষেপ হিসেবে (সিপিপি) স্বেচ্ছাসেবকদল ঘূর্ণীঝড় ‘মোরা’ ধেয়ে আসার ব্যাপারে ৭ নম্বর বিপদ সংকেত জারি করায় সোমবার সকাল সাড়ে ১০টায় ব্যাপকভাবে মাইকিং করে। 

ঘূর্ণিঝড় মোরা মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে। ঝড়টি এখন চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঝড় ‘মোরা’ মঙ্গলবার সকাল নাগাদ চট্রগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে বলে উপজেলা সিপিপি কন্ট্রলরুম থেকে জানানো হয়েছে। 

‘মন্ত্রিসভায় ফিরছেন সোহেল তাজ’-ইত্তেফাক

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহম্মদ এর সন্তান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ মন্ত্রিসভায় ফিরছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন। 

 এর আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর সোহেল তাজের আবার মন্ত্রিসভা ও দলের গুরুত্বপূর্ণ পদে ফিরে আসা নিয়ে অনেক কথা শোনা গেছে। কিন্তু এবার শেখ রেহানার ফেজবুক পেজে সোহেল তাজের মন্ত্রিসভায় ফিরে আসার তথ্য উল্লেখ করেন।

বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না : প্রধান বিচারপতি-এনটিভিবিডি অনলাইন/প্রথম আলো

বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না। বিচার বিভাগীয় যত কর্মকর্তা ডেপুটেশনে দিয়েছি, যদি তাদের প্রত্যাহার করি, তাহলে কারো কিছু করার থাকবে না।’ আজ সোমবার নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ-সংক্রান্ত বিধিমালা গেজেট না হওয়ায় আবার অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। পরে গেজেট প্রকাশে আরো দুই সপ্তাহ সময় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ।  এ সম্পর্কে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, প্রধান বিচারপতি বলেছেন, ‘অল্প বিদ্যা ভয়ঙ্কর। আইন মন্ত্রণালয় যদি মনে করে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত তাহলে মারাত্মক ভুল করবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রস্তুত; আগামী ডিসেম্বরেই উৎক্ষেপণ-কালের কণ্ঠ

'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১'

আগামী ডিসেম্বরের প্রথম অথবা শেষ সপ্তাহে দেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। পাশাপাশি তিনি বলেছেন, উৎক্ষেপণের বিষয়টি অনেকটাই আবহাওয়ার ওপর নির্ভর করছে।

স্যাটেলাইট নির্মাণের অগ্রগতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন,  ফ্রান্সে এই স্যাটেলাইটটি তৈরি হয়ে গেছে। এখন এর পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছুই সময়মতো বাস্তবায়ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি চলছে।  সফলভাবে এই উপগ্রহ মহাকাশে গেলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।  

হ্যান্ডকাফ পরিয়ে চিকিৎসা, আশুলিয়া থানার ওসিকে তলব-যুগান্তর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাতে হ্যন্ডাকাফ পরিয়ে চিকিৎসা দেয়ায় আশুলিয়া থানার ওসিকে তলব করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদেরকে আগামী বুধবার স্বশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

শিক্ষিত ও তরুণদের মধ্যে বেকারত্বের সংখ্যা বেশি পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ-ইত্তেফাক

বাংলাদেশে বেকারের সংখ্যা ২৬ লাখ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের তথ্যানুযায়ী ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত সময়ে এই দেড় বছরে বাংলাদেশে ১৪ লাখ নতুন শ্রমশক্তি দেশের শ্রমবাজারে যুক্ত হয়েছে, কর্মসংস্থানও হয়েছে ১৪ লাখ। বেকারত্বের হার ৪ দশমিক ৩ থেকে কমে ৪ দশমিক ২ শতাংশ হয়েছে।

এরপরেও বেকারত্বের সংখ্যা ২৬ লাখ রয়ে গেছে। যে তরুণদের নিয়ে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ এর কথা বলা হয় সেই তরুণদের মাঝেই বেকারের হার সবচেয়ে বেশি ১০ দশমিক ৪ ভাগ লক্ষ্য করা গেছে। তা ছাড়া উচ্চ শিক্ষিতদের ১২ ভাগের বেশি বেকার রয়ে গেছে।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

