সেপ্টেম্বর ০৮, ২০১৭ ১৩:৩৪ Asia/Dhaka

পাঠক! ৮ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোর প্রিন্ট ও অনলাইন সংস্করণে রোহিঙ্গা বিষয়ক খবরকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এসবসহ আরো কিছু খবরের প্রধান প্রধান শিরোনামগুলো নিচে উল্লেখ করা হলো:  

  • রোহিঙ্গাদের আশ্রয়ের দাবিতে সারাদেশে মানববন্ধন: নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না- মির্জা ফখরুল : ইত্তেফাক
  • নির্যাতন বন্ধ না হলে আরাকান রাজ্য দখলের ঘোষণা : যুগান্তর
  • রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ১৩ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও- বাংলাদেশ প্রতিদিন
  • ১১ মাসে বাংলাদেশে এসেছে আড়াই লাখ রোহিঙ্গা: জাতিসংঘ- কালেরকণ্ঠ
  • মাথাপিছু জিডিপিতে পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশ : সমকাল

ভারতের বাংলা দৈনিকগুলোর শিরোনাম:

  • ১ জানুয়ারি থেকেই রাজ্য কর্মীদের : ১৫ শতাংশ ডিএ, ঘোষণা মমতার –বর্তমান পত্রিকা
  • নিজের দেশে বিফ খেয়ে এখানে বেড়াতে আসুন: কেন্দ্রীয় মন্ত্রী – আনন্দবাজার
  • ভোটের পর ‘অজানা উৎস’ থেকে বিজেপির অ্যাকাউন্টে ৪৬১ কোটি! সংবাদ প্রতিদিন
  • মোর্চা–পুলিস সংঘর্ষ, হদিশ বোমা কারখানার: আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

রোহিঙ্গাদের আশ্রয়ের দাবিতে সারাদেশে মানববন্ধন: নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না : মির্জা ফখরুল- ইত্তেফাক

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতিত রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সোচ্চার হয়ে রুখে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশ সরকার নিশ্চুপ ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মিয়ানমারের আরাকান প্রদেশের চলমান রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না।

আজ শুক্রবার মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও বাংলাদেশের আশ্রয়ের দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে সারা বিশ্ব সোচ্চার হলেও বাংলাদেশ সরকার নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমাদের দাবি রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নিতে কূটনৈতিকভাবে মিয়ানমারকে বাধ্য করা হোক।

নির্যাতন বন্ধ না হলে আরাকান রাজ্য দখলের ঘোষণা : যুগান্তর

মিয়ানমারের রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ না করলে আরাকান (রাখাইন) রাজ্য দখলের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কয়েকটি ইসলামি দল।

শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের সামনে জুমার নামাজ-পরবর্তী এক বিক্ষোভ সমাবেশ থেকে  দলের নেতারা এ ঘোষণা দেন।

রোহিঙ্গাদের ওপর অব্যাহত খুন-নির্যাতন বন্ধের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ কয়েকটি ইসলামি দল অংশ নেয়। সমাবেশে বক্তারা আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিচারও দাবি করেন।

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ১৩ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও- বাংলাদেশ প্রতিদিন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে থাকা মিয়ানমার দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার জুমার নামাজ শেষে রোহিঙ্গা নির্যাতন বন্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।

একই সঙ্গে রোহিঙ্গা মুসলিমদের দেশটির সেনাবাহিনীর বর্বরোচিত নির্যাতনের জন্য আন্তর্জাতিক আদালতে দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির বিচার দাবিও করেন তারা।

১১ মাসে বাংলাদেশে এসেছে আড়াই লাখ রোহিঙ্গা: জাতিসংঘ- কালেরকণ্ঠ

গত ১১ মাসে আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে গত ১৫ দিনে বাংলাদেশে প্রবেশ করেছে প্রায় এক লাখ ৬৪ হাজার রোহিঙ্গা।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতা শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর'র ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ সংখ্যা জানানো হয়েছে।

গত বছরের অক্টোবর থেকে এ বছরের ২৫ আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৮৭ হাজার। সব মিলিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

মাথাপিছু জিডিপিতে পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশ : সমকাল

বাংলাদেশ ১৯৭১ সালে যখন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এটি পাকিস্তানের চেয়ে অনেক দরিদ্র একটি দেশ। সে সময় বাংলাদেশের জিডিপিতে শিল্পখাতের অবদান ছিল মাত্র ৬-৭ শতাংশ, যা পাকিস্তানে ছিল ২০ শতাংশেরও বেশি।

তবে সময়ের সাথে সাথে বাংলাদেশ ক্রমেই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিভিন্ন সূচকে পেছনে ফেলেছে পাকিস্তানকে। সর্বশেষ মাথাপিছু জিডিপিতেও পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ।

