এপ্রিল ২২, ২০১৯ ১১:২৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২২ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • হুমকি নেই, তবে সতর্ক আছি আমরা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • আইন প্রয়োগকারী সংস্থার একাংশ দুর্নীতিগ্রস্ত: টিআইবি-দৈনিক প্রথম আলো
  • ঠাকুরগাঁও বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত-দৈনিক ইত্তেফাক
  • এবার স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তরুণীকে পুড়িয়ে হত্যা, ইউপি সদস্যসহ আটক ৪-দৈনিক মানবজমিন
  • নতুন আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাব-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • ‘বাংলায় সমান্তরাল সরকার চালাচ্ছে, বদলা নেব’, নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতার-দৈনিক আনন্দবাজার
  • ‘রাফালে নিয়ে ভুল বলেছিলাম’, সুপ্রিম কোর্টে স্বীকারোক্তি রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • এনআরসি প্রয়োগ হবে দেশজুড়ে:‌ অমিত শাহ-দৈনিক আজকাল-দৈনিক আজকাল 

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. দেশে অস্বাভাবিক সরকার আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। কেন তার এই আশংকা? আপনারও কী এমনটা মনে হয়?

২. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুদিনের সরকারি সফরে ইরানে রয়েছেন। তার এ সফরের গুরুত্ব কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

হুমকি নেই, তবে সতর্ক আছি আমরা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

 বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বাংলাদেশে কোনো হুমকি না থাকলেও শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় বাংলাদেশ সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ ব্যাপারে বাংলাদেশে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ছিল এবং আছে। শ্রীলংকায় ওই বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিম এমপির নাতি জায়ান চৌধুরী নিহত ও জামাতা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সোমবার দুপুরে রাজধানীর বনানীতে শেখ সেলিম এমপির বাসায় তাকে সান্ত্বনা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশে হলি আর্টিজানের ঘটনার পর আমরা শক্ত হাতে তা দমন করেছি। এখন বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। এ দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। তিনি আরও বলেন, জায়ান চৌধুরীর লাশ মঙ্গলবার দেশে আসবে। তবে আপাতত শ্রীলংকায়ই চিকিৎসা চলবে মশিউল হক চৌধুরীর।

আইন প্রয়োগকারী সংস্থার একাংশ দুর্নীতিগ্রস্ত: টিআইবি-দৈনিক প্রথম আলো

আইন প্রয়োগকারী সংস্থার একাংশ দুর্নীতিগ্রস্ত: টিআইবি

নুসরাত হত্যাকাণ্ডে দেশের স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকার সমালোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘আমাদের আইন প্রয়োগকারী সংস্থার একাংশ দুর্নীতিগ্রস্ত, রাজনৈতিকভাবে প্রভাবান্বিত ও ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িত। প্রতিটি অপরাধে তারা অপরাধীর পাশে দাঁড়িয়ে অপরাধীকে সুরক্ষা দেয়। স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে দেশের আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনগুলো এমন অবস্থা তৈরি করে, যারা অপরাধের শিকার, তাদের রীতিমতো ভুক্তভোগী হতে হয়, পালিয়ে বেড়াতে হয়। ’

দেশে অস্বাভাবিক সরকার আসতে পারে, আশঙ্কা মোশাররফের-দৈনিক মানবজমিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

দেশে একটা অস্বাভাবিক সরকার আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ আশঙ্কা করেন। ‘রাজনৈতিক প্রতিহিংসায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা প্রত্যাহার’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আজ দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি ও অস্বাভাবিক সরকার রয়েছে। তবে অস্বাভাবিক বিষয় বেশীদিন স্থায়ী ও চিরস্থায়ী হতে পারে না। এটা পৃথিবীর ইতিহাসে প্রমাণিত। এই অস্বাভাবিক বিষয় থেকে অবশ্যই দেশ মুক্তি পাবে। এজন্য খালেদা জিয়াকে মুক্ত করে তার  নেতৃত্বে আন্দোলন করতে হবে। সেই আন্দোলনে যার যার অবস্থান থেকে শরীক হতে হবে এবং  সেই আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

এনআরসি প্রয়োগ হবে দেশজুড়ে:‌ অমিত শাহ-দৈনিক আজকাল

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ

দেশজুড়ে প্রয়োগ করা হবে এনআরসি নীতি। কলকাতায় এসে এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সোমবার নিউটাউনে এক সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ নজরে দেখে বাংলাকে। এদিন অমিত শাহ জানান, নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত করা হবে এবং গোটা দেশজুড়ে এনআরসি নীতি প্রয়োগ করা হবে। যাতে কোনওভাবেই অনুপ্রবেশ না ঘটে দেশে এবং উদ্বাস্তুরা স্বস্তিতে বসবাস করতে পারেন। এমনকী বিজেপি বাংলাতেও অনুপ্রবেশ রুখবে। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি ৫০ কোটি গরীবদের উন্নতি সাধন করেছেন। গত পাঁচ বছরে বিশ্বে এ দেশের সুনাম বেড়েছে। মোদি বিশেষভাবে বাংলারও উন্নতি করতে চান।’ভারতে সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা আইনে পরিবর্তন করা হবে বলেও জানান অমিত শাহ।  

‘রাফায়েল নিয়ে ভুল বলেছিলাম’, সুপ্রিম কোর্টে স্বীকারোক্তি রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিন

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

রাফালে ইস্যুতে সুপ্রিম কোর্টকে জড়িয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে রাহুল স্বীকার করে নিলেন তাঁর ভুল হয়েছে। রাজনৈতিক উত্তাপে নিজেকে সংবরণ করতে পারেননি। তবে কংগ্রেস সভাপতির দাবি, বিরোধীরা তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করছে। রাফায়েল ইস্যুতে দীর্ঘদিন ধরেই নাম না করে প্রধানমন্ত্রীকে চোর বলে চলেছেন কংগ্রেস সভাপতি। কংগ্রেস সমর্থকদের মধ্যে তাঁর দেওয়া স্লোগান ‘চৌকিদার চোর হ্যায়’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণকে হাতিয়ার করে জনসভায় রাহুল গান্ধী দাবি করেন, যে সর্বোচ্চ আদালতও মেনে নিয়েছে চৌকিদার চোর। বিজেপির অভিযোগ ছিল, রাহুলের এই দাবি ভ্রান্ত। তিনি শীর্ষ আদালতের রায়ের অপব্যাখ্যা করেছেন। বিজেপির এই অভিযোগের ভিত্তিতে রাহুলের কাছে তাঁর মন্তব্যের ব্যাখ্যা চায় সর্বোচ্চ আদালত। ব্যাখ্যা দিতে গিয়ে রাহুল কার্যত স্বীকার করে নিলেন তিনি মিথ্যে বলেছেন।

বাংলায় সমান্তরাল সরকার চালাচ্ছে, বদলা নেব’, নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতার-দৈনিক আনন্দবাজার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

মমতা বলেন, ‘‘রাজ্যে একটা নির্বাচিত সরকার আছে। আপনারা ভোট দিয়ে আমাদের নির্বাচন করেছেন। রাজ্য সরকারকে বাদ দিয়ে দিল্লি থেকে লোক পাঠিয়ে সমান্তরাল একটা সরকার চালানোর চেষ্টা করছে। এটা অসাংবিধানিক। অগণতান্ত্রিক।নির্বাচন কমিশনকে লক্ষ্য করে এ ভাবেই বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে হুঁশিয়ারি দিলেন, ‘‘বাংলায় যারা সমান্তরাল সরকার চালাচ্ছে, আমরা তার বদলা নেব। আগে দিল্লি থেকে ওদের তাড়াই।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২