জানুয়ারি ২২, ২০১৯ ১৩:৪৫ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
    পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • এসএসসি আমাদের সবার জন্যই পরীক্ষা: দীপু মনি-দৈনিক প্রথম আলো
  • ভোটাধিকার হরণকারী আ’লীগকে মানুষ কখনোই ক্ষমা করবে না: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
  • ‘রাজনৈতিক দেউলিয়াত্ব তুলে ধরার চেয়ে নিজেদের বিশ্লেষণ করুন’-দৈনিক ইত্তেফাক
  • আওয়ামী লীগ মিথ্যা দর্শনের ওপর প্রতিষ্ঠিত: রিজভী-দৈনিক মানবজমিন
  • জনগণের আস্থার মর্যাদা সমুন্নত রাখতে হবে : প্রধানমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • রাবণের শাসন ধ্বংস হয়ে গিয়েছিল, মমতা কোন ছার! মালদহে হুঙ্কার অমিতের-দৈনিক আনন্দবাজার
  • ইভিএম হ্যাকিংয়ের অভিযোগ উড়িয়ে কংগ্রেসকে পালটা আক্রমণ বিজেপির-দৈনিক সংবাদ প্রতিদিন লোকসভা ভোট ব্যালটেই চান মায়াবতী-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর

জনগণের আস্থার মর্যাদা সমুন্নত রাখতে হবে : প্রধানমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের প্রতি অর্পিত জনগণের আস্থার মার্যাদা সমুন্নত রাখতে মন্ত্রীবর্গসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে আমাদের উপর আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন এবং পাশাপাশি বিশাল দায়িত্বও দিয়েছেন। জনগণের জীবন যাত্রার মানোন্নয়নের মাধ্যমে তাদের এই আস্থার মর্যাদা সমুন্নত রাখতে হবে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের জনগণের ভাগ্যের পরিবর্তনের বিষয়ে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে একনেকের প্রথম বৈঠকের সূচনা বক্তৃতায় এ কথা বলেন।

এসএসসি আমাদের সবার জন্যই পরীক্ষা: দীপু মনি-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

এসএসসি পরীক্ষা নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত করতে চান শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, সামনে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমাদের সবার জন্যই এটা পরীক্ষা। সে পরীক্ষা যেন প্রশ্ন ফাঁসমুক্ত ও নকলমুক্ত হয়। আজ সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, পরীক্ষার আগে আপনারা কোনো অনৈতিক পথের খোঁজে নামবেন না। অনৈতিকতার পথে হেঁটে কোনো ভালো ফল পাওয়া যায় না। আমরা চেষ্টা করব কোনো দুর্বৃত্ত যেন পরীক্ষাকে ঘিরে কোনো অপকর্ম করতে না পারে। দীপু মনি আরও বলেন, শুধু সরকার নয়, প্রতিষ্ঠান, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সবার এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।

বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি-দৈনিক ইত্তেফাক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনগণের ভোটাধিকার লুট ও মা-বোনদের সম্ভ্রম হরণকারী আওয়ামী লীগকে দেশের মানুষ কখনই ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর এলাকায় নির্বাচনোত্তর এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিংবা জাতীয় ঐক্যফ্রন্টের পরাজয় হয়নি, হয়েছে আওয়ামী লীগের। এ দলটি লজ্জা থাকলে আর কখনই গণতন্ত্রের কথা মুখে আনতে পারবে না।

তিনি বলেন, ভোট ডাকাতি, কারচুরি ও প্রহসনের এই ভোট দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ভোট ডাকাতির চিত্র দেখেছে। তারা অভিযোগ খতিয়ে দেখতে বলেছে। মূলত ৩০ ডিসেম্বর দেশে কোনো ভোটই হয়নি।

মির্জা ফখরুল বলেন, ভোট ডাকাতির সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। সারা বিশ্ব দেখেছে- আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।

‘রাজনৈতিক দেউলিয়াত্ব তুলে ধরার চেয়ে নিজেদের বিশ্লেষণ করুন’-দৈনিক ইত্তেফাক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশ্যে বলেছেন, ‘প্রতিদিন সংবাদ সম্মেলনে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব তুলে ধরার চেয়ে তাদের উচিত নির্বাচনে নিজেদের ভরাডুবির কারণ বিশ্লেষণ করা।’

আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে রবিবার সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী একথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘রিজভী তার বক্তব্যের যে বিষোদগার করেছেন, তা প্রকৃত পক্ষে নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর হিতাহিত জ্ঞান হারিয়ে অসংলগ্ন বক্তব্য। বরাবরের মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরণের বক্তব্য দিয়েছে তারা।’