'দ্য ইকোনমিস্টে' বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে পাকিস্তানের মাথাপিছু জিডিপি যেখানে ছিল ১ হাজার ৪৭০ ডলার সেখানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ১ হাজার ৫৩৮ ডলার। গত মাসে এই হিসাব প্রকাশ করা হয়।

১ জানুয়ারি থেকেই রাজ্য কর্মীদের : ১৫ শতাংশ ডিএ, ঘোষণা মমতার -

পুজোর মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী বছরের জানুয়ারি মাস থেকে ১৫ শতাংশ হারে বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) পাবেন সরকারি কর্মীরা। ২০১৯ সালের মধ্যে পুরো বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এক দফায় ১৫ শতাংশ ডিএ আগে কখনও দেওয়া হয়েছে এমন কথা প্রবীণ সরকারি কর্মীরা মনে করতে পারছেন না।

নিজের দেশে বিফ খেয়ে এখানে বেড়াতে আসুন: কেন্দ্রীয় মন্ত্রী - আনন্দবাজার

তিন দিনের মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কেজে আলফোনস। গোমাংস নিয়ে তাঁর মতামত পুরোপুরি বদলে ফেললেন।

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী বৃহস্পতিবার বিদেশি পর্যটকদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘গোমাংস খেতে চাইলে ওঁরা নিজেদের দেশে তা খেতে পারেন। তার পর ওঁরা ভারতে আসুন।’’ যদিও দিনতিনেক আগেই আলফোনস বলেছিলেন, ‘‘কেরল ও গোয়ায় গোমাংস খাওয়া যাবে। এই দুই রাজ্যে কোনও খাদ্যবিধি নেই পর্যটকদের জন্য।’’

ভোটের পর অজানা উৎস থেকে বিজেপির অ্যাকাউন্টে ৪৬১ কোটি! সংবাদ প্রতিদিন

লোকসভা ভোটে জিতে ক্ষমতায় আসার পর ২০১৫-১৬ আর্থিকবর্ষে কোনও এক অজানা উৎস থেকে বিজেপির দলীয় তহবিলে অন্তত ৪৬১ কোটি টাকা ঢুকেছে। দলের কোষাগারে মোট যত টাকা জমা পড়েছে, তার প্রায় ৮১ শতাংশ টাকাই এসেছে একাধিক রহস্যময় উৎস থেকে। পিছিয়ে নেই কংগ্রেসও। তাদের দলীয় তহবিলেও ১৮৬ কোটি টাকা জমে পড়েছে এমনই বেশ কয়েকটি অজানা উৎস থেকে, যা কংগ্রেসের মোট আয়ের ৭১ শতাংশ। সম্প্রতি এমনই একটি চাঞ্চল্যকর রিপোর্ট এনে জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস(ADR)। তাদের দাবি, অজানা উৎস থেকে বিজেপি ও কংগ্রেসের তহবিলে সবমিলিয়ে ৬৪৬.৮২ কোটি টাকা জমা পড়েছে, যা তাদের মোট তহবিলের প্রায় ৭৭ শতাংশ।

মোর্চাপুলিস সংঘর্ষ, হদিশ বোমা কারখানার: আজকাল

এই নিয়ে তিনবার পাহাড়ের মাটি থেকে উদ্ধার হল বিস্ফোরক। শুক্রবার এই বিস্ফোরকের উদ্ধারস্থল হল পাতলেবাস। আর তাতেই নতুন করে অশান্তির আঁচে তেতে উঠল দার্জিলিং। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকদের সঙ্গে পুলিসের সংঘর্ষে জখম হয়েছেন এক ব্যক্তি। পাশাপাশি বিমল গুরুংয়ের বাড়ির কাছে হদিশ মিলল বোমা কারখানার। যা নিয়ে রীতিমত আলোড়ন তৈরি হয়েছে। কিন্তু মোর্চা প্রধানের কোনও হদিশ নেই। তিনি সিকিমে আছেন বলে পশ্চিমবঙ্গ পুলিসের দাবি। যদিও সিকিমের পবন চামলিং সরকার এই দাবিকে নস্যাৎ করে জানিয়ে দিয়েছিল দার্জিলিংয়ের কোনও নাগরিককে তারা আশ্রয় দেয়নি। যার ফলে বিমল গুরুংয় কোথায় রয়েছেন তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

এদিন দার্জিলিংয়ের চকবাজারে পুলিসের অনুমতি ছাড়াই পথসভা করার উদ্যোগ নেয় জিজেএম। মোর্চা সমর্থকদের ভিড়ও জমতে শুরু করেছিল এখানে। কিন্তু পুলিসের পক্ষ থেকে এই সভা নিয়ে আপত্তি তোলা হয়। আর তাতেই ক্ষেপে যায় মোর্চার কর্মী–সমর্থকরা। এরপরেই পুলিসকে লক্ষ্য করে ইঁটবৃষ্টি শুরু করা হয়। এই পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। তাতেই এক ব্যক্তি জখম হয়েছে বলে পুলিস সূত্রে খবর।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