এপ্রিল ২০, ২০১৯ ১১:৪১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • তারেক-জোবাইদার ব্যাংক হিসাব জব্দের আদেশ সরকারের নির্দেশে’-দৈনিক যুগান্তর-দৈনিক যুগান্তর
  • তথ্যপ্রযুক্তি-ধীরে ধীরে বহু দূর এগিয়েছে দেশ-দৈনিক প্রথম  আলো
  • তৃণমূল থেকে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক 
  • জনগণ সম্পৃক্ত হলে আন্দোলন সফল হবে : ড. কামাল-দৈনিক নয়া দিগন্ত
  • হত্যার আগে নুসরাতকে ‘ছাদে ডেকে নিয়ে যান’ পপি-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • জেতার জন্য বাংলাদেশি এনে প্রচার’, ফিরদৌস-নূর প্রসঙ্গে কটাক্ষ মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
  • কেন সরকার গড়তে পারবে না বিজেপি, ‘হিসেব’ কষে দেখিয়ে দিলেন মমতা-দৈনিক আনন্দবাজার
  • যৌন হেনস্থার অভিযোগের ছায়া সুপ্রিম কোর্টে, অস্বীকার প্রধান বিচারপতির-দৈনিক আজকাল-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

তৃণমূল থেকে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

Image Caption

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায় থেকে দলকে ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, আওয়ামী লীগকে একেবারে তৃণমূল থেকে ঢেলে সাজানো হবে। এ জন্য আমরা আট বিভাগের জন্য আটটি কমিটি করেছি। এই কমিটিগুলোর দায়িত্ব থাকবে কোথায় সংগঠনের কমিটি আছে না আছে সেগুলো দেখা; সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে আরো মজবুত করে গড়ে তোলা। সেটাই আমাদের লক্ষ্য। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় সূচনা বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক-দৈনিক ইত্তেফাক

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যৌথসভায় যোগ দিতে এসে শুক্রবার অস্ত্রসহ ধরা পড়েছেন আওয়ামী লীগের এক নেতা। তার নাম এম এ মান্নান। তিনি ঢাকা মহানগর ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। এ ব্যাপারে পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, তার কাছ থেকে একটি লাইসেন্স করা পিস্তল পাওয়া গেছে। অস্ত্রের বৈধ কাগজপত্র আছে তার। এরপরও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অস্ত্র নিয়ে ঢোকার নিষেধাজ্ঞা না মানায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তারেক-জোবাইদার ব্যাংক হিসাব জব্দের আদেশ সরকারের নির্দেশে’-দৈনিক যুগান্তর

তারেক জোবাইদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ব্যাংক হিসাব জব্দের আদেশ সরকারের নির্দেশে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, বাংলাদেশের আদালত ব্যবহার করে সরকার তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের নামে যুক্তরাজ্যের একটি ব্যাংকে থাকা তিনটি হিসাব জব্দের নির্দেশের আদেশ করিয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। তিনি বলেন, সরকারের নির্দেশে দুর্নীতি দমন কমিশনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত একটি আদেশ দিয়েছে বলে জানা গেছে। ‘মিথ্যা সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে অন্যায়ভাবে। এখন বিএনপিকে চাপে ফেলতে এই সরকার দুদককে দিয়ে একটি কাল্পনিক ও মিথ্যা আবেদনের মাধ্যমে আদালতকে দিয়ে আদেশ করিয়েছে। এটি একটি আষাঢ়ে গল্প।’

জনগণ সম্পৃক্ত হলে আন্দোলন সফল হবে : ড. কামাল-দৈনিক নয়া দিগন্ত

জনগণ সম্পৃক্ত হলে আন্দোলন সফল হবে। সামনের দিনগুলোতে দেশের উজ্জল ভবিষ্যত অপেক্ষা করছে বলে আশাবাদ ব্যক্ত করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ড. কামালের ৮৩তম জন্মদিন উপলক্ষে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকালে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় শুভেচ্ছা বক্তব্যে একথা বলেন। তিনি সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলন ও নিরাপদ সড়কের দাবীতে তরুণদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে বলেন, আমরা স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তির আগেই সফল হবো। দেশ আরো এগিয়ে যাবে।

হত্যার আগে নুসরাতকে ‘ছাদে ডেকে নিয়ে যান’ পপি-দৈনিক মানবজমিন

হত্যার আগে মাদরাসা ছাত্রী নুসরাতকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিল অধ্যক্ষের ভাগ্নি পপি। আদালতে দেয়া জবানবন্দিতে একথা স্বীকার করেছে সে। গতকাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় বিশেষ সুপার মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-বিদেশী মিডিয়ার রিপোর্ট-নুসরাত হত্যাকাণ্ড কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশকে। আর নয়া দিগন্তের খবর- নুসরাত হত্যাকাণ্ডে ব্যবহৃত বোরকা উদ্ধার করেছে পিবিআই তদন্ত টিম।

ভারতের নির্বাচনে বাংলাদেশে যে প্রভাব পড়তে পারে-দৈনিক মানবজমিন

১১ই এপ্রিল শুরু হয়েছে ভারতের জাতীয় নির্বাচনের প্রথম ধাপ। প্রতিবেশী দেশ হিসেবে গত এক দশকের বেশি সময় ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ।কিন্তু নির্বাচনের পরে দেশটিতে সরকার ও নীতি বদলে গেলে তার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। সে কারণে ভারতের নির্বাচনের দিকে ঘনিষ্ঠ নজর রাখছে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো। এই নির্বাচন কিভাবে দুই দেশের সম্পর্কে প্রভাব রাখতে পারে?

বাংলাদেশের প্রধান সমস্যা কী-দৈনিক প্রথম আলো

প্রথম আলোর সহকারী সম্পাদক ও সাহিত্যিক মশিউল আলম তার এক মতামত জরিপের শিরোনাম করেছিলেন বাংলাদেশের প্রধান সমস্যা কী? তিনি বলেছিলেন, পাঁচটা সম্ভাব্য উত্তরও লিখেছিলাম এ বিষয়ে। উত্তরগুলো ছিল ১. গণতন্ত্রহীনতা, ২. আয়বৈষম্য, ৩. দুর্নীতি, ৪. বেকারত্ব, ৫. জনঘনত্ব। এগুলোর মধ্যে কে কোনটাকে বাংলাদেশের ১ নম্বর সমস্যা বলে মনে করেন, তা জানতে চেয়েছিলাম। উল্লেখ করেছিলাম যে এটা একটা জরিপ, সবাইকে এ জরিপে অংশ নিতে অনুরোধ জানিয়েছিলাম। আমার অনুরোধে সাড়া দিয়ে ৩০০ জন মন্তব্য করেছেন। তাঁদের মধ্যে ১৪৫ জন বলেছেন, তাঁরা দুর্নীতিকে ১ নম্বর সমস্যা বলে মনে করেন। ১০১ জন বলেছেন, বাংলাদেশের ১ নম্বর সমস্যা গণতন্ত্রহীনতা; গণতন্ত্র থাকলে অন্য সমস্যাগুলো সমাধান করা যেত। তাঁদের কেউ কেউ গণতন্ত্রের পাশাপাশি সুশাসন ও আইনের শাসনের কথা বলেছেন। দু-একজন বলেছেন, সুশাসন থাকলে গণতন্ত্র ছাড়াও দেশের উন্নয়ন হতে পারে। ৩৫ জন বলেছেন, তাঁরা জনঘনত্বকে বাংলাদেশের ১ নম্বর সমস্যা হিসেবে দেখেন। জনঘনত্বই বাকি সব সমস্যার জন্ম দিয়েছে—এমন মন্তব্যও কেউ কেউ করেছেন। ১০ জন বলেছেন, ১ নম্বর সমস্যা আয়বৈষম্য। ৫ জন বলেছেন, বেকারত্বই ১ নম্বর সমস্যা।

মন্তব্যকারীদের মধ্যে বেশ কজন বলেছেন, উল্লিখিত পাঁচটি সমস্যার সব কটিই তাঁরা বাংলাদেশের জন্য গুরুতর বলে মনে করেন। একজন রসিকতা করে বলেছেন, ‘সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা’। আরেকজনের মন্তব্য, ‘শ্যাম রাখি না কুল রাখি!’ কেউ কেউ বলেছেন, আমার উল্লিখিত পাঁচটি  সমস্যার বাইরে আরও অনেক গুরুতর সমস্যা আমাদের দেশে আছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

জেতার জন্য বাংলাদেশি এনে প্রচার’, ফিরদৌস-নূর প্রসঙ্গে কটাক্ষ মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভোটপ্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরদৌস এবং গাজি নূরের অংশ নেওয়া নিয়ে বিতর্কের শেষ নেই৷ ইতিমধ্যেই দুই তারকার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ বুনিয়াদপুরের সভা থেকে এই ইস্যুতেই প্রথমবার মুখ খুললেন নরেন্দ্র মোদি৷ গেরুয়া শিবিরের জনপ্রিয়তা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় চমকে গিয়েছেন বলেই কটাক্ষ তাঁর৷ মোদি আরও বলেন,‘‘লোকসভা নির্বাচনে জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু করতে পারেন৷ তাই বাংলাদেশি এনে ভোটপ্রচার করাচ্ছেন৷’

এদিকে, দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম করা হয়েছে এরকম-‘হারাতঙ্ক রোগে ভুগছেন’, প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ মমতার

এ খবরে লেখা হয়েছে, চার দশক পর প্রধানমন্ত্রী হিসেবে শনিবারই বুনিয়াদপুরে সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদি৷ মঞ্চ থেকে মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি৷ জেতার জন্য মমতা সব কিছুই করতে পারেন বলে কটাক্ষ শোনার গিয়েছে মোদির গলায়৷ আর তাঁর  সভার কয়েকঘণ্টা পরই নদিয়ার কালীগঞ্জ থেকে মোদিকে চাঁচাছোলা ভাষায় পালটা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্কের সঙ্গে তুলনা করে তাঁর কটাক্ষ, ‘হারাতঙ্কে' ভুগছেন মোদি৷

যৌন হেনস্থার অভিযোগের ছায়া সুপ্রিম কোর্টে, অস্বীকার প্রধান বিচারপতির-দৈনিক আজকাল

 ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

এবার যৌন হেনস্থার ছায়া পড়ল দেশের বিচার ব্যবস্থার প্রধান কেন্দ্র সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ–এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টেরই এক প্রাক্তন কর্মী। অবশ্য শনিবারই সেই সব অভিযোগই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে এটাকে বিচার ব্যবস্থার স্বাধীনতায় আক্রমণ বলে অভিহিত করেছেন রঞ্জন গগৈ।

তাঁর নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে চলা ওই মামলার শুনানিতে এদিন সকালে প্রধান বিচারপতি বলেছেন, ‘এটা অবিশ্বাস্য। এই অভিযোগ অস্বীকার করার মতো নিচেও আমি নামতে পারছি না। এর পিছনে বড় চক্রান্ত আছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০