অক্টোবর ২৭, ২০১৭ ১২:১৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ২৭ অক্টোবর শুক্রবার। আজকের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • সেনা কর্মকর্তাদের গোপন বৈঠকের খবর ভিত্তিহীন: আইএসপিআর-দৈনিক ইত্তেফাক
  • অনিয়মে নিয়োগ পাওয়া শিক্ষকই এখন হর্তাকর্তা-দৈনিক প্রথম আলো
  • সরকার ও সেনা মোতায়েন ছাড়া নির্বাচন ৫ জানুয়ারির পুনরাবৃত্তি-দৈনিক যুগান্তর
  • সংসদ ভেঙ্গে নির্বাচন না দিলে ৫ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটবে - ফখরুল-দৈনিক ইনকিলাব
  • এবার ভর্তি জালিয়াতির অভিযোগে চবি ছাত্রলীগ নেতা আটক-দৈনিক ইনকিলাব
  • শেকলে বেঁধে শিশুশ্রম-দৈনিক মানবজমিন
  • অবশেষে থাইল্যান্ড থেকে দেড় লাখ টন চাল কিনছে সরকার-দৈনিক মানবজমিন
  • ঢাকার নতুন ফ্লাইওভার যানজট কমাবে না বাড়াবে?-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ভোটের গুজরাতে বড় হামলার ছকে আইএসআই?-দৈনিক আনন্দবাজার
  • কংগ্রেসকে সমর্থনের ইঙ্গিত হার্দিক পটেলের-দৈনিক আজকাল
  • তাজমহলে নমাজ পড়া নিষিদ্ধ করার দাবি আরএসএস-এর শাখা সংগঠনের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭- বলছে পশ্চিমবঙ্গ রাজ্যসরকার -এইসময় অনলাইন
  • পাহাড় থেকে বাহিনী সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের-কোলকাতা ২৪ ডট কম অনলাইন
  • প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

নিরপেক্ষ সরকার ও সেনা মোতায়েন ছাড়া নির্বাচন ৫ জানুয়ারির পুনরাবৃত্তি-দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল (ফাইল ফটো)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও সেনা মোতায়েন ছাড়া কোনো নির্বাচন হলে তা ২০১৪ সালের ৫ জনুয়ারির পুনরাবৃত্তি হবে। আজ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, অর্থবহ নির্বাচনের জন্যই আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার এবং নিরপেক্ষ সরকার গঠন ও ভোটের দিন সেনা মোতায়েনের দাবি তুলছি।

সেনা কর্মকর্তাদের গোপন বৈঠকের খবর ভিত্তিহীন: আইএসপিআর-দৈনিক ইত্তেফাক

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর

ঢাকায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের স্পর্শকাতর একটি বিষয় নিয়ে বৈঠক হওয়ার খবর নাকচ করে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। গতকাল বৃহস্পতিবার আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান ওই খবরটি ভিত্তিহীন বলে জানান।

 ভারতীয় ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ বুধবার ভারত ও বাংলাদেশি সূত্র উদ্ধৃত করে লিখেছে, ২১ অক্টোবর ঢাকায় গোপনে বৈঠকে বসেন ২০ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা।

মাদ্রাসাছাত্ররা ইঞ্জিনিয়ার হলে রডের পরিবর্তে বাঁশ দেবে না: শিক্ষামন্ত্রী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

দেশের মাদ্রাসাগুলোতেই প্রকৃত শিক্ষা দেয়া হয় বলে ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, মাদ্রাসায় শিক্ষিতরা ইঞ্জিনিয়ার হলে, তারা নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ দেবে না। এ শিক্ষাটি মাদ্রাসা থেকে দেয়া হয়। শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আরবী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অবশেষে থাইল্যান্ড থেকে দেড় লাখ টন চাল কিনছে সরকার-দৈনিক মানবজমিন