কাশ্মীরি যুবককে জিপে বাঁধা ভুল হয়নি: সেনাপ্রধান-আনন্দবাজার

কাশ্মীরে সেনা-জিপে বেঁধে মানব-ঢাল করার ঘটনাকে মুক্ত কণ্ঠে সমর্থন করলেন ভারতের সেনাপ্রধান

কোনও ভণিতা না করে কাশ্মীরে সেনা-জিপে বেঁধে মানব-ঢাল করার ঘটনাকে মুক্ত কণ্ঠে সমর্থন করলেন ভারতের সেনাপ্রধান।

এপ্রিল মাসে উপনির্বাচনের সময় জনৈক কাশ্মীরি যুবক ফারুক আহমেদ দারকে জিপের বনেটের সঙ্গে বেঁধে ঘুরেছিল সেনাবাহিনী। তাই নিয়ে রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বিপুল তোলপাড় হয়। ওই ঘটনায় জড়িত সেনা অফিসার, মেজর লিতুল গগৈকে সম্প্রতি আলাদা করে সম্মানিত করে সেনাবাহিনী। তখনই ফের বিতর্ক ঘনিয়ে ওঠে যে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যাঁর বিরুদ্ধে, তাঁকে সম্মানিত করে কোন বার্তা দিচ্ছে বাহিনী!

রবিবার সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বিপিন রাওয়ত কোনও রাখঢাক না করে গগৈয়ের পাশে দাঁড়িয়ে বললেন, ‘‘নোংরা যুদ্ধের মোকাবিলায় উদ্ভাবনী ক্ষমতাই কাজে লাগাতে হবে।’

সন্ত্রাস না থামলে ভারত–পাক ক্রিকেট নয়-আজকাল

সন্ত্রাস বন্ধ না হলে ভারত–পাক দ্বিপাক্ষিক সিরিজ হবে না, স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। ভারত–পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে একমাস ধরেই চাপ দিয়ে আসছিলেন পাক বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। তাঁর দাবি ছিল লিখিত চুক্তির পরেও ভারত সিরিজ খেলতে রাজি হয়নি। ফলে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাঁদের। এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশও পাঠিয়েছিল পাক বোর্ড। জবাবে ভারতীয় বোর্ড জানায় কোনও লিখিত চুক্তি হয়নি, গোটা ব্যাপারটাই হয়েছিল মৌখিকভাবে। সোমবার কেন্দ্রীয় সরকার পরিস্কার জানিয়ে দিল, ‘সীমান্তে সন্ত্রাস বন্ধ না হলে ভারত–পাক ক্রিকেট সিরিজ হবে না। সবচেয়ে বড় কথা ক্রিকেট ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।

আজকালের অন্য একটি খবরের শিরোনাম-বসপা নেতার বিরুদ্ধে চার্জশিট

যোগীর রাজত্বে এবার বিপাকে মায়বতীর বহুজন সমাজ পার্টি

। আয় বহির্ভূত ৪ কোটি টাকার সম্পত্তি মামলায় দলের রাজ্য সভাপতি রাম আচাল রাজভরের বিরুদ্ধে চার্জশিট দিল রাজ্য সরকারের সতর্কতা বিভাগ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে চার্জশিট পৌঁছে গিয়েছে বলে সোমবার সকালে জানিয়েছেন দপ্তরের এক আধিকারিক। রাজ্য সরকারের সায় পেলেই বিএসপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের হবে।

বেঙ্গালুরুর রাস্তায় বিষাক্ত ‘তুষারপাত’!-সংবাদ প্রতিদিন

বেঙ্গালুরে দুষিত ফেনা

গরমেও বেঙ্গালুরুর রাস্তায় পেঁজা তুলোর মতো উড়ছে বরফ! আসলে একনজরে দেখলে বরফের মতোই মনে হবে কিন্তু আসলে তা বিষাক্ত ফেনা।৷ বেঙ্গালুরের ব্যস্ত রাস্তায় অবাধে উড়ে বেড়াচ্ছে ৷ বেঙ্গালুরের রাস্তায় দূর্ষণের এই নয়া উৎপাত শুরু হয়েছে রাজ্যের ভারতুর লেক থেকে৷ লেকের দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে জলের উপরে এমন বিষাক্ত ফেনার আস্তরণ তৈরি হয়েছে৷ 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