আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা রাজনীতি হতে পারে না: প্রধানমন্ত্রী
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১৫ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- আমদানি বাড়লেও কমছে না চালের দাম-ইত্তেফাক
- ভোটের মালিক জনগণ তারাই ভোট দিবে’—ইত্তেফাক
- ফরহাদ মজহারকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ-প্রথম আলো
- আলোচিত সেকেন্ড হোম-মালয়েশিয়ায় ৪৭ হাজার কোটি টাকা পাচার-যুগান্তর
- ১০ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ১১৮টি : মওদুদ-কালের কন্ঠ
- চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার-মানবজমিন
- সরকার যা খুশি তাই করছে : বাম মোর্চা-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- কুলভূষণ যাদবের মায়ের ভিসার আবেদন বিবেচনা করছে পাকিস্তান-সংবাদ প্রতিদিন
- জম্মু-কাশ্মিরের ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত -আজকাল
- পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশের দুই শীর্ষস্থানীয় আদালত-আনন্দাবাজার
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
ভোটের মালিক জনগণ তারাই ভোট দিবে’-প্রধানমন্ত্রী—ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকের শিরোনাম
বিস্তারিত খবরে লেখা হযেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোটের মালিক জনগণ, তারাই ভোট দেবে। আমরা চাই উন্নতি করে যেতে। তিনি বলেন, পৃথিবীর কোথাও এমনটি নেই যে, ১২২ শতাংশ বেতন বাড়ানো হয়েছে সরকারি কর্মকর্তা -কর্মচারীদের। আজ বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর যেভাবে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা হয় সেটা কীভাবে রাজনীতি হতে পারে সেটা আমার কাছে বোধগম্য নয়।
আমদানি বাড়লেও কমছে না চালের দাম-ইত্তেফাক
শুল্ক কমানোর পর আমদানি বাড়লেও দাম কমছে না চালের। মোটা চালের দাম কিছুটা কমলেও সরু চাল আগের দরেই বিক্রি হচ্ছে। ফলে এখনো স্বস্তি ফেরেনি চালের বাজারে। শুল্ক কমানোর পর এ পর্যন্ত বেসরকারিভাবে ভারত থেকে ৮৪ হাজার টন চাল আমদানি হয়েছে। এছাড়া ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানিকৃত ২০ হাজার টন চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। কিন্তু চাল আমদানির উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়ছে না দামের ক্ষেত্রে। ব্যবসায়ীরা বলছেন, সরকার আমদানি শুল্ক কমালেও একই সময়ে ভারত প্রতি টন চালে ৩৫ থেকে ৪০ ডলার রপ্তানি মূল্য বাড়িয়ে দিয়েছে। ফলে আমদানি শুল্ক কমানোর সুফল পাচ্ছে না ভোক্তারা।
১০ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ১১৮টি : মওদুদ-কালের কণ্ঠের শিরোনাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই সরকারের আমলে দেশে গত ১০ মাসে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড হয়েছে ১১৮টি, ক্রসফায়ারে মৃত্যু হয়েছে ১৩৭ জনের, গুমের শিকার হয়েছেন ৮৪ জন, ধর্ষণের শিকার হয়েছেন ৬৯৭ জন নারী ও শিশু। এর প্রত্যেকটির অপকর্মের পেছনে সরকারদলীয় লোকজন জড়িত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার-মানবজমিন
চট্টগ্রামে ভারতীয় এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ফ্যানের সঙ্গে ঝুলান্ত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে অপর একজনকে।
গতকাল দিবাগত রাত একটার দিকে নগরের আবদুল হামিদ সড়কের ইউসুফ ভবন নামের একটি বাড়ির কক্ষ থেকে এ মরদেহ ও ঝুলান্ত শিক্ষার্থীকে উদ্ধা করা হয়। নিহত আসিফ শেঠ (২৬) এবং আহত উইলসন (২৬) দুজনই চট্টগ্রামের বেসরকারি ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ মেয়রের-প্রথম আলো
‘চিকুনগুনিয়া মহামারি হোক আর যা-ই হোক, এর জন্য কোনোভাবেই সিটি করপোরেশন দায়ী নয়। আর বাড়িতে বাড়িতে গিয়ে মশা মারা তাদের পক্ষে সম্ভব না।’ গতকাল এক সংবাদ সম্মেলনে করা এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
