জুন ০৬, ২০১৮ ১১:৫৬ Asia/Dhaka
  • ‘বঙ্গবন্ধু-২'-এর প্রস্তুতি নিচ্ছে সরকার,বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৬ জুন বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • ‘বঙ্গবন্ধু-২'-এর প্রস্তুতি নিচ্ছে সরকার-প্রথম আলো
  • বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল : রাশেদ খান মেনন-দৈনিক ইত্তেফাক
  • আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী থাকবে: সিইসি-দৈনিক কালের কণ্ঠ
  • গায়ক আসিফ আকবরের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ-দৈনিক যুগান্তর
  • চাকরিতে প্রবেশের বয়সসীমা আপাতত বাড়ানোর উদ্যোগ নেই সরকারের
  • জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের সমঝোতা স্মারক: এনটিভি অনলাইন

এবার কোলকাতার কিছু গুরুত্বপূর্ণ খবর:

  • বৈঠকের আগে অস্বস্তি, মোদী-অমিতকে তোপ শিবসেনা মুখপত্রে: আনন্দবাজার পত্রিকা
  • উত্তরপ্রদেশ থেকে সরতে চলেছে পতঞ্জলী ফুডপার্ক, যোগীকেই দায়ি করছেন রামদেব: দৈনিক আজকাল
  • একসঙ্গে হোক বিধানসভা এবং লোকসভা ভোট, মোদির ডাকে সাড়া যোগী-অখিলেশের: দৈনিক প্রতিদিন

 

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বঙ্গবন্ধু-২'-এর প্রস্তুতি নিচ্ছে সরকার-প্রথম আলো   

দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্যাটেলাইট বঙ্গবন্ধু-১-এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা জানান। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সাগরের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত আমরা বাংলাদেশের মর্যাদাকে উন্নত করেছি। অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, স্যাটেলাইটের আয়ুষ্কাল ১৫ বছর। একটি স্যাটেলাইট তৈরি করতে পাঁচ-ছয় বছর লেগে যায়। সে জন্য বঙ্গবন্ধু-২ তৈরি করতে এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্বিতীয়টির সময় শেষ হয়ে এলে বঙ্গবন্ধু-৩, এভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকতা চলবে।

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল : রাশেদ খান মেনন-দৈনিক ইত্তেফাক

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিল্পকারখানা দ্রুত গতিতে এগিয়ে চলছে। এভাবে চলতে থাকলে আগামীতে বাংলাদেশ বিলিয়ন ডলার আয় করবে। বাংলাদেশ সারা বিশ্বে এখন একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়,উন্নয়নের রোল মডেল।  বুধবার নরসিংদীর শিবপুরের কামারগাওয়ে  স্যামসাং মোবাইল ফ্যাক্টরি পরিদর্শন ও কোম্পানির সুইচ অন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ২০০৮ সালে নির্বাচনের সময় বলা হত- বাংলাদেশ ডিজিটাল হবে। আর আজকে শুধু মোবাইলে বাংলাদেশ ডিজিটাল নয় বাংলাদেশ এখন মহাকাশে।

আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী থাকবে: সিইসি-দৈনিক কালের কণ্ঠ

'আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী থাকবে। তবে ৩০ জুলাইয়ের তিন সিটি করপোরেশেন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভবনা নেই। পরিস্থিতি তৈরি হলে তখন দেখা যাবে।' নির্বাচন কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ওপর প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে আজ বুধবার দুপুর ১টার দিকে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আজ বুধবার বরিশাল ও ফরিদপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ চলছে।                                   

গায়ক আসিফ আকবরের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ-দৈনিক যুগান্তর

