সেপ্টেম্বর ২৪, ২০১৮ ১২:১৬ Asia/Dhaka
  • এটা জগাখিচুড়ির ঐক্য, বেশি দিন টিকবে না’-বলেছেন ওবায়দুল কাদের

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ‘এটা জগাখিচুড়ির ঐক্য, বেশি দিন টিকবে না’-বলেছেন ওবায়দুল কাদের দৈনিক প্রথম আলো
  • ভোট দিলে ক্ষমতায় থাকবো, না দিলে থাকবো না: বলেছেন শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
  • বৃহস্পতিবার রাজধানীতে জনসভা করবে বিএনপি- রিজভীর ঘোষণা-দৈনিক কালেরকণ্ঠ
  • বর্তমান সরকারের অধীনেও নির্বাচনে যেতে রাজি ড. কামাল-দৈনিক যুগান্তর
  • ‘জনগণের কাছে ক্ষমা চাইলে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য হতে পারে’ বলেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন-দৈনিক মানবজমিন
  • খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার শুরু, ২ আসামির অনাস্থা: -দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:        

  • এ বার কাকদ্বীপ, নদীর উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ- -আনন্দবাজার পত্রিকা
  • ‌৯০ পেরোল পেট্রোলের দাম-দৈনিক আজকাল
  • বিজেপির বনধকে বেআইনি ঘোষণার দাবি, হাই কোর্টে তৃণমূল সাংসদের জনস্বার্থ মামলা-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তা:

১. জনাব….এটা জগাখিচুড়ির ঐক্য, এ ঐক্য বেশি দিন টিকবে না- ড. কামাল হোসেনের নেতৃত্বে বাংলাদেশে যে রাজনৈতিক ঐক্য গঠনের প্রচেষ্টা চলছে তা নিয়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনার কী মনে হয়- এ ঐক্য টিকবে?

২. এবার একটু আন্তর্জাতিক অঙ্গনের দিকে নজর দেয়া যাক। ভারতকে উদ্দেশ করে পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিফ গফুর বলেছেন, রণদামামা বাজানো বন্ধ করুন। কীভাবে দেখছেন পাক সেনা মুখপাত্রের এ বক্তব্যকে?

 

‘এটা জগাখিচুড়ির ঐক্য, বেশি দিন টিকবে না-বলেছেন ওবায়দুল কাদের দৈনিক প্রথম আলো

কারও নাম উল্লেখ না করে গণফোরাম নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ‘জাতীয় ঐক্যের’ কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এই ঐক্য জগাখিচুড়ির ঐক্য। এটি বেশি দিন টিকবে না।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের কলাতলীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

গত শনিবার ঢাকা থেকে সড়কপথে কক্সবাজার পর্যন্ত সাংগঠনিক সফর শুরু করেন ওবায়দুল কাদের। তাঁর সঙ্গী হয়েছেন একাধিক কেন্দ্রীয় নেতা। পথে বিভিন্ন জায়গায় আয়োজিত সভায় বক্তব্য দিয়েছেন কাদের ও তাঁর সঙ্গে থাকা নেতারা। বিভিন্ন জায়গায় তিনি আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদেরও পরিচয় করে দেন। কাদের দাউদকান্দি, কুমিল্লা শহর, ফেনীর বিভিন্ন সভায় বক্তব্য দেন। শনিবার চট্টগ্রামে রাত কাটায় আওয়ামী লীগের এই দল। গতকাল রোববার আবার সফর শুরু হয়। প্রথমে কর্ণফুলীতে বক্তব্য দেন কাদের। এরপর চট্টগ্রামের লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়া ও রামুতে পথসভা করেন। এসব সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা যেমন দেন, তেমনি বিরোধী দল বিএনপি ও নবগঠিত জাতীয় ঐক্যের সমালোচনা করেন।

