আ.লীগ জনগণে আস্থা হারিয়ে যন্ত্রে ভর করছে: ফখরুল
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩০ আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ও নেপালের প্রধানমন্ত্রী-নয়াদিগন্ত
- আ.লীগ জনগণে আস্থা হারিয়ে যন্ত্রে ভর করছে: ফখরুল-প্রথম আলো
- সহিংসতা হলে কঠিন জবাব দেয়া হবে: ওবায়দুল কাদের-ইত্তেফাক
- ইভিএমের বিরোধিতা করে ইসি কমিশনারের বৈঠক বর্জন-দৈনিক কালেরকণ্ঠ
- সবচেয়ে বেশি দুর্নীতি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়: টিআইবি-সমকাল
- শহিদুল আলমকে গ্রেপ্তার যথার্থ- জয়-মানবজমিন
- নড়াইলের মানহানি মামলা, খালেদা জিয়ার জামিন স্থগিত করেননি চেম্বার আদালত-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- পাঁচ মিনিটেই প্রধানমন্ত্রী ঠিক হয়ে যাবে, এবার ফর্মুলা দিলেন লালু-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- গোটা দেশের মেধা আপনার চেয়ে বেশি, রাফালে ইস্যুতে রাহুলকে কটাক্ষ অমিতের
- সাবধান! লোকসভা নির্বাচনকে ভেস্তে দিতে গোপনে ফন্দি আঁটছে আইএসআই
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ও নেপালের প্রধানমন্ত্রী-নয়াদিগন্ত
বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং বিদ্যুৎ খাতের উন্নয়নে জোর দিয়েছেন দুই প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে কাঠমান্ডু পৌঁছানোর পর হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন। বাণিজ্য, বিনিয়োগ ও বিদ্যুৎ খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।’ বঙ্গোপসাগর উপকূলবর্তী সাত দেশের জোট বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে বৃহস্পতিবার নেপালে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নেপালের সহযোগিতার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে দারিদ্র দূরীকরণ। আমরা শুধু নিজেরাই উন্নত দেশ হতে চাই না। আমরা চাই, আমাদের প্রতিবেশীরাও উন্নত হোক।’
আ.লীগ জনগণে আস্থা হারিয়ে যন্ত্রে ভর করছে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন জনগণের ওপর আস্থা হারিয়ে যন্ত্রের ওপর ভর করছে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা সরকার ও নির্বাচন কমিশনের একটি অশুভ পার্টনারশিপ। আজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন ও সরকার জনমতকে উপেক্ষা করে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আরপিও সংশোধনের মাধ্যমে ভোট জালিয়াতি করতে নির্বাচনে ইভিএম ব্যবহারের অপকৌশল হাতে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ এখন জনগণের ওপর আস্থা হারিয়ে যন্ত্রের ওপর ভর করছে। ফখরুল ইসলাম প্রশ্ন রাখেন, প্রধান নির্বাচন কমিশনার হঠাৎ কী কারণে, কাকে বিজয়ী করার উদ্দেশে এবং কার নির্দেশে নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা হাতে নিয়েছেন? বিএনপির মহাসচিব বলেন, দেশের জনগণ কোনোভাবে নির্বাচনে নির্বাচন কমিশনের এই অপকৌশল বাস্তবায়ন হতে দেবে না।
সহিংসতা হলে কঠিন জবাব দেয়া হবে: ওবায়দুল কাদের-ইত্তেফাক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্য ও আন্দোলনের নামে যদি বিএনপি সহিংসতার দিকে পা বাড়ায়, তাহলে দেশের জনগণকে নিয়ে আমরা কঠিনভাবে জবাব দেব। বিএনপি নেতাদের মধ্যে যারা এখন ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে অস্থিতিশীল নাজুক পরিস্থিতির সৃষ্টি করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছেন। ২০১৪ ও ২০০১ সাল আর ফিরে আসবে না। এ ধরনের খোয়াব দেখলে, অচিরেই তাদের ওই খোয়াব উবে যাবে।