এপ্রিল ১৮, ২০১৮ ১২:৩০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • রাজীবের ঘটনায় সড়ক দায়ী না: কাদের-প্রথম আলো
  • খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য ডাহা মিথ্যাচার: রিজভী-প্রথম আলো
  • রোহিঙ্গা সংকটের আশু সমাধান চাইলেন প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • অনুমোদন পেল আরও ২ বেসরকারি বিশ্ববিদ্যালয়-কালেরকণ্ঠ
  • প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারে ১০ লাখ রোহিঙ্গা-যুগান্তর
  • সুষ্ঠু নির্বাচনবিহীন গণতন্ত্র ইমিটেশন অলঙ্কারের মতো : আবুল মকসুদ-নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • দু’হাজারের নোট ফিরছে না ব্যাঙ্কে, সঙ্কট জটিল-আনন্দবাজার পত্রিকা
  • কালবৈশাখীর তাণ্ডবে মৃত বেড়ে ১৪, আজও হতে পারে ঝড়–বৃষ্টি-দৈনিক আজকাল
  • ‘২৪ ঘণ্টা তোমাদের উপর নজরে রাখছি, চিনা নৌবহরকে নিশানা করে বার্তা ভারতের-দৈনিক প্রতিদিন

রাজীবের ঘটনায় সড়ক দায়ী না: কাদের

 দৈনিক প্রথমআলোতে প্রকাশিত শিরোনামের খবরে বলা হয়েছে, দুই বাসের প্রতিযোগিতায় ডান হাত হারানো রাজীব হোসেন গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওবায়দুল কাদের

আজ বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই দুর্ঘটনার বিষয়ে বলেন, ‘সড়কের খারাপ-ভালো তো এর সঙ্গে জড়িত না। যারা চালাচ্ছে এবং গাড়িতে যারা আরোহী, তারা এর সঙ্গে দায়ী। হতে পারে ওই ছেলেটাও (রাজীব) ভুল করতে পারে। তার দাঁড়ানোটা সঠিক নাও হতে পারে। আজ বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য ডাহা মিথ্যাচার: রিজভী

দৈনিকটির আরেকটি শিরোনামে বলা হয়েছে, খালেদা জিয়াকে যথাযথ মর্যাদায় চিকিৎসা দেওয়া হচ্ছে—স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যকে ‘ডাহা মিথ্যাচার’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী 

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বারবার গভীর উদ্বেগ প্রকাশ করলেও কারা কর্তৃপক্ষ কোনো উদ্যোগই গ্রহণ করছে না। বিএনপি নেতা রিজভী বলেন, সরকারি মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে বেড দেওয়াসহ যেসব চিকিৎসার সুপারিশ করেছিল, তা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।

রোহিঙ্গা সংকটের আশু সমাধান চাইলেন প্রধানমন্ত্রী-

খবরটি দৈনিক দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকটের আশু সমাধান চেয়ে বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাম্প্রতিক সময়ে নির্যাতনের মাধ্যমে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর পুরো চাপ বাংলাদেশ একাই সামলাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে লন্ডনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি বলেন, 'বাংলাদেশ এ সংকটের শান্তিপূর্ণ, টেকসই ও আশু সমাধান চায়। মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী দমন অভিযান শুরু করার পর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকদের সংখ্যা এখন ১১ লাখ। বাংলাদেশ মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা বলেন, বিগত কয়েক বছরে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল সাফল্য অর্জন করা সত্ত্বেও এই সাফল্যকে টেকসই করতে হলে বাংলাদেশকে আরও অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে।

অনুমোদন পেল আরও ২ বেসরকারি বিশ্ববিদ্যালয়

দৈনিক কালেরকণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, অনুমোদন পেল আরও নতুন দুটি বিশ্ববিদ্যালয়। অনুমোদন পাওয়া দুই বিশ্ববিদ্যালয় হল-খুলনায় খানবাহাদুর আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ বুধবার স্থাপনের অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এনিয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯টি। আরও আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারে ১০ লাখ রোহিঙ্গা-

এই শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, শুরু হয়েছে বৃষ্টি আর ঝড়-বাদলের দিন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারে কক্সবাজারে আশ্রয় নেয়া প্রায় দশ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গারা।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমান

এ অবস্থায় আসন্ন বর্ষা মৌসুম মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছেন কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ও স্থানীয় মানুষজন। তাদের ক্যাম্প তৈরি করার প্রচেষ্টায় সমর্থন যোগাচ্ছে জাতিসংঘের অভিবাসী সংস্থা-আইওএম। খবর ইউএনবির। আইওএম জানায়, ২০টি প্যারা উন্নয়ন কমিটির (পিডিসি) অধীনে টেকনাফের ২৪টি দ্রুত প্রকল্পকে সমর্থন করছে আইওএম। সেখানে প্রতিটিতে ছয়জন শরণার্থী এবং পাঁচজন স্থানীয় লোক থাকবে। প্রকল্পের মধ্যে রয়েছে সেতু নির্মাণ, প্রবেশ পথ, ড্রেন, ঢাল সুরক্ষা কাজ প্রভৃতি। এই প্রকল্পগুলোর কাজ প্রধানত ঘনবসতিপূর্ণ উচিপ্রাং,লেদা, নয়াপাড়া ও শ্যামলাপুর ক্যাম্পে করা হবে।

