'বর্তমান সরকারের পরিণতি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের চেয়েও খারাপ হবে'-নয়াদিগন্ত
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- প্রধানমন্ত্রী বিদেশে অন্য কথা বলেন: বলেছেন রিজভী-প্রথম আলো
- শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, আশাবাদ বিশ্ব নেতাদের-দৈনিক ইত্তেফাক
- ডেঙ্গুর প্রকোপ আর থাকবে না: মেয়র খোকন-কালেরকণ্ঠ
- খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিভিশন-যুগান্তর
- ‘আ.লীগ ডুগডুগি বাজাবে না’বলেছেন কাদের-মানবজমিন
- 'বর্তমান সরকারের পরিণতি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের চেয়েও খারাপ হবে'-নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- পরকীয়া অপরাধ নয়, ৪৯৭ ধারা অসাংবিধানিক, রায় সুপ্রিম কোর্টের- দৈনিক আনন্দবাজার পত্রিকা
- কর্মসংস্থান বেড়েছে মমতার বাংলায়, রিপোর্ট কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের: দৈনিক আজকাল
- নমাজের জন্য মসজিদ অপরিহার্য নয়, সরকার চাইলেই জমি অধিগ্রহণ-সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
প্রধানমন্ত্রী বিদেশে অন্য কথা বলেন: বলেছেন রিজভী-প্রথম আলো
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এক কথা বলেন, বিদেশে বলেন অন্য কথা। নিউইয়র্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, সব দলের অংশগ্রহণে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে সরকার।
রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণভাবে মিথ্যা। কারণ, এখন পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সব পদক্ষেপ একতরফা নির্বাচনেরই আলামত। আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। রিজভী বলেন, ‘এবার আর একতরফা নির্বাচন করার সুযোগ পাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ আজ নিয়মিত এই সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনা করেন রিজভী।
শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, আশাবাদ বিশ্ব নেতাদের-দৈনিক ইত্তেফাক
বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানরা বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করবেন বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন। তারা বুধবার বিভিন্ন সময়ে শেখ হাসিনার সঙ্গে পৃথক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকের পর সাংবাদিকেদের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘সার্বিকভাবে সকলেই আশা প্রকাশ করেছেন যে, বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে বহাল থাকবেন।’
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বুধবার রাতে নিউ ইয়র্কস্থ হোটেল গ্রান্ড হায়াতে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
ডেঙ্গুর প্রকোপ আর থাকবে না: মেয়র খোকন-কালেরকণ্ঠ
আগামী ১৫ দিনের মধ্যে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রকোপ ঠিক হয়ে যাবে। ডেঙ্গু আর থাকবে না। গত দুই তিন বছরের তুলনায় এডিস মশার প্রকোপ সামান্য বেড়েছে, সেটা খুব সামান্য। তবে কোনোভাবেই মহামারির পর্যায়ে পৌঁছেনি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িয়া নগরভবনে সড়কে শৃঙ্খলা ফেরাতে গঠিত সমন্বয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র একথা বলেন।
মেয়র বলেন, আমরা ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব সম্পর্কে নগরবাসীকে তিন মাস আগ থেকে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেই। সেই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মী ও রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা কমপক্ষে ৩৫ হাজার বাসাবাড়িতে গিয়ে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করেছে এবং শিখিয়ে দিয়ে এসেছে। তাছাড়া তিন মাস আগ থেকে আমরা গণমাধ্যম, সোশ্যালমিডিয়াসহ সর্বত্র সচেতনতামূলক বিজ্ঞাপন ও প্রচারপত্র বিলি করে আসছি।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিভিশন-যুগান্তর
খালেদা জিয়ার অনুপস্থিতিতে চ্যারিটেবল মামলার বিচারকাজ চলমান রাখার নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়েছে। আবেদনে বিশেষ জজ আদালতের আদেশ বাতিলের পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ক্রিমিনাল ল’ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ১০(১) ধারায় এ আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে, বিচারিক আদালতের আদেশ আইনবহির্ভূত। এর আগে মামলাটিতে যুক্তিতর্ক সমাপ্ত করে রায় ঘোষণার দিন ধার্য করা হবে কিনা- এ বিষয়ে আদেশের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান আদেশের দিন ধার্য করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা হয়ে কারাগারে যাওয়ার পর থেকে গত ৫ সেপ্টেম্বর ছাড়া আর একবারও আদালতে হাজির হননি খালেদা জিয়া।
‘আ.লীগ ডুগডুগি বাজাবে না’বলেছেন কাদের-মানবজমিন
বিএনপি বেশি লাফালাফি করলে আওয়ামী লীগ ঘরে বসে ডুগডুগি বাজাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে দলের সম্পাদক মন্ডলীর সভা শেষে তিনি এ কথা বলেন। কাদের বলেন, বিএনপি-জামায়াত যদি আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে তাহলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। নাশকতা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী মানুষের জানমাল রক্ষায় ব্যবস্থা নেবে বলে জানান সেতুমন্ত্রী।
'বর্তমান সরকারের পরিণতি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের চেয়েও খারাপ হবে'-নয়াদিগন্ত
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বাম রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দীন উমর বলেছেন, এ সরকারের অধীনে নির্বাচন হলেও তারা ( বর্তমান সরকার) জয়লাভ করতে পারবে না, তাদের করুন পরিণতি হবে। কারণ দেশে যে ধরণের পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মনে হয় না কোনোভাবেই বর্তমান সরকার ছাড় পাবে।
বর্তমান সরকারের পরিনতি মালদ্বীপের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের চেয়েও খারাপ পরিণতি হবে। তিনি বলেন, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন অনেক কারচুপির আশ্রয়ের পাশাপাশি বিরোধীদের প্রতি দমন পীড়ন চালিয়েও রেহাই পায়নি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ডাঃ ফয়জুল হাকিম।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি...
পরকীয়া অপরাধ নয়, ৪৯৭ ধারা অসাংবিধানিক, রায় সুপ্রিম কোর্টের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
পরকীয়া ফৌজদারি অপরাধ নয়। ইংরেজ শাসনকালে তৈরি এই আইনের ৪৯৭ ধারা অসাংবিধানিক। রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের পর্যবেক্ষণ, এই আইন স্বেচ্ছাচারিতার নামান্তর। মহিলাদের স্বাতন্ত্র্য খর্ব করে। স্বামী কখনই স্ত্রীর প্রভু বা মালিক হতে পারেন না। ব্রিটিশদের তৈরি করা ১৮৬০ সালের আইনকে চ্যালেঞ্জ করে একটি মামলার প্রেক্ষিতেই বৃহস্পতিবার শীর্ষ আদালতের এই রায়।

রায়ের পর আবেদনকারীর আইনজীবী রাজ কালিশ্বরম বলেন, ‘‘এই রায় ঐতিহাসিক। আমি খুশি।’’ ১৮৬০ সালে তৈরি ওই আইনের ৪৯৭ নম্বর ধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তি কোনও মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করলে এবং ওই মহিলার স্বামীর অনুমতি না থাকলে পাঁচ বছর পর্যন্ত জেল এবং জরিমানা বা উভয়ই হতে পারে। এই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন জনৈক যোশেফ শাইন।
৪৯৭ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে রায়দানের সময় প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘‘এই আইন জোর করে চাপিয়ে দেওয়া এবং স্বেচ্ছাচারিতার সমান। এখন এটা বলার সময় হয়েছে যে, কোনও মহিলার স্বামী তাঁর প্রভু বা মালিক হতে পারেন না।’’ কোনও নারী কখনই স্বামী বা কারও সম্পত্তি হতে পারেন না বলেও পর্যবেক্ষণ সাংবিধানিক বেঞ্চের।