থাইল্যান্ড থেকে দেড লাখ টন চাল আমদানি

অবশেষে থাইল্যান্ড থেকে দেড় লাখ টন চাল কিনতে যাচ্ছে সরকার। প্রতি টন নন- বাসমতি সিদ্ধ চাল ৪৬৫ ডলারে কেনা হচ্ছে। থাইল্যান্ড থেকে জিটুজি পদ্ধতিতে চাল কেনার প্রস্তাবটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এরই মধ্যে অনুমোদন দিয়েছে। দেড় লাখ টন চাল কিনতে লাগছে ৫৭৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, থাইল্যান্ড থেকে চাল কিনতে জুলাই মাস থেকে চেষ্টা করছে সরকার। কিন্তু বাংলাদেশে চাল সংকটের কারণে সুযোগ বুঝে বেশি দাম হাঁকছিল দেশটি। ফলে বিষয়টি বার বার পিছিয়ে যায়। তবে সিদ্ধ চাল কেনায় থাইল্যান্ড দর কমানোর কারণে জিটুজি পদ্ধতিতে চাল কিনতে এখন আর কোনো বাধা নেই।

শেকলে বেঁধে শিশুশ্রম-দৈনিক মানবজমিনের অনুসন্ধানী প্রতিবেদন

শিশু শ্রমিক রায়হানের ওপর নির্যাতন

ছেলেটির নাম রায়হান, বয়স ৭ বছর। কিন্তু কাঁধের সঙ্গে গলা ও পায়ে বেড়ি দেয়া শেকল তার। যার ওজন বহনের ক্ষমতাও নেই রায়হানের। ভাগ্যের কি নির্মম পরিহাস। গত একবছর ধরেই তাকে এভাবে তালা দেয়া শেকল বহন করে শ্রম দিতে হচ্ছে একটি মোটর গ্যারেজে। প্রান্তিকর অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে এই মোটর গ্যারেজটি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জোট পুকুরিয়া বাজারের পশ্চিম পার্শ্বে পুলিশ ফাঁড়ির সামনে অবস্থিত।

আর এই ঘটনা পুলিশের নজরে একবারও আসেনি। এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ ফাঁড়ির এসআই মোরশেদ বিস্ময় প্রকাশ করে বলেন, আমাদের পাশে অথচ আমরা জানি না; আপনারা জানলেন কেমনে। এ নিয়ে সন্দেহ পোষণ করে তিনি বলেন, আপনার কাছে কি প্রমাণ আছে; শেকলে বাঁধা শিশুটির। ছবিসহ যাবতীয় তথ্য থাকার কথা বললে তিনি তা দেয়ার জন্য বলেন। কিন্তু সংবাদ প্রকাশের পর পত্রিকায় দেখার অনুরোধ জানানো হয় তাকে। পরে তিনি এ ব্যাপারে দ্রুত খোঁজ-খবর নিচ্ছেন বলে নিশ্চিত করেন।

এবার ভর্তি জালিয়াতির অভিযোগে চবি ছাত্রলীগ নেতা আটক-দৈনিক ইনকিলাব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালটির ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহমেদ সৌরভকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে ৫টি ইলেক্ট্রনিক ডিভাইসসহ ওই ছাত্রলীগ নেতাকে আটক করে। সৌরভ চবি ছাত্রলীগের সহ-সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র।

অনিয়মে নিয়োগ পাওয়া শিক্ষকই এখন হর্তাকর্তা-দৈনিক প্রথম আলো

উচ্চমাধ্যমিকে দ্বিতীয় শ্রেণিতে পাস করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক (সম্মান)। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি থাকার সময় ২০১০ সালের আগস্টে অভ্যন্তরীণ কোন্দলে নিজ সংগঠনের এক কর্মী খুনের ঘটনায় সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন। সেই ঘটনার জের ধরে সেখানে স্নাতকোত্তর শেষ না করেই ক্যাম্পাস ছাড়েন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সান্ধ্য কোর্সে (নিয়মিত কোর্স নয়) স্নাতকোত্তর পাস করেন, ফল সিজিপিএ-৩ দশমিক ৩৪।

সুবিধা দিয়ে ওই প্রার্থীকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক করা হয়েছে। তাঁর নাম আওয়াল কবির। সমাজকর্মে পড়াশোনা করলেও তাঁকে প্রথমে অ্যাডহক ভিত্তিতে একটি ইনস্টিটিউটে নিয়োগ দেওয়া হয় সমাজবিজ্ঞানের শিক্ষক পদে। পরে আবার স্থানান্তর ও স্থায়ী করা হয় সমাজকর্ম বিভাগে। আওয়াল কবির এখন ওই বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং প্রক্টর হয়ে কার্যত বিশ্ববিদ্যালয়টিই নিয়ন্ত্রণ করছেন। এটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খণ্ডিত চিত্র মাত্র।