সুষ্ঠু নির্বাচনবিহীন গণতন্ত্র ইমিটেশন অলঙ্কারের মতো : আবুল মকসুদ-

দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত শিরোনামের খবরে বলা হয়েছে,  বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনবিহীন গণতন্ত্র ইমিটেশন অলঙ্কারের মতো। আসল অলঙ্কার ও ইমিটেশন অলঙ্কারের মধ্যে যে তফাৎ রয়েছে, কারচুপির মাধ্যমে নির্বাচিত যে সরকার-পার্লামেন্ট হয় তাও মূল্যহীন ইমিটেশন অলঙ্কারের মতো।

সৈয়দ আবুল মকসুদ

কারচুপির নির্বাচনের মাধ্যমে সরকার গঠনও মূল্যহীন। তাই মনে রাখতে হবে আমরা আসল অলঙ্কার চাই, না ইমিটেশন অলঙ্কার চাই। তিনি আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সিপিবি-বাসদের উদ্যোগে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, ভালো নির্বাচন করতে হলে ইসিকে গণতন্ত্রমনা হতে হবে এবং শক্তিশালী হতে হবে। তাদেরকে মেরুদণ্ড সোজা করতে হবে। কারণ একটি ভালো নির্বাচন জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে।

এবারের ভারতের বিস্তারিত খবর:

দুহাজারের নোট ফিরছে না ব্যাঙ্কে, সঙ্কট জটিল-

আনন্দবাজার পত্রিকা লিখেছে- এটিএমের ঝাঁপ খোলা। কিন্তু টাকা নেই। বারোটা রাজ্যের ঘুম ছুটিয়ে নোটসঙ্কট পা রাখল পশ্চিমবঙ্গেও। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় এটিএম-এ নগদের অভাব। জানা গিয়েছে ৫০০ টাকার নোট আগের চেয়ে বেশি ছাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ। তার মধ্যেই অবশ্য পরিস্থিতি পর্যালোচনা করে তাঁর বার্তা,‘‘এই ঘাটতি সাময়িক। বাজারে যথেষ্ট পরিমাণে নগদ রয়েছে। কোনও কোনও রাজ্যে মাত্রাতিরিক্ত টাকা তোলা হয়েছে। তাই এমন অবস্থা।’’

কিন্তু ব্যাঙ্কগুলো যে সুরে কথা বলছে, তাতে কিন্তু দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অভিযোগ উঠছে, দু’হাজার টাকার নোটের যোগান বাড়ানোর জন্য বারংবার রিজার্ভ ব্যাঙ্কের কাছে আর্জি জানানো হয়েছিল। কিন্তু যোগান বাড়ানোর বদলে যোগান কমে যাওয়ায় সঙ্কট জটিল আকার নিয়েছে।

কালবৈশাখীর তাণ্ডবে মৃত বেড়ে ১৪, আজও হতে পারে ঝড়বৃষ্টি-দৈনিক আজকাল

কলকাতা সহ দক্ষিণবঙ্গে দু’দফার প্রবল ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪। এর মধ্যে কলকাতাতেই মারা গিয়েছেন ৭ জন। এছাড়া হাওড়া, বাঁকুড়া ও হুগলিতে মৃত্যু হয়েছে আরও ৭ জনের।

মঙ্গলবার সন্ধ্যায় প্রবল ঝড় আছড়ে পড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ঝড়ের গতি ছিল প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি। সঙ্গে প্রবল বৃষ্টি। ঝড়ের দাপটে লেনিন সরণী, মৌলালি, পোস্তা, বেহালা, বড়বাজার ও সাদার্ন অ্যাভিনিউ ও সল্টলেকের বিভিন্ন জায়গায় একাধিক গাছ ভেঙে পড়ে। বন্ধ হয়ে ‌যায় ‌যান চলাচল।

ঝড়ের দাপটে হাওড়া ও শিয়ালদহ শাখায় ওভারহেড তার ছিঁড়ে বন্ধ হয়ে ‌যায় ‌ট্রেন চলাচল। দমদমে মেট্রো রেলের লাইনে গাছ পড়ে ‌যায়।

‘২৪ ঘণ্টা তোমাদের উপর নজরে রাখছি’, চিনা নৌবহরকে নিশানা করে বার্তা ভারতের

ভারত মহাসাগরে তোমাদের গতিবিধি আমাদের নজর এড়িয়ে যায়নি। তোমাদের উপর প্রতি মুহূর্তে নজর রাখছি আমরা।’ এভাবেই ভারত মহাসাগরের কাছাকাছি এসে পড়া তিনটি চিনা রণতরী সমৃদ্ধ নৌবহরকে ‘স্বাগত’ জানাল ভারত। ভারতীয় নৌসেনার একটি টুইটকে ঘিরে ফের টানটান উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে।

 

ভারতীয় নৌসেনা অবশ্য এই টুইটকে কোনও হুঁশিয়ারি বলে মানতে নারাজ। তাদের দাবি, খানিকটা কৌতুকের ছলেই চিনকে বুঝিয়ে দেওয়া হল, যে ভারত মহাসাগরে চিনা রণতরীর গতিবিধি এ দেশের নৌসেনার নখদর্পণে। আর একটি টুইটে নৌসেনা জানিয়েছে, ভারতের জলসীমাকে নিশ্ছিদ্র রাখতে অন্তত ৫০টি রণতরী নজর রেখে চলেছে ভারত মহাসাগরে। ভারতীয় নৌসেনার বক্তব্য, ‘বিশাল এই এলাকাকে নিরাপদ রাখা আমাদের প্রাথমিক কর্তব্য।’#

পার্সটুডে/বাবুল আখতার/১৮