কর্মসংস্থান বেড়েছে মমতার বাংলায়, রিপোর্ট কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের: দৈনিক আজকাল
ফের সেরা হল মমতা ব্যানার্জির বাংলা। ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত কর্মসংস্থান লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বাংলায়। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) পে–রোল ডেটার রাজ্যওয়াড়ি তালিকায় সেই চিত্র স্পষ্ট হয়েছে। কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধির দিক দিয়ে সারা দেশের নিরিখে পশ্চিমবঙ্গ প্রথম দশেই রয়েছে। গত আগস্ট মাসে এই রিপোর্ট প্রকাশ করেছিল কেন্দ্র।
সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইপিএফও পে–রোল ডেটার তথ্য অনুসারে, উল্লিখিত ১১ মাসে পশ্চিমবঙ্গে ১৮ থেকে ২১, ২২ থেকে ২৫, ২৬ থেকে ২৮, ২৯ থেকে ৩৫ এবং ৩৫ বছর বয়সের ঊর্ধ্বে সর্বত্রই কর্মসংস্থানের হার বৃদ্ধি পেয়েছে। ১৮ থেকে ২১ বছর বয়সীদের ক্ষেত্রে কর্মসংস্থানের পরিমাণ পশ্চিমবঙ্গে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ছিল ৩ হাজার ৯০২। তা চলতি বছরের জুলাই মাসে বৃদ্ধি পেয়ে হয়েছে ৬ হাজার ৭৯৬। ২২ থেকে ২৫ বছর বয়সীদের ক্ষেত্রে এই পরিমাণ ২০১৭ সালের সেপ্টেম্বরে ছিল ৩ হাজার ৮৫৯। ১১ মাস পরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮ হাজার ৭৪৫। ২৬ থেকে ২৮ বছর বয়সীদের ক্ষেত্রে কর্মসংস্থানের পরিমাণ চলতি বছরের জুলাই মাসে পশ্চিমবঙ্গে ৪ হাজার ৮১৪। অথচ এর পরিমাণ ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ছিল প্রায় দেড় হাজার। আবার ২৯ থেকে ৩৫ বছর বয়সীদের ক্ষেত্রে কর্মসংস্থানের পরিমাণ ১১ মাসে ১ হাজার ৫৩৩ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৬ হাজার ৮৭২। আর ৩৫ বছরের ঊর্ধ্বে কর্মসংস্থানের পরিমাণ পশ্চিমবঙ্গে ৬ হাজার ৯৬৪, চলতি বছরের জুলাই মাসের হিসাব পর্যন্ত।
নমাজের জন্য মসজিদ অপরিহার্য নয়, সরকার চাইলেই জমি অধিগ্রহণ-সংবাদ প্রতিদিন
অযোধ্যা মামলা চূড়ান্ত রায়ের আগে ঐতিহাসিক রায় দিল সর্বোচ্চ আদালত। নমাজ পড়ার জন্য মসজিদে যাওয়া আবশ্যিক কিনা? জানতে চেয়ে শীর্ষ আদালতে হওয়ার একটি মামলার রায়দান ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি দীপক মিশ্র বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস নাজিরের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ইসলামে নমাজ পড়ার জন্য মসজিদে যাওয়া বাধ্যতামূলক নয়। সরকার চাইলেই মসজিদের জমি অধিগ্রহণ করতে পারে।

এর আগে ১৯৯৪ সালে এই সংক্রান্ত একটি মামলা হয়েছিল। সেই মামলার ভিত্তিতে সর্বোচ্চ আদালত জানিয়েছিল ইসলামে উপাসনার জন্য মসজিদ অপরিহার্য্য নয়। সেই রায় পুনর্বিবেচনার জন্য সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করে ইসলামিক সংগঠনগুলি। কিন্তু সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই রায় পরিবর্তন করল না। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, উপাসনার জন্য মসজিদ অপরিহার্য নয়। নমাজ ইসলামের অপরিহার্য অংশ। যে কোনও ধর্মেই উপাসনা এবং উপাসনাস্থল দুটিই গুরুত্বপূর্ণ। কিন্তু কেন্দ্র চাইলে রাষ্ট্রের প্রয়োজনে মসজিদের জমি অধিগ্রহণও করা যাবে। শুধু মসজিদের ক্ষেত্রে নয়, মন্দির বা চার্চের ক্ষেত্রেও এই রায় প্রযোজ্য। চূড়ান্ত রায় নিয়ে অবশ্য বিচারপতিদের মধ্যে দ্বিমত ছিল। বিচারপতি মিশ্র এবং ভূষণ যে রায় দিয়েছেন সেই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন বিচারপতি নাজির। তিনি আলাদা করে মামলার রায়দান করবেন। কিন্তু দুই বিচারপতির ঐক্যমতের ভিত্তিতে চূডান্ত রায় স্থির করা হয়। যদিও বিচারপতি আজিজের মতে, এই মামলা চূড়ান্ত রায়ের জন্য আরও বড় বেঞ্চে পাঠানো উচিত।#
পার্সটুডে/বাবুল আখতার/২৭
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন