ভোটার না হয়েও ডাকসুতে প্রার্থী ছাত্রলীগ নেত্রী: দৈনিক যুগান্তর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ ফেব্রয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- বিশ্বব্যাংকের প্রতিবেদন-১১ বছরের স্কুলজীবনের সাড়ে ৪ বছরই নষ্ট-দৈনিক প্রথম আলো
- ভোটারের উপস্থিতি কম থাকার দায় প্রার্থী ও রাজনৈতিক দলের: সিইসি-দৈনিক ইত্তেফাক
- ভোটার না হয়েও ডাকসুতে প্রার্থী ছাত্রলীগ নেত্রী!দৈনিক যুগান্তর
- যদি একটা ভোটও পড়তো! আক্ষেপ নির্বাচন কর্মকর্তার-দৈনিক মানবজমিন
- রাজধানীতে বস্তিতে আগুন : ২ শিশুর লাশ উদ্ধার- দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
হামলা হতে পারে জলপথেও, চূড়ান্ত সতর্কবার্তা নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকে-দৈনিক আজকাল
সুর নরম পাকিস্তানের, মোদীর সঙ্গে কথা বলতে চান ইমরান, ফেরাতে প্রস্তুত অভিনন্দনকেও-দৈনিক আনন্দবাজার
যুদ্ধ আসন্ন! তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী-দৈনিক সংবাদ প্রতিদি
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি একেবারেই কম। কোনো কোনোকেন্দ্র কয়েক ঘণ্টা অপেক্ষা করেও একটি ভোট পড়েনি বলে পত্র-পত্রিকার খবরে দেখা যাচ্ছে। এমন অবস্থা কেন?
২. বুধবার থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে হামলার পাল্টা হামলার ঘটনা ঘটছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেকোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। এ অবস্থা নিরসনের উপায় কী?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
ভোটারের উপস্থিতি কম থাকার দায় প্রার্থী ও রাজনৈতিক দলের: সিইসি-দৈনিক ইত্তেফাক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ভোটের পরিবেশ তৈরি করে। তারা ভোটার আনে না। তাই আজ ঢাকার দুই সিটির নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকার দায় প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর। এর দায় নির্বাচন কমিশনের নয়। বৃহস্পতিবার রাজধানীর উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নূরুল হুদা বলেন, ভোটার আনার দায় রাজনৈতিক দলগুলোর। আমরা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেই, রাজনৈতিক দলগুলো কিংবা প্রার্থীদের ভোটার নিয়ে আসতে হয়।
ভোটার উপস্থিতি কম হওয়ার প্রসঙ্গে সিইসি বলেন, দুটি কারণে ভোটার কম। একটি কারণ এ নির্বাচনের মেয়াদ অল্প দিনের। ফলে ভোটারদের আগ্রহ কম। অপরটি হলো এ ভোটে সব দল অংশ নেয়নি। এতেও উপস্থিতি কম হয়েছে।
যদি একটা ভোটও পড়তো! আক্ষেপ নির্বাচন কর্মকর্তার-দৈনিক মানবজমিন
মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানে মোট চারটি কেন্দ্র। ১৪৭ নং কেন্দ্রটি মহিলাদের। এ কেন্দ্রে মোট চারটি বুথ। এরমধ্যে দু’টি বুথে কোনো ভোটই পড়েনি। আর দু’টির একটিতে দু’টি, একটিতে ১০টি ভোট পড়েছে । কেন্দ্রের ১নং বুথের সহকারী প্রিজাইডিং অফিসার। রুম ছেড়ে অন্যদের নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন। অপেক্ষায় থাকছেন একটি ভোটও যদি তার ব্যালট বাক্সে পড়ে। নির্বাচন নিয়ে দৈনিকটির অন্য দুটি খবরের শিরোনাম এরকম যে, টেলিভিশনে দেখাতে ভোট কেন্দ্রে সাজানো হয়েছে লাইন। এটি অপূর্ণাঙ্গ নির্বাচন বলেছেন সিনিয়র নির্বাচন কমিশন মাহবুব তালুকদার।
ডাকসুর হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৫০ জন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ৫০ প্রার্থী। বুধবার ডাকসুর ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকা থেকে এমন তথ্য জানা গেছে। প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুযায়ী, হল সংসদের ১৮টি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদ রয়েছে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ৫০ প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে একজন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে চারজন, সম্পাদকীয় পদে ২৩ জন এবং সদস্য পদে ২২ জন রয়েছেন।
এদিকে ডাকসু নির্বাচনের প্রকাশিত খসড়া প্রার্থী তালিকা অনুযায়ী, ডাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১২ জন, এজিএস পদে ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, কমনরুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৫ জন এবং ১৩টি সদস্য পদের বিপরীতে ৮৮ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
ভোটার না হয়েও ডাকসুতে প্রার্থী ছাত্রলীগ নেত্রী!-দৈনিক যুগান্তর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার না হয়েও প্রার্থী হয়েছেন এক ছাত্রলীগ নেত্রী। এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। ওই ছাত্রলীগ নেত্রীর নাম নিপু ইসলাম তন্বী। নিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের ছাত্রী এবং শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি। নিপু ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুর সদস্যপদে নির্বাচন করছেন। তার ভোটার তালিকায় নাম রয়েছে বলে দাবি করেছে হল প্রশাসন। তবে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে বলছেন, তার ব্যাপারে কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ বিষয়ে নিপুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
রাজধানীতে বস্তিতে আগুন : ২ শিশুর লাশ উদ্ধার-নয়া দিগন্ত
রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে সিআরপি হাসপাতালের পেছনে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে বস্তির পাশের খাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- বস্তির বাসিন্দা নূরে আলমের তিন মাস বয়সী শিশুকন্যা ইয়াসমিন ও চুন্নু মিয়ার আড়াই বছরের ছেলে তন্ময়।
১১ বছরের স্কুলজীবনের সাড়ে ৪ বছরই নষ্ট-দৈনিক প্রথম আলো
• বাংলাদেশে মানোন্নয়নের কর্মসূচি দুর্বল
• পাঠদান নিম্নমানের, স্কুল ব্যবস্থাপনা খারাপ সরকারি বিনিয়োগ কম
• পঞ্চম শ্রেণির প্রতি চারজন শিক্ষার্থীর তিনজনই সাধারণ মানের অঙ্ক কষতে পারে না
• ৪৩% বাংলায় কোনো প্রশ্নের পুরো উত্তরও দিতে পারে না।
শিক্ষার দুর্বল মানের কারণে বাংলাদেশের একজন শিশুর ১১ বছরের স্কুলজীবনের সাড়ে ৪ বছর নষ্ট হয়ে যায়। তারা ১১ বছরে শিখে মাত্র সাড়ে ৬ বছরের পাঠ্যক্রমের সমান। আবার দেশের পঞ্চম শ্রেণির প্রতি চারজন শিক্ষার্থীর তিনজনই নিজেদের শ্রেণির উপযোগী সাধারণ মানের অঙ্ক কষতে পারে না।
এ দেশের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ভালোভাবে বাংলা পড়ার দক্ষতা পরীক্ষায় দেখা গেছে, ৩৫ শতাংশ শিক্ষার্থীর স্কোর খুবই কম। এর মানে, তারা ভালোভাবে বাংলা পড়তে পারে না। তাদের ৪৩ শতাংশ বাংলায় কোনো প্রশ্নের পুরো উত্তরও দিতে পারে না।
বিশ্বব্যাংকের ‘দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট: লার্নিং টু রিয়ালাইজ এডুকেশনস প্রমিজ’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এই তথ্য দেওয়া হয়েছে। শিক্ষাব্যবস্থার দুর্বলতার পেছনে চারটি বড় কারণ চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। সেগুলো হলো শৈশব জীবনের মানোন্নয়নে কর্মসূচিগুলোর দুর্বলতা, নিম্নমানের পাঠদান, দুর্বল স্কুল ব্যবস্থাপনা এবং শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ কম। দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে শিক্ষার মানের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
গতকাল বুধবার স্থানীয় হোটেলে বিশ্বব্যাংকের এই প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ হাসে রজার্স ও বিশ্বব্যাংকের গ্লোবাল প্র্যাকটিসের ব্যবস্থাপক ক্রিশ্চিয়ান আদো। বিশ্বব্যাংকের মূল প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশিত হলেও গতকাল বাংলাদেশ অংশের বিস্তারিত তুলে ধরা হয়। এই প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা প্রায় সবাই বলেছেন, মানসম্পন্ন শিক্ষায় বিনিয়োগ করে ভবিষ্যৎ মানবসম্পদ গড়ে তুলতে হবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
আজও ভারতের বাংলা দৈনিকগুলোর পাতা জুড়ে স্থান পেয়েছে- ভারত পাকিস্তানের সংঘাতপূর্ণ অবস্থার খবর।
এক হয়ে লড়ব, ঐক্যবদ্ধ হয়ে জিতব’, দলীয় কর্মীদের বার্তা মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে এক হয়েই জিতবে ভারত। বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বড় ভিডিও কনফারেন্স করে প্রায় এক কোটি বিজেপি নেতা-কর্মীকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দলীয় কর্মীদের নিয়ে এই ভিডিও কনফারেন্সের সমালোচনা করেছিল বিরোধী দলগুলি। কিন্তু, তাদের গুরুত্ব না দিয়েই আজ পোলিং বুথ স্তরের দলীয় কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বললেন মোদি। আমার বুথ, সবচেয়ে মজবুত নামে এই অনুষ্ঠানে তিনি বলেন, “যখন শত্রুরা সন্ত্রাসবাদকে মদত দিয়ে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। তখন জানবেন ভারতের উন্নতিকে আটকানোর জন্যই তারা এই কাজ করছে। এইরকম সময়ই আমাদের সুনিশ্চিত করতে হবে যে আমরা ঐক্যবদ্ধ। আমাদের জওয়ানদের পাশে এক হয়ে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে আমরা শক্তিশালী। যা কিছুই ঘটুক না কেন আমাদের উন্নতি ও কাজ কোনওভাবেই আটকে যাতে না থাকে তাও সুনিশ্চিত করতে হবে।”
যুদ্ধ আসন্ন! তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী-দৈনিক সংবাদ প্রতিদিন
বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠকে বসেন তিন বাহিনীর সেনাপ্রধান। আজ, বৃহস্পতিবার দিল্লিতে এই বৈঠকে স্থল সেনাপ্রধান বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া ও নৌসেনা প্রধান সুনীল লাম্বা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, শুক্রবার জম্মু-কাশ্মীরে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন প্রতিরক্ষামন্ত্রী। প্রসঙ্গত, বুধবার সকালে ভারতীয় আকাশসীমার ভিতরে ঢুকে আসা পাকিস্তানের এফ-১৬ জেটবিমানকে তাড়া করার সময় পাকিস্তানে ঢুকে পড়েন ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেখানে তাঁকে প্রচণ্ড মারধর করে পাকিস্তানের সেনা। রক্তাক্ত অবস্থায় দুচোখ বাঁধা অভিনন্দনের ভিডিও প্রকাশও করে তারা।
এরপরই ভারতজুড়ে শুরু অভিনন্দনকে দেশের ফিরিয়ে আনার দাবি উঠতে থাকে। পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠিয়ে বিষয়টির তীব্র নিন্দা করে ভারত। পাকিস্তানের সেনার তরফে যেভাবে রক্তাক্ত অবস্থায় ভারতীয় পাইলটের ভিডিও প্রকাশ করা হয়েছে তার প্রবল সমালোচনাও করা হয়। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ভারতীয় বায়ুসেনার আহত পাইলটের যে ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে তা নারকীয়তার নিদর্শন। এতে আন্তর্জাতিক মানধিকার আইন ও জেনেভা চুক্তির লঙ্ঘন হয়েছে। খুব তাড়াতাড়ি তাঁকে নিরাপদভাবে ভারতে ফিরিয়ে দেওয়া হোক।
