জুমার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে প্রধানমন্ত্রীর আহ্বান
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ এপ্রিল বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- জুমার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে প্রধানমন্ত্রীর আহ্বান-দৈনিক যুগান্তর
- এবার এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির জাহিদ-দৈনিক ইত্তেফাক
- সাংসদ জাহিদুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: গয়েশ্বর -দৈনিক প্রথম আলো
- দেশে প্রতিবছর ৪২ হাজার একর কৃষিজমি ও জলাশয় ভরাট হচ্ছে : টিআইবি-দৈনিক নয়া দিগন্ত
- ৪৫ জনের তালিকা-বিদেশ ফেরত তরুণদের ওপর নজরদারি-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ১২০র বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব’, বিজেপিকে চ্যালেঞ্জ অনুব্রতর-দৈনিক সংবাদ প্রতিদিন
- মোদীর বিরুদ্ধে বিধিভঙ্গের নালিশ, সমাধান না করেই কমিশনের ঘোষণায় বিভ্রান্তি-দৈনিক আনন্দবাজার
- প্রিয়াঙ্কা নন, বারাণসীতে কংগ্রেস প্রার্থী করছে অজয় রাইকে-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
সাংসদ জাহিদুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: গয়েশ্বর-দৈনিক প্রথম আলো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নেওয়া হলে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। বিএনপি থেকে নির্বাচিত ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। জাহিদুরের বিষয়টি দল দেখবে বলে তিনি জানান।বিএনপির এক নেতা প্রথম আলোকে বলেন, দলীয় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জাহিদুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বহিষ্কার করা হতে পারে। অথবা এ ক্ষেত্রে সরাসরি বহিষ্কারও করা হতে পারে।
এ সম্পর্কে দৈনিক ইত্তেফাক লিখেছে, মপি হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা জাহিদুর রহমান জাহিদ। বৃহস্পতিবার দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কক্ষে শপথ নেন।এর আগে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে জয়ী হওয়া গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খান স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন।বিএনপি শুরু থেকেই বলে আসছিল, তারা শপথ নেবে না। তবে নির্বাচিত ব্যক্তিদের অনেকেই ব্যক্তিগতভাবে শপথ নিতে আগ্রহী বলে জানিয়েছেন।
এদিকে দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, জনগণের চাপে শপথ নিয়েছেন দাবি করে ঠাকুরগাঁও-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছি। দল আমাকে বহিষ্কার করতে পারে জেনেও শপথ নিয়েছি। তবে দল বহিষ্কার করলেও আমি দলে আছি।
জুমার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে প্রধানমন্ত্রীর আহ্বান-দৈনিক যুগান্তর
জুমার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে সারা দেশের মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। নিরীহ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। কাউকে হত্যা করার মাধ্যমে কারও বিচারের অধিকার ইসলাম কাউকে দেয়নি। তিনি বলেন, সবার বিচার করবেন রাব্বুল আল আমিন। জুমার খুতবায় আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার করবেন। আমরা শান্তি চাই।
হজ নিবন্ধন শেষ হলেও কোটা পূরণ হয়নি-দৈনিক ইত্তেফাক
কোটা পূরণ না করেই চলতি বছরের হজের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন গত বৃহস্পতিবার শেষ হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রী ১ লাখ ২০ হাজার। প্রাক-নিবন্ধিতদের মধ্যে এখনো বেসরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৩৩৬ জন ও সরকারি ব্যবস্থাপনায় ৪২৫ জনের কোটা পূরণ হয়নি। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি সরকারের চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীর সংখ্যাসহ এজেন্সির তালিকা প্রেরণের বাধ্যবাধকতা থাকায় নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে না। তবে ১ হাজার ৭৬১ জনের অপূর্ণ কোটা পূরণের শর্তে নিবন্ধনকারী এজেন্সিসমূহের মধ্যে হজযাত্রী সংখ্যার ভিত্তিতে আনুপাতিক হারে গাইড হিসেবে বণ্টন করা হবে। হজ প্যাকেজ অনুযায়ী কোনো ভাবেই এজেন্সি প্রতি হজযাত্রীর সর্বোচ্চ কোটা তিনশ’ বেশি হবে না। এ তথ্য দ্রুত সৌদি আরবে পাঠানো হবে বলে জানা গেছে। এদিকে চলতি বছর বেসরকারি ২০ হজ এজেন্সি সর্বনিম্ন ১০০ হজযাত্রী নিবন্ধন কোটা পূরণ করতে পারেনি।
