এপ্রিল ২১, ২০১৯ ১২:৪৩ Asia/Dhaka
  • শ্রীলংকার সিরিজ বোমা হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২১ এপ্রিল রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • শামীম ওসমানের বিরুদ্ধে এসপির যত অভিযোগ’-দৈনিক প্রথম আলো
  • শ্রীলংকার সিরিজ বোমা হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা-দৈনিক যুগান্তর
  • ব্রুনেইয়ে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা: -দৈনিক কালেরকণ্ঠ
  • খালেদা ও তার ছেলে কাউকে বিশ্বাস করে না: তোফায়েল আহমেদ-দৈনিক ইত্তেফাক
  • সংসদের আশেপাশে কেউ হাঁটবে না- গয়েশ্বর -মানব জমিন
  • নুসরাতের ন্যায়বিচার নিয়ে আমরা শঙ্কিত: টিআইবি -দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • আমি ইন্দিরা গাঁধী নই, তবে তাঁর মতো কাজ করতে চাই: প্রিয়ঙ্কা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • বাবরি ধ্বংস করেছিলাম‌, ফের বোমা সাধ্বী প্রজ্ঞার, পেলেন ফের নোটিসও-দৈনিক আজকাল
  • দিল্লি থেকে পুলিশ আনলেও একটি আসনও পাবে না’, বিজেপিকে হুঁশিয়ারি মমতার-সংবাদ প্রতিদিন

 

শামীম ওসমানের বিরুদ্ধে এসপির যত অভিযোগ’-দৈনিক প্রথম আলো

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একগুচ্ছ লিখিত অভিযোগ জমা দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ। অভিযোগগুলোর মধ্যে রয়েছে অপরাধীদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চাপ, পুলিশকে হুমকি, আচরণবিধি লঙ্ঘন করে দেহরক্ষীকে ছেলের সঙ্গে সংসদীয় এলাকার বাইরে পাঠানো এবং অন্যায়ভাবে ওয়াকিটকি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি ও গোপন তথ্য জেনে নেওয়া ইত্যাদি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে জানা গেছে, শামীম ওসমানের বিরুদ্ধে আগেও পুলিশ প্রশাসন মৌখিকভাবে ও টেলিফোনে এ ধরনের অভিযোগ জানিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশকে সে সময় নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আদেশ দেন।

শ্রীলংকার সিরিজ বোমা হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা-দৈনিক যুগান্তর

ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলংকার রাজধানী কলম্বোসহ অন্যান্য এলাকার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ইতিমধ্যে ১৫৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্তত ৩৫ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একযোগে এই হামলায় হতাহতের ওই ঘটনায় শেখ হাসিনা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ব্রুনেইয়ে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা: -দৈনিক কালেরকণ্ঠ

তিন দিনের সরকারি সফরে ব্রুনেই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনেই পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

আজ রবিবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে ব্রুনেই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। ব্রুনেই আন্তজার্তিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর স্বাগত জানান দেশটির ক্রাউন প্রিন্স (যুবরাজ) আল-মুহতাদি বিল্লাহ বলকিয়া। এর আগে আজ সকাল সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪০৫ ফ্লাইটে ব্রুনেই দারুস সালামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনেই আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেয়া হয় সফরকালীন আবাসস্থল এম্পায়ার হোটেল অ্যান্ড কান্ট্রি ক্লাবে।

প্রধানমন্ত্রী ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়ারসহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

খালেদা ও তার ছেলে কাউকে বিশ্বাস করে না: তোফায়েল আহমেদ- ইত্তেফাক

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ বলেন, পরিবারের সদস্য ছাড়া খালেদা জিয়া ও তার ছেলে কাউকে বিশ্বাস করে না। রবিবার সকালে শ্রমিক লীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, দলের অনেক সিনিয়র নেতা থাকা সত্ত্বেও দায়িত্ব দেয়া হয়েছে খালেদা জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ছেলে তারেক রহমানকে। বিএনপি নির্বাচনেও ব্যর্থ, দল হিসাবে ব্যর্থ। তিনি বলেন, বিএনপি নির্বাচনকে বির্তকিত করতে চেয়েছিল। কিন্তু তারা পারেনি। বিশ্বের বড় বড় রাষ্ট্র বিজয়ী হওয়ার পরে প্রাধনমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সমর্থন দিয়েছে।

সংসদের আশেপাশে কেউ হাঁটবে না- গয়েশ্বর-দৈনিক মানব জমিন

দলের নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শের কর্মী যারাই মনে করেন, তারা জয়লাভ করেছেন। আমি বিশ্বাস করি, তারা সংসদে যাওয়া তো দূরের কথা; তার আশেপাশে কেউ হাঁটবে না। কারণ তারা সংসদের আশপাশ দিয়ে হাঁটলে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করার সুযোগ পাবে না। দলীয় নেতা-কর্মী কথা বাদই দিলাম। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৩০০ আসনে কেউ জয় লাভ করে নাই, সুতরাং ৩০০ আসনে কেউ পরাজিত ও হয় নাই। কারণ জনগণ নির্বাচনে ভোট দেয় নাই । নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করে জনগণ। সুতরাং আমরা পরাজিত ও হয়নি।

