জানুয়ারি ২৬, ২০১৯ ১১:৫৭ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ
    পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • প্রধানমন্ত্রীর ভাষণ ‘প্রতারণামূলক’: ফখরুল-দৈনিক ইত্তেফাক
  • শকুনের দোয়ায় গরু মরে না: রিজভী- দৈনিক প্রথম আলো
  • চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন- দৈনিক যুগান্তর
  • কুমিল্লা ট্র্যাজেডি-নিহত ও আহতের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা সরকারের-দৈনিক মানবজমিন
  • ‘খালেদা জিয়ার সাথে সরকারের আচরণ অমানবিক’- দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়ে মোদিকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা হাসিনার-দৈনিক সংবাদ প্রতিদিন
  • প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন পাওয়ায় গর্বিত কংগ্রেস:‌ রাহুল-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ‘প্রধানমন্ত্রী অপরাধবোধ থেকে বক্তব্য দিয়েছেন’…..কীভাবে দেখছেন মির্জা ফখরুলের এই বক্তব্যকে?

২. ভেনিজুয়েলায় অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকায় তার দেশের দূতাবাস ও কন্স্যুলেটগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন। ভেনিজেুয়েলা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

প্রধানমন্ত্রীর ভাষণ ‘প্রতারণামূলক’: ফখরুল-দৈনিক ইত্তেফাক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণকে ‘প্রতারণামূলক’ হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এ নির্বাচনে মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি এবং তারা (ক্ষমতাসীন) একটা ভয়াবহ রকমের যে নজিরবিহীন ভোট ডাকাতি করেছে তা ইতিপূর্বে বাংলাদেশ কখনো দেখেনি। সেই ভোটের মাধ্যমে তারা ক্ষমতা আবার দখল করে নিয়েছেন। আবারো তারা ক্ষমতায় এসেছেন। বলছেন বিরোধী দলকে পার্লামেন্টে যাওয়ার জন্য। আমি মনে করি, এটা আরও একটা প্রতারণা জনগণের সঙ্গে করা হচ্ছে, বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে মানুষকে। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর মির্জা ফখরুল মোবাইল ফোনে সাংবাদিকদের এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

একাদশ সংসদে যাওয়ার বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে ফখরুল বলেন, কীভাবে এটাকে সংসদ হিসেবে ধরে নেয়া হবে। আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি। এ মুহূর্তে সংসদে যাওয়ার বা শপথ নেওয়ার প্রশ্নই উঠতে পারে না।

তিনি বলেন, আমরা বলেছি যে, এ নির্বাচন বাতিল করেন, আবার নতুন নির্বাচন দেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন করেন, গ্রহণযোগ্য নির্বাচন দেন। সবাই অংশগ্রহণ করবে। তারপরে যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে সংসদ এবং সরকার গঠন হবে। আমরা তো আগেই বলে দিয়েছি। নতুন করে বলার কিছু নেই।

শকুনের দোয়ায় গরু মরে না: রিজভী-দৈনিক প্রথম আলো

ইত্তেফাকের শিরোনাম-আওয়ামী লীগের বাতি জ্বালানোর লোকও পাওয়া যাবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপি ভেঙে যাবে নিজেদের কোন্দলে-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কাদেরের উদ্দেশে তিনি বলেছেন, ‘শকুনের দোয়ায় গরু মরে না।’ রিজভী একথাও বলেন, আওয়ামী লীগ ভেঙে চুপসে গেছে।  আজ শনিবার এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, বিএনপি তাদের অভ্যন্তরীণ কোন্দলের জন্য ভাঙবে। এই অবস্থায় বিএনপি যদি ভাঙনের মুখে যায়, তাহলে বিএনপির ঘরোয়া কলহ-কোন্দলের জন্যই বিএনপি ভাঙবে। আওয়ামী লীগের প্রয়োজন নেই বিএনপি ভাঙার।

আজ কাদেরের সেই মন্তব্যের জবাবেই রিজভীর পাল্টা মন্তব্য। তিনি বলেন, আওয়ামী লীগ ভেতর থেকে ভেঙে চুপসে গেছে। সেখানে নানা পন্থী এবং সিনিয়র-জুনিয়র নানা ধারা। যে কারণে তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, পুলিশের ওপর নির্ভরশীল হয়ে রাতের অন্ধকারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করতে হয়েছে।

