জানুয়ারি ১৭, ২০১৮ ১৩:০৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম: 

  • ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন স্থগিত-দৈনিক প্রথম আলো
  • সরকার জিততে পারবে না বলে সুযোগ নিয়েছে: ফখরুল-দৈনিক যুগান্তর
  • হকার ইস্যুতে নারায়ণগঞ্জ শহর রণক্ষেত্র : আহত অর্ধশতাধিক-দৈনিক ইনকিলাব
  • উন্নত দেশগুলোকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর-দৈনিক নয়া দিগন্ত
  • আগামী সংসদ নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না সংসদে সরকারি দল-দৈনিক ইত্তেফাক
  • ভোটের ভবিষ্যৎ নিয়ে হাসিনা-প্রণব আলোচনা-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • বিচ্যুতি মেটাক বিচার বিভাগ নিজেই, চান বহু বিচারপতি-দৈনিক আনন্দবাজার
  • শহরে একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যু নিয়ে বিক্ষোভ-দৈনিক আজকাল
  • দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর ইঙ্গিত সেনাপ্রধান রাওয়াতের-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ- 

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ ( ফাইল ছবি)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন স্থগিত এবং ডাকসু নির্বাচনের পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ সম্পর্কিত খবর আজকের দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর, নয়াদিগন্তসহ প্রায়সবগুলো জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে পরিবেশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিকগুলো লিখেছে, পৃথক দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনের তফসিরের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ। তারা  রুলসহ স্থগিতের আদেশ দেন। আর যুগান্তরের একটি খবরে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া পরিবেশিত হয়েছে। তিনি বলেছেন, সরকার জিততে পারবে না বলে সুযোগ নিয়েছে। আর রুহুল কবির রিজভী বলেছেন, ডিএনসিসি নির্বাচন স্থগিত সরকারেরই নীল নকশার অংশ’। তিনি আরো বলেছেন- সরকার এবং ইসির যৌথ প্রযোজনায় নির্বাচন বানচাল করা হয়েছে।

যুগান্তরের অন্য একটি খবরে লেখা হয়েছে, রাজধানীর বাড্ডা এলাকার বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতার পৃথক দুটি রিটের কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের শূন্যপদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

আর বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সবকিছুতে সরকারের যোগসাজশ দেখেন কেন?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

এদিকে, দৈনিকগুলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ছয় মাসের মধ্যে অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

উন্নত দেশগুলোকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধির পথ যাত্রায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য উন্নত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পরিবেশের পরিবর্তন ও জলবায়ু সংক্রান্ত হুমকির মোকাবেলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তাদের সহযোগিতা প্রয়োজন।‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বড় চ্যালেঞ্জ অর্থ সরবরাহ নিশ্চিত করা। এজন্য উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নত দেশসমূহকে আর্থিক ও কারিগরি সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে’, বলেন তিনি। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের দ্বারা উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আসন্ন সমস্যার প্রতি আরো মনোযোগ দিতে হবে।

আগামী সংসদ নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না -সংসদে সরকারি দল-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন

রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল মঙ্গলবার সরকারি দলের সদস্যরা বলেছেন, আগামী সংসদ নির্বাচনে না আসলে বিএনপি নামক দলের অস্তিত্ব থাকবে না।

তারা বলেন, নির্বাচন নিয়ে বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। দশম সংসদ নির্বাচনে অংশ না নিয়ে তারা দেশব্যাপী জ্বালাও-পোড়াও করেছে। সংলাপের নামে এখন আবার তারা নানামুখী চক্রান্ত শুরু করেছে

ভোটের ভবিষ্যৎ নিয়ে হাসিনা-প্রণব আলোচনা- দৈনিক আনন্দ বাজারের বরাত দিয়ে লিখেছে মানবজমিন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি

বাংলাদেশ সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নির্বাচন আর চলমান রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন বলে খবর দিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। প্রণবের সফর নিয়ে পত্রিকাটিতে একাধিক প্রতিবেদন লিখেছেন সাংবাদিক অগ্নি রায়। একটি রিপোর্টে তিনি লিখেছেন, রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ঢাকা পৌঁছে প্রণব মুখোপাধ্যায় জানিয়েছিলেন, রথ দেখা এবং কলা বেচা এই হল তার চলতি সফরের উদ্দেশ্য।!বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে মধ্যাহ্ন ভোজের পর মনে করা হচ্ছে, বাংলাদেশে নির্বাচনের আগে হাসিনা সরকারের সঙ্গে ভারতের ট্র্যাক-টু কূটনীতির সূত্রপাত হল। তাৎপর্যপূর্ণভাবে হাসিনার সঙ্গে একান্ত এই দ্বিপাক্ষিক বৈঠকের কয়েক ঘণ্টা পর বিকেলে বাংলা একাডেমির মাঠে সাহিত্য উৎসবে বলতে উঠে প্রণব মুখোপাধ্যায় সন্ত্রাসবাদ ও মৌলবাদী সংস্কৃতির বিরুদ্ধে সরব হয়েছেন। আগামি এক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসিনার রাজনৈতিক লড়াইয়ে। বিশিষ্টজনেদের বক্তব্য, লড়াই শুধুমাত্র বিএনপি-র সঙ্গে নয়, নিজের দলকে শুদ্ধিকরণের প্রশ্নটাও উঠে আসছে।অগ্নি রায় আরেকটি রিপোর্টে লিখেছেন।বাংলাদেশের রাজধানীর বাতাসে বারুদের গন্ধ ছিলই। এ বার তার সঙ্গে মিশছে ভোটের উত্তেজনা। বছরের গোড়াতেই টান টান ভাবটা তাই চোখ এড়াচ্ছে না।

হকার ইস্যুতে নারায়ণগঞ্জ শহর রণক্ষেত্র : আহত অর্ধশতাধিক-দৈনিক ইনকিলাব

নারায়ণগঞ্জে ব্যাপক সংঘর্ষে আহত সেলিনা হায়াত আইভি

শামীম ওসমানের নির্দেশে আমাকে হত্যা করতেই এই হামলা, ডিসি-এসপির প্রত্যাহার চাই -আইভী : আইভীর লোকজন গুলি করেছে -শামীম ওসমান

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও প্রভাবশালী এমপি শামীম ওসমান সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় বৃষ্টির মতো ইট-পাটকেল, গুলিবর্ষণ এবং দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে শহরের চাষাড়া এলাকা। সংঘর্ষে নাসিক মেয়র আইভীসহ উভয়পক্ষের শতাধিক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের চাষাড়ায় এলাকায় এ ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় আতঙ্কে শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। সংঘর্ষের সময় পুলিশ নীরব ভূমিকা পালন করতে দেখা যায়। সংঘর্ষের শেষ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক কাদানে গ্যাস ছুড়েছে। শামীম ওসমানের সশস্ত্র ক্যাডার নিয়াজুল তার মিছিলে ব্যাপক গুলিবর্ষণ করেছে বলে মেয়র আইভী জানান। গুলিবিদ্ধ আইভী সমর্থক নাসিরকে (৫০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ ফটোসাংবাদিক তাপস সাহাসহ ২৫ জনকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সড়ক থেকে হকার বসানো ও উচ্ছেদকে করাকে কেন্দ্র করে প্রভাবশালী এমপি শামীম ওসমান ও মেয়র আইভী এর মধ্যে বেশ কয়েক দিন ধরেই পাল্টাপাল্টি বাক্য বিনিময় হচ্ছিল। সব শেষ গত সোমবার এমপি শামীম ওসমান ফুটপাতে হকার বসানোর ঘোষণা দেন। আর তা প্রতিরোধের ঘোষণা দেন মেয়র আইভী। এরই জের ধরে আজকের এই সংঘর্ষ হয়।

শামীম ওসমানের নির্দেশে আমাকে হত্যা করতেই এই হামলা, ডিসি-এসপির প্রত্যাহার চাই : আইভী 

শামীম ওসমানের নির্দেশে তার ক্যাডার বাহিনী হত্যার উদ্দেশ্যে আমার উপর সশস্ত্র হামলা চালিয়েছে। আমার নিরস্ত্র নিরীহকর্মীদের উপর বৃষ্টির মত ইট-পাটকেল ও গুলি বর্ষণ করেছে। এতে সাংবাদিকসহ আমার অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

এদিকে দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, নারায়নগঞ্জ সাংবাদিকদের আল্টিমেটাম-২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করলে আন্দোলনে যাবেন তারা।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

