মার্চ ২০, ২০১৯ ১৩:১০ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ মার্চ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না’-দৈনিক প্রথম আলো
  • পাহাড়ে হত্যা কোন্দলের ফল, ভোটের সঙ্গে সম্পর্ক নেই : হানিফ-এনটিভিবিডি
  • তৃণমূল পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানমালা ছড়িয়ে দিতে চাই : প্রধানমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
  • রামপুরায় সড়ক অবরোধ করে গাড়ির লাইসেন্স পরীক্ষা শিক্ষার্থীদের-দৈনিক যুগান্তর
  • ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফল-দৈনিক ইত্তেফাক
  • নুরের একাত্মতা, আঘাত এলে দাঁতভাঙা জবাব-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:        

  • লন্ডনে গ্রেফতার ঋণখেলাপি পলাতক নীরব মোদী, কিছু ক্ষণ পরই তোলা হবে আদালতে- দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ধর্মস্থানকে রাজনৈতিক মঞ্চ বানাবেন না, দলগুলিকে নির্দেশ নির্বাচন কমিশনের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • দেশ আগে পরিবার নয়, ফের কংগ্রেসকে আক্রমণ মোদির’-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার প্রশ্ন (১৮ মার্চ)

১. বাংলাদেশের রাজধানী ঢাকায় আবার সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। কীভাবে দেখছেন এ ঘটনাকে?

২. নিউজিল্যান্ড হত্যাকাণ্ডের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কিছু বক্তব্য দিয়েছেন যা নিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। আসলে এরদোগান কী ভুল কিছু বলেছেন

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না-দৈনিক প্রথম আলো

যতক্ষণ না পর্যন্ত দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশমুখের সড়কে অবস্থান নিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আইইউবিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী। শিক্ষার্থীরা বাংলাদেশের পতাকা নিয়ে অবস্থান নিয়েছেন। তাঁরা স্লোগান দিচ্ছেন ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’।

বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া ও বিইউপির উপাচার্য মেজর জেনারেল এমদাদ উল বারী। এ সময় তাঁরা দুর্ঘটনাস্থলে আবরারের নামে একটি পদচারী–সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। তাঁরা প্রায় পৌনে এক ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। যেভাবেই হোক সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে জানান। তবে শিক্ষার্থীরা বলছেন, আশ্বাসে আস্থা নেই তাঁদের।

বসুন্ধরায় শিক্ষার্থীরা যেখানে অবস্থান নিয়েছেন, এর পাশেই একটি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। সেখানে বিইউপির এক শিক্ষার্থীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। সালমান তারেক নামের ওই শিক্ষার্থী বলেন, ‘আগেও আন্দোলন হয়েছে, তখনো আশ্বাস দেওয়া হয়েছিল। জাবালে নূর বাস এখনো চলছে। বছর দেড়েক আগে এই জায়গায় পদচারী–সেতু করার কথা ছিল, কিন্তু দেখতেই পাচ্ছেন—হয়নি। গতকাল আবরারের মৃত্যুর পর সুপ্রভাত বাসের চলাচল বন্ধ করা হয়েছে বলে জানান মেয়র। অথচ কালকেই ওই পরিবহনের বাস চলতে দেখা যায়। তাই আশ্বাসে নয়, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

পাহাড়ে হত্যা কোন্দলের ফল, ভোটের সঙ্গে সম্পর্ক নেই : হানিফ-এনটিভিবিডি

উপজেলা পরিষদের দ্বিতীয় দফায় নির্বাচনের দিন পার্বত্য জেলা রাঙামাটিতে সাত নির্বাচনী কর্মকর্তাকে হত্যার ঘটনার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, এটি পাহাড়ের বিভিন্ন গোষ্ঠীর অন্তর্কোন্দলের ফল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ এসব কথা বলেন।

গত সোমবার রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের দায়িত্ব পালন শেষে ফেরার পথে ব্রাশফায়ারে আট নির্বাচনী কর্মকর্তাকে হত্যা করা হয়। এ ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা করা হয়।

মাহবুবউল হানিফ বলেন, ‘পার্বত্য রাঙামাটিতে সাতজন নিহতের ঘটনাটি পাহাড়ি বিভিন্ন গোষ্ঠীর অন্তর্কোন্দলের ফল। এর সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পাহাড়িদের অভ্যন্তরীণ কোন্দলকে যাঁরা নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলছেন, তাঁরা আসলে শান্তিপূর্ণ নির্বাচন দেখে হতাশ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে দেশের প্রতিটি এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে দুটি ধাপে নির্বাচন সম্পন্ন হয়েছে, এখন পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় নির্বাচন নিয়ে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

এর পরও যদি কোনো রাজনৈতিক দল বা কোনো দলের নেতা এই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন করে, তবে এসব প্রশ্নের মাধ্যমে প্রমাণ হয় তারা আসলে এই দেশকে অস্থিতিশীল এবং অশান্ত দেখতে পছন্দ করে, দেশের শান্তিপূর্ণ পরিবেশ তাদের পছন্দ নয়,’ যোগ করেন হানিফ।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান হাজি রবিউল ইসলামসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