শনিবার ঢাকার মহানগর নাট্যমঞ্চে আয়োজিত সভায় অংশ নেন ড. কামাল হোসেন, বিকল্পধারার নেতা বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ কয়েক নেতা। সেখানে এই নেতারা বলেন, তাঁদের ‘জাতীয় ঐক্যের প্রক্রিয়া’ এই সমাবেশের মাধ্যমে আরও এগিয়ে গেল। অনুষ্ঠানে বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের কয়েকটি ছোট দলের নেতারা উপস্থিত ছিলেন। তবে জোটের অন্যতম প্রধান দল জামায়াতের কোনো নেতা অংশ নেননি।

ভোট দিলে ক্ষমতায় থাকবো, না দিলে থাকবো না: বলেছেন শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ শান্তিতে আছে। শুধু শান্তিতে নেই বিএনপি। আর নতুন করে যোগ হয়েছে যুক্তফ্রন্ট। তিনি বলেন, বিএনপিসহ খুনি, দুর্নীতিবাজ, সুদখোর, বাড়ি দখলকারী-সুবিধাভোগীরা যুক্তফ্রন্ট করেছে। তারা সরকার উত্খাতের ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্থানীয় সময় রবিবার রাতে নিউইয়র্কের ম্যানহাটনের হোটেল হিলটনের গ্র্যান্ড বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রবাসী নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অতীতের যে কোনো সংবর্ধনায় উপস্থিতির রেকর্ড ভেঙেছে রবিবারের এই সংবর্ধনা।

প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনের আগে আর আমেরিকায় আসার সুযোগ হবে না। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে। আপনাদের আত্মীয়-স্বজনদের বলবেন নৌকায় ভোট দিতে। তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশের উন্নয়ন হয়, আর অন্যরা থাকলে শুধু দুর্নীতি হয়।

বৃহস্পতিবার রাজধানীতে জনসভা করবে বিএনপি- রিজভীর ঘোষণা-দৈনিক কালেরকণ্ঠ

আগামী বৃহস্পতিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা দলীয় কার্যালয়ের সামনে জনসভা করার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

রুহুল কবির রিজভী বলেন, বৃহস্পতিবার জনসভা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ তথা পুলিশ, গণপূর্ত দপ্তর ও সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে। জনসভার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক বিষয় নিয়েই এ জনসভা হবে। জনসভায় কি ঘোষণা হবে সেটা সেদিনই জানতে পারবেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

এ সময় ‘গণমাধ্যমের একাংশ আওয়ামী লীগের প্রতি অবিচার করছে- ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে রিজভী বলেন, আমরা মনে করি অবিচার করছে না, বরং গণমাধ্যমের বিরাট অংশ সাহসের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছে। সংবাদমাধ্যমের গলায় দড়ি ঝোলাতে ডিজিটাল নিরাপত্তা আইন করে ওবায়দুল কাদের সাহেবদের তৃপ্তি মিটছে না, তাই এখন গোটা গণমাধ্যমকেই পকেটে ঢোকানোর চেষ্টায় কিছুটা বেগ পাওয়াতে আফসোস করে নানা কথাবার্তা বলছেন।

বর্তমান সরকারের অধীনেও নির্বাচনে যেতে রাজি ড. কামাল-দৈনিক যুগান্তর

বর্তমান সংবিধানিক কাঠামো এবং বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে তারা নীতিগতভাবে রাজি আছেন বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। ড. কামাল হোসেন এ বিষয়ে জানান, তাদের নবগঠিত জোটের শরিকদের সঙ্গে এব্যাপারে কোন কথা হয়নি। এটি শুধুই তার দলের অবস্থান।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন জানান, তাদের এই জোট কোন নির্বাচনী জোট নয়। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যেই শুধু তারা একজোট হয়েছেন। তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করার জোট। যে কারণে এটা দ্রুত করা সম্ভব হয়েছে। ড. কামাল হোসেন আরও বলেন, ‘এটা একটা সিম্পল প্রভিশন। আমি মনে করি সবাই এটা বলতে দ্বিধা করবেন না। তবে এরকম কোন সিদ্ধান্ত আমরা বসে নেইনি।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন

তিনি বলেন, ‘বলা হচ্ছে, তারা যেগুলো আইনে আছে, এগুলো মেনে চলবেন। যদি দেখা যায় যে, তারা এখান থেকে সরে যাচ্ছেন বা কোনো প্রভাব ফেলার চেষ্টা করছেন। তখন এটা দৃষ্টি এলে প্রথমেতো আপত্তি করা হবে যে, এটা থেকে আপনারা বিরত থাকেন। এরপরও অন্যপক্ষ যদি দেখেন যে রীতিনীতি না মেনে এটা করা হচ্ছে। তখন তো নির্বাচন বাতিল করার জন্য কোর্টে যেতে হবে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ড. কামাল উল্লেখ করেন, যারা সরকারে থাকবে, নির্বাচন নিরপেক্ষ করতে তাদের দায়িত্ববোধ থাকতে হবে।

জনগণের কাছে ক্ষমা চাইলে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য হতে পারে বলেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন-দৈনিক মানবজমিন

জনগণের কাছে ক্ষমা চেয়ে তাদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করলে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ জাতীয় প্রেস ক্লাবে নাসির উদ্দিন পিন্টু স্মৃতি সংসদের আয়োজনে এক  প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের রেখে জাতীয় ঐক্য হতে পারে না। আরে ঐক্য তো হয়েছে আপনাদের কার্যকলাপের বিরুদ্ধে। আপনারা জনগণের অধিকার হরণ করেছেন তার বিরুদ্ধে জাতীয় ঐক্য হয়েছে।  যাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হয়েছে তাদের নিয়ে আবার কিভাবে ঐক্য হয়। তবে হতে পারে। আপনারা জনগণের কাছে ক্ষমা চান। তারপর জনগণের যে পাঁচটি দাবি সেগুলো মেনে নিয়ে দাবিগুলোর সঙ্গে একাত্মতার ঘোষণা দেন।

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার শুরু, ২ আসামির অনাস্থা: -দৈনিক নয়াদিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবেল ট্রাস্ট মামলার শুনানি শুরু হয়েছে। তবে এ আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন এ মামলার অন্য দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান। এ সময় জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে মুন্নাকে।

পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মো: আখতারুজ্জামানের আদালতে আজ সোমবার এ মামলায় শুনানি শুরু হলে মামলার প্রধান আসামি খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লা মিয়া মামলার মুলতবি চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তাকে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে। খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

এ সময় খালেদা জিয়ার জামিন বৃদ্ধির আরেকটি আবেদনও করা হয়। আদালত আবেদনটি মঞ্জুর করে খালেদা জিয়াকে জেল কোড অনুযায়ী চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এবং জামিন বৃদ্ধি করেন।

অপরদিকে আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের পক্ষে মামলার কার্যক্রম মুলতবি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। আবেদনে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলা চলবে বলে আদালত আদেশ দেন। যা আইনসম্মত হয়নি। এতে মামলা পরিচালনায় কোরাম সঙ্কট হবে। তাই আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। এবং দুই আসামির জামিন আবেদন করছি।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

এ বার কাকদ্বীপ, নদীর উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ-আনন্দবাজার পত্রিকা

এ রাজ্যে ফের ভেঙে পড়ল ব্রিজ। পোস্তা, শিলিগুড়ির পর এ বার কাকদ্বীপ। নির্মান কাজ চলাকালীণই হুড়মুড় করে ভেঙে পড়ল ব্রিজ।

সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের ঘটনা। কাকদ্বীপের কালনাগিনী নদীর( স্থানীয় ভাবে কালনাগিনী খালে নামে পরিচিত) উপর স্টিমার ঘাটের কাছে ব্রিজটি তৈরি করা হচ্ছিল। এ দিন সকালে আচমকাই ভেঙে করে সেটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা নাগাদ ব্রিজটির একটা বড় অংশ ভেঙে পড়ে।

ভেঙে পড়েছে ব্রিজ

শ্রমিকরা কাজে যোগ দেওয়ার ঠিক আগেই ভেঙে পড়ে কংক্রিটের সেতুটি। এখন পর্যন্ত কোনও হতাহতর খবর নেই। তবে স্থানীয়  বাসিন্দারা বলেন, শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর যদি ভাঙত তা হলে প্রাণহানির সম্ভবনা ছিল। সেতুটি কাকদ্বীপ ব্লকের রামকৃষ্ণ অঞ্চলের স্টিমার ঘাটের সঙ্গে নরসিংহ আশ্রমকে সংযুক্ত করেছে। তিন বছর আগে এই সেতুর শিলান্যাস করেছিলেন সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মন্টুরাম পাখিরা। গত দু’বছর ধরে ১২০ মিটার লম্বা ওই সেতুর নির্মাণ কাজ চলছে। অর্ধেকের মত কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল।

৯০ পেরোল পেট্রোলের দাম-দৈনিক আজকাল

যা আশঙ্কা করা হয়েছিল সেই পথেই এগোচ্ছে পেট্রোলের দাম। ৯০ পার করে গেল পেট্রোলের দাম। সোমবার পেট্রোলের দাম ৯০.‌০৮ টাকা হয়েছে। ১১ পয়সা দাম বেড়েছে। বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ৯০ টাকা ছাড়িয়ে গিয়েছে। তবে দিল্লিতে সেটা ঘোরা ফেরা করছে ৮২.‌৫৪ টাকা।

কলকাতায় ৮৪.‌৫৪ টাকা। আর চেন্নাইয়ে ৮৫.‌৯৯ টাকা। ডিজেলের দাম এখন ঘোরাফেরা করছে ৮০ টাকার কাছাকাছি। মুম্বইয়ে ডিজেলের দাম ৭৮.‌৫৮টাকা। মুম্বইয়ে ৭৪.‌০২ টাকা। দিল্লিতে দাম ৭৫.‌৮৭ টাকা। এবং কলকাতায় ডিজেলের দাম ৭৮.‌২৬ টাকা। এই দাম বৃদ্ধির মরশুমেও দিল্লিতে অপেক্ষাকৃত সস্তা পেট্রোল ডিজেলের দাম। সবচেয়ে বেশি দাম বাণিজ্য নগরী মুম্বইয়ে।

বিজেপির বনধকে বেআইনি ঘোষণার দাবি, হাই কোর্টে তৃণমূল সাংসদের জনস্বার্থ মামলা-দৈনিক সংবাদ প্রতিদিন

ইসলামপুর কাণ্ডে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধকে বেআইনি ঘোষণার দাবিতে কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা৷ আজ, উচ্চ আদালতে তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি মামলা দায়ের করেন৷ মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা৷ অন্যদিকে, দাঁড়িভিটে পৌঁছে গিয়েছে মন্দাক্রান্তা সেন-সহ বাম বুদ্ধিজীবীদের একটি প্রতিনিধি দল৷ দেখা করার কথা মৃতের পরিবারের সঙ্গে৷

আদালত সূত্রে খবর, যেহেতু দেশের শীর্ষ আদালত ও হাই কোর্ট বনধকে বেআইনি বলে আগেই ঘোষণা করেছে, ফলে বিজেপির ডাকা এই বনধকেও ‘কালো তালিকাভুক্ত করার দাবি জানান সাংসদ৷ যদিও, বনধ রুখতে রাজ্য সরকারের তরফে একগুচ্ছে বিধিনিষেধ জারি করা হয়েছে৷ বনধের দিনে কাজে না আসা কর্মীদের বেতন ও কর্মজীবন থেকে একদিন বাদ দেওয়ার বিষয়েও বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ পুলিশের তরফেও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ বনধের দিনে বাংলার সচল রাখতে শাসকদল তৃণমূলের তরফেও পথে নামা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ ইউরোপ সফরে গিয়ে বনধের বিরোধী বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসন ও দলীয় স্তরে বনধ বিরোধী অবস্থান স্পষ্ট হওয়ার পর তৃণমূলের তরফে এবার আইনি পথে লড়াইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর৷ আদালত সূত্রে খবর, আজ, সোমবার কলকাতা হাই কোর্টে বনধ রুখতে মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ৷#

পার্সটুডে/বাবুল আখতার/২৪

শ্রোতবন্ধুরা!  আপনাদের সবার জন্য শুভকামনা করে কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।