অক্টোবর ০৩, ২০১৭ ১৫:১৯ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! ৩ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • প্রধানমন্ত্রী নোবেল পেতে অর্থ খরচ করে লবিস্ট নিয়োগ করেছেন'-দৈনিক ইত্তেফাক
  • প্রচণ্ড চাপের মুখে প্রধান বিচারপতি ছুটিতে: জয়নুল-দৈনিক প্রথম আলো
  • এবার ক্ষুধার জ্বালায় পালিয়ে আসছে হাজারও রোহিঙ্গা-দৈনিক যুগান্তর
  • সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী প্রধান বিচারপতি ক্যানসারে আক্রান্ত-যুগান্তর
  • শেখ হাসিনা যা করেছেন তা ইতিহাসে বিরল: সেতুমন্ত্রী-দৈনিক মানবজমিন
  • ‘সেপ্টেম্বরে ১২৪ নারী শিশু ধর্ষণের শিকার’-দৈনিক মানবজমিন
  • 'সন্ত্রাসীরা যে দেশেরই হোক তাদের নেটওয়ার্ক ভেঙে ফেলতে হবে'-খালেদা জিয়া-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • গুজরাট জয়ে ‘নরম হিন্দুত্ব’ তাস রাহুলের -দৈনিক আজকাল
  • বিজেপির অন্দরে মুকুলকে নিয়ে জোর আলোচনা, ইঙ্গিত কি স্পষ্ট!-সংবাদ প্রতিদিন
  • শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হামলা, হত জওয়ান-আনন্দবাজার


সুপ্রিয় পাঠক/ শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

প্রধানমন্ত্রী নোবেল পেতে অর্থ খরচ করে লবিস্ট নিয়োগ করেছেন'-দৈনিক ইত্তেফাক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পেতে ছুটে বেড়াচ্ছেন। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী নোবেল পেতে অর্থ খরচ করে লবিস্ট নিয়োগ করেছেন বলে তিনি মন্তব্য করেন। দৈনিক ইত্তেফাকে খবরটি ছাপা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয় নিয়ে মিয়ানমার মন্ত্রীর সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের যে প্রস্তাব দেয়া হয়েছে, তা সম্পূর্ণ আইওয়াশ বলে মন্তব্য করে তিনি বলেন, 'রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘকে বাদ দিয়ে মিয়ানমারের সঙ্গে এ ধরণের চুক্তি ভাঁওতাবাজি ছাড়া কিছুই নয়।'
 আজ সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, 'চালের আগুনমূল্যসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গরিব মানুষ খুবই কষ্টে জীবন কাটাচ্ছে। দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। সরকারের রাঘব বোয়াল সিন্ডিকেট চাল নিয়ে চালবাজি করছে।' এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করা হয়েছে। এসব নিয়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।'

দৈনিক প্রথম আলোর খবরে লেখা হয়েছে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটিতে যেতে তাঁর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে—এমনটাই মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

প্রধান বিচারপতির ছুটিতে যাওয়াসহ কয়েকটি বিষয় নিয়ে আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। 
এদিকে যুগান্তরের খবরে বলা হয়েছে, প্রধান বিচারপতি এসকে সিনহা ক্যানসারসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, এসব রোগে অসুস্থ্ হওয়ার কারণে  তিনি এক মাসের ছুটিতে গেছেন। মাহবুবে আলম বলেছেন, তাকে গৃহবন্দীর অভিযোগ মিথ্যা।
এদিকে বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে দাবি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে আদালতে ফিরিয়ে দেয়ার জন্য বিক্ষোভ করছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

এবার ক্ষুধার জ্বালায় পালিয়ে আসছে হাজারও রোহিঙ্গা-দৈনিক যুগান্তর

মিয়ানমারের রাখাইন থেকে এবার ক্ষুধার জ্বালায় হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে আসছেন বলে যুগান্তরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেনারা তাদের গ্রাম অবরুদ্ধ করে রাখায় কেউ ঘর থেকে বের হতে পারছেন না। ফলে তাদের মজুদ করা খাবার শেষ হয়ে যায়। তারা জানতে পারেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পর্যাপ্ত ত্রাণ ও খাবার দেয়া হচ্ছে। তাই খাবারের আশায় টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে পালিয়ে আসছেন তারা।সোমবার বিকালে হোয়াইক্যং উলুবনিয়া সীমান্ত দিয়ে ১০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছেন।

বৈশ্বিক চাপের মুখে রোহিঙ্গা ইস্যুতে এখন মিয়ানমার কঠিন থেকে নরম অবস্থানে সরে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রথম আলোর খবরে তিনি বলেন, বাধ্য হয়ে বাংলাদেশে মিয়ানমারের মন্ত্রী এলেন, সমাধানের জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপে কাজ করতে রাজি হয়েছেন। মন্ত্রী বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘এটা কি আর এমনে এমনে হয়েছে?’ 

