কোটা সংস্কার আন্দোলন: চলতি মাসের মধ্যে গেজেট না হলে ফের আন্দোলন
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৬ এপ্রিল বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া সফর স্থগিত-দৈনিক কালেরকণ্ঠ
- পাসপোর্টের আবেদন করতে তারেক রহমানকে দেশে আসতে হবে: ডিজি পাসপোর্ট-প্রথম আলো
- কয়লাখনি দুর্নীতি: খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৬ জুন-ইত্তেফাক
- হানিফের বক্তব্য স্বৈরাচারী সরকারেরই প্রতিধ্বনি:রিজভী-নয়াদিগন্ত
- কোটা সংস্কার আন্দোলন: চলতি মাসের মধ্যে গেজেট না হলে ফের আন্দোলন-দৈনিক যুগান্তর
- অস্ট্রেলিয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-মানবজমিন
ভারতের শিরোনাম:
- সব জেলা পরিষদই দখল করতে পারে তৃণমূল, সমীক্ষায় আধিপত্যের আভাস-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ট্রেন–স্কুলভ্যান সংঘর্ষ, নিহত ১৩ শিশু-দৈনিক আজকাল
- দেশের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! গুগলের উত্তরে চোখ কপালে দেশবাসীর-দৈনিক প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
প্রথমেই বাংলাদেশ
রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া সফর স্থগিত-দৈনিক কালেরকণ্ঠ
রাষ্ট্রপতি আবদুল হামিদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়ছে। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসার কথা ছিল তাঁর। কিন্তু অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়। প্রথমে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। সেটি পরিবর্তিত হয়ে বিকেল পৌনে ৪টায় করা হয়েছিল। এরপর এদিনের সফরটি অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন অনিবার্য কারণবশত এ কর্মসূচি স্থগিত করা হয় হয়েছে।
পাসপোর্টের আবেদন করতে তারেক রহমানকে দেশে আসতে হবে: ডিজি পাসপোর্ট-প্রথম আলো
বাংলাদেশি পাসপোর্ট ছাড়াই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে বসবাস করছেন। তিনি যদি পাসপোর্টের আবেদন করতে চান, তবে তাঁকে দেশে ফিরতে হবে। এ কথা বলেছেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাসুদ রেজোয়ান। আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে তিনি এ কথা জানান। তারেক রহমানের নাগরিকত্ব এবং পাসপোর্ট নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন। তিনি পাসপোর্ট জমা দিয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে স্বীকার করা হয় যে তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন।
কয়লাখনি দুর্নীতি : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৬ জুন-ইত্তেফাক
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ জুন দিন ধার্য করেছে আদালত। আজ বৃহস্পতিবার মামলাটির অভিযোগ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শাহ ইমরান এ দিন ধার্য করেন। আর মামলার প্রধান আসামি খালেদা জিয়া অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন বলে আদালতকে অবহিত করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। এদিন তিনি খালেদা জিয়ার পক্ষে হাজিরা প্রদান করেন। আজ খালেদা জিয়ার পক্ষে জিয়া উদ্দিন জিয়া, হান্নান ভূঁইয়া, আব্দুল খালেক মিলন, নজরুল হক প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন।
কোটা সংস্কার আন্দোলন: চলতি মাসের মধ্যে গেজেট না হলে ফের আন্দোলন-দৈনিক যুগান্তর
সরকারি চাকরিতে কোটা সংস্কারে চলতি মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা না হলে ফের আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেয়া হয়। এতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। আমাদের দাবি, এ মাসের মধ্যে কোটা বাতিলের গেজেট প্রকাশ করতে হবে। তা না হলে দাবি আদায়ে আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হব বলে জানান তিনি। রাশেদ খান আরও বলেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের কোনো সাধারণ শিক্ষার্থীকে হয়রানি করা হবে না।
হানিফের বক্তব্য স্বৈরাচারী সরকারেরই প্রতিধ্বনি : রিজভী-নয়াদিগন্ত
