এপ্রিল ১৫, ২০১৯ ১১:১৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৫ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • প্যারোলের বিষয়টি একান্তই খালেদা জিয়ার, দলের নয়: ফখরুল-দৈনিক যুগান্তর
  • নুসরাতকে পুড়িয়ে হত্যা: ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলার আবেদন-দৈনিক যুগান্তর
  • শেখ হাসিনা সেরা ৫ নীতিমান নেতার একজন-দৈনিক প্রথম আলো
  • রাবি শিক্ষক শফিউল হত্যায় তিনজনের ফাঁসির আদেশ-দৈনিক ইত্তেফাক
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-নির্মাণাধীন ভবনে ১৪ লাখ টাকা চাঁদা দাবি ছাত্রলীগ সভাপতির ‘-দৈনিক মানবজমিন
  • রাস্তা থেকে তুলে নিয়ে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • রাফাল নিয়ে পাল্টা চাপে রাহুল, রায়ের ভুল ব্যাখ্যার অভিযোগে জবাব তলব সুপ্রিম কোর্টের-দৈনিক আনন্দবাজার
  • সিবিআইয়ের কাছে রাজীব কুমারের হলফনামার জবাব তলব সুপ্রিম কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১ ফেনীর আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ অন্তত ২৫ জন জড়িত। মামলার অন্যতম দুই সন্দেহভাজন আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী থেকে এ তথ্য পাওয়া গেছে। কী বলবেন আপনি?

২. মধ্যপ্রাচ্যের ভবিষ্যত এ অঞ্চলের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসেডন্ট বাশার আল-আসাদ। আসলে কী সেটা সম্ভব হবে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

শেখ হাসিনা সেরা ৫ নীতিমান নেতার একজন-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম নীতিমান নেতা। নাইজেরিয়ার প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ বলেছে, বিশ্বের সেরা পাঁচ নীতিমান নেতার মধ্যে একজন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাইজেরিয়ার বাংলাদেশ হাইকমিশন এমনটাই জানিয়েছেন বলে গতকাল রোববার বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, নাইজেরিয়ার সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ গতকাল মাত্র পাঁচজন বিশ্বনেতাকে নিয়ে ‘ওয়ার্ল্ডস মোস্ট অস্টিয়ার প্রেসিডেন্টস’ শীর্ষক একটি ফিচার প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে শেখ হাসিনার খুব কম বেতন পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, শেখ হাসিনার মাসিক বেতন ৮০০ মার্কিন ডলারের মতো। একই সঙ্গে প্রতিবেদনে মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ নারী’র তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ৫৯তম অবস্থানে আছেন, তাও উল্লেখ করা হয়েছে।

নাইজেরিয়ার ওই পত্রিকা জানায়, শেখ হাসিনার সবচেয়ে অসামান্য দুটি অর্জন রয়েছে। একটি হলো শেখ হাসিনার নেতৃত্বের ভূমিকা এবং অন্যটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী অপরাধকারীদের বিচারের সাফল্য।

নুসরাত হত্যা মামলায় মাকসুদ আলম ৫ দিনের রিমান্ডে-দৈনিক প্রথম আলো

নুসরাত জাহান রাফি

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা করার ঘটনায় গ্রেপ্তার সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাকসুদ আলমকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরাফ উদ্দিন আহমদ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম জানান, মাকসুদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের জন্য আবেদন জানিয়েছিলেন। বিচারক পাঁচ দিনের আবেদন মঞ্জুর করেছেন। মাকসুদ আলমকে গত বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলার জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, আগুনে পুড়িয়ে ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় সরাসরি জড়িত চারজনকে তারা গ্রেপ্তার করতে পারেনি। দুজন গ্রেপ্তার আছেন, বাকি দুজনকে গ্রেপ্তারের অভিযান চলছে। যেকোনো সময় পিবিআই এ বিষয়ে সবাইকে ভালো খবর দিতে পারবে

নুসরাতকে পুড়িয়ে হত্যা: ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলার আবেদন-দৈনিক যুগান্তর

ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি (প্রত্যাহার হওয়া) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন। সোমবার দুপুর ১টার দিকে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ অভিযোগ করা হয়। এ বিষয়ে আজই শুনানি হওয়ার কথা রয়েছে। ব্যারিস্টার সাইদুল হক সুমন জানান, ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারাসহ অন্যান্য ধারায় অভিযোগ করা হয়েছে। যৌন হয়রানির অভিযোগ করতে থানায় যাওয়ার পর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি রেকর্ডের সময় ভিডিও করা এবং পরবর্তীতে তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার ঘটনায় তার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, যৌন হয়রানির অভিযোগ করতে যাওয়ার পর সোনাগাজী থানার তৎকালীন ভারপ্রাপ্ত ওসির কক্ষে আরেক দফা হয়রানির শিকার হতে হয়েছিল নুসরাতকে। ওসি নিয়ম না মেনে জেরা করতে করতেই নুসরাতের বক্তব্য ভিডিও করেন।

প্যারোলের বিষয়টি একান্তই খালেদা জিয়ার, দলের নয়: ফখরুল-দৈনিক যুগান্তর

Image Caption

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্যারোলে মুক্তির বিষয়টি একান্তই খালেদা জিয়া এবং তার পরিবারের সিদ্ধান্ত। এটা দলের কোনো বিষয় নয়। সোমবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এদিন জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়ার সমাধিতে আসেন। জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, প্যারোল আমাদের দলের বিষয় না, খালেদা জিয়া অসুস্থ-এটা তার একটা বিষয়। আরেকটা তার পরিবারের বিষয়। তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলমান রয়েছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং দেশনেত্রীকে মুক্ত করতে আমরা আজকে শপথ নিয়েছি আমাদের আন্দোলন বেগবান করব। বাংলা নববর্ষে তিনিসহ দলের তিনজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান তিনি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

রাফায়েল নিয়ে পাল্টা চাপে রাহুল, রায়ের ভুল ব্যাখ্যার অভিযোগে জবাব তলব সুপ্রিম কোর্টের-দৈনিক আনন্দবাজার

রাহুল গান্ধী

লোকসভা ভোটের প্রচারে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাহুল গাঁধীর সবচেয়ে বড় অস্ত্র রাফাল চুক্তির অসঙ্গতি। প্রায় প্রতিটি প্রচার সভায় স্লোগান তুলছেন ‘চৌকিদার চোর হ্যায়’। কিন্তু রাফাল ইস্যুতে সেই স্লোগান নিয়েই এ বার কার্যত বিপাকে কংগ্রেস সভাপতি। রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করে জনসমক্ষে এবং সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন— বিজেপির এই অভিযোগের ভিত্তিতে রাহুলকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট। সাত দিনের মধ্যে অর্থাৎ ২২ এপ্রিলের মধ্যে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তার পরের দিন ফের এই মামলার শুনানি। সোমবার রাহুলকে নোটিস দিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘আমরা এটা স্পষ্ট করতে চাই, সংবাদ মাধ্যম এবং জনসমক্ষে নোটিস গ্রহণকারী (রাহুল গাঁধী) যে মন্তব্য করেছেন তা ভুল ভাবে আদালতের উপর চাপানো হয়েছে। আমরা আরও বলতে চাই, আদালত কখনও এই ধরনের পর্যবেক্ষণ করেনি। আমরা শুধু নথিপত্র (রাফাল) খতিয়ে দেখার অনুমতি দিয়েছিলাম।’’

সিবিআইয়ের কাছে রাজীব কুমারের হলফনামার জবাব তলব সুপ্রিম কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন

রাজীব কুমারের হলফনামার জবাব দেওয়ার জন্য সিবিআইকে সাতদিনের সময় দিল সুপ্রিম কোর্ট। তদন্তে সহযোগিতা করেননি এই অভিযোগে গত ৬ এপ্রিল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে সিবিআই। এরপরই ৮ এপ্রিল নোটিস পাঠিয়ে এই বিষয়ে রাজীব কুমারের জবাব তলব করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৩ এপ্রিল আদালতে হলফনামা জমা দেন রাজীব কুমার। তাতে সিবিআই তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

সিপিএম-বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে কংগ্রেস, অধীরের ডেরায় অভিযোগ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

বিয়াল্লিশে-বিয়াল্লিশ যদি চাই তাহলে বহরমপুরও চাই, জঙ্গিপুরও চাই, মুর্শিদাবাদও চাই। মুর্শিদাবাদের বেলডাঙার জনসভায় মমতা যখন এই কথাগুলি বলছেন, তখন হয়তো তিনি নিজেও জানেন এরাজ্যে তাঁর দল বিয়াল্লিশে ৪২ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে মুর্শিদাবাদ জেলা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির খাসতালুক। মুর্শিদাবাদে আগের তুলনায় অনেকটাই শক্তিক্ষয় হয়েছে কংগ্রেসের, অনেক শক্তিশালী হয়েছে তৃণমূল। তবু, লোকসভায় অধীর চৌধুরি যে একটা ফ্যাক্টর, তা মানছেন স্থানীয় তৃণমূল নেতারাও। তাই অধীরের খাসতালুকে মমতা প্রথমেই আক্রমণ করলেন কংগ্রেসকে। বলা ভাল, নাম না করে অধীর চৌধুরিকে। মুখ্যমন্ত্রীর আক্রমণ খানিকটা অধীর চৌধুরির ব্যক্তিগত জীবন নিয়েই। বললেন, “বহরমপুরে আর ক’দিন থাকেন, কোথায় থাকেন সে কি জানি না? আমার মুখ খোলাবেন না।” সম্প্রতি লোকসভা প্রার্থীপদের হলফনামায় অধীরবাবু নিজের স্ত্রী হিসেবে অতসী চট্টোপাধ্যায়ের নাম লিখেছেন। মুখ্যমন্ত্রী হয়তো সেদিকেই ইঙ্গিত করলেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