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার কণ্ঠশিল্পী আসিফ আকবরের জামিন ও রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরের পর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালত তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে কণ্ঠশিল্পী আসিফকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন তার (আসিফ) আইনজীবী। দুপুর ১২টার দিকে গায়ক আসিফকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন সাইবার পুলিশ ব্যুরোর উপপুলিশ পরিদর্শক প্রলয় রায়।তথ্যপ্রযুক্তি আইনে তেজগাঁও থানায় সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের করা একটি মামলায় আসিফকে গ্রেফতার করা হয়েছে, যার মামলা নম্বর ১৪।

চাকরিতে প্রবেশের বয়সসীমা আপাতত বাড়ানোর উদ্যোগ নেই সরকারের

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ হতে বাড়িয়ে ৩৫ করার কোনো উদ্যোগ আপাতত সরকারের নেই। আজ সংসদে তিনি বলেন, পূর্বে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের সেশনজট থাকলেও বর্তমানে উল্লেখ্যযোগ্য সেশনজট নেই বললেই চলে। ফলে শিক্ষার্থীরা সাধারণত ১৬ বছরের এসএসসি, ১৮ বছরে এইচএসসি এবং ২৩/২৪ বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে থাকে। সাধারণ প্রার্থীদের জন্য চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর বিধায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পরও তারা চাকরিতে আবেদনের জন্য কমপক্ষে ৬/৭ বছর সময় পেয়ে থাকে। তিনি বলেন, বর্তমানে চাকরি হতে অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ বছর হতে ৫৯ বছরে উন্নীত হওয়ায় শূন্য পদের সংখ্যা স্বাভাবিকভাবেই হ্রাস পেয়েছে। এই প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হলে বিভিন্ন পদের বিপরীতে চাকরি প্রার্থীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে যার ফলে নিয়োগের ক্ষেত্রে অধিকতর প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে।

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন বিষয়ে জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের সমঝোতা স্মারক: এনটিভি অনলাইন

সেনাবাহিনীর হত্যা-নির্যাতন-ধর্ষণের মুখে রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সাত লাখ রোহিঙ্গা মুসলিমকে স্বদেশে নিরাপদে প্রত্যাবর্তনের জন্য অবশেষে জাতিসংঘের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সাক্ষর করেছে মিয়ানমার।  গত বছরের ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে উপকূলের বিভিন্ন শরণার্থী শিবির ও সীমান্তের শূণ্যরেখায় আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ‘নিরাপদ, সম্মনাজনক ও টেকসই’ করার জন্য একটি ‘সহযোগিতামূলক অবকাঠামো’ বের করাই হবে এই সমঝোতা স্মারক চুক্তির মূল লক্ষ্য। এর আগে বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যাপারে চুক্তি করলেও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটি এ প্রক্রিয়ার সঙ্গে আন্তর্জাতিক কোনো সংস্থাকে জড়াতে রাজি হচ্ছিল না; এমনকি রাখাইনেও তাদের পরিদর্শন ছিল নিষিদ্ধ। এর মধ্যে আজ বুধবার মিয়ানমারের সঙ্গে এ ধরনের সমঝোতা স্মারক চুক্তিকে রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষ্যে প্রত্যাবর্তনের ‘প্রথম পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সেখানকার আবাসিক প্রতিনিধি কান্ট ওস্তবি

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি:

বৈঠকের আগে অস্বস্তি, মোদী-অমিতকে তোপ শিবসেনা মুখপত্রে আনন্দবাজার পত্রিকা

এমন ভাবে যে স্বাগত জানাবে শিবসেনা, সেটা হয়তো স্বপ্নেও ভাবেননি বিজেপি সভাপতি অমিত শাহ। শিবসেনার মান ভাঙানোর জন্য বুধবারেই তিনি বৈঠকে বসবেন উদ্ধব ঠাকরের সঙ্গে। ঠিক তার আগে শরিকি সমস্যার জন্য নরেন্দ্র মোদী ও অমিত শাহকেই দায়ী করল শিবসেনা মুখপাত্র ‘সামনা। কড়া ভাযায় ‘সামনা'য় বলা হয়েছে, ‘উপনির্বাচনে পরাজয়ের পর কেন শরিকদের সঙ্গে কথা বলছেন অমিত শাহ?’ এরই পাশাপাশি সামনা-র সাফ কথা: ‘২০১৯ সালের নির্বাচনে শিবসেনা আলাদা করেই লড়বে।' রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, বৈঠকের আগেই কড়া মনোভাবের কথা জানিয়ে অমিত শাহকে চাপের মুখে ফেলে দিল শিবসেনা।