নুসরাতের ন্যায়বিচার নিয়ে আমরা শঙ্কিত: টিআইবি -দৈনিক নয়াদিগন্ত

আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অন্যায়ের পক্ষে জড়িয়ে পড়ছে। নারী ও শিশু নির্যাতনের মতো এসব ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ার কোনো ন্যায়বিচার আসেনি। আমরা নুসরাতের ঘটনায় ন্যায়বিচার নিয়ে শঙ্কিত বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চত্বরে টিআইবি আয়োজিত ‘নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, স্বাধীন দেশে নারী, শিশু নির্যাতনের বিচার দাবি যে পুরণ হবে তাতে আমাদের আস্থা নেই। একই সাথে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড এবং এ ঘটনার ন্যায়বিচার সরকারের জন্য একটি অ্যাসিড টেস্ট।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

 আমি ইন্দিরা গাঁধী নই, তবে তাঁর মতো কাজ করতে চাই: প্রিয়ঙ্কা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

শনিবার কানপুরে প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর ঠাকুরমা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর সঙ্গে তুলনা টানেন এক কংগ্রেস কর্মী। ঠাকুরমা ইন্দিরা গাঁধীর সঙ্গে তুলনাতেই যেতে চান না প্রিয়ঙ্কা। ছবি: পিটিআই।

সক্রিয় রাজনীতিতে পা রাখার আগে থেকেই তুলনাটা ছিল। তবে ছিল। তবে তাঁর গুণমুগ্ধরা যা-ই বলুন না কেন, ইন্দিরা গাঁধীর সঙ্গে কোনও তুলনাতেই যেতে চান না স্বয়ং  প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা। বরং ইন্দিরার মতোই জনসেবা করে যেতে চান। নির্বাচনী প্রচারে কানপুরে গিয়ে এমনটাই বললেন প্রিয়ঙ্কা। তিনি বলেন, “তিনি ইন্দিরা গাঁধী নন, তবে তাঁর মতো কাজ করতে চেষ্টার কোনও কসুর করবেন না। শনিবার কানপুরে প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর ঠাকুরমা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর সঙ্গে তুলনা টানেন এক কংগ্রেস কর্মী। সে সময় প্রিয়ঙ্কা বলেন, “ইন্দিরাজির সামনে আমি কিছুই নই। তবে জনসেবার যে ইচ্ছা তাঁর হৃদয়ে ছিল, তা আমার আর আমার ভাইয়ের মনেও রয়েছে। তা কেউ কেড়ে নিতে পারবে না। এবং সুযোগ দিন বা না দিন, আমরা আপনাদের সেবা করে যাব।”

‌‌বাবরি ধ্বংস করেছিলাম, ফের বোমা সাধ্বী প্রজ্ঞার, পেলেন ফের নোটিসও-দৈনিক আজকাল

গত বৃহস্পতিবারের মন্তব্যের ফলে ওঠা বিতর্কের ঝড় এখনও থামেনি। এর মধ্যে আবারও দলকে অস্বস্তিতে ফেলে বোমা ফাটালেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ওরফে প্রজ্ঞা সিং ঠাকুর। শনিবার তিনি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সগর্বে জানিয়েছেন, ১৯৯২ সালের ছয় ডিসেম্বর, তিনি অন্য নেতা–কর্মীদের সঙ্গে অযোধ্যার বাবরি মসজিদে গিয়ে মসজিদের মিনার ধ্বংস করার কাজে হাত লাগিয়েছিলেন। সাধ্বী প্রজ্ঞা বলেছেন, ‘‌বাবরি মসজিদ ধ্বংস করার জন্য আক্ষেপ করব কেন। বরং আমরা খুবই গর্বিত এজন্য। বাবরি মসজি ধ্বংস করায় হিন্দুদের আত্মগরিমা এবং দেশের আত্মমর্যাদা বেড়েছে। এবার আমি গিয়ে ওখানে রাম মন্দির নির্মাণ করব। এই দেশে না হলে রাম মন্দির আর কোথায় হবে বলুন তো’‌

দিল্লি থেকে পুলিশ আনলেও একটি আসনও পাবে না, বিজেপিকে হুঁশিয়ারি মমতার- সংবাদ প্রতিদিন

দিল্লি থেকে পাঁচ কোটি পুলিশ আনলেও বাংলায় একটি আসনও পাবে না। নদিয়ার গয়েশপুরের জনসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লি থেকে লোক পাঠিয়ে রাজ্যে সমান্তরাল সরকার চালাচ্ছে মোদি সরকার। ঘন ঘন পালটে দেওয়া হচ্ছে বাংলার কর্মরত অফিসারদের।

উত্তরবঙ্গে যেমন করছিলেন, এখন দক্ষিণবঙ্গে একইভাবে একে পর নির্বাচনী জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর সমর্থনেই রবিবার নদিয়ার গয়েশপুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী। কারণ গয়েশপুর নদিয়া জেলায় হলেও, বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এদিন জনসভা থেকে রানাঘাট কেন্দ্রে দলের প্রার্থী রূপালী বিশ্বাসকেও ভোট দেওয়ার আরজি জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/বাবুল আখতার/২১