সেপ্টেম্বর ০৫, ২০১৭ ১৪:২৪ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা ৫ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যথারীতি বাংলাদেশ ও ভারতের কয়েকটি পত্রিকার গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম জানিয়ে দেবো,তারপর যাবো পর্যালোচনায়। প্রথমেই বাংলাদেশ।

ঢাকার বাংলা দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম:

  • জঙ্গি দমনে পুলিশের নতুন ইউনিট ‘অ্যান্টি টেররিজম: প্রথম আলো
  • সহায়ক সরকার বলতে বুঝিয়েছি নিরপেক্ষ সরকার: ফখরুল/প্রথম আলো
  • সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে: কাদের
  • মিরপুরের ‘জঙ্গি’ আবদুল্লাহকে আত্মসমর্পণের আহ্বান:ইত্তেফাক
  • রোহিঙ্গা ইস্যুকে সরকার মানবিক দৃষ্টিতে দেখছে: মোহাম্মদ নাসিম: ইত্তেফাক
  • মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহবান প্রধানমন্ত্রীর: মানবজমিন
  • রোহিঙ্গা ইস্যুতে বৈঠক করতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়: মানবজমিন
  • নারী ও শিশু নির্যাতন সরকারের দুঃশাসনের ফল : রিজভী/নয়াদিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • ডোকলাম যেন আর না ঘটে,ঐকমত্য বৈঠকে: আনন্দবাজারপত্রিকা
  • পাকিস্তানের নাম করে সন্ত্রাসবিরোধী প্রস্তাব পাশ ব্রিকসে,সায় দিল চীনও: বর্তমান পত্রিকা
  • মিছিল পাল্টা মিছিল পাহাড়ে: আজকাল

এবারে চলুন,বাংলাদেশের পত্রিকার বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

জঙ্গি দমনে পুলিশের নতুন ইউনিট ‘অ্যান্টি টেররিজম’ প্রথম আলো

এই খবরের শিরোনামে পত্রিকাটি লিখেছে,জঙ্গি ও সন্ত্রাস দমনে ‘পুলিশ অ্যান্টি টেররিজম ইউনিট’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হচ্ছে। সন্ত্রাস মোকাবিলায় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত জনবল থাকবে এই ইউনিটে। আধুনিক সরঞ্জামের পাশাপাশি সাঁজোয়া যানও থাকবে তাদের হাতে।
সূত্র জানায়,নতুন এই ইউনিটে ৫৮১ জন জনবল থাকবে। এর নেতৃত্ব দেবেন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পর্যায়ের একজন কর্মকর্তা।

সহায়ক সরকার বলতে বুঝিয়েছি নিরপেক্ষ সরকার: ফখরুল,প্রথম আলো

মির্জা ফখরুল ইসলাম

পত্রিকাটি আরও লিখেছে,নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাখ্যা সঠিক নয় এবং সহায়ক সরকারের প্রকৃত চিন্তার সঙ্গে এর কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সহায়ক সরকার বলতে সম্পূর্ণ দলনিরপেক্ষ সরকার বুঝিয়েছেন তাঁরা। গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কাদের সিদ্দিকীকে দেখে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। গত রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সহায়ক সরকার সংবিধানেই আছে। শেখ হাসিনার সরকারই আগামী নির্বাচনে সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।
সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে: কাদের।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

পত্রিকাটি আরও লিখেছে,সহায়ক সরকার ছাড়াই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন ডেকে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। সহায়ক সরকারের মতো মামাবাড়ির আবদার তারা যতই করুক,সহায়ক সরকার ছাড়াই আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। এর জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘সহায়ক সরকারের ব্যাখ্যা ওবায়দুল কাদের যেটি দিয়েছেন,সেটি সঠিক নয়। সহায়ক সরকার বলতে আমরা যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে,একটা সম্পূর্ণ দলনিরপেক্ষ সরকার থাকবে নির্বাচনকালীন যে অন্তর্বর্তীকালীন সময়,সেই সময়ে। এটার সঙ্গে আওয়ামী লীগের চিন্তার কোনো মিল নেই।’ জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এ কারণে আমরা বলছি যে আলাপ-আলোচনার ভিত্তিতে সহায়ক সরকারের ব্যাপারে কথা বলতে। যাতে সকল দল অংশগ্রহণ করতে পারে।


মিরপুরের ‘জঙ্গি’ আবদুল্লাহকে আত্মসমর্পণের আহ্বান:ইত্তেফাক

মিরপুরের মাজার রোডের জঙ্গি আস্তানা

রাজধানীর মিরপুরের মাজার রোডের ভাঙ্গা ওয়ালের গলির ২/৩-বি নম্বর বাসায় এক জঙ্গি অবস্থান করছে সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, ছয়তলা ওই বাড়ির পাঁচতলায় আবদুল্লাহ নামে এক জেএমবি নেতা সপরিবারে অবস্থান করছেন। তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। এর আগে টাঙ্গাইলের এলেঙ্গায় মরসুন্দি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্যকে আটক করে র‌্যাব। সোমবার রাতের ওই অভিযানে আটক হওয়ার পর তাদের কাছ থেকে মিরপুরের এই জঙ্গির অবস্থানের কথা জানতে পারে র‌্যাব। সোমবার রাত ১২টা থেকে র‌্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে। এ সময় পরপর তিনটি বোমার বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


রোহিঙ্গা ইস্যুকে সরকার মানবিক দৃষ্টিতে দেখছে: মোহাম্মদ নাসিম: ইত্তেফাক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গা ইস্যুকে সরকার মানবিক দৃষ্টিতে দেখছে। মানবিক কারণে তাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হচ্ছে। 
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন,অং সান সুকি’র দেশে এই ধরনের হত্যাকাণ্ড কোনভাবেই মেনে নিতে পারি না। যিনি শান্তিতে নোবেল পেয়েছেন। দেশে অভ্যন্তরীণ কোন সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া উচিৎ।


রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহবান প্রধানমন্ত্রীর: মানবজমিন

ইন্দোনেশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত সোয়েমারনো ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মিয়ানমারের বিপুলসংখ্যক নাগরিককে আশ্রয় দেয়া বাংলাদেশের জন্য বিরাট বোঝা। আমরা শুধু মাত্র মানবিক দিক বিবেচনায় তাদের আশ্রয় দিয়েছি। মঙ্গলবার ইন্দোনেশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনা প্রিতিয়াসমিয়ারসি সোয়েমারনো প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান।


রোহিঙ্গা ইস্যুতে বৈঠক করতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়: মানবজমিন

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি

রোহিঙ্গা সঙ্কট নিয়ো আলোচনার জন্য ঢাকায় পৌঁছেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার)  মো. কামরুল আহসান তাকে স্বাগত জানান।

নারী ও শিশু নির্যাতন সরকারের দুঃশাসনের ফল : রিজভী/নয়াদিগন্ত 

Image Caption

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশে নারী নিপীড়ন প্রসঙ্গে বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের মতোই বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন জ্যামিতিক হারে বাড়ছে।
মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, মাশরূফা আক্তার রূপাকে বীভৎস নির্যাতনের পর মর্মান্তিক মৃত্যু বর্তমান সরকারের দুঃশাসনেরই প্রতিফলন। কারণ এরা ক্ষমতাসীন হওয়ার পর থেকে নারী ও শিশু নির্যাতন যেন মহামারী আকার ধারণ করেছে।


এবারে কোলকাতার পত্রিকার বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।


ডোকলাম যেন আর না ঘটে: ঐকমত্য বৈঠকে: আনন্দবাজারপত্রিকা

নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট শি চিনফিং

ডোকলামের মতো পরিস্থিতি যেন আর তৈরি না হয়। দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়েই সবচেয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট শি চিনফিং। এমনটাই জানালেন বিদেশ সচিব এস জয়শঙ্কর। আড়াই মাস ধরে ভারত-ভুটান-চিন সীমান্তে যে প্রবল সঙ্কট চলেছে, তার পর মোদী এবং চিনফিং প্রথম বার মুখোমুখি হলেন এই ব্রিকস শিখর সম্মেলনেই। প্রথম দিনের করমর্দনেই উষ্ণতার বার্তা ছিল। দ্বিতীয় দিনে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে সম্পর্কের সেই উষ্ণতা আরও বাড়ানোর উপরেই জোর দিলেন দুই রাষ্ট্রপ্রধান। ভারতের বিদেশ সচিবের কথায়,‘‘এই বৈঠক পিছনের দিকে তাকানোর জন্য ছিল না,এই বৈঠক ছিল সামনের দিকে তাকানোর জন্য।’’

একই খবরে বর্তমান পত্রিকা লিখেছে, পাকিস্তানের নাম করে সন্ত্রাসবিরোধী প্রস্তাব পাশ ব্রিকসে, সায় দিল চীনও
চীনের মাটিতে আন্তর্জাতিক সম্মেলনে তাবৎ প্রথম সারির রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে একসুরে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব গ্রহণ করা হল। একইসঙ্গে বার্তা দেওয়া হল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের। যা সবথেকে বেশি চীনকেই বিব্রত করেছে। কারণ এবার চীনই এই সম্মেলনের আয়োজক দেশ। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির এই সম্মেলনে এই প্রথমবার রীতিমতো পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তোইবা এবং জয়েশ-ই-মহম্মদের নাম করে তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলিতে সন্ত্রাস ছড়ানোর কড়া নিন্দা করে প্রস্তাব সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। এটি ভারতের অন্যতম একটি কূটনৈতিক জয়।


মিছিল পাল্টা মিছিল পাহাড়ে: আজকাল 

মিছিল, পাল্টা মিছিলে উত্তপ্ত পাহাড়

মঙ্গলবার সকালে পাহাড়ে নিজের শক্তি পরীক্ষা করলেন বহিষ্কৃত মোর্চা নেতা বিনয় তামাং। তামাং ঘনিষ্ঠ অনিল থাপা এদিন সকালে কার্শিয়াং–এর গিদ্দা পাহাড় থেকে বন্‌ধ বিরোধী মিছিল করেন। মিছিলে যোগ দেন বহু সাধারণ মানুষ। তার পাল্টা হিসেবে গুরুং অনুগামী মহিলা মোর্চার সদস্যরাও বন্‌ধের সমর্থনে মিছিল করেন। মিছিল, পাল্টা মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ের আবহাওয়া। কোনওরকম অশান্তি এড়াতে সারা পাহাড় জুড়ে মোতায়েন ছিল প্রচুর পুলিসকর্মী। কার্শিয়াং স্টেশনের কাছে দুটি মিছিলই মুখোমুখি হয়ে যায়। গুরুং অনুগামীরা বন্‌ধের সমর্থনে স্লোগান দিলেও বন্‌ধ বিরোধী মিছিল থেকে কোনও স্লোগান দেওয়া হয়নি।

পার্সটুডে/নাসির মাহমুদ/৫/৫৫১