আনিসুল হক বলেছেন, ‘গতকাল একজন সাংবাদিক বন্ধু একটি প্রশ্ন করেছিলেন, আমরা মশারি নিয়ে সচেতনতা তৈরি করছি কি না? আমি আমাদের সচেতনতামূলক পোস্টারে মশারির ছবি দেখিয়ে ওই কথা বলেছিলাম। কিন্তু যেভাবে বলেছি, তা ঠিকভাবে বলতে পারিনি—হতে পারে।’
আলোচিত সেকেন্ড হোম-মালয়েশিয়ায় ৪৭ হাজার কোটি টাকা পাচার-যুগান্তর
মালয়েশিয়ায় গত ১৪ বছরে ৩ হাজার ৫৪৬ জন বাংলাদেশি সেকেন্ড হোম গড়ে তুলেছেন। এদের কেউই বৈধভাবে অর্থ স্থানান্তর করেননি।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই দেশের বাইরে টাকা নেয়া হয়েছে। আইনগতভাবে এভাবে টাকা নিয়ে যাওয়ার সুযোগও নেই। তাই এ টাকার পুরোটাই পাচার করেছে এক শ্রেণীর দুর্নীতিবাজ আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বেশ কয়েকজন সুপরিচিত গণমাধ্যমকর্মী। তারা হুন্ডির মাধ্যমে পাচার করা টাকায় মালয়েশিয়ায় সেকেন্ড হোম বা দ্বিতীয় আবাসস্থল গড়েছেন। এতে দেশ থেকে পাচার হয়েছে প্রায় সাড়ে ৪২ হাজার কোটি টাকা। আরও ৪ হাজার ৮০৪ জন সেকেন্ড হোমের আবেদন করে অপেক্ষায় রয়েছেন।
বেনাপোলে স্বর্ণসহ নারী গ্রেফতার-ইত্তেফাক
শুল্ক গোয়েন্দা আজ শনিবার সকালে বেনাপোলে আবারো বিশেষভাবে লুকায়িত ২ কেজি ৭৫ গ্রাম স্বর্ণের বারসহ একজন নারীকে আটক করেছে। যাত্রীর নাম বেগম রোকসানা। বয়স ৩০ বছর। স্বর্ণের বারগুলো যাত্রী স্কচটেপ দিয়ে শরীরে লুকিয়ে রেখেছিল।শুল্ক গোয়েন্দা জানায়, সকাল ৯ টায় বেনাপোল চেকপোস্ট পার হয়ে ভারতে প্রবেশের পথে এই যাত্রীকে শনাক্ত করা হয়। পরে নারী কর্মকর্তা দ্বারা ওই নারীর শরীর তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করেন। এর মূল্য প্রায় ১.৩৫ কোটি টাকা।
ফরহাদ মজহারকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ-প্রথম আলো
ফরহাদ মজহার রাজধানীর শ্যামলীর বাসা থেকে কীভাবে খুলনায় গেলেন, পুলিশের কাছে এখনো সেটা রহস্য। এর সমাধান পেতে এবং আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজতে ফরহাদ মজহারকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছে পুলিশ। এ কারণে শিগগিরই তাঁর মুখোমুখি হওয়ার কথা ভাবছেন তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৩ জুলাই ভোরে ঢাকার শ্যামলীর বাসা থেকে বেরিয়ে ফরহাদ মজহার ‘অপহৃত’ হন বলে তাঁর স্ত্রী ফরিদা আখতার আদাবর থানায় অভিযোগ করেন। বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বলেন, তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তাঁদের মনে হয়েছে যে ফরহাদ মজহার নিজেই খুলনায় গিয়েছিলেন, অপহরণের কোনো ঘটনা ঘটেনি। সরকারকে বিব্রত করতে এবং টাকা জোগাড় করতে তিনি অপহরণের নাটক সাজান।
শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
জম্মু-কাশ্মিরের ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত -আজকাল
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছে। আজ (শনিবার) সকালে পুলওয়ামা জেলার ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ওই গেরিলারা নিহত হয়।
জম্মু-কাশ্মিরে চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে ১০২ গেরিলা নিহত হয়েছে। এর আগে গত ২০১০ সালে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি ১৫৬ জন গেরিলা নিহত হয়েছিল। গতবছর ওই সময়ের মধ্যে এই সংখ্যা ছিল মাত্র ৭৭।
পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশের দুই শীর্ষস্থানীয় আদালত-আনন্দাবাজার
ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশের দুই শীর্ষস্থানীয় আদালত। সেখানে চলমান সহিংস আন্দোলনজনিত ক্ষয়ক্ষতিতে শুক্রবার কোলকাতা হাইকোর্ট তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে পরিস্থিতি মোকাবিলা করতে কেন্দ্রীয় সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে অতিরিক্ত ৪ কোম্পানি আধাসামরিক বাহিনী সিআরপিএফ পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
এভাবে সময় বেধে দিয়ে শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশই নয়, পাহাড়ে শান্তি ফেরাতে ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও আদালতের পক্ষ থেকে কার্যত হুঁশিয়ারি দেয়া হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