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের সড়ক পরিস্থিতি দেখতে এসে ভোগড়া বাইপাস মোড়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। এ সময় গাজীপুরের নবাগত এসপি শামসুন্নাহারসহ সওজের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইভিএমের বিরোধিতা করে ইসি কমিশনারের বৈঠক বর্জন-দৈনিক কালেরকণ্ঠ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে আরপিও সংশোধনের বিরোধিতা করে নির্বাচন কমিশনের সভা বর্জন করেছেন কমিশনার মাহবুব তালুকদার। একইসঙ্গে তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিয়েছেন। এ বিষয়ে মাহবুব তালুকদার সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন ভবনে কমিশনের সভা শুরু হয়। বৈঠক শুরুর প্রায় আধা ঘণ্টা পর নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে যান মাহবুব তালুকদার। বর্তমানে তিনি তার কার্যালয়ে অবস্থান করছেন। সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এ ছাড়া অপর তিন নির্বাচন কমিশনার সভায় উপস্থিত রয়েছেন।
সবচেয়ে বেশি দুর্নীতি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়- দৈনিক সমকাল
দেশে সবচেয়ে বেশি দুর্নীতি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) এক জরিপে এ তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার জরিপটি প্রকাশ করে টিআইবি। জরিপে দুর্নীতিগ্রস্ত অপর শীর্ষ খাত হিসেবে পাসপোর্ট ও বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কে চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস ভবনে টিআইবির কার্যালয়ে এ জরিপ তুলে ধরা হয়। অনুষ্ঠানে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। টিআইবির জরিপে বলা হয়, ২০১৭ সালে সার্বিকভাবে ৬৬.৫ শতাংশ মানুষ সেবাখাতগুলোতে দুর্নীতির শিকার হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৭২.৫ শতাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়, পাসপোর্ট অফিসে ৬৭.৩ শতাংশ এবং বিআরটিএ-তে ৬৫.৪ শতাংশ দুর্নীতি হয়েছে। ২০১৭ সালে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রশাসন, ভূমি সেবা, কৃষি, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিক সেবা, বিদ্যুৎ, ব্যাকিং, বিআটিএ, কর ও শুল্ক, এনজিও, পাসপোর্ট, বীমা, গ্যাস ও সেবা খাতে জরিপ করে টিআইবি।
শহিদুল আলমকে গ্রেপ্তার যথার্থ- জয়-মানবজমিন
সাংবাদিক শহিদুল আলমকে গ্রেপ্তার যথার্থ (এপ্রোপ্রিয়েট) বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার দাবি, গত মাসে নিরাপদ সড়কের দাবিতে ছাত্রবিক্ষোভ চলাকালে গুজব ছড়িয়ে দিয়ে সহিংসতায় উস্কানি দিচ্ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া আউটলেট রিয়েল ক্লিয়ার পলিটিক্সে প্রকাশিত একটি লেখায় এমন মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাসস। ওই লেখায় জয় লিখেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ দ্রুততার সঙ্গে সহিংতায় রূপ নেয়। এই সহিংসতায় রূপ নেয়ার জন্য যারা দায়ী তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশী ফটো সাংবাদিক শহিদুল আলম।
সহিংসতায় তিনি উস্কানি দিয়েছিলেন বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রকৃত ঘটনা সত্ত্বেও তিনি সেলিব্রেটি হওয়ার কারণে তার পক্ষে আন্তর্জাতিক পর্যায় থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।
নড়াইলের মানহানি মামলা, খালেদা জিয়ার জামিন স্থগিত করেননি চেম্বার আদালত-নয়া দিগন্ত