৪৫ জনের তালিকা-বিদেশ ফেরত তরুণদের ওপর নজরদারি-দৈনিক মানবজমিন
ভিনদেশি পাসপোর্টধারি বিদেশ ফেরত বাংলাদেশিদের নজরদারীতে আনতে নির্দেশনা দেয়া হয়েছে। এরই মধ্যে এ নির্দেশনা দেশের সব বিমানবন্দর, স্থলবন্দরগুলোতে পৌঁছে দেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া ৪৫ জনের তালিকা বন্দরগুলোতে পাঠানো হয়েছে। সূত্রমতে, সরকারের তরফ থেকে এসব নির্দেশনা পৌঁছার পর বিমানবন্দর কর্তৃপক্ষগুলো এ বিষয়ে সতর্কতা জারি করেছে।
দেশে প্রতিবছর ৪২ হাজার একর কৃষিজমি ও জলাশয় ভরাট হচ্ছে : টিআইবি-দৈনিক নয়া দিগন্ত
সারা দেশে প্রতিবছর ৪২ হাজার একর কৃষিজমি ও জলাশয় ভরাট হচ্ছে বলে তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নগর পরিকল্পনার দৃষ্টিকোণ থেকে মহানগর এলাকায় ১০ থেকে ১৫ শতাংশ এলাকায় জলাশয় থাকা উচিত বলে মনে করে সংস্থাটি। আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি মেঘমালা সম্মেলন কক্ষে ‘ড্যাপ লঙ্ঘন করে ঢাকা ও এর চারপাশের জলাশয় ভরাটের চিত্র’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। টিআইবি আরো বলছে, বিভিন্ন গবেষণা অনুযায়ী ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে ৫ হাজার ৭ শ’ ৫৭ একর জলাভূমি ঢাকা থেকে হারিয়ে যাচ্ছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
মোদীর বিরুদ্ধে বিধিভঙ্গের নালিশ, সমাধান না করেই কমিশনের ঘোষণায় বিভ্রান্তি-দৈনিক আনন্দবাজার
নির্বাচনের কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রায় প্রতিটি সভাতেই কার্যত সেনার নামে ভোট চাইছেন নরেন্দ্র মোদী। কিন্তু কমিশন কার্যত ঠুঁটো জগন্নাথ। নির্বাচনী বিধিভঙ্গের নির্দিষ্ট অভিযোগ দায়ের হওয়ার পরও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। শুধু তাই নয়, মোদীর বিরুদ্ধে কলকাতার এক ব্যক্তির দায়ের করা অভিযোগ কমিশনের সাইট থেকেই কার্যত উধাও হয়ে গিয়েছে। এই নিয়েই প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের ভূমিকা। যদিও এটি নেহাতই প্রযুক্তিগত সমস্যা বলে দায় এড়াতে চাইছে কমিশন।
১২০র বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব’, বিজেপিকে চ্যালেঞ্জ অনুব্রতর-দৈনিক সংবাদ প্রতিদিন
লোকসভা নির্বাচনের পর দিল্লির মসনদে কে বসবে? কে হাসবে শেষ হাসি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এই কঠিন প্রশ্নেরই সহজ উত্তর দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ বৃহস্পতিবার, বোলপুরে নিজের বাড়িতে সংবাদ প্রতিদিন ডিজিটালের ফেসবুক লাইভে তাঁর চ্যালেঞ্জ, পশ্চিমবঙ্গে বিজেপি একটিও আসন পাবে না৷ এমনকী গোটা দেশে যদি ১২০টির বেশি আসন পায় গেরুয়া শিবির, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ঘাসফুল শিবিরের সেনাপতি৷ কথাই একমাত্র ইউএসপি অনুব্রত মণ্ডলের৷ তাঁর দাওয়াই রাজনীতির ময়দানে বেশ পরিচিত৷ বাক্যবাণ দিয়েই বরাবর বিরোধীদের ঘায়েল করেছেন তিনি৷
প্রিয়াঙ্কা নন, বারাণসীতে কংগ্রেস প্রার্থী করছে অজয় রাইকে-দৈনিক আজকাল
সব কৌতুহলের অবসান। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র নন, এবার বারাণসী কেন্দ্র থেকে আজয় রাইকেই প্রার্থী করছে কংগ্রেস। মোদির মোবাকিলায় হাইপ্রোফাইল কাউকে প্রার্থী করা নিয়ে কয়েকঘণ্টা আগে পর্যন্ত তুমুল জল্পনা চলেছে। প্রিয়াঙ্কা নিজেও বেশ কয়েকবার বলেছিলেন হাইকমান্ড চাইলে বারাণসী থেকে প্রার্থী হতে আপত্তি নেই তাঁর। তবে সিদ্ধান্তটা রাহুল গান্ধীর উপরেই ছেড়ে গিয়েছিলেন তিনি।প্রিয়াঙ্কার এই ব্যক্তব্য দাবানলের মত ছড়িয়ে পড়েছিল রাজনৈতিক মহলে। বিজেপিও এই নিয়ে তোরজোর শুরু করে দিয়েছিল। বারাণসীতে বিজেপি যে এবার ভাল অবস্থায় নেই তা দলীয় কর্মীরা বিলক্ষণ জানেন। প্রিয়াঙ্কার একাধিকবার বারাণসীতে প্রচারে আসায় সিঁদুরে মেঘ দেখছিলেন যোগীরা। অবশেষে মেঘ কাটল কারণ প্রিয়াঙ্কার ইমেজই মোদির অর্ধেক ভোট কেটে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট ছিল বলে মনে করছেন রাজনীতিকরা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