আওয়ামী লীগ মিথ্যা দর্শনের ওপর প্রতিষ্ঠিত: রিজভী-দৈনিক মানবজমিন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আওয়ামী লীগের সত্ত্বা ও স্বরুপ বরাবরই মিথ্যা দর্শনের ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন,  আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ভুয়া ভোটের সরকারের মন্ত্রীরা প্রতিনিয়ত বলছেন-‘এত শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে আগে কখনো হয়নি। বিএনপি নেতারা পরাজিত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন।‘ আসলে আওয়ামী লীগের সত্ত্বা ও স্বরুপ বরাবরই মিথ্যা দর্শনের ওপর প্রতিষ্ঠিত।রিজভী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত নির্বাচনে পরিণত হয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

রাবণের শাসন ধ্বংস হয়ে গিয়েছিল, মমতা কোন ছার! মালদহে হুঙ্কার অমিতের-দৈনিক আনন্দবাজার

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ

আদালতের আপত্তিতে রথযাত্রা হয়নি। তবে লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীয়দের চাঙ্গা করতে মঙ্গলবার বাংলায় পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এ দিন সকালে দিল্লি থেকে বাগডোগরা এসে পৌঁছন তিনি। সেখান থেকে কপ্টারে চড়ে হাজির হন মালদহের সভাস্থলে।রাবনের শাসন ধ্বংস হয়ে গিয়েছিল, আর এ তো মমতার শাসন! হেলিকপ্টার নামার অনুমতি না দিলে এ বার থেকে হেলিকপ্টার থেকে ভাষণ দেব। কিন্তু মমতা দিদির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব: অমিত। এই মহাজোট স্বার্থের জোট। আমরা বলছি গরিবি হটাও, বিরোধীরা বলছে মোদী হটাও। তাই সাবধান হয়ে যান। পদ্মফুলে ভোট দিন: শাহ।

লোকসভা ভোট ব্যালটেই চান মায়াবতী-দৈনিক আজকাল

মায়াবতী

ইভিএম নয় ফিরুক ব্যালট। শোর তুলেছেন বিরোধীরা। কলকাতায় তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত ব্রিগেড সমাবেশে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা এই নিয়ে সরব হয়েছিলে। তিনি সেই মঞ্চ থেকে প্রকাশ্যে বলেছিলেন ইভিএম চোর মেশিন। আর্থাৎ এই মেশিনে কারচুপি করা হয়। একাধিক ভোটে সেই কারচুপি করেছে বিজেপি। ফারুক আবদুল্লার এই ইভিএম বাতিলের ডাকে একজোট হয়েছেন অন্যন্য বিরোধী রাজনৈতিক দলগুলিও। সেই সুরে সুর মিলিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতীও। মঙ্গলবার তিনি বলেছেন, ২০১৯ সালের লোকসভা ভোট ইভিএমে নয় ব্যালটেই করা হোক। 

বিরোধীদের ইভিএম বিরোধিতা শুরু পরেই লন্ডন থেকে এক সাইবার এক্সপার্ট ভিডিও কনফারেন্স করে দাবি করেছেন ২০১৪ সালের লোকসভা ভোটে ইভিএমে কারচুপি করা হয়েছিল। তাতেও উত্তেজনার পারদ আরও চড়েছে।

ইভিএম হ্যাকিংয়ের অভিযোগ উড়িয়ে কংগ্রেসকে পালটা আক্রমণ বিজেপির-দৈনিক সংবাদ প্রতিদিন

বিজেপি নেতা রবিশংকর প্রসাদ

‘ইভিএম হ্যাকিংয়ের গল্প ফেঁদে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়কে অপমান করছে কংগ্রেস৷’ ২০১৪-র লোকসভা নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ উড়িয়ে এমনই দাবি করলেন বিজেপি নেতা রবিশংকর প্রসাদ৷ পালটা প্রশ্ন করলেন, ইভিএম হ্যাকিংয়ের সঙ্গে কংগ্রেসের কোনও যোগাযোগ না থাকলে, সোমবার আইটি বিশেষজ্ঞ সৈয়দ সুজার সাংবাদিক সম্মেলনে কী করছিলেন শীর্ষ কংগ্রেস নেতা কপিল সিব্বল? কোন উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন তিনি৷মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, ‘‘২০১৪-র লোকসভা নির্বাচনে ইভিএম কারচুপির নিয়ে ভ্রান্ত অভিযোগ করছে কংগ্রেস-সহ বিরোধীরা৷ ইতিমধ্যে এই বিষয়ে রায়ও দিয়েছে সুপ্রিম কোর্ট৷ আইটি বিশেষজ্ঞ সৈয়দ সুজা ইভিএম হ্যাকিং-এর দাবি করলেও, কোনও প্রমাণ দিতে পারেননি৷ কেন মুখ ঢাকা দিয়ে তিনি প্রকাশ্যে এলেন?’’ লন্ডনের তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ সৈয়দ সুজার সোমবারের বিতর্কিত সাংবাদিক সম্মেলন, উপস্থিত ছিলেন কপিল সিব্বল৷

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২