ঢাকার নতুন ফ্লাইওভার যানজট কমাবে না বাড়াবে?-দৈনিক নয়া দিগন্ত

ঢাকার মালিবাগ মগবাজার ফ্লাইওভার

বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার আরো একটি ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে। শহরের যানজটপ্রবণ মালিবাগ-মগবাজার এলাকা দিয়ে ৯ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারটি নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পরে শেষ হলো। এই ফ্লাইওভারটি নিয়ে গত নয় বছরে ঢাকা শহরে মোট ৬টি ফ্লাইওভার নির্মাণ করা হলো। কিন্তু বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, সার্বিকভাবে ঢাকার যানজট কমাতে এই ফ্লাইওভারগুলো তেমন ভূমিকা রাখছে না, বরং এটি গণ-পরিবহন সম্প্রসারণের পরিকল্পনার সাথে সাংঘর্ষিক হয়ে দাড়াচ্ছে।

নকশায় ত্রুটি এবং ফ্লাইওভারের দৈর্ঘ্য বাড়ানোর কারণে মালিবাগ-মগবাজার ফ্লাইওভারের নির্মাণকাজ অনেক দীর্ঘায়িত হয়েছে এবং খরচও বেড়েছে। এনিয়ে সমালোচনাও কম হয়নি। ফ্লাইওভারের ওপরে বসেছে সিগনাল বাতি, যার ফলে সেখানেও যানজট তৈরি হবে বলে আশঙ্কা যাত্রীদের।

গত সাড়ে আট বছরে ছোট বড় মিলিয়ে ঢাকায় তৈরি হয়েছে প্রায় ২৯ কিলোমিটার ফ্লাইওভার, যার পেছনে খরচ হয়েছে চার হাজার কোটি টাকার বেশি। ফ্লাইওভার তৈরিতে কিলোমিটার-প্রতি ব্যয়ের হিসেবে এশিয়ার অন্য যে কোনও দেশের তুলনায় এই খরচ অনেক বেশি। যদিও ঢাকাবাসীদের অনেকে বলছেন, ফ্লাইওভারের কারণে অনেক স্থান থেকে যাতায়াত সহজ হয়েছে, তবে যানজট নিয়ে ক্ষোভ কমছে না তাদের। ঢাকায় আরো ফ্লাইওভার তৈরির কাজ এখনো চলছে। সরকার বলছে, এই ফ্লাইওভারগুলোর ফলে ঢাকা শহরের যানজট কমে আসবে।

কিন্তু যানজট কমাতে যে ফ্লাইওভারগুলো তৈরি তার সুফল কতটা পাওয়া যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

তাজমহলে নমাজ পড়া নিষিদ্ধ করার দাবি আরএসএস-এর শাখা সংগঠনের-দৈনিক সংবাদ প্রতিদিন

তাজমহল নিয়ে আবারও বিতর্ক-সেখানে নামাজ না পড়ার দাবি আরএেসর ইতিহাস শাখার

সোম। সেই বিতর্কের মাঝেই আরএসএসের ইতিহাস শাখা তাজমহলে নমাজ পাঠের বিরোধিতা করল। তাদের বক্তব্য, এখানে যদি নমাজ পাঠ চলে তবে শিব আরাধনারও অনুমতি দিতে হবে। শুক্রবার আরএসএসের ইতিহাস শাখাঅখিল ভারতীয় ইতিহাস সঙ্কলন সমিতি বলেছে তাজমহল কোনও ধর্মীয় স্থান নয়, এটা ঐতিহ্যবাহী সৌধ। তাই এখান থেকে নমাজ পাঠ তুলে দিতে হবে বলে দাবি করেছেন সংগঠনের জাতীয় সচিব বালমুকুন্দ পাণ্ডে। তাঁর কথায়, ‘‌বহু নথি রয়েছে যা থেকে প্রমাণ করা যায় তাজমহল হিন্দু মন্দির ছিল। এটা নির্মাণ করেছিলেন এক হিন্দু রাজা। তাজ প্রেমের সৌধও নয়। মুমতাজ মহলের মৃত্যুর চার মাসের মধ্যে আবার বিয়ে করেছিলেন বাদশাহ সাজাহান।’‌ খুব শিগগিরই তাজমহল নিয়ে সব নথি আমরা জনসমক্ষে আনা হবে বলে তিনি জানিয়েছিলেন। প্রসঙ্গত, প্রতি শুক্রবার তাজমহলে নমাজ পড়েন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ।