সেই সঙ্গে পাকিস্তানকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জেনেভা কনভেনশনের চুক্তি অনুসারে ভারতীয় জওয়ানের গায়ে একটা আঁচড়ও কাটার অধিকার নেই পাকিস্তানের। ভারতের আশা, অভিনন্দনকে সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবে পাকিস্তান। যদি তা নয়, তাহলে তার ফল যে ভাল হবে না তাও বুঝিয়ে দেওয়া হয়েছে।
সুর নরম পাকিস্তানের, মোদীর সঙ্গে কথা বলতে চান ইমরান, ফেরাতে প্রস্তুত অভিনন্দনকেও-দৈনিক আনন্দবাজার
বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরালে যদি ভারত-পাক উত্তেজনা প্রশমিত হয়, তাতে আপত্তি নেই পাকিস্তানের। এ ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চান ইমরান খান। যে কোনওরকম ইতিবাচক পদক্ষেপেই প্রস্তুত তাঁরা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে জানালেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তবে সূত্রের খবর, অভিনন্দনকে ফেরাতে ভারত কোনওরকম আপসে যাবে না। নিঃশর্তেই বায়ুসেনার বায়ুসেনার উইং কমান্ডারকে ফিরিয়ে দিতে হবে পাকিস্তানকে।
বুধবার ভারতীয় বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ে পাকিস্তানে। যদিও বিমানটি গুলি করে নামানো হয় বলে দাবি পাকিস্তানের। বিমানের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে তারা। সেই থেকে ইমরান খান সরকারের উপর চাপসৃষ্টি করছিল ভারত।
হামলা হতে পারে জলপথেও, চূড়ান্ত সতর্কবার্তা নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকে-দৈনিক আজকাল
মঙ্গলবার পুলওয়ামা হামলার বদলা নিতে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। আর ভারতের এই হামলার জবাব এখনও খুঁজে চলেছে পাকিস্তান। বুধবার আকাশপথে সেই চেষ্টাও করে পাক বায়ুসেনা। কিন্তু ভারতীয় বায়ুসেনার তাড়া খেয়ে পালিয়ে যায় তারা। তার মধ্যে ভেঙে পড়ে একটি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান। তাই এবার হয়ত অন্য পথ অবলম্বন করতে পারে পাকিস্তান। আর তাই একের পর সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। বুধবারই দিল্লি এবং মুম্বইয়ে সতর্কতা জারি হয়েছিল। এবার কেন্দ্রের তরফে সতর্ক করা হল ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকেও।
শুক্রবারই ছেড়ে দেওয়া হবে ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে :দৈনিক আজকাল
শুক্রবারই ছেড়ে দেওয়া হবে ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে এই ঘোষণা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে ভারত পাকিস্তানকে সাফ জানিয়ে দিয়েছিল, তাদের কব্জায় থাকা অভিনন্দন বর্তমানের সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া হয়নি। তাঁকে অবিলম্বে ফেরাতে হবে ভারতে। সূত্রের খবর, এরপরই বৃহস্পতিবার সুর নরম করেছে পাকিস্তান। পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, উইং কমান্ডারকে ফেরাতে তাঁরা আলোচনায় বসতে রাজি। দু’দেশের মধ্যে উত্তেজনা কমাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনা করতেও রাজি হন পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেও জানান কুরেশি।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