প্রবাসী প্রকৌশলীদের নিজ গ্রামে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ ফেব্রয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম
- কেঁচো খুঁড়তে বিষধর সাপ বেরিয়ে আসতে পারে: কাদের-দৈনিক প্রথম আলো
- প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম-খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে: ফখরুল
- দৈনিক ইত্তেফাক: বলপ্রয়োগ করে হলেও কেমিক্যাল ব্যবসায়ীদের সরাতে হবে: নাসিম
- ‘নতুন দল করলেও জামায়াত নেতাদের রেহাই নেই: আইনমন্ত্রী- দৈনিক যুগান্তর
- প্রবাসী প্রকৌশলীদের নিজ গ্রামে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক মানবজমিনঅতর্কিত উচ্ছেদে ১১ হাজার
- বস্তিবাসী গৃহহীন হয়ে পড়েছে- দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- প্রত্যাঘাতের পরিকল্পনা কীভাবে করেছিল সরকার?-দৈনিক আজকাল
- আজকালের অন্য একটি খবরের শিরোনাম-সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকুন, দেশবাসীকে বার্তা ইমরানের
- পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর সাহস ভারতের না দেখানোই উচিত, হুঁশিয়ারি কুরেশির-দৈনিক আনন্দবাজার
- দেশের ভার নিরাপদ হাতেই রয়েছে’, প্রত্যাঘাতের পর দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর
প্রবাসী প্রকৌশলীদের নিজ গ্রামে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক মানবজমিন
বাংলাদেশের প্রবাসী প্রকৌশলীদের স্বাগত জানিয়ে দেশের স্বার্থে নিজ নিজ গ্রামে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যে সকল প্রকৌশলী বিদেশে থেকে দেশের কথা ভাবে, তাদের এই উদ্যোগ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে। এ ছাড়া ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার রাজধানীর ঢাকার প্যান পাসিফিক সোনারগাঁ হোটেলে অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, একসেস টু ইনফরমেশন (এটুআই) ও ব্রিজ-টু বাংলাদেশ (বিটুবি) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
প্রবাসী প্রকৌশলীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এই মাটির সন্তান। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা নিজেদের মেধা-শ্রম দিয়ে অবদান রেখেছেন। আজ বাংলাদেশে আপনারা মেধা ও শ্রম নিয়োগ করতে চাচ্ছেন। আমি বলব আপনার নিজ নিজ এলাকা ও গ্রামে বিনিয়োগ করেন। যদি আপনারা চান তাহলে আমরা যে ১০০টি শিল্পাঞ্চল গড়ে তুলছি সেখানে বিনিয়োগ করতে পারেন। শেখ হাসিনা বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা যেসব চ্যালেঞ্জ গ্রহণ করেছি তা প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কাজে লাগাতে হবে।
কেঁচো খুঁড়তে বিষধর সাপ বেরিয়ে আসতে পারে: কাদের-দৈনিক প্রথম আলো
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড শুরুর আগেই খালেদা জিয়া কোথায় গেছেন, ফখরুল সাহেবেরা তাঁকে ২৪ ঘণ্টা কোথায় লুকিয়ে রেখেছিলেন, সে রহস্য উদ্ঘাটিত হলে কেঁচো খুঁড়তে বিষধর সাপ বেরিয়ে আসতে পারে।
আজ মঙ্গলবার সকালে ফেনী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকেরা ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রাখলে জবাব দেন তিনি।
খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে: ফখরুল-দৈনিক প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলায় সাজা দিয়ে এক বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত কারাগারে আটকে রেখেছে। তাঁকে সুচিকিৎসা না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
ফখরুল ইসলাম অভিযোগ করেন, কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে না। গত বছরের ৯ নভেম্বর থেকে তাঁর কোনো পরীক্ষা-নিরীক্ষা হয়নি। ২৪ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়াকে কারাগারে গিয়ে দেখেছেন। গত তিন মাসে তাঁর (খালেদা জিয়া) রক্ত পরীক্ষা থেকে শুরু করে শারীরিক কোনো পরীক্ষাই করা হয়নি। এটি দেখে চিকিৎসকেরা অত্যন্ত বিস্মিত হয়েছেন। তিনি বলেন, কারাগারে যাওয়ার সময় খালেদা জিয়া হেঁটে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য হেঁটে হাসপাতালে গিয়েছিলেন। এখন তিনি কারও সাহায্য ছাড়া দাঁড়াতেও পারেন না। তাঁর দুই কাঁধে ব্যথা। হাঁটুর ব্যথা বেড়ে গেছে। এ ছাড়া তাঁর ডায়াবেটিসসহ অন্যান্য রোগ বেড়েছে।
চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে ‘জনগণের ভোটে নির্বাচিত নয়’ এই সরকারকে সব দায়দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাড়তি খরচ হলে বা তাঁর চিকিৎসার সব খরচ বহন করতে বিএনপি রাজি বলেও মির্জা ফখরুল মন্তব্য করেন।
নতুন দল করলেও জামায়াত নেতাদের রেহাই নেই: আইনমন্ত্রী-দৈনিক যুগান্তর
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াত নেতারা যে নামেই নতুন দল করুক না কেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকলে তাদের বিচার হবেই। মঙ্গলবার সচিবালয়ে নিউইয়র্ক স্টেট গভর্নরের ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশ ইমিগ্রেশন ডে’-এর ঘোষণাপত্র হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘জামায়াতে ইসলামী যে রূপেই আসুন না কেন, তৎকালীন জামায়াতে ইসলামীর নেতা যারা ছিলেন, তারা যদি মানবতাবিরোধী অপরাধের মধ্যে সম্পৃক্ত থাকে, তবে আদালতে তাদের জবাবদিহি করতে হবে’-যোগ করেন আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর কোনো নেতা নতুন দল গঠন করলে তা খতিয়ে দেখা হবে।
যুদ্ধাপরাধের অভিযোগ নেই এমন কোনো জামায়াত নেতা যদি নতুন দল করতে চায়, তবে আইনগতভাবে কোনো বাধা থাকবে কিনা- এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, সেটি যখন তিনি করতে যাবেন তখন আমরা খতিয়ে দেখব।
বলপ্রয়োগ করে হলেও কেমিক্যাল ব্যবসায়ীদের সরাতে হবে: নাসিম-দৈনিক ইত্তেফাক
চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন- ৩ মাসের মধ্যে পুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসায়ীদের সরাতে হবে। ঢাকা জেলার কেরানীগঞ্জে তাদের জন্য জায়গা বরাদ্দ হয়েছে। আমি ব্যবসায়ীদের বলবো সঠিক সময়ে সঠিক জায়গায় চলে যাওয়ার জন্য। যারা যেতে চাইবেন না- তাদের বলপ্রয়োগ করে হলেও যেন সেখানে নিয়ে যাওয়া হয়।’
মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। দুপুরে ১৪ দলের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ওই ইনস্টিটিউটে যান মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ট্যানারি যদি এখান থেকে সরে যেতে পারে, কেমিক্যালও পারবে। এটা বাংলাদেশের লোকের দাবি, প্রধানমন্ত্রীর নির্দেশ।
এবি ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা-দৈনিক মানবজমিন
১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আজ দুপুরে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদি হয়ে নগরের হালিশহর থানায় মামলাটি করেন। অভিযুক্তরা হলেন- আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স ইয়াছির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাহের হোসেন, এবি ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পিসিআর শাখার ব্যবস্থাপক মো. নাজির উদ্দিন এবং সাবেক সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট আজাদ হোসেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন।
অতর্কিত উচ্ছেদে ১১ হাজার বস্তিবাসী গৃহহীন হয়ে পড়েছে-দৈনিক নয়া দিগন্ত
অতর্কিতভাবে ধামালকোটের সৌখিন রোড, নারব রোডসহ ধামালকোট এলাকায় উচ্ছেদে এগার হাজার বস্তিবাসী গৃহহীন হয়ে পড়েছে। তারা এখন মানবেতর জীবনযাপন করছে, যা মানবাধিকার লংঘন।
জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম অডিটরিযামে আজ মঙ্গলবার এনবাস, ইন্ডিবাস, বস্তিবাসি সুরক্ষা কমিটি, বস্তিবাসী ইউনিয়নের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, এনবাস সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার। কাপ-এর সহ-সভাপতি কাজী বেবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল বারেক, হোসনে আরা রাফেজা, হান্নান আকান্দ প্রমুখ নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে বলা হয় গত, ১৯ ফেব্রুয়ারি থেকে কোনো নোটিশ ছাড়াই অতর্কিতভাবে ধামালকোটের সৌখিন রোড, নারব রোডসহ ধামালকোট এলাকায় উচ্ছেদ প্রক্রিয়া চলে। এতে ১১ হাজার বস্তিবাসীরা গৃহহীন হয়ে পড়েছে। সার্বজনীন মানবাধিকার সনদ, জাতীয় গৃহায়ন নীতিমালা ও হ্যাবিটাট (১ ও ২) সনদ অনুযায়ী গৃহহীন নগর দরিদ্রদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বাসস্থান নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী গৃহহীনদের পুনর্বাসনের অঙ্গীকার করেছেন। কিন্তু জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পূনর্বাসন না করে বস্তিবাসীদের সাথে আলোচনা না করে বস্তি উচ্ছেদ করেছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর সাহস ভারতের না দেখানোই উচিত, হুঁশিয়ারি কুরেশির-দৈনিক আনন্দবাজার
পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর সাহস ভারতের না দেখানোই উচিত। এই ঘটনার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের আছে। পাকিস্তান জবাব দেবে। মঙ্গলবার ভোর রাতে পাক-অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর বোমাবর্ষণের পর সাংবাদিকদের এ কথা বললেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
সাংবাদিকদের সামনে আসার আগে এ দিন ইসলামাবাদে তাঁর দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন কুরেশি। সেই বৈঠকে কী কী আলোচনা হল, প্রধানমন্ত্রী ইমরান খানকে সেই সব জানাবেন পাক বিদেশমন্ত্রী। পাকিস্তানের এখন কী করণীয়, ভারতকে কী ভাবে জবাব দেওয়া হবে তা ওই বৈঠকেই চূড়ান্ত হবে বলে পাক বিদেশমন্ত্রকের একটি সূত্র জানিয়েছে।
ইসলামাবাদে এ দিন কুরেশি বলেন, ‘‘ভারত যা করেছে, তা আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখার লঙ্ঘন। এতে পাকিস্তানের নিরাপত্তা বিপদাপন্ন। আত্মরক্ষার অধিকার পাকিস্তানের রয়েছে। এই ঘটনার জবাব দেওয়ার সব রকমের অধিকার রয়েছে পাকিস্তানের। পাকিস্তান সেই জবাব দেবে।’’
প্রত্যাঘাতের পরিকল্পনা কীভাবে করেছিল সরকার?-দৈনিক আজকাল
প্রত্যাঘাত তো হল। ধূলিসাৎও হয়ে গেল জঙ্গিদের ঘাঁটি। নিকেশ হল ৩৫০ জন জঙ্গি। কিন্তু গোটা অপারেশনে রয়েছেন অনেকেই। বলা হচ্ছে, তাঁদের মধ্যে মোদিই ছিলেন প্রধান। যাঁর সামনে রাখা ছিল এই প্রত্যাঘাতের নীল নকশা। মঙ্গলবারের বায়ুসেনার প্রত্যাঘাত করার প্রতিটি পদক্ষেপের খবর নিচ্ছিলেন ঠাণ্ডা মাথায়। নয়াদিল্লিতে সাউথ ব্লকে রাষ্ট্রপতি ভবন থেকে তিনি ক্রমাগত জানতে চাইছিলেন আপডেট। কতদূর এগোনো গেল? সব ঠিক আছে তো? বালাকোটে ঢোকা গিয়েছে?
সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকুন, দেশবাসীকে বার্তা ইমরানের-দৈনিক আজকাল
পাকিস্তানের সেনাবাহিনী এবং জনগণকে আগামী দিনে সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কমান্ডের বিমান হানার পর নিজের দপ্তরে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে বসেন ইমরান। বৈঠক শেষে দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা কথা বলছে ভারত। পাকিস্তানের মাটিতে ঢুকে মোটেও জৈশের ঘাঁটিতে অভিযান চালাতে পারেনি। না জানিয়ে আগ্রাসন চালিয়েছে। নির্বাচনের আবহাওয়ায় ঘরোয়া ফায়দা তুলতেই এই কাজ করে আঞ্চলিক শান্তি এবং স্থিরতা নড়বড়ে করে দিয়েছে তারা। এর যোগ্য জবাব পাকিস্তান নিজের পছন্দমতো স্থান এবং সময়ে দেবে। ’ মঙ্গলবারের ভারতীয় বায়ুসেনার বিমান হানার জেরে বুধবার পাক পার্লামেন্টের যৌথ অধিবেশনের আহ্বান করেছেন স্পিকার।
ফিদায়েঁ হামলার আশঙ্কা থেকেই ‘এয়ার স্ট্রাইক’, ঘোষণা ভারতের-দৈনিক সংবাদ প্রতিদিন
এই সরকারের হাতে দেশ সুরক্ষিত। দেশবাসীকে সুরক্ষা দিতে পেরেছি। আজ সমস্ত শহিদদের মাথা ঝুঁকিয়ে প্রণাম জানানোর দিন।’ পুলওয়ামা হামলার যথাযথ প্রত্যাঘাত করে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়ার পর দেশবাসীকে এমনই ভরসাযোগ্য কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার, রাজস্থানের চুরুর জনসভায় তাঁর প্রতিক্রিয়া, ‘প্রতিজ্ঞা করেছিলাম, ভারতের মাথা নত হতে দেব না। সেই প্রতিজ্ঞা রেখেছি।’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