রিজভী বলেন, ‘পুলিশি ক্ষমতা যখন থাকবে না, তখন তো আওয়ামী লীগের বাতি জ্বালানোর লোকও খুঁজে পাওয়া যাবে না। বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই।’

‘খালেদা জিয়ার সাথে সরকারের আচরণ অমানবিক’-দৈনিক নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে যে আচরণ করা হচ্ছে সেটি অমানবিক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার সকালে নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল খালেদা জিয়ার সাথে তার আত্মীয়স্বজনরা দেখা করতে গিয়েছিলেন। কারাগারে বেগম খালেদা জিয়ার বাস করার জায়গাটির কোনো পরিবর্তন হয়নি। অস্বাস্থ্যকর, স্যাঁতস্যাঁতে ও ধুলাবালিতে আকীর্ণ কক্ষটিতে তাকে বাস করতে বাধ্য করা হচ্ছে। বারবার এ বিষয়ে কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও তারা ভ্রূক্ষেপহীন থেকেছে।’

রিজভী বলেন, ‘বিপুল জনপ্রিয় নেত্রীকে পরিকল্পিতভাবেই মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে পর্যুদস্ত করতে দমনের নীতি অবলম্বনের মাধ্যমে রাষ্ট্রের সব শক্তি প্রয়োগ করে লাল দেয়ালের মধ্যে মুক্তিহীন অন্তরীণ করে রেখেছেন। বেগম জিয়ার জামিনকে বিলম্বিত করা হচ্ছে নানা কায়দা-কৌশল করে। মুক্তিপণ আদায়ের মতো আচরণ করছে সরকার তার সাথে। অর্থাৎ তাকে বন্দী করে একের পর এক শূন্য জনপদে ভোটারবিহীন নির্বাচন করা।’

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়ে মোদিকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা হাসিনার-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগাম শুভেচ্ছাবার্তা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্বাস দিলেন, আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে ঢাকা৷ শুক্রবার পড়শি দেশের প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারত ও বাংলাদেশের মধ্যে এখন চমৎকার সম্পর্ক রয়েছে। ভারত শুধু বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশীই নয়, দু’দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসে সর্বাধিক মিল রয়েছে। আগামী দিনেও এই দুই দেশের প্রগতি ও উন্নয়নের ধারা আরও শক্তিশালী হবে।’’ চতুর্থ দফায় সরকার গঠনের পর শুক্রবার জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন পাওয়ায় গর্বিত কংগ্রেস:‌ রাহুল-দৈনিক আজকাল

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

প্রজাতন্ত্র দিবসের আগে ভারতরত্ন পেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আজীবন কংগ্রেসি রাজনীতি করে এসেছেন যে প্রণব মুখার্জি, এবার ভারতরত্ন প্রাপক। আর কেন্দ্রের এটা নিজেদের ভাবমূর্তি বাঁচানোর কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে টুইটারে প্রণব মুখার্জিকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর এটাও স্মরণ করিয়ে দিলেন, প্রণব মুখার্জি কংগ্রেসেরই লোক।

রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘ভারতরত্ন সম্মান পাওয়ায় প্রণব দাকে অভিনন্দন। জনসাধারণের কাজে ও দেশ গঠনে তাঁর ভূমিকা আজ স্বীকৃতি পেয়েছে। তাঁকে সম্মানিত করায় গর্বিত কংগ্রেস।’ প্রণববাবুর মেয়ে কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখার্জি লিখেছেন, ‘পরিবারের জন্য গর্বের মুহূর্ত।’

প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তার চাদরে রাজধানী-দৈনিক আজকাল

ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে

ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানের মূল অতিথি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। এবারের প্যারেড চলবে মোট ৯০ মিনিট ধরে। ভারতের কৃষ্টি এবং সংস্কৃতি উঠে আসবে রাজধানীর রাজপথে। তাছাড়া অনুষ্ঠান ঘিরে গোটা দিল্লিতে থাকছে কড়া নিরাপত্তা। মোতায়েন থাকছেন প্রায় ২৫ হাজার পুলিস কর্মী। বৃহস্পতিবার জাতীর উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাতে তিনি বলেন, বহুত্ববাদই ভারতের বৈশিষ্ট্য। পাশাপাশি উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের প্রশংসাও করেন তিনি। এবারই প্রথম ভারতে এসেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে স্ত্রী ছাড়াও আছেন সে দেশের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