ফার্সি ভাষায় 'শাহর' شهر মানে শহর (৬৫তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা শিক্ষার এ সপ্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা ইরানের দুটি মরুভূমি সম্পর্কে আলোচনা করবো। আপনারা শুনে হয়তো বিস্মিত হবেন যে, ইরানে দুটি বিশাল মরুভূমি আছে। এগুলোর নাম কাভিরে লুত ও দাশতে কাভির।
এই দুটি মরুভূমি ইরানের পূর্ব ও মধ্যাঞ্চলের বিশাল এলাকাব্যাপী বিস্তৃত। পূর্বাঞ্চলের খোরাসান, সেমনান, ইস্পাহান, কেরমান এবং সিস্তান ও বালুচিস্তান প্রদেশের অংশবিশেষ এসব মরুভূমির ভেতরে অবস্থিত। এসব মরুভূমির প্রান্তসীমাগুলোতে ছোট-বড় অনেক জনবসতি ও শহর গড়ে উঠলেও মরুভূমির ভেতরে কারো পক্ষে বসবাস করা সম্ভব নয়। সে যাই হোক, বাসের মধ্যে আজ ইরানের জিরোফত শহরের এক ব্যক্তির সাথে মোহাম্মাদের পরিচয় হয়। ইরানের মরু অঞ্চলের একটি শহরের নাম জিরোফত। ঐ ব্যক্তি মোহাম্মাদকে মরুভূমি সম্পর্কে বর্ণনা দেয়। এরপর মোহাম্মাদ তার বন্ধু রমিনের সাথে জিরোফতের অধিবাসীর সাথে কী কথা হয়েছিল, সে সম্পর্কে আলাপ করে। তাদের এ আলাপচারিতা শোনার আগে চলুন ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেই।
امروز - اتوبوس - من آشنا شدم - اهل جیرفت - او بود - شهر - کویر - شهر کویری - نزدیک - دانستم - اسم - دشت کویر - کویر لوت - آب - بسیار کم - باران - باران می بارد - آنجا - درست است - چند شهر - آنها زندگی می کنند - او زندگی نمی کند - دما - چه قدر ؟ - خیلی گرم - بین 50 تا 60 - درجه - سانتیگراد - روز - شب - خنک - کجا ؟ - بزرگ - شرق - مرکز - فرش - فرش بافی - سفالگری - هنر - وجود دارد - کشاورزی - چگونه - درخت - خرما - پسته - اطراف - زیاد - آب کم - او نیاز دارد .
আজ। বাস। আমি পরিচিত হয়েছি। জিরোফতের অধিবাসী। সে ছিল। শহর। মরুভূমি। মরু শহর। কাছে। জেনেছি। নাম। দাশতে কাভির। কাভিরে লুত। পানি। অনেক কম। বৃষ্টি। বৃষ্টি পড়ে। ওখানে। ঠিক আছে। কয়েকটি শহর। তারা বাস করে। সে বাস করে না। তাপমাত্রা। কত? প্রচন্ড গরম। ৫০ থেকে ৬০ এর মধ্যে। ডিগ্রি। সেন্টিগ্রেড। দিন। রাত। ঠান্ডা। কোথায়? বড়। পূর্ব। কেন্দ্র। কার্পেট। কার্পেট বুনন। মৃৎশিল্প। শিল্প। আছে। কৃষিকাজ। কীভাবে। গাছ। খোরমা বা খেজুর। পেস্তা। আশেপাশে। অনেক। কম পানি। তার প্রয়োজন।
পাঠক! এবারে চলুন মোহাম্মাদ ও রমিন কী কথা বলছে, তা শোনা যাক। তারা হাটতে হাটতে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে কথা বলছে।
محمد - امروز در اتوبوس با یک مرد آشنا شدم . او اهل جیرفت بود . رامین - جیرفت یکی از شهرهای کویری ایران است . نزدیک کرمان . محمد - من دانستم که جیرفت به کویر نزدیک است . ایران چند کویر دارد ؟ رامین - دو کویر . اسم یکی دشت کویر است و دیگری کویر لوت. محمد - آب در کویر بسیار کم است . مردم در آنجا چگونه زندگی می کنند ؟رامین - نزدیک کویر چند شهر هست ، ولی هیچ کس در کویر زندگی نمی کند . محمد - دمای هوا در آنجا چه قدر است ؟ رامین - در روز هوا خیلی گرم است . بین 50 تا 60 درجه سانتیگراد . اما شبها خنک است . محمد - دشت کویر و کویر لوت کجاست ؟ رامین - دشت کویر در خراسان رضوی ، قم ، اصفهان ، سمنان و یزد است و کویر لوت در خراسان جنوبی ، کرمان و سیستان است . محمد - پس این دو کویر خیلی بزرگند ! رامین - بله . شرق و مرکز ایران کویری است . در کویر ، هنر فرش بافی و سفالگری وجود دارد . محمد - کشاورزی در آنجا چگونه است ؟ رامین - درخت خرما و پسته در مناطق اطراف کویر زیاد است ، چون به آب کمی نیاز دارد .
মোহাম্মাদ : আজ বাসে এক ব্যক্তির সাথে পরিচিত হয়েছি। সে জিরোফতের অধিবাসী।রমিন : জিরোফত ইরানের একটি মরু শহর। এটি কেরমানের কাছে অবস্থিত।মোহাম্মাদ : আমি জেনেছি যে, জিরোফত মরুভূমি'র কাছে অবস্থিত। ইরানে কয়টি মরুভূমি আছে?রমিন : দুটি মরুভূমি। একটির নাম দাশতে কাভির এবং অন্যটি কাভিরে লুত।মোহাম্মাদ : মরুভূমিতে পানি খুব কম। মানুষ কীভাবে ওখানে বসবাস করে?রমিন : মরুভূমি'র কাছে কয়েকটি শহর থাকলেও কেউই মরুভূমিতে বসবাস করে না।মোহাম্মাদ : ওখানকার তাপমাত্রা কত?রমিন : দিনে তাপমাত্রা প্রচন্ড গরম। ৫০ থেকে ৬০ ডিগ্রি সেন্টিগ্রেড। তবে রাতে ঠান্ডা।মোহাম্মাদ : দাশতে কাভির ও কাভিরে লুত কোথায় অবস্থিত?রমিন : দাশতে কাভির খোরাসানে রাযাভি, কোম, ইস্পাহান, সেমনান ও ইয়াযদ প্রদেশে এবং কাভিরে লুত দক্ষিণ খোরাসান, কেরমান ও সিস্তান প্রদেশে অবস্থিত। মোহাম্মাদ : তাহলে তো এই দুটি মরুভূমি অনেক বড়!রমিন : হ্যাঁ। ইরানের পূর্ব ও মধ্যাঞ্চল মরুপ্রবণ এলাকা। মরু এলাকায় কার্পেট বুনন ও মৃৎশিল্প বেশ প্রচলিত। মোহাম্মাদ : ওখানে কৃষিকাজ কেমন হয়?রমিন : মরুভূমির আশেপাশে খোরমা ও পেস্তাগাছ প্রচুর পরিমাণে দেখা যায়। কারণ, এসব গাছের পানির প্রয়োজন খুব কম।
মোহাম্মাদ ও রমিন তাদের কথা চালিয়ে যায়। রমিন মোহাম্মাদকে জানায়, মরু অঞ্চলের বাড়িঘর গম্বুজ আকৃতির হয়, কারণ, গম্বুজ কম গরম শোষণ করে। এছাড়া এসব ঘরের ওপরে লম্বা ও চিকন আকারের মিনার তৈরি করা হয় যাতে এর ভেতর দিয়ে ওপরের ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করতে এবং ঘরের গরম বাতাস বেরিয়ে যেতে পারে। রমিন আরো জানায়, আগে ইরানীরা মাটির নীচে খাল তৈরি করে অনেক দূর থেকে মরু অঞ্চলে পানি এনে কৃষিকাজসহ অন্যান্য কাজে ব্যবহার করতো। ভূগর্ভস্থ এসব খালকে ফার্সিতে কানাত বলা হয়। অতীতে এসব কানাত ছিল পানির প্রধান উৎস। পাঠক! মোহাম্মাদ ও রমিনের মরু সংক্রান্ত আলোচনা শেষ হয় নি। কাজেই আগামী আসরেও তাদের কথাবার্তা নিয়ে আলোচনা করার আশা রইল।#
পার্সটুডে/নাসির মাহমুদ/আবু সাঈদ/১২