এপ্রিল ২৪, ২০১৯ ১৪:৫৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৪ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • ‘মন্ত্রীরা যা বলেন, সঙ্গে সঙ্গে তার উল্টোটা ঘটে’-দৈনিক যুগান্তর
  • অর্থ পাচার মামলায় মামুনের ৭ বছর কারাদণ্ড, ১২ কোটি টাকা জরিমানা-দৈনিক প্রথম আলো
  • দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট-দৈনিক ইত্তেফাক
  • সিরাজগঞ্জের ৯ টি উপজেলায় ব্লাস্ট রোগে পুড়ছে কৃষকের ধান-দৈনিক মানবজমিন
  • বাদপড়া মন্ত্রী ও এমপিদের কদর বাড়ছে-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:          

  • ৫০ শতাংশ ইভিএমে ভোটার স্লিপ গুনে দেখার আর্জি, সুপ্রিম কোর্টে ২১ বিরোধী দল-দৈনিক আনন্দবাজার
  • নির্বাচনে কালো টাকা খরচ করছে বিজেপি, শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী-দৈনিক সংবাদ প্রতিদিন
  • মৃত্যুর হাত থেকে বাঁচলেন সনকা-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. দৈনিক মানবজমিন পত্রিকার একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে- বেশিরভাগ ধর্ষণের বিচার হয় না। আপনার পর্যবেক্ষণ কী?

২. ইরানের তেল বিক্রি বন্ধের মার্কিন স্বপ্ন পূরণ হবে না- একথা বলেছেন ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ। মন্ত্রীর এ বক্তব্য কতটা বাস্তব?

 

‘মন্ত্রীরা যা বলেন, সঙ্গে সঙ্গে তার উল্টোটা ঘটে’-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা যা বলেন, সঙ্গে সঙ্গে তার উল্টোটা ঘটে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, কদিন আগে বাণিজ্যমন্ত্রী ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেছিলেন- রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়বে না। তার পর দিনই হু হু করে দাম বেড়েছে প্রায় সব পণ্যের।

বিএনপির এ নেতা বলেন, গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারেও পেঁয়াজের দাম প্রতি কেজি বিক্রয় হয় ২৫ টাকায়। এর এক সপ্তাহ আগে বিক্রি হয় ২০ টাকায়। গতকাল মঙ্গলবার সবকটি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৬ থেকে ২৭ টাকায়।রিজভী বলেন, নিত্যপণ্য কিনতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ক্রেতারা। মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। অল্প আয়ের মানুষ রমজানের আগে দিশেহারা। পবিত্র রমজানের প্রাক্কালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারকে ধিক্কার জানান রিজভী। তিনি বলেন, অবৈধভাবে যারা ক্ষমতায় থাকে, তারা কখনই জনস্বার্থ দেখে না, জনকল্যাণ করতে পারে না।ওয়াসার এমডির সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, সারা ঢাকা শহরে ওয়াসার দূষিত পানির সরবরাহে জনজীবন এখন ভয়ঙ্কর রকম সংকটাপন্ন হয়ে পড়েছে। ওয়াসা কর্তৃপক্ষ এ বিষয়ে নির্বিকার

অর্থ পাচার মামলায় মামুনের ৭ বছর কারাদণ্ড, ১২ কোটি টাকা জরিমানা-দৈনিক প্রথম আলো

অর্থ পাচার মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১২ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এই রায় দেন। রায়ে বলা হয়, গিয়াস উদ্দিল আল মামুনের লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে জমা আছে বাংলাদেশি টাকায় ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা। এই টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হলো। বাজেয়াপ্ত করার বিষয়টি বাংলাদেশ ব্যাংকে জানিয়ে বাজেয়াপ্ত সম্পত্তির সব বিবরণ সরকারি গেজেট আকারে প্রকাশের নির্দেশ দেন আদালত। বাজেয়াপ্ত করা টাকা লন্ডন থেকে ফেরত আনার জন্য আইনি প্রক্রিয়া করার নির্দেশ দিয়েছেন আদালত।রায় ঘোষণার আগে গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামুন আদালতের এজলাসে বসে ছিলেন। এ সময় তিনি তাঁর আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন।

দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট-দৈনিক ইত্তেফাক

দ্বিতীয় দিনের মতো ৫ দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকেই সেশন জট, ক্রুটিপূর্ণ ফলাফল এবং ফলাফল প্রকাশের বিলম্বসহ নানা সমস্যা সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সাত সরকারি কলেজের প্রায় তিনশ' শিক্ষার্থী।

বাদপড়া মন্ত্রী ও এমপিদের কদর বাড়ছে-দৈনিক নযা দিগন্ত

আওয়ামী লীগ

বাদপড়া মন্ত্রী-এমপিদের দলীয়ভাবে কদর বাড়ছে। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নেতা, এমপি পদে মনোনয়ন পাননি এবং যেসব নেতা-মন্ত্রী নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি আগামী সম্মেলন সামনে রেখে ওইসব নেতা-মন্ত্রীকে নিয়ে নতুনভাবে পরিকল্পনা করছে আওয়ামী লীগ। তৃণমূল সংগঠন শক্তিশালী করা এবং দল পরিচালনায় পোড় খাওয়া নেতাদের বিশেষভাবে মূল্যায়ন করার চিন্তা রয়েছে দলটির। ইতোমধ্যে বাদপড়া মন্ত্রীদের কেউ কেউ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ পেয়েছেন। এছাড়া বাদপড়া বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী সংসদীয় কমিটিতে স্থান পেতে পাইপলাইনে আছেন। আগামী সম্মেলনে বাদপড়াদের কেউ কেউ গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

৫০ শতাংশ ইভিএমে ভোটার স্লিপ গুনে দেখার আর্জি, সুপ্রিম কোর্টে ২১ বিরোধী দল-দৈনিক আনন্দবাজার

ইভিএম

আগামী লোকসভা নির্বাচনে দেশের ৫০ শতাংশ ইভিএমের ক্ষেত্রে ভিভিপ্যাটের ভোটার স্লিপ গুনে দেখার আর্জি নিয়ে ফের সু্প্রিম কোর্টের দ্বারস্থ ২১ দলের বিরোধী জোট। এই নিয়ে সুপ্রিম কোর্টের আগের রায় পুনর্বিবেচনার অনুরোধও করেছে বিরোধীরা।

আগেও ইভিএমের গণনা নির্ভুল কি না, তা খতিয়ে দেখতে ভিভিপ্যাটের ভোটার স্লিপ গুনে মিলিয়ে নেওয়ার দাবি তুলেছিল বিরোধীরা। শুরুতে বিধানসভা পিছু একটি ইভিএমের ক্ষেত্রে এই মিলিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। তাঁদের যুক্তি ছিল, যত বেশি ইভিএমের জন্য ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখা হবে, তত বেশি দেরি হবে গণনায়। সব খতিয়ে দেখার পর বিধানসভা পিছু পাঁচটি ইভিএমের ক্ষেত্রে স্লিপ গুনে মিলিয়ে দেখতে হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

নির্বাচনে কালো টাকা খরচ করছে বিজেপি, শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী-দৈনিক সংবাদ প্রতিদিন

মমতা বন্দোপাধ্যায়

ওঁরা যদি নোটবাতিল করে আপনাদের চাকরি বাতিল করে পারে, তাহলে আপনারা কেন মোদিবাবুকে বাতিল করবেন না?’ হুগলির শ্রীরামপুরে জনসভায় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু মোদি বিরোধিতাই নয়, তৃণমূল কংগ্রেসের জমানায় হুগলি জেলায় উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তিনি।

লোকসভা ভোটে প্রথম তিন দফায় ভোটগ্রহণ মিটেছে উত্তরবঙ্গে সবক’টি আসনেই। ভোট হয়ে গিয়েছে মালদহ ও মুর্শিদাবাদের দুটি আসনেও। পঞ্চম দফায় ৬ মে ভোট হুগলি জেলার তিনটি লোকসভা আসনে। মঙ্গলবার তৃতীয় দফায় ভোটগ্রহণের দিন আরামবাগে দলের প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলিরই শ্রীরামপুরে জনসভা করলেন তিনি।

মুখবন্ধ খামে প্রধান বিচারপতির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’-এর নথি, গোয়েন্দাদের তলব শীর্ষ আদালতে-দৈনিক আনন্দবাজার

দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে কোনও ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে সিবিআই-এর দুই যুগ্ম অধিকর্তা, দিল্লির পুলিশ প্রধান এবং ইন্টেলিজেন্স ব্যুরোকে ডেকে পাঠানো হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের ‘জাজেস চেম্বারে’ তাঁদের ডেকে পাঠিয়েছে বিচারপতি অরুণ মিশ্র নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে ওঠা যৌন অভিযোগের তদন্তে তৈরি করা হয়েছে এই বিশেষ বেঞ্চ। উৎসব বইন্স নামের যে আইনজীবী প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছিলেন, তিনিও মুখবন্ধ খামে সমস্ত তথ্যপ্রমাণ আদালতে জমা দিয়েছেন বলে জানা যাচ্ছে। উৎসব বইন্সের অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই দেশের বিভিন্ন তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের সুপ্রিম কোর্টে ডেকে পাঠানো হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