আন্দোলন করে খালেদাকে মুক্ত করা যাবে না: হানিফ
প্রিয় পাঠক/শ্রোতা! ১৫ এপ্রিল রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- কোটা আন্দোলন নিয়ে বিএনপির অপরাজনীতির স্বপ্ন উড়ে গেছে- দৈনিক মানবজমিন
- রিজভীর দাবি, খালেদা জিয়া গুরুতর অসুস্থ- দৈনিক সমকাল
- আন্দোলন করে খালেদাকে মুক্ত করা যাবে না: হানিফ- দৈনিক প্রথম আলো
- হকার উচ্ছেদে গুলি: ছাত্রলীগের সাব্বির-আশিকুরের বিরুদ্ধে অভিযোগপত্র- দৈনিক যুগান্তর
- জাতিসংঘে কালো তালিকাভুক্ত মিয়ানমারের সেনাবাহিনী- দৈনিক মানবজমিন
- টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫, যোগাযোগ বন্ধ- দৈনিক ইত্তেফাক
ভারতের শিরোনাম:
- লক্ষ্য মোদী, সংগঠন ছেড়ে আন্দোলনে তোগাড়িয়া- দৈনিক আনন্দবাজার
- আয়ুষ্মান ভারত প্রকল্পে ছত্তিশগড়ে দেশের প্রথম স্বাস্থ্যকেন্দ্রের সূচনা প্রধানমন্ত্রী মোদির- দেনিক বর্তমান
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
কোটা আন্দোলন নিয়ে বিএনপির অপরাজনীতির স্বপ্ন উড়ে গেছে- দৈনিক মানবজমিন

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কারের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণানে সাহসী পদক্ষেপ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপির অপরাজনীতির স্বপ্ন বাতাসের মতো উড়ে গেছে। আজ সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় ওবায়দুল কাদের আরও বলেন, কোটা আন্দোলনে নোংরা রাজনীতি করতে না পেরে বিএনপি হতাশায় ডুবে গেছে।
রিজভীর দাবি, খালেদা জিয়া গুরুতর অসুস্থ- দৈনিক সমকাল

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ। তিনি অসুস্থ হলেও এখন পর্যন্ত তাঁকে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এই দাবি করেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের ভাষ্য, সরকারি মেডিকেল বোর্ড মামুলি প্রহসনের এক্স-রে ও রক্ত পরীক্ষা করে খালেদা জিয়ার ফিজিওথেরাপির সুপারিশ করেছে। খালেদা জিয়া একজন বয়স্ক ও দেশের জনপ্রিয় নেত্রী। তিনি দীর্ঘদিন ধরে হাঁটু ও চোখের সমস্যায় ভুগছেন। কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে রাখায় তাঁর আরও বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে।
রিজভী বলেন, সরকারি মেডিকেল বোর্ড বলেছে, খালেদা জিয়ার এক্স-রে রিপোর্টগুলোয় দেখা যাচ্ছে, তাঁর ঘাড় এবং কোমরের হাড়ে সমস্যা আছে। এমন অবস্থায় এমআরআইসহ উন্নত পরীক্ষা-নিরীক্ষা ছাড়া শুধু এক্স-রে ও রক্ত পরীক্ষার মাধ্যমে তাঁর সুনির্দিষ্ট ও সঠিক রোগ নির্ণয় সম্ভব নয়।
আন্দোলন করে খালেদাকে মুক্ত করা যাবে না: হানিফ- দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের মামলায় কারাগারে আছেন। আন্দোলন করে তাঁকে মুক্ত করা যাবে না। আজ রোববার দুপুর ১২টায় ‘ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস’ উদ্যাপন উপলক্ষে মেহেরপুর আওয়ামী লীগের বর্ধিত সভা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, খালেদা জিয়াকে আইনি লড়াই করেই মুক্ত করতে হবে। তাঁকে মুক্তি না দিলে বিএনপি নির্বাচনে আসবে না—এটা শুধু বিএনপির দর-কষাকষি ছাড়া কিছুই না। আওয়ামী লীগ বিশ্বাস করে, নির্বাচনের সময় সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরে জেলার পৌর কমিউনিটি সেন্টারে বর্ধিত সভায় অংশ নেন মাহবুব উল আলম হানিফ। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। মেহেরপুর-২ আসনের সাংসদ মকবুল হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ সভায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
হকার উচ্ছেদে গুলি: ছাত্রলীগের সাব্বির-আশিকুরের বিরুদ্ধে অভিযোগপত্র- দৈনিক যুগান্তর

রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছুড়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
এ ঘটনায় করা মামলায় আদালতে জমা দেয়া অভিযোগপত্রে এ কথা উল্লেখ করেছে শাহবাগ থানার পুলিশ। রোববার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালতে এ অভিযোগপত্র জমা দেয়া হয় বলে জানান এসআই মাহমুদুর রহমান।
তিনি জানান, শাহবাগ থানার এসআই আকরাম হোসেন ১১ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আজ রোববার তা শুনানির জন্য উপস্থাপন করা হবে।
গত বছর ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করার উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি কর্তৃপক্ষ।ওই সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন ও আশিকুর রহমান আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়তে থাকেন।পরে সংবাদমাধ্যমে গুলিবর্ষণের ওই ছবি প্রকাশিত হলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে দুজনকে বহিষ্কার করা হয়।
জাতিসংঘে কালো তালিকাভুক্ত মিয়ানমারের সেনাবাহিনী- দৈনিক মানবজমিন

যৌন সহিংসতার জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। ‘বিশ্বাসযোগ্য সন্দেহের’ কারণে বিদ্রোহী গ্রুপগুলোকেও একই তালিকায় আনা হয়েছে। প্রথমবারের মতো ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করা হলো। এ বিষয়ে একটি রিপোর্ট প্রস্তুত করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তার একটি আগাম কপি চলে এসেছে বার্তা সংস্থা এপি’র হাতে। তাতে বলা হয়েছে, নৃশংস যৌন নির্যাতনের শারীরিক ও মানসিক ক্ষত নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন বিপুল সংখ্যক রোহিঙ্গা নারী।
এ বিষয়টি প্রামাণ্য হিসেবে তুলে ধরেছেন আন্তর্জাতিক পর্যায়ের মেডিকেল স্টাফ ও অন্যরা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুঁতেরা বলেছেন, এসব অপরাধ ঘটিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। স্থানীয় উগ্রপন্থিদের বিরুদ্ধে অপারেশন ক্লিয়ারেন্স চালানোর সময় সেনাবাহিনী এই নৃশংসতা চালিয়েছে ২০১৬ সালের অক্টোবরে এবং ২০১৭ সালের আগস্ট থেকে।
টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫, যোগাযোগ বন্ধ- দৈনিক ইত্তেফাক

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রোববার দুপুরের দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা আসছিল জামালপুর কমিউটার ট্রেন। টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছলে সিগন্যালের ভুলে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়।
এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পাশের লাইনে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। টঙ্গী থানার ওসি কামাল হোসেন যুগান্তরকে বলেন, আহত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর রহমান যুগান্তরকে জানান, ট্রেনের পেছনের চারটি বগি লাইনচ্যুত পাঁচজন নিহত হয়েছেন।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
লক্ষ্য মোদী, সংগঠন ছেড়ে আন্দোলনে তোগাড়িয়া