ঢাকায় অরুণ জেটলি -দৈনিক বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের অর্থ ও করপোরেট বিষয়কমন্ত্রী অরুণ জেটলি।
সফরে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে নেয়া অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারিত্ব উদ্যোগগুলোর অবস্থা পর্যালোচনা করবেন দুই মন্ত্রী।

‘সেপ্টেম্বরে ১২৪ নারী শিশু ধর্ষণের শিকার’-দৈনিক মানবজমিন
৬-৭ মাস আগে খিলগাঁও সিপাহীবাগ এলাকায় প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়। আর এ অভিযোগ ওঠে একই এলাকার ৭০ বছরের এক বৃদ্ধ হারুনের বিরুদ্ধে। এভাবে প্রতিদিনই ঘটছে একাধিক ধর্ষণের ঘটনা। ধর্ষকের হিংস্র থাবা থেকে রক্ষা পাচ্ছে না বৃদ্ধ, যুবতী, প্রতিবন্ধী থেকে শুরু করে দুধের শিশুও। দিনদিন এ ঘটনা বেড়েই চলছে। পরিসংখ্যান বলছে, আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে অন্তত ২২টি ধর্ষণের ঘটনা বেশি ঘটেছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার দেয়া তথ্যমতে, সেপ্টেম্বর মাসে ১২৪ নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। অর্থাৎ প্রতিদিন ৪টিরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। যার মধ্যে ৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এর আগের মাসে অর্থাৎ আগস্ট মাসে ধর্ষণের শিকার হয়েছিল ১০২ জন নারী ও শিশু। 

এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

গুজরাট জয়ে ‘নরম হিন্দুত্ব’ তাস রাহুলের-আজকাল

বিজেপি–র জুতোয় পা গলিয়ে গুজরাট জয় করতে চাইছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার থেকে তাঁর দ্বিতীয় দফার গুজরাট সফরেও ‘টেম্পল রান’ জারি থাকল। হঠাৎই রাহুলের মন্দিরে যাওয়া দেখে বলাবলি শুরু হয়েছে, বিজেপির সঙ্গে হিন্দুত্বের প্রতিযোগিতায় নেমেছেন তিনি। নরম হিন্দুত্বের তাসেই গুজরাটে বাজিমাত করতে চাইছেন কংগ্রেস সহ সভাপতি। এ বছরের শেষেই গুজরাট বিধানসভা নির্বাচন।

বিজেপির অন্দরে মুকুলকে নিয়ে জোর আলোচনা, ইঙ্গিত কি স্পষ্ট!-সংবাদ প্রতিদিন

রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বিতর্কিত ও চর্চিত নাম নিঃসন্দেহে মুকুল রায়। দীর্ঘদিনের টানাপোড়েন অন্তে দল ছেড়েছেন। এখন তিনি নতুন দল গড়বেন নাকি, বিজেপিতে যোগ দেবেন, এই হল লক্ষ টাকার প্রশ্ন। রাজনৈতিক মহলে জোর জল্পনা বিজেপিতেই যোগ দিচ্ছেন মুকুল। যদিও তাঁর মুখ থেকে এরকম কোনও কথা শোনা যায়নি। কেন তিনি স্বভাব বিরোধিতা ছেড়ে বিজেপিতে যোগ দেবেন, তার ব্যখ্যাও নাকি তৈরি। 

শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হামলা, হত জওয়ান-আনন্দবাজার

প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ফের জম্মু-কাশ্মীরে আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। এ বার শ্রীনগর বিমানবন্দরের কাছে একটি বিএসএফ ক্যাম্পে। ওই ক্যাম্প লাগোয়া বায়ুসেনার একটি ঘাঁটিও রয়েছে। মঙ্গলবার ভোরের ওই ঘটনায় তিন জন বিএসএফ জওয়ান গুরুতর জখম হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে মারা গিয়েছে তিন জঙ্গিও। 

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