ভোটের গুজরাতে বড় হামলার ছকে আইএসআই?-দৈনিক আনন্দবাজার

গুজরাট নির্বাচনে আইএসআই হামলার ছক

ভোটের দামামা বেজে গিয়েছে গুজরাতে। আর এই ভোট প্রক্রিয়ার মধ্যেই ২৬/১১-র ধাঁচে বড়সড় হামলার ছক কষেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এমনই আশঙ্কা প্রকাশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে এই খবর দিচ্ছে মেল টুডে।

আসছে ডিসেম্বরে গুজরাতে বিধানসভা নির্বাচন। খোদ প্রধানমন্ত্রীর রাজ্যের নির্বাচন ঘিরে স্বাভাবিক ভাবেই সারা দেশের আগ্রহ তীব্র। নরেন্দ্র মোদী, রাহুল গাঁধীর মতো ভিভিআইপি রাজনীতিকরা রাজ্যের নির্বাচনী প্রচারে আসবেন। এমনিতেই তার চাপ রয়েছে রাজ্য প্রশাসনের কাঁধে। তার উপর গোয়েন্দাদের এই সতর্কবার্তায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজটা আরও চওড়া হল।

কংগ্রেসকে সমর্থনের ইঙ্গিত হার্দিক পটেলের-দৈনিক আজকাল অনলাইন সংস্করণের খবর

গুজরাটের পতিদার সম্প্রদায়ের নেতা হার্দিক পটেল

আগামী গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেসকেই সমর্থনের ইঙ্গিত দিলেন গুজরাটের পতিদার সম্প্রদায়ের নেতা হার্দিক পটেল। বুধবার একটি সাক্ষাতকারে ২৪ বছরের হার্দিক বলেছেন, তাঁকে শীর্ষ কংগ্রেস নেতারা আশ্বস্ত করেছেন রাজ্যে ক্ষমতায় এলে পতিদার সম্প্রদায়কে অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী বা ওবিসি মর্যাদা দেবে কংগ্রেস। যার ফলে কর্মসংস্থান এবং শিক্ষায় সংরক্ষণ মিলবে পতিদারদের। আগামী ১–৩ নভেম্বর গুজরাট সফরে যাচ্ছেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। তখনই রাহুলের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন হার্দিক। তিনি বলেন, তিনি নিশ্চিত ক্ষমতায় এলে ওবিসি মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেবেন রাহুল। গুজরাটে জনসংখ্যার ৪০ শতাংশ ওবিসি এবং মোট ১৪৬টি শ্রেণী রয়েছে এই তালিকাভুক্ত। ওবিসিদের শিক্ষা এবং চাকরিতে ২৭ শতাংশ সংরক্ষণ আছে। তফসিলি জাতিদের ৭ শতাংশ এবং তফসিলি উপজাতিদের ১৫ শতাংশ সংরক্ষণ আছে গুজরাটে।

পাহাড় থেকে বাহিনী সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের-কোলকাতা ২৪ ডট কম অনলাইন

সুপ্রিম কোর্টের অন্তবর্তী রায়: পাহাড় থেকে সেনা সরাতে হবে

পাহাড়ে বাহিনী ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার৷ সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেওয়ার জন্য কেন্দ্রের সিদ্ধান্ততেই কার্যত সিলমোহর দিল শীর্ষ আদালত৷ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের রায়ও৷

শুক্রবার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়, দার্জিলিং থেকে কেন্দ্রীয় সরকার সরাতে পারবে সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ তবে সেখানে রেখে দিতে হবে আট কোম্পানি বাহিনী৷ একই সঙ্গে কলকাতা হাইকোর্টে পাহাড়ের বাহিনী সরানোর সিদ্ধান্ত নিয়ে যে মামলা চলছে, তার শুনানির উপরও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ আগামী ২৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে৷#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