এপ্রিল ১৯, ২০১৯ ১১:৩৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৯ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • রমজানের আগেই মাংস-সবজির দাম চড়া-দৈনিক প্রথম  আলো
  • কোরআনকে অবমাননা, ফেসবুকজুড়ে সেফুদা’র ফাঁসি দাবি-দৈনিক ইত্তেফাক 
  • নুসরাত হত্যাকাণ্ডে স্থানীয় রাজনীতি জড়িত : ডিআইজি রুহুল আমিন-দৈনিক নয়া দিগন্ত
  • শপথ নেবে না বিএনপি-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • মোদির কপ্টারে তল্লাশির জেরে বরখাস্ত আমলা, বিতর্ক রাজনৈতিক মহলে-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিএসপির বদলে বিজেপিতে ভোট! ভুলের শাস্তি দিতে নিজেই কেটে ফেললেন আঙুল-দৈনিক আনন্দবাজার
  • কেউ ডুবে ধারে, কেউ মা–বাবাকে নিয়ে পথে বসবেন, কাঁদছেন জেটের কর্মীরা-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসাসেবা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তিনি এভাবে চিকিৎসা নেন। চোখ দেখানো শেষে তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন। এর আগেও একই হাসপাতালে এভাবে তিনি চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন। এ ছাড়া ২০১৭ সালের ৯ ডিসেম্বর সাধারণ রোগীর মতোই লাইনে দাঁড়িয়ে ৫ টাকার টিকিট কিনে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা' করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় তার সঙ্গে বোন শেখ রেহানাও ছিলেন।

রমজানের আগেই মাংস-সবজির দাম চড়া-দৈনিক প্রথম আলো

Image Caption

পবিত্র রমজান মাস আসার আগেই বাজারে সবজি, মুরগি, গরুর মাংসের দাম বাড়িয়েছেন বিক্রেতারা। দেশি ও ফার্মের মুরগির দাম কয়েক সপ্তাহ ধরেই বেশি। ৫০ টাকার নিচে বাজারে কোনো সবজি নেই। ক্রেতারা বলছেন, রমজানের শুরুতে নিত্যপণ্যের দাম বাড়ালে আলোচনা হয়, তাই এবার বিক্রেতারা রমজানের আগেই দাম বাড়িয়ে দিয়েছেন। তবে খুচরা সবজি বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় তাঁদের বেশি টাকায় কিনতে হচ্ছে। অবশ্য পাইকারি বিক্রেতাদের দাবি, শিলাবৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় খেতের সবজি নষ্ট হওয়ায় সরবরাহ কম।

কোরআনকে অবমাননা, ফেসবুকজুড়ে সেফুদা’র ফাঁসি দাবি-দৈনিক ইত্তেফাক

সেফাতুল্লা ‘সেফুদা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বেশ পরিচিতি পেয়েছিলেন প্রবাসী বাংলাদেশি সেফাতুল্লা ‘সেফুদা'। রাজনীতিসহ নানা সামাজিক বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে জন্ম দিয়েছেন আলোচনা-সমালোচনার। তেমনই বরাবরের মতো গত বুধবার নিজের ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন সেফাতুল্লা। লাইভে তিনি কথা বলেন মডেল ও অভিনেত্রী সাফা কবিরের সম্প্রতি একটি মন্তব্য নিয়ে। জানা যায়, লাইভ চলাকালীন এক পর্যায়ে উত্তেজিত হয়ে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে ছিঁড়ে ফেলেন এবং তা টয়লেটে নিক্ষেপ করেন।এনিয়ে বাংলাদেশে ফেসবুক জুড়ে সেফুদার ফাঁসির দাবি উঠেছে।কেউ লিখেছেন, অবিলম্বে সেফুকে আইনের আওতায় আনা হোক। আবার কেউ লিখেছেন, পবিত্র কোরআন শরিফকে এমনভাবে অবমাননার শাস্তি চাই।পবিত্র কোরআন শরীফকে অবমাননা করায় সেফুদার ফাঁসি দাবি করে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। এছাড়া জানা যায়, দেশে অথবা বিদেশে সেফুদাকে আইনের হাতে তুলে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

শপথ নেবে না বিএনপি-দৈনিক মানবজমিন

বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ৬ জন শপথ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে শত নাগরিক আয়োজিত 'খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’-এর প্রকাশনা উৎসবে বিএনপির নেতারা এসব কথা জানান।