‘শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় থাকবে’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের এই বক্তব্য স্বীকৃত স্বৈরাচারী সরকারেরই যথার্থ প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, তার এই বক্তব্য গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসনে পাঠিয়ে বাকশাল পুরোদমে চালু রাখার ইঙ্গিতবাহী। তারা যে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়, তার বক্তব্য সেটিরই বহিঃপ্রকাশ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দিল্লিতে নির্বাসিত জীবন কাটিয়েছিলেন? রাজনৈতিক আশ্রয়ে কিভাবে ছিলেন? তার ছোট বোন শেখ রেহানা কিভাবে ব্রিটেনে অবস্থান করেছিলেন? জাতির সামনে এর জবাব দেয়ার আহ্বান জানান রিজভী।
আজ বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব বলেন।
অস্ট্রেলিয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-মানবজমিন
সিডনিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন উইমেন’ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। কাল ২৭ এপ্রিল সকালে সিডনি পৌঁছাবেন প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করার মুহুর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্যরা। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। শুক্রবার সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এবার ভারতের বিস্তারিত খবর:
সব জেলা পরিষদই দখল করতে পারে তৃণমূল, সমীক্ষায় আধিপত্যের আভাস-দৈনিক আনন্দবাজার প্রত্রিকা
বিভিন্ন মহলে এত দিন যা বলা হচ্ছিল, সম্ভবত সেটাই হতে চলেছে। পঞ্চায়েত নির্বাচনের জনমত সমীক্ষায় তৃণমূলের আধিপত্যের আভাসই স্পষ্ট। সব জেলা পরিষদই দখল করতে পারে তারা। পাশাপাশি, প্রধান বিরোধী দল হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে বিজেপি। অনেকটা দূরে থাকতে পারে বাম। তারও পিছনে কংগ্রেস। সমীক্ষার মতে, ভোট প্রধানত ভাগ হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যেই। জেলা পরিষদের মোট ৮২৫টি আসনের উপর এই জনমত সমীক্ষা করেছে এবিপি আনন্দ-সি ভোটার। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল জেলা পরিষদে ৫৩৮টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ১৬৭টি। বামেদের হাতে থাকতে পারে ৭৩টি আসন। কংগ্রেস পেতে পারে ৪৩টি। সমীক্ষা করা হয়েছে ১০ থেকে ২৪ এপ্রিলের মধ্যে। সেই সময়ের মধ্যেই ভোট নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। কোর্টের নির্দেশে মনোনয়নের জন্য বেড়েছে আরও এক দিন। তার পরে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তার ভিত্তিতে করা এই সমীক্ষায় তৃণমূলের ভোটপ্রাপ্তির হার দাঁড়াতে পারে ৩৪%, বিজেপির ২৬%, বামের ১৩% এবং কংগ্রেসের ৭%।
ট্রেন–স্কুলভ্যান সংঘর্ষ, নিহত ১৩ শিশু
ট্রেনের ধাক্কা স্কুল ভ্যানকে। আর এই দুর্ঘটনায় নিহত হয়েছে ১৩ জন স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশিনগর এলাকার একটি অজ্ঞাতনামা রেল ক্রসিংয়ে। এই ঘটনায় ৮ জন পড়ুয়া আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিস সূত্রের খবর, ২০ থেকে ৩০ জন শিশু ওই স্কুলবাসে ছিল। দুধি এলাকার একটি রেল ক্রসিং পার করতে গিয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় ওই স্কুল ভ্যানটির।
এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহত শিশুর পরিবারদের গভীর সমবেদনা জানিয়েছেন। পুলিস–প্রশাসনকে সব ধরনের সহায়তা এবং আহত শিশুদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দুর্ঘটনার তদন্ত করা হবে বলেও জানান আদিত্যনাথ। নিহত শিশুর পরিবারের হাতে ২ লক্ষ টাকা তুলে দেওয়ার আশ্বাস দেয় উত্তরপ্রদেশ সরকার। এর আগেও একটি স্কুলবাস ভয়াবহ দুর্ঘটনার মুখে পরেছিল বলে জানা গিয়েছে।
দেশের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! গুগলের উত্তরে চোখ কপালে দেশবাসীর-দৈনিক প্রতিদিন
ভারতের রাষ্ট্রপতির নাম বলতে পারেননি আলিয়া ভাট। বলতে পারেননি টাইগার শ্রফও। গুগলে খুঁজে অন্তত দেখতে পারতেন। কিন্তু গুগলে দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম খোঁজার চেষ্টা কখনও করেছেন? উত্তর দেখলে আপনার চক্ষু চড়কগাছে উঠে যেতেই পারে। দেখুন নমুনা।
হ্যাঁ, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নামের পাশে নরেন্দ্র মোদির এই ছবিই দেখানো হয়েছে গুগলের সার্চ ইঞ্জিনে। যা দেখে হতবাক নেটদুনিয়া। অনেকেই টুইটে প্রিন্ট স্ক্রিন তুলে ধরেছেন। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দিব্যা স্পন্দনাও টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/২৬