উত্তরপ্রদেশ থেকে সরতে চলেছে পতঞ্জলী ফুডপার্ক, যোগীকেই দায়ি করছেন রামদেব

উত্তরপ্রদেশে থেকে সরতে চলেছে যোগগুরু রামদেবের পতঞ্জলি আর্য়ুবেদের ফুডপার্ক প্রকল্প। এ বিষয়ে আচার্য বালকৃষ্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দায়ী করেছেন। তিনি জানান, যমুনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন ৬ হাজার কোটি টাকার এই প্রকল্পে রাজ্য সরকারের কোনও সহযোগিতা পাওয়া যায়নি। যদিও যোগী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বড় প্রকল্পটি তৈরি করতে যে যে প্রয়োজনীয় শর্তগুলি মানা দরকার তার জন্য পতঞ্জলীকে আরও দেড়মাস সময় দেওয়া হয়েছে। অন্যদিকে এই সংস্থার আরও এক শীর্ষ আধিকারিক জানান যে, যমুনা এক্সপ্রেসওয়ে শিল্প বিকাশ কর্তৃপক্ষকে রাজ্য সরকার এখনও জমি হস্তান্তর করার অনুমতি দেয়নি। পতঞ্জলি শুধুমাত্র ৬ হাজার কোটির প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকারকে যমুনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন জমি পাইয়ে দেওয়ার জন্য। যেখান থেকে ভেষজ ও শুদ্ধ খাদ্য প্রস্তুত করে তা পাঠানো হবে দেশ–বিদেশে।

একসঙ্গে হোক বিধানসভা এবং লোকসভা ভোট, মোদির ডাকে সাড়া যোগী-অখিলেশের-দৈনিক প্রতিদিন

ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচনী ক্ষেত্রে সংস্কারের কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷বারবার মোদি বলেছেন নির্বাচন পদ্ধতিতে পরিবর্তনের কথা৷ প্রধানমন্ত্রীর মতে, প্রতিটি রাজ্যে আলাদা আলাদা করে ভোট হলে প্রচুর সময় এবং টাকা দুইই নষ্ট হয়৷ তার চেয়ে লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোটগুলি হয়ে গেলে খরচ অনেকটাই কমানো যাবে৷ সেই সঙ্গে বাঁচবে সময়ও৷ আর তাছাড়া ভোট মানেই উন্নয়নের কাজ আটকে যাওয়া৷ গোটা দেশে সমস্ত রাজ্যের ভোট একসঙ্গে করা গেলে এই সমস্ত সমস্যায় এড়ানো যাবে৷ কিন্তু মোদির এই তত্ত্বে বিরোধীরা সাড়া দেননি এতদিন৷ রাজ্য সরকারগুলিও তীব্র আপত্তি জানিয়েছিল একসঙ্গে ভোট হওয়ার ব্যপারে৷ বিরোধীদের দাবি ছিল, একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট হলে স্থানীয় ইস্যুগুলি চাপা পড়ে যাবে জাতীয় ইস্যুর চাপে৷ সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলির তুলনায় বাড়তি সুবিধা পেয়ে যাবে জাতীয় দলগুলি৷ বিশেষ করে সর্বভারতীয় স্তরে ক্ষমতায় থাকা বিজেপি একসঙ্গে ভোট হলে অন্য বিরোধীদের তুলনায অনেক বেশি সুবিধা পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ভর করে৷ তাছাড়া এই প্রক্রিয়ায় সাংবিধানিক সমস্যাও ছিল৷#

পার্সটুডে/বাবুল আখতার/৬