তৃণমূল পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানমালা ছড়িয়ে দিতে চাই : প্রধানমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত

এ যাবতকালের সর্ববৃহৎ পদক্ষেপ হিসেবে সরকার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী তৃণমূল পর্যায় পর্যন্ত উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মাধ্যমেই দেশের মানুষ সঠিক ইতিহাস জানতে পারবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু ঢাকা শহর বা দেশের বড় বড় শহরে যেন এটা সীমবিদ্ধ না থাকে, আমরা সারাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানমালা ছড়িয়ে দিতে চাই।

মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের মানুষ যাতে উদ্বুদ্ধ হয় এবং বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি,’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির যৌথসভায় প্রারম্ভিক ভাষণে একথা বলেন।

সরকার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যেই ২০২০ সালের ১৭ মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করে তা যথাযথভাবে উদযাপনে বিশিষ্ট জনদের নিয়ে একটি ১০২ সদস্য বিশিষ্ট কমিটি এবং বাস্তায়নের জন্য ৬১ সদস্য বিশিষ্ট যে কমিটি করেছে, আজ ছিল তারই প্রথম যৌথ বৈঠক।

মুজিব বর্ষের প্রায় এক বছরেরও বেশি সময় ধরে সারাদেশের সকল জেলা, উপজেলা থানা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই অনুষ্ঠানমালা চলবে

রামপুরায় সড়ক অবরোধ করে গাড়ির লাইসেন্স পরীক্ষা শিক্ষার্থীদের-দৈনিক যুগান্তর

বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরায় বিক্ষোভ প্রদর্শন করছেন শিক্ষার্থীরা। এসময় চালক ও গাড়ির লাইসেন্স পরীক্ষা করতে দেখা গেছে শিক্ষার্থীদের।  তারা বলছেন, নিরাপদ সড়কের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। বুধবার দুপুর থেকে রামপুরা ব্রিজ পার ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে আফতাব নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। এতে রোগীবহনকারী অ্যাম্বুলেন্স চলাচল করতে সমস্যায় পড়ছে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে তাদের বিপাকে পড়তে হচ্ছে। ভোগান্তিতে পড়ছে বিমানবন্দরের যাত্রীরাও। গাড়ি না পেয়ে পথচারীদের দীর্ঘ পথ হেঁটে যেতে হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, শিক্ষার্থীরা গাড়ির ও চালকের লাইসেন্স পরীক্ষা করছেন। তারা রাস্তার দুই পাশেই অবস্থান করছেন। যে কারণে গাড়ি চলাচল করতে পারছে না।

ট্রাফিক পুলিশের রামপুরা জোনের কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, রামপুরো ওভার ব্রিজ পার হয়ে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের চার-পাঁচশ শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা রাস্তার মাঝ দাঁড়িয়ে বিক্ষোভ করায় দুই পাশ দিয়ে দাড়ি চলাচল করতে পারছে না।

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফল-দৈনিক ইত্তেফাক

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সফল বাইপাস সার্জারি হয়েছে। বুধবার দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফল হয়েছে। এখনও তিনি অপারেশন থিয়েটারেই আছেন। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে মঙ্গলবার সিঙ্গাপুরে অবস্থানরত ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভী জানান, ওবায়দুল কাদেরের রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। ওবায়দুল কাদেরের পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম।

গত ৩ মার্চ রাত ৩টায় হঠাৎ শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয় ওবায়দুল কাদেরের। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করার পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পরদিন বিকালে উন্নত চিকিত্সার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

নুরের একাত্মতা, আঘাত এলে দাঁতভাঙা জবাব-দৈনিক মানবজমিন

বেপরোয়া বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদের মৃত্যুর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। তিনি বলেছেন শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের আঘাত আসলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। গতকাল বিকাল ৪টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে যান নুর। এ সময় তিনি বলেন, এর আগে আমরা দেখেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনে রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে। ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে। শান্তিপূর্ণ এই আন্দোলন বানচাল করতে নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে।

নুর বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা করা হয়েছে, তা দ্রুত প্রত্যাহার করতে হবে। হামলাকারী হেলমেট বাহিনীকে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, আমরা কোনো শো অফ চাই না। আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের ওপর হামলা হলে বাংলার ছাত্রসমাজ মাঠে থাকবে। কোনো কূটকৌশল করা হলে তার কড়া জবাব দেয়া হবে। এর আগে প্রতিটি আন্দোলনে রাষ্ট্র ব্যর্থতার ভূমিকা রেখেছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। গতকাল সকাল ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান বিইউপি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এ খবর জানার পরপরই তার সহপাঠী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।

লন্ডনে গ্রেফতার ঋণখেলাপি পলাতক নীরব মোদী, কিছু ক্ষণ পরই তোলা হবে আদালতে- দৈনিক আনন্দবাজার পত্রিকা-

লন্ডনে গ্রেফতার করা হল নীরব মোদীকে। কিছু ক্ষণের মধ্যেই তাঁকে তোলা হবে আদালতে। প্রায় ১৪ হাজার কোটি টাকার ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদীকে গ্রেফতার করা হয়েছে লন্ডনে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। ইংল্যান্ডের একটি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার পরই তাঁকে গ্রেফতার করা হল বলে জানা যাচ্ছে সংবাদসংস্থা সূত্রে।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি আবেদনের ভিত্তিতেই এই পরোয়ানা জারি করেছিল ইংল্যান্ডের আদালত। আজ কিছুক্ষণের মধ্যেই তাঁকে আদালতে তোলা হতে পারে বলে জানা যাচ্ছে সংবাদসংস্থা সূত্রে।

ধর্মস্থানকে রাজনৈতিক মঞ্চ বানাবেন না, দলগুলিকে নির্দেশ নির্বাচন কমিশনের-সংবাদ প্রতিদিন

নির্বাচনের ইস্যু কি হওয়া উচিত? নিজেদের নীতি অনুযায়ী ঠিক করে রাজনৈতিক দলগুলি। সুস্থ রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে কখনও ইস্যু হিসেবে উঠে আসে সমাজের জ্বলন্ত সমস্যা, কিংবা আগামী দিনের পথদিশা। কিন্তু, ভারতের ক্ষেত্রে অনেক সময়ই এর ব্যতিক্রম হয়। দেখা যায়, জনসাধারণের সমস্যার থেকে রাজনৈতিক দলগুলির প্রচার হচ্ছে মূলত ধর্ম এবং জাতপাতকেন্দ্রীক। এতে গৌণ হয়ে যায় সাধারণ মানুষের সমস্যা। প্রাধান্য পায় ধর্মীয় এজেন্ডা। আর এই এজেন্ডার প্রচারের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় ধর্মীয় স্থান এবং ধর্মগুরুদের। এবার এই অপচেষ্টাতে ইতি টানতে উদ্যোগ নিচ্ছে কমিশন।

মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, রাজনৈতিক দলগুলি এবং ধর্মীয় নেতারা ‘অপপ্রচার’-এর জন্য ধর্মীয় স্থান ব্যবহার করতে পারবে না বা এমন কোনও কাজ করতে পারবে না যাতে গোষ্ঠীদ্বন্দ্বে উসকানি দেওয়া হয়। ভোটের জন্য জাতি হিংসা বা ধর্মীয় হিংসায় ইন্ধন জোগালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আসলে, নির্বাচন কমিশনে একটি আবেদন করা হয়েছিল বিজেপির তরফে। গেরুয়া শিবিরের দাবি ছিল, ভোটে ফায়দা তোলার জন্য মাদ্রাসা এবং মসজিদগুলিকে ব্যবহার করছে বিরোধীরা। কমিশন জানিয়ে দিয়েছে, ধর্মের ভিত্তিতে ভোটারদের বিভাজনের সমস্তরকম অপচেষ্টা কড়া হাতে দমন করা হবে। এমনিতেও নির্বাচনী আচরণবিধি অনুসারে, “ভোটের প্রচারের সময় জাতি এবং ধর্মের উল্লেখ করা কঠোরভাবে নিষিদ্ধ।” এবার ধর্মস্থানগুলিতেও রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করছে কমিশন। উল্লেখ্য, এর আগে কেরলের জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। যাতে বলা ছিল, কোনও রাজনৈতিক দলই সবরীমালা ইস্যুকে হাতিয়ার করে ভোট চাইতে পারবে না।

দেশ আগে পরিবার নয়, ফের কংগ্রেসকে আক্রমণ মোদির-দৈনিক আজকাল

আজ মোদির গড় বারাণসীতে প্রচারে যাওয়ার কথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর। তার আগেই আবারও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ব্লগে মোদি লিখেছেন, আমার কাছে দেশ আগে পরিবার নয়। আর কংগ্রেস দলেই গনতন্ত্রকে জায়গা দেয় না। গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের কোনও নেতা দলের নেতৃত্ব দিতে চাইলে তাঁকে চুপ করিয়ে দেওয়া হয়। অথবা দল থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়। সেকারণেই ২০১৪ সালে মানুষ পরিবারতন্ত্র নয় সততাকেই ভোট দিয়ে বেছে নিয়েছিলেন। আবারও সেই সুযোগ পাচ্ছেন দেশবাসী। এবারও জয় সততারই হবে বলে ব্লগে লিখেছেন মোদি।  মোদি আরও অভিযোগ করেছেন কংগ্রেসের আমলে সেনাবাহিনী কখনও যোগ্য সম্মান পায়নি। অস্ত্র আর যুদ্ধ বিমান কেনা নিয়ে কেবল দুর্নীতি হয়েছে। তারপরেও যখন তাদের এই নিয়ে প্রশ্ন করে আদালত, তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন না তাঁরা।

সরাসরি ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে মোদি বলেছেন, তিনি বিচারব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, যেখানে সংবিধানের থেকেও গুরুত্ব দেওয়া হত একটি পরিবারকে।#

পার্সটুডে/বাবুল আখতার/২০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন