সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১৪:০৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী, সরকার চায় সব দল ভোটে আসুক-প্রথম আলো
  • পরিচ্ছন্নতায় বিশ্বরেকর্ড বঙ্গবন্ধুর নামে উৎসর্গ মেয়র সাঈদের-দৈনিক ইত্তেফাক
  • শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে সরকারকে অপসারণ করব- বলেছেন মওদুদ-কালেরকণ্ঠ
  • শিক্ষার উন্নয়নে মুনাফার মানসিকতা ত্যাগের আহ্বান শেখ হাসিনার- দৈনিক যুগান্তর
  • এস কে সিনহার ঘটনা প্রকাশ্যে আসলে আরো দুর্গন্ধ ছড়াবে-মানবজমিন
  • দুইবার নির্বাচনে না এলে নিবন্ধন ঝুঁকি, বিএনপিকে উদ্দেশ করে ইসি-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে..., পার্থর মন্তব্যে হতভম্ব শিক্ষামহল-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • অভিযুক্ত জনপ্রতিনিধিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন:‌ সুপ্রিম কোর্ট: দৈনিক আজকাল
  • ইসলামপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, হাই কোর্টে মামলা এবিভিপি-র-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা‍! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী, সরকার চায় সব দল ভোটে আসুক-প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার চায় আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং সব রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করবে। যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ–বিষয়ক মন্ত্রী জেরেমি হান্ট গতকাল সোমবার সকালে জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপক্ষীয় বৈঠককক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকের পর পররাষ্ট্রসচিব শহিদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ–বিষয়ক মন্ত্রী জেরেমি হান্ট

জেরেমি হান্ট বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাজ্য। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরাও চাই আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেবে।বৈঠকে রোহিঙ্গা প্রসঙ্গে আলোচনাকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনপ্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, এই সমস্যার সমাধানে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মিয়ানমার তাদের নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। তবে তারা চুক্তি অনুযায়ী কাজ করছে না।

পরিচ্ছন্নতায় বিশ্বরেকর্ড বঙ্গবন্ধুর নামে উৎসর্গ মেয়র সাঈদের-দৈনিক ইত্তেফাক

নগর পরিচ্ছন্নতায় গিনেস বুকে স্থান করে নেওয়া স্বীকৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ মঙ্গলবার নগর ভবনস্থ ব্যাংক ফ্লোর সেমিনার কক্ষে গিনেসের স্বীকৃতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর নামে উৎসর্গের এ ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত 'ডেটল পরিচ্ছন্ন ঢাকা' কর্মসূচি দিয়ে নতুন রেকর্ড গড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সর্বাধিক সংখ্যক মানুষ একই জায়গায় ঝাড়ু দেওয়ার এই রেকর্ডটি আগে ভারতের বদোধরা শহরের দখলে ছিল (৫,০৫৮ জন)। ওই রেকর্ড ভেঙে বর্তমানে 'গিনেস বুক অব ওয়ার্ল্ডে' বাংলাদেশ নতুন রেকর্ডের অধিকারী (৭,০২১জন)।

শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে সরকারকে অপসারণ করব- বলেছেন মওদুদ-কালেরকণ্ঠ

এবার আর খালি মাঠে গোল দিতে দেব না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত যুবসমাবেশে এ কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ

তিনি আরো বলেন, জনগণকে সাথে নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে অংশ নেব এবং শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে সরকারকে অপসারণ করব। ১ অক্টোবর থেকে সবাই রেডি হয়ে যান। এ সময় জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।  তিনি বলেন, কোনও ঘটনাই ঘটেনি, তারপরও গায়েবি মামলা দেওয়া হচ্ছে। সারা দেশের সকল গ্রামে-গ্রামে ওয়ার্ডে-ওয়ার্ডে ছাত্রলীগ, যুবলীগের সহায়তায় একশো-দেড়শো নাম দিয়ে বাকি অজ্ঞাত আসামি রেখে মামলা দেওয়া হয়। ফ্যাসিস্ট দেশেই এটা সম্ভব, কোনো গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। সংগঠনটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন সভাপতিত্বে যুবসমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

