সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১৩:২৭ Asia/Dhaka
  • বিজয়ের মাসে জয়ের পতাকা নিয়ে তীরে ভিড়বে নৌকা: ওবায়দুল কাদের

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • দেশের সব বিভাগে হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী-কালেরকণ্ঠ
  • সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা প্রধানমন্ত্রী নিজেই: রিজভী-প্রথম আলো
  • বিজয়ের মাসে জয়ের পতাকা নিয়ে তীরে ভিড়বে নৌকা: ওবায়দুল কাদের-ইত্তেফাক
  • খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলা চলবে কিনা, সিদ্ধান্ত ২০ সেপ্টেম্বর-দৈনিক যুগান্তর
  • রোহিঙ্গা ইস্যু আরো ভালোভাবে সামলানো যেত : সু চি-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • মিথ্যে বলছেন অরুণ জেটলি, জোর গলায় দাবি করলেন রাহুল-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • বিজেপির সদস্য সংখ্যা দু’‌কোটি কমেছে, হদিশ নেই অনেকের-দৈনিক আজকাল
  • প্রধানমন্ত্রী ‘অশিক্ষিত গেঁয়ো, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার-সংবাদ প্রতিদিন

দেশের সব বিভাগে হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী-কালেরকণ্ঠ

আগামীতে ক্ষমতায় আসলে দেশের সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) আওতাধীন এক হাজার শয্যাবিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের পেছনে নিজস্ব ৩ দশমিক ৮২ একর জমিতে দেশের প্রথম এ সেন্টার বেইজড সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ হচ্ছে। অত্যাধুনিক এ হাসপাতালে মোট ১১টি সেন্টার থাকবে। ২০২১ সালে ১৩তলা বিশিষ্ট এ হাসপাতালের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। যেখানে এক ছাদের নিচেই সবধরনের স্বাস্থ্য সেবা মিলবে।

সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা প্রধানমন্ত্রী নিজেই: রিজভী-প্রথম আলো

নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা প্রধানমন্ত্রী নিজেই। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে রিজভী এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচন কমিশনকে সহযোগিতা করার বক্তব্য জনগণের মধ্যে হাসির খোরাক জুগিয়েছে। সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী নিজে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিশনকে সহযোগিতা করার অর্থ হলো ইসির আত্মসমর্পণ নিশ্চিত করা। দেশে সুষ্ঠু নির্বাচনের একমাত্র উপায় শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

বিজয়ের মাসে জয়ের পতাকা নিয়ে তীরে ভিড়বে নৌকা: ওবায়দুল কাদের-ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতীক নৌকা ভেসে ভেসে বিজয়ের পতাকা নিয়ে বিজয়ের মাসে তীরে ভিড়বে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক ভবন নির্মানের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিএনপির আগামী মাস থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সড়ক ও জনপথ ( স ও জ) বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলা চলবে কিনা, সিদ্ধান্ত ২০ সেপ্টেম্বর-দৈনিক যুগান্তর

খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলবে কিনা, সে বিষয়ে আগামী ২০ সেপ্টেম্বর আদেশ দেবেন আদালত।

বৃহস্পতিবার রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে অবস্থিত ঢাকার অস্থায়ী ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এদিন ঠিক করেন। খালেদা জিয়া আদালতে যেতে ইচ্ছুক নন বলে আজও তিনি জানিয়েছেন কারা কর্তৃপক্ষকে।

খালেদা জিয়া

এদিকে রাষ্ট্রপক্ষে দুদকের পিপি মোশাররফ হোসেন কাজল আদালতকে মৌখিকভাবে বলেছেন, এভাবে খালেদা জিয়া আদালতে আসতে অনিচ্ছুক হলে ও মামলার ওপর দুই আসামির পক্ষে তাদের আইনজীবী যুক্ততর্ক শুরু না করলে আদালত যেন শুনানির পর্ব সমাপ্ত করে রায়ের দিন ধার্য করেন

রোহিঙ্গা ইস্যু আরো ভালোভাবে সামলানো যেত : সু চি-দৈনিক নয়াদিগন্ত

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা ইস্যু আরো ভালোভাবে সামলানো যেত বলে স্বীকার করেছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি। বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ানের ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে এমন মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা সঙ্কটের পর বিষয়টি নিয়ে প্রথমবারের মতো ইতিবাচক কথা বললেন এই নেত্রী।

মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি

রাখাইনের গ্রামগুলোতে অভিযানের নামে অত্যাচার-নির্যাতন চালায় মিয়ানমার সেনারা। রোহিঙ্গাদের নির্বিচারে গুলি করে হত্যা, নারীদের ধর্ষণ এবং রোহিঙ্গাদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলিম নিজেদের বাড়ি-ঘর থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

মিথ্যে বলছেন অরুণ জেটলি, জোর গলায় দাবি করলেন রাহুল-দৈনিক আনন্দবাজার পত্রিকা

পলাতক শিল্পপতি বিজয় মাল্য ইস্যুতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে সুর আরও চড়াল কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেসের হয়ে আক্রমণ শানাতে আসরে নামলেন খোদ কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। এ দিন সাংবাদিক বৈঠকে রাহুলের দাবি, ‘‘মিথ্যে বলছেন জেটলি।

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী

দেশ ছেড়ে পালানোর দু’দিন আগে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে প্রায় ২০ মিনিট ধরে কথা বলেছিলেন বিজয় মাল্য। লন্ডন যাওয়ার কথাও জানিয়েছিলেন। আর সব কিছু জানা সত্ত্বেও মুখে কুলুপ এঁটে থেকেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আসলে বিজয় মাল্য যাতে নির্ঝঞ্ঝাটে দেশের বাইরে চলে যেতে পারেন, সে ব্যবস্থা করে দিয়েছিলেন অরুণ জেটলিই।’

বিজেপির সদস্য সংখ্যা দুকোটি কমেছে, হদিশ নেই অনেকের-দৈনিক আজকাল

নরেন্দ্র মোদি–অমিত শাহের বিজেপির সদস্য সংখ্যা আদতে কত? দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে শুরু করে একাধিক শীর্ষ নেতৃত্বের পেশ করা পরিসংখ্যান নিয়ে সৃষ্টি হওয়া বিভ্রান্তি এই প্রশ্ন তুলে দিয়েছে।

জাতীয় রাজনীতির অলিন্দে এই প্রশ্নের উত্তরই এখন হাতড়ে বেড়াচ্ছেন অনেকে। কারণ গত ৮ সেপ্টেম্বর বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, বিজেপির সদস্য সংখ্যা ৮ কোটি ছিল। যা তিনি বাড়িয়ে ৯ কোটিতে নিয়ে গিয়েছেন। অথচ আশ্চর্যজনকভাবে গত জুলাই মাসে অমিত শাহ বলেছিলেন, বিজেপির সদস্য সংখ্যা এখন ১১ কোটি। ফলে সদস্য সংখ্যা মাত্র দু’মাসে কী করে দু’কোটি কমে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রধানমন্ত্রী অশিক্ষিত গেঁয়ো, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার

ফের বিতর্কিত মন্তব্য মুম্বই কংগ্রেসের সভাপতি সঞ্জয় নিরুপমের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘অশিক্ষিত, গেঁয়ো। মন্তব্য করে বিতর্কে কংগ্রেস নেতা। এর আগে প্রধানমন্ত্রীকে নিচ আদমি বলে, বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার। তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে দল। পরে অবশ্য তাঁকে ফিরিয়েও নেওয়া হয়। এবারে অবশ্য তেমন কোনও পদক্ষেপ কংগ্রেস করেনি। 

আসলে মহারাষ্ট্রের স্কুলগুলিতে প্রধানমন্ত্রী ছোটোবেলার কাহিনী নিয়ে তৈরি একটি শর্ট ফিল্ম দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানকার বিজেপি সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়েই এই বেফাঁস মন্তব্য করেন সঞ্জয়।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