স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে ‘বির্তকিত মন্তব্যের অভিযোগে নড়াইলের মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেননি চেম্বার আদালত। খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে ছিলেন এ জে মোহাম্মদ আলী। সাথে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, এ কে এম এহসানুর রহমান। নড়াইলের আদালতে করা এ মানহানির মামলায় খালেদা জিয়াকে গত ১৩ অগাস্ট ছয় মাসের জামিন দেয় হাই কোর্ট। ওই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে গত ১৯ আগস্ট চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালত স্থগিতাদেশ না দেয়ায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন আদেশই বহাল থাকছে বলে তার আইনজীবীরা জানান।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
পাঁচ মিনিটেই প্রধানমন্ত্রী ঠিক হয়ে যাবে, এবার ফর্মুলা দিলেন লালু-দৈনিক আনন্দবাজার পত্রিকা
বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে, ঠিক হয়ে যাবে পাঁচ মিনিটেই। এনসিপি-র শরদ পওয়ারের পর এবার ফর্মুলা বাতলালেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত লালু একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, ভোটের পর পাঁচ মিনিটেই প্রধানমন্ত্রী বেছে নেওয়া যাবে। অর্থাৎ এনসিপি প্রধানের মতোই লালুপ্রসাদও প্রধানমন্ত্রী প্রার্থী আগে থেকে ঠিক করে ভোটে লড়ার পক্ষপাতী নন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বিরোধীদের প্রধানমন্ত্রী কে, এই প্রশ্ন তুলে বারবার আক্রমণ করছে বিজেপি। তার জবাবে দু’দিন আগে মঙ্গলবারই শরদ পওয়ার বলেছিলেন, বিরোধী শিবিরের কে প্রধানমন্ত্রী হবে, তা ঠিক হবে ভোটের পর সংখ্যার ভিত্তিতেই। অর্থাৎ যে দল সবচেয়ে বেশি আসন পাবে, সেই দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।
গোটা দেশের মেধা আপনার চেয়ে বেশি, রাফালে ইস্যুতে রাহুলকে কটাক্ষ অমিতের
আপনার কাছে আর ৬ ঘণ্টা সময় আছে, আপনার নেতাকে বুঝিয়ে রাফালে ইস্যুতে জেপিসি (যৌথ সংসদীয় কমিটি) গঠন করুন”, টুইটারে অর্থমন্ত্রী অরুণ জেটলিকে টুইট রাহুলের। গতকাল একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেছিলেন, “তুলনামূলক বিচারে, ইউপিএ জমানার তুলনায় ২০ শতাংশ কম দামে রাফালে কিনছে বিজেপি। রাহুলের মাথায় কিছু ঢোকেনি বলেই ভুলভাল প্রশ্ন করছে।” জবাবে কংগ্রেস সভাপতি পালটা টুইট করে বলেন, “এত যখন আপনার আত্মবিশ্বাস, তাহলে আপনার নেতাকে বুঝিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যৌথ সংসদীয় কমিটি গঠন করুন, সেই কমিটিই ঠিক করে দেবে রাফালে কত বড় দুর্নীতি। এরপরই আসরে নামেন বিজেপি সভাপতি অমিত শাহ। অরুণ জেটলির পাশ দাঁড়িয়ে বিজেপি সভাপতি একহাত নেন রাহুলকে। বলেন, “আপনি দিল্লিতে একরকম, কর্ণাটকে একরকম, হায়দরাবাদে একরকম, রাইপুরে একরকম আর সংসদে এক এক রকম বলছেন রাফালের দাম, আপনার থেকে দেশের মেধা অনেক (IQ) বেশি।”
সাবধান! লোকসভা নির্বাচনকে ভেস্তে দিতে গোপনে ফন্দি আঁটছে আইএসআই
সদ্য সমাপ্ত পাক নির্বাচনে পিছন থেকে কলকাঠি নাড়ার অভিযোগ উঠেছে সেদেশের গুপ্তচর সংস্থা আইএসআই-এর বিরুদ্ধে৷ সূত্রের খবর, একই কৌশল ২০১৯-এর এদেশের লোকসভা নির্বাচনেও ব্যবহার করতে চলেছে পাক গুপ্তচর সংস্থা৷ আমেরিকা ও জাপানের একাধিক সাইবার সিকিউরিটি সংস্থার প্রকাশিত রিপোর্ট বলছে, অ্যানড্রয়েড ও উইনডোজ অপারেটিং সিস্টেমকে ব্যবহার করে ভারতীয় কূটনীতিক ও সেনাদের বিভিন্ন ওয়েবসাইটে ম্যালওয়্যার ছড়ানোর পরিকল্পনা নিয়েছে আইএসআই৷ সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে যা ব্যবহার করা হবে ভারতের বিপক্ষে, বিভিন্ন মহলে ভারতকে বদনাম করার জন্য৷ যা আসন্ন লোকসভা নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে অনুমান৷#
পার্সটুডে/বাবুল আখতার/৩০