শিক্ষার উন্নয়নে মুনাফার মানসিকতা ত্যাগের আহ্বান শেখ হাসিনার- দৈনিক যুগান্তর

শিক্ষা খাতের উন্নয়নে মুনাফার মানসিকতা ছেড়ে অধিকারের দৃষ্টিভঙ্গিতে এগিয়ে আসতে বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকালে জাতিসংঘের সদর দফতরে শিক্ষার জন্য আন্তর্জাতিক আর্থিক সুবিধা নিয়ে শীর্ষ পর্যায়ের এক আলোচনায় তিনি বলেন, সনাতনী সহায়তা শিক্ষায় অর্থায়নের ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়। আমাদের অবশ্যই বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।জাতিসংঘের বিশ্বজুড়ে শিক্ষাবিষয়ক বিশেষ দূত গর্ডন ব্রাউন এ অনুষ্ঠানের আয়োজন করেন। শেখ হাসিনা বলেন, অধিকারের দৃষ্টিভঙ্গি নিয়ে মুনাফার মানসিকতা ছেড়ে শিক্ষাকে জনসাধারণের নাগালে নেয়ার জন্য বেসরকারি খাত থেকে বিনিয়োগ আসা উচিত। কারণ শ্রমিকরা মানসম্পন্ন শিক্ষা পেলে তাদের ব্যবসাই সমৃদ্ধ হবে। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের শিক্ষার লক্ষ্যমাত্রা অর্জনে ঋণ না দিয়ে বরং বেশি বেশি অনুদান দেয়ার মাধ্যমে বিশাল এই ব্যয়ের বোঝা বহনের ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে।

এ সময় এসডিজি ফোরের লক্ষ্য অর্জনে শিক্ষা খাতে ব্যাপক অর্থায়ন বাড়ানোর ওপর জোর দেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশীয় উৎস থেকে প্রাক্বলিত তহবিল উল্লেখযোগ্যভাবে বাড়লেও অর্থায়নে বড় ধরনের ফাঁক থেকে যাবে। উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি খুঁজে বের করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০-এর গোল ফোর অর্জনে সাফল্যের চাবিকাঠি হল- শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সম্পদ প্রবাহ বাড়িয়ে সামঞ্জস্য আনা।

এস কে সিনহার ঘটনা প্রকাশ্যে আসলে আরো দুর্গন্ধ ছড়াবে-মানবজমিন

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে তার সহকর্মীরা কেন একই বেঞ্চে বসতে চাননি সে কারণ প্রকাশ্যে আনলে আরো দুর্গন্ধ ছড়াবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইনজীবী মাহবুবে আলম। আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসঙ্গটি উঠে আসলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, উনি (এস কে সিনহা) তো স্পষ্ট করেননি, কেন উনার সঙ্গে সহকর্মী বিচারপতিরা একসঙ্গে বসতে চাননি। কেননা অন্য বিচারপতিরা তার সঙ্গে কেন বসতে চান না সেই কারণগুলো উল্লেখ করলে আরো দুর্গন্ধ ছড়াবে। সেগুলোতে বিচার বিভাগের ভাবমূর্তি আরো নষ্ট হবে।

তার এই মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকরা যখন জানিতে চান এস কে সিনহার সঙ্গে বিচারপতিরা কেন বসতে চাননি, তার উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা যা জেনেছি কাগজ পড়ে জেনেছি। কোনো বিচারপতির সঙ্গে এ নিয়ে কথা বলিনি। প্রধান বিচারপতির সঙ্গে তার সহকর্মীদের বসতে না চাওয়ার ঘটনা পৃথিবীতে আর কোথাও কি ঘটেছে!

দুইবার নির্বাচনে না এলে নিবন্ধন ঝুঁকি, বিএনপিকে উদ্দেশ করে ইসি-দৈনিক নয়াদিগন্ত

বিএনপির প্রতি ইঙ্গিত করে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, যদি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল পরপর দুইবার নির্বাচনে অংশ না নেয়, সে ক্ষেত্রে ওই দল নিবন্ধন ঝুঁকির মুখে পড়বে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশন সচিব এ কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, কমিশন থেকে আরপিও সংশোধনীর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তারা মিটিং করে মন্ত্রিসভায় উপস্থাপন করবেন। মন্ত্রিসভায় যদি এটি অনুমোদন হয়, তাহলেই সংসদে যাবে। কিন্তু এখন পর্যন্ত এটি কোন পর্যায়ে আছে তার তথ্য পাইনি। যদি এটি সংশোধন হয়, তাহলে ভালো; আর না হলেও তার প্রস্তুতি আছে। আগের আরপিও দিয়েও নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করা সম্ভব। ফলে বিদ্যমান আরপিও দিয়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিব বলেন, ৩০ অক্টোবরের পর যেকোনো দিন তফসিল ঘোষণা করা হতে পারে। এই বিষয়টি সামনে রেখে ইসি সচিবালয় বিভিন্ন প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সারা দেশের ৪০ হাজার ১৯৯টি কেন্দ্রের তথ্য পেয়েছি। সেগুলো প্রায় চূড়ান্ত হয়ে গেছে। যখন তফসিল ঘোষণা করা হবে, তখন রিটার্নিং কর্মকর্তারা কেন্দ্রগুলোর তালিকা আমাদের কাছে পাঠাবে। এরপর সেগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি...

নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে..., পার্থর মন্তব্যে হতভম্ব শিক্ষামহল-দৈনিক আনন্দবাজার পত্রিকা

নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে...।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

স্কুলের শিক্ষকপদের ‘কনভার্সন’ বা রূপান্তর নিয়ে খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যে এই লোকপ্রচলিত ধাঁধার সুর শুনে শিক্ষা শিবির থেকে স্কুলশিক্ষা দফতর সকলেই হতভম্ব! শিক্ষামন্ত্রী সোমবার জানান, শিক্ষকপদের রূপান্তর নিয়ে ১৯৯৪ সালের বিধির এখন আর কোনও অস্তিত্বই নেই। তৃণমূল সরকার আসার পরে পরেই এই বিধি বাতিল করে দেওয়া হয়েছিল। তাঁর দাবি, যা আদৌ নেই, সেই বাতিল বিধি মেনেই পদ রূপান্তর করা হয়েছিল ইসলামপুরের দাড়িভিট স্কুলে। তাই সেটা সম্পূর্ণ বেআইনি। এই বিধি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হল বলে সাফ জানিয়ে দেন শিক্ষামন্ত্রী।

অভিযুক্ত জনপ্রতিনিধিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন:‌ সুপ্রিম কোর্ট: দৈনিক আজকাল

খানিকটা হাঁফ ছেড়ে বাঁচলেন অভিযুক্ত সাংসদ, বিধায়করা। কারণ যেসব সাংসদ, বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে তাঁদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পাঁচ সদস্যের সংবিধান বেঞ্চ মঙ্গলবার এই রায় দিয়েছে। শীর্ষ আদালত বলেছে, একজন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় চার্জ গঠিত হয়েছে, এই কারণে তাঁর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা আটকানো যায় না। বরং রাজনীতিকে অপরাধমুক্ত করার ব্যাপারটি সুনিশ্চিত করতে আইনসভাকে আইন প্রণয়ন করতে হবে। কেন্দ্রীয় সরকার চেয়েছিল সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক রেখে কাজটি হাসিল করবে। কিন্তু এদিনের রায় পাল্টা সংসদেই বল ঠেলে দিল দেশের সর্বোচ্চ আদালত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আরএফ নরিম্যান, বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দু মলহোত্রাকে নিয়ে গঠিত সংবিধান বেঞ্চ জানিয়েছে, কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে চার্জশিট পেশ হলেই তাঁকে ডিসকোয়ালিফাই করা যায় না। সেই জনপ্রতিনিধির অধিকার কেড়ে নেওয়ার কোনও কারণ আদালত যোগ করতে পারে না। সুতরাং চার্জশিটপ্রাপ্ত জনপ্রতিনিধিকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা যায় না। যেসব জনপ্রতিনিধির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে চার্জ গঠিত হয়েছে, তাঁদের নির্বাচনে লড়ার অধিকার কেড়ে নেওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন করা হয়েছিল। সংবিধান বেঞ্চ সেই আবেদন নিয়ে মঙ্গলবার রায় দেয়।

বিষয়টি প্রথমে তিন বিচারপতির বেঞ্চে উঠেছিল। পরে সেটি সংবিধান বেঞ্চে পাঠানো হয়। সংবিধান বেঞ্চে শুনানি শুরু হয় ৯ আগস্ট। যার রায় এবং নির্দেশ দেওয়া হয়েছে এদিন।

ইসলামপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, হাই কোর্টে মামলা এবিভিপি-র-দৈনিক সংবাদ প্রতিদিন

ইসলামপুরের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ছাত্র সংগঠন এবিভিপি৷ ছাত্র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানোর পাশাপাশি পুলিশ আধিকারিক ও মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত চাওয়া হয়েছে৷ এই ঘটনার পেছনে অন্য বাকি অভিযুক্তদের শাস্তির দাবিতে সিবিআই তদন্ত হোক বলেও এদিন দাবি জানানো হয়েছে৷

মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে এবিভিপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক আশিস চৌহান ও রাজ্য সাধারণ সম্পাদক সপ্তর্ষি সর্দার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের কথা জানান। মৃত দুই ছাত্রের পরিবার ও আহতদেরকেও ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলে এবিভিপি৷ বুধবার বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধে নৈতিক সমর্থন রয়েছে বলেও এবিভিপির তরফে জানানো হয়৷ তবে, সমর্থন থাকলেও এবিভিপি পথে নামবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়৷ কিন্তু, সমর্থন জানিয়েও কেন পথে নামবে না এবিভিপি? তা নিয়েও উঠছে প্রশ্ন৷ কেননা, গোষ্ঠী সংঘর্ষের জেরে এবিভিপির দুই কর্মীর মৃত্যুর প্রতিবাদে যখন বনধ ডেকেছে বিজেপি, তখন একই মতাদর্শে ছাত্ররাজনীতি করা ছাত্র সংগঠনের বনধের সমর্থনে মাঠে না নামার কৌশল ঘিরেও দলের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে৷#

পার্সটুডে/বাবুল আখতার/২৫