বিচ্যুতি মেটাক বিচার বিভাগ নিজেই, চান বহু বিচারপতি-দৈনিক আনন্দবাজার

ভারতের সুপ্রিম কোর্ট

প্রথমে বিষ। কিন্তু সমুদ্রমন্থনের শেষে অমৃতই মিলেছিল, বলে পুরাণ। সুপ্রিম কোর্টের অন্দরমহলের দ্বন্দ্ব প্রকাশ্যে এলেও আখেরে ইতিবাচক ফলই আশা করছেন অধিকাংশ বিচারপতি।

তাঁরা মনে করেন, সমস্যার মূলে রয়েছে প্রধান বিচারপতি-সহ ৫ প্রবীণ বিচারপতিকে নিয়ে তৈরি কলেজিয়াম ব্যবস্থা। এর মাধ্যমে বিচারপতি নিয়োগে পছন্দের লোককে নিয়োগের সম্ভাবনা রয়েছে। ফলে বহু বিচারপতিই চান, এই সুযোগে কলেজিয়াম ব্যবস্থা ও বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটিবিচ্যুতি দূর করা হোক। সুপ্রিম কোর্টের অধিকাংশ বিচারপতি, আইনজীবীদের মত, বিচার বিভাগ নিজেই নিজের ত্রুটি দূর না করলে বাইরে থেকে চাপ আসবেই।

মোদী সরকার জাতীয় বিচারপতি নিয়োগ কমিশন আইন পাশ করিয়েছিল বিচারপতি নিয়োগে বিচারপতিদেরই একচ্ছত্র আধিপত্য শেষ করতেই। কিন্তু সুপ্রিম কোর্ট তা অসাংবিধানিক বলে খারিজ করে দেয়। বিচারপতিদের আশঙ্কা, চলতি অন্তর্কলহের সুযোগ নিয়ে সরকার বা বিভিন্ন সংগঠন ফের হস্তক্ষেপ করতে পারে। আশঙ্কাটা অমূলক নয়।

শহরে একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যু নিয়ে বিক্ষোভ-দৈনিক আজকাল

হাসপাতালগুলোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ

কলকাতার একাধিক হাসপাতালের বিরুদ্ধে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠলো। মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল আড়াই বছরের শিশুকন্যা অত্রি দাস। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই শিশুকন্যা। তাকে সকালে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। চিকিৎসার কারণেই এই ওষুধ দেওয়া হয়েছিল। পরিবারের অভিযোগ, এরপরেই সকালে ওই শিশুকন্যার মৃত্যু হয়। বলা হয়েছে, এই ঘটনার জন্য মূল দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। ইঞ্জেকশন দেওয়ার পরেই চিৎকার করে ওঠে শিশু। এরপর তাকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে গুরুতর অবস্থা থাকলেও দীর্ঘক্ষণ ধরে কোনও চিকিৎসকই তাকে দেখতে আসেননি। এমনকী পাওয়া যায়নি অক্সিজেন মাস্কও। সেই জন্যই মৃত্যু হয়েছে শিশুর। এই নিয়েই সকাল থেকে উতপ্ত হয়ে ওঠে হাসপাতাল। মৃতার আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

অন্যদিকে, একাধিক অভিযোগ উঠেছে আলিপুরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। অন্যদিকে, নতুন করে অভিযোগ উঠেছে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। সেখানেও মৃত্যু হয়েছে অলোক কুমার দাস নামে এক ব্যক্তির।

দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর ইঙ্গিত সেনাপ্রধান রাওয়াতের-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত

ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর ইঙ্গিত দিলেন দেশের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তাঁর কথায়, বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে দেশের যুবাদের মগজধোলাই করছে, সন্ত্রাসে ইন্ধন দিচ্ছে। জঙ্গিদের এই বিপজ্জনক প্রবণতা রুখতে ইন্টারনেটে নজরদারি চালানো প্রয়োজনীয় হয়ে উঠেছে। তিনি এও জানান, এর ফলে অনেকেই হয়তো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলবেন। জেনারেল রাওয়াত তাই এই সিদ্ধান্ত দেশবাসীর উপরেই ছেড়েছেন। বলছেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে এই নিয়মের বিরুদ্ধে হয়তো অনেকেই প্রতিবাদ করবেন। তাই চূড়ান্ত সিদ্ধান্ত আপনারাই নিন। আপনারা সুরক্ষিত ও নিরাপদ পরিবেশ চান নাকি অবাধ স্বাধীনতা চান?’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