এ যেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ছবি।ভুয়ো ভোটার, ধস্তাধস্তি, দুই শিবিরের সমর্থকদের তাণ্ডব-ভাঙচুর, খণ্ডযুদ্ধ, কড়া নিরাপত্তা, ভিডিওগ্রাফি, বিশেষ বাহিনীর উপস্থিতিতে ভোট- দিল্লির উপকণ্ঠে গুরুগ্রামে, সঙ্ঘের মতো শৃঙ্খলাবদ্ধ সংগঠনের শাখা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি নির্বাচনের ছবিটি ছিল আজ এমনই। ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম বার ভোট হল সংগঠনে। যাতে নিজের প্রার্থী রাঘব রেড্ডি হেরে যাওয়ায় আপাতত বিশ্ব হিন্দু পরিষদ ছেড়ে দিয়ে বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন ওই সংগঠনেরই প্রাক্তন প্রধান তথা হিন্দুত্বের মুখ প্রবীণ তোগাড়িয়া।
আজ ভোটের ফল প্রকাশ হলে দেখা যায়, ১৯২ জন সদস্যের মধ্যে তোগাড়িয়া ঘনিষ্ঠ রাঘব রেড্ডি পেয়েছেন মাত্র ৬০টি ভোট। আর হিমাচলের প্রাক্তন রাজ্যপাল বিষ্ণু সদাশিব কোকজে পেয়েছেন ১৬১টি ভোট। একটি ভোট বাতিল হয়। এর আগেও গত ডিসেম্বর মাসে ভুবনেশ্বরের কর্মসমিতির বৈঠকে তোগাড়িয়াকে সরানোর একটি প্রচেষ্টা শুরু হয়। আঁচ করে ভোটে চলে যান তোগাড়িয়া। রাঘব রেড্ডির জেতার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় সঙ্ঘের সুরেশ ভাইয়াজি জোশী ওই ভোট প্রক্রিয়া বাতিল করে দেন। আজও ভোট বানচাল করার চেষ্টা করেছিলেন তোগাড়িয়া। অভিযোগ তোলেন, অন্তত ৩৭ জন আসল ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। যদিও সেই দাবি খারিজ হয়ে যায়। উল্টে জয়ী শিবিরের দাবি, আগের তালিকা মেনেই ভোট হয়েছে।
আয়ুষ্মান ভারত প্রকল্পে ছত্তিশগড়ে দেশের প্রথম স্বাস্থ্যকেন্দ্রের সূচনা প্রধানমন্ত্রী মোদির- দেনিক বর্তমান

আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় প্রথম স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বীজাপুরের জঙ্গলায় এই স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধন করেন তিনি। এই প্রকল্পের আওতায় ২০২২ সালের মধ্যে ভারতজুড়ে দেড় লক্ষ স্বাস্থ্যকেন্দ্র গড়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রক্তচাপ, ডায়াবেটিস, বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি ক্যান্সারের মতো রোগেরও চিকিৎসা করা হবে। এদিন মডেল পঞ্চায়েতের আওতায় থাকা জঙ্গলা ডেভেলপমেন্ট হাবও ঘুরে দেখেন মোদি। মাওবাদী অধ্যুষিত এই জেলায় পরিবর্তনের কাণ্ডারী স্থানীয় মানুষদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁর।
বস্তার ইন্টারনেট প্রকল্পের প্রথম ধাপের সূচনা করেন নরেন্দ্র মোদি। এই প্রকল্পের আওতায় ৪০ হাজার কিলোমিটার এলাকাজুড়ে আদিবাসী অধ্যুষিত সাতটি জেলার মধ্যে ফাইবার অপটিক্স কেবল পাতা হবে। এর মধ্যে রয়েছে বীজাপুর, নারায়ণপুর, বস্তার, কাঙ্কের, কোন্দাগাঁও, সুকমা এবং দান্তেওয়াড়া জেলা। নরেন্দ্র মোদিই দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি বীজাপুরের আদিবাসী জেলা পরিদর্শনে গেলেন। এই সফরকালীন গুদুম এবং ভানুপ্রতাপুরের মধ্যে রেলপথের সূচনাও করেন তিনি। জানা গিয়েছে, গুদুম এবং ভানুপ্রতাপুরের মধ্যে প্যাসেঞ্জার ট্রেন চলবে। নতুন এই রেলপথের সূচনার মাধ্যমে উত্তর বস্তার অঞ্চলকে রেলের মানচিত্রেও তুলে আনলেন মোদি।
স্থানীয় সাতটি গ্রামে ব্যাঙ্কের শাখার উদ্বোধন করার পাশাপাশি এদিন ইন্ডিয়ান বিপিও প্রমোশন স্কিমের আওতায় থাকা গ্রামীণ বিপিও সেন্টারও ঘুরে দেখেন তিনি। এই গ্রামীণ বিপিও সেন্টারের মাধ্যমে বস্তার ইন্টারনেট প্রকল্পের আওতায় ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। মোদির সফরের মধ্যেই সড়ক ও ব্রিজ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়। জানা গিয়েছে, এই প্রকল্পে ১ হাজার ৭০০ কোটি টাকারও বেশি খরচ হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রামন সিং এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।
প্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসরে আবারো কথা হবে আগামীকাল।
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