নুসরাত হত্যাকাণ্ডে স্থানীয় রাজনীতি জড়িত : ডিআইজি রুহুল আমিন-দৈনিক নয়া দিগন্ত

ডিআইজি মো: রুহুল আমীন

নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি তদন্ত কমিটির প্রধান পুলিশ সদর দফতরের ডিআইজি মো: রুহুল আমীন বলেছেন, ২৭ তারিখের যৌন হয়রানির ঘটনায় স্থানীয় প্রশাসন, ম্যানেজিং কমিটি ব্যবস্থা নিলে নুসরাতের গায়ে আগুনের ঘটনা এড়ানো যেত। তিনি বলেন, প্রাথমিকভাবে নুসরাতের ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসির ত্রুটি-বিচ্যুতির প্রমাণ পাওয়া গেছে। ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার গাফিলতির বিষয়ে তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কার্যক্রম শেষ হতে আরো সময় লাগতে পারে। নথিপত্র যাচাই-বাচাই চলছে। সাধারণ একটি মামলা তদন্ত করতে এক মাস সময় লাগে। এটি একটি বড় ঘটনা, তাই কিছুটা সময় লাগবে।অধ্যক্ষের বিরুদ্ধে অনেক খারাপ হিস্ট্রি রয়েছে জানিয়ে তিনি বলেন, এই ঘটনার সাথে স্থানীয় রাজনীতির বিষয়ও জড়িত রয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ভুল করে বিজেপিকে ভোট, নিজের আঙুল কেটে ফেললেন বিএসপি সমর্থক -দৈনিক আনন্দবাজার/আজকাল

ইভিএমে হাতি চিহ্নের জায়গায় ভুল করে পদ্মে চাপ দিয়ে ফেললেন!‌ অনুতাপে নিজের আঙুল কেটে ফেললেন বহুজন সমাজ পার্টির এক সমর্থক। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরে।ভোট দিতে গিয়েছিলেন শিকারপুরের আবদুল্লাপুর হালসানা গ্রামের দলিত যুবক পবন কুমার। কিন্তু ইভিএমে হাতি ছাপের বোতাম টিপকে গিয়ে ভুল করে পদ্ম ছাপের বোতামে চাপ দিয়ে দেন। ফলে জোট প্রার্থী যোগেশ ভার্মার জায়গায় ভোট গিয়ে পড়ে বিজেপি প্রার্থী ভোলা সিংয়ের ঝুলিতে। স্থানীয়দের বক্তব্য, এই ঘটনায় অনুতপ্ত পবন। শুধু তাই নয়, বাড়িতে এসে ধারালো ছুরি দিয়ে নিজের বাঁ হাতের আঙুল কেটে ফেলেন পবন।

মোদির কপ্টারে তল্লাশির জেরে বরখাস্ত আমলা, বিতর্ক রাজনৈতিক মহলে-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টারে নির্বাচন কমিশনের ‘ফ্লাইং স্কোয়াডে‘র তল্লাশি এবং তার জেরে এক আইএএস অফিসারের সাসপেনশন নিয়ে সরগরম রাজনৈতিক মহল। সেইসঙ্গে প্রশাসনিক স্তরেও চলছে চাপানউতোর। প্রধানমন্ত্রী এসপিজি নিরাপত্তার আওতায় থাকেন। সেই কারণে তাঁর হেলিকপ্টারে তল্লাশি চালানোর এক্তিয়ার নেই জানিয়ে বুধবার রাতেই সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। কিন্তু সেই ‘বিধি’ নিয়েই শোরগোল উঠেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রধানমন্ত্রীর কপ্টারে তল্লাশির নির্দেশ দিয়ে সত্যিই তিনি বিধিভঙ্গ করেছেন কিনা। প্রধান বিরোধী দল কংগ্রেস এবং আম আদমি পার্টি কমিশনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। কংগ্রেসের পক্ষে টুইটারে দাবি করা হয়েছে, এই নিয়ম প্রচারের সময় সরকারি যানের উপর প্রযোজ্য। তার মানে এই নয় যে প্রচারের সময় প্রধানমন্ত্রীর যে কোনও যানকেই তল্লাশি থেকে ছাড় দেওয়া যাবে। আপ-এর কটাক্ষ, “চৌকিদার কি কিছু লুকোতে চেষ্টা করছেন?”

কেউ ডুবে ধারে, কেউ মা–বাবাকে নিয়ে পথে বসবেন, কাঁদছেন জেটের কর্মীরা-দৈনিক আজকাল

কেউ কাজ করছেন সংস্থা শুরুর দিন থেকে। এখন নতুন চাকরি খুঁজবেন কী করে, তা–ই ভাবছেন। কেউ বিশ্বাসই করতে পারছেন না, ২০ বছরেরও বেশি চাকরির পরে বৃহস্পতিবার থেকে কাজ নেই। কেউ আবার এখনও আশা করছেন, ঘুরে দাঁড়াবে সংস্থা। এদের কেউ বিমানবন্দরে মাল ওঠানো–নামানোর কাজে যুক্ত। কেউ বা পাইলট। কেউ বিমানসেবিকা। দু–তিন মাস বেতন না পেলেও কাজে আসছিলেন যাঁরা। আজ তাঁদের সকলেরই পরিচয় ঝাঁপ বন্ধ করা জেট এয়ারওয়েজের কর্মী। সংখ্যাটা প্রায় ২০,০০০। বুধবার সন্ধেয় বিমান সংস্থাটি জানিয়েছে, পুঁজির অভাবে আপাতত পরিষেবা বন্ধ করতে বাধ্য হচ্ছে তারা। তারপর থেকেই নানা জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা। সংশ্লিষ্ট মহলের মতে, জেটের নিজস্ব কর্মী ছাড়াও ট্রাভেল এজেন্ট থেকে শুরু করে বিমানবন্দরে কাজ করা ঠিকা কর্মীদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