শপথ নিতে সময় চেয়ে আবেদন করিনি: মির্জা ফখরুল
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩০ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- শপথের জন্য বাড়তি সময় চেয়ে ফখরুলের আবেদন-দৈনিক ইত্তেফাক
- শপথ নিতে সময় চেয়ে আবেদন করিনি: মির্জা ফখরুল -দৈনিক যুগান্তর
- দলে ভাঙন ঠেকাতে সংসদে বিএনপি?-দৈনিক প্রথম আলো
- শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা-দৈনিক মানবজমিন
- রাজধানীতে পুলিশের ওপর 'ককটেল' হামলার দায় স্বীকার 'আইএসের'-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, নোটিস পাঠিয়ে রাহুলের কাছে জবাব চাইল স্বরাষ্ট্রমন্ত্রক-দৈনিক সংবাদ প্রতিদিন
- ‘৪০ তৃণমূল বিধায়ক আমার সঙ্গে’, চাঞ্চল্যকর দাবি মোদীর-দৈনিক আনন্দবাজার
- টাকা দিয়ে দল ভাঙাচ্ছেন মোদি, ভদ্রেশ্বরে আক্রমণ মমতার-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
শপথের জন্য বাড়তি সময় চেয়ে ফখরুলের আবেদন-দৈনিক ইত্তেফাক
সংসদ সদস্য হিসেবে শপথের জন্য বাড়তি সময় চেয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে আবেদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবারই তিনি স্পিকারের কাছে লিখিত আবেদন করেন। সংসদ সচিবালয় আজ বিষয়টি স্বীকার করেছে। মির্জা ফখরুল আরও বলেছেন, সরকারের সঙ্গে আপস করে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা।
আর দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, শপথ নিতে সময় চেয়ে আবেদন করিনি: মির্জা ফখরুল
খবরে লেখা হয়েছে, শপথ নেয়ার জন্য স্পিকারের কাছে সময় চেয়ে কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়া থেকে নির্বাচিত এ জনপ্রতিনিধি বলেছেন, যারা এ ধরণের সংবাদ পরিবেশন করছেন তারা আমার সঙ্গে কথা না বলেই করছেন।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আর দৈনিক প্রথম আলো লিখেছে, শপথ নেবেন না মির্জা ফখরুল। সংসদ কৌশলের অংশ হিসেবেই বিএনপির বাকি সাংসদরা শপথ নিয়েছেন।
আর দৈনিক প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম-দলে ভাঙন ঠেকাতে সংসদে বিএনপি?
শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকতে পারল না বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির বিজয়ী ছয় সদস্যকে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর চার মাস ধরে সংসদে না যাওয়ার ব্যাপারে দলটির শক্ত অবস্থান নমনীয় হওয়ার পেছনে তিনটি কারণের কথা উল্লেখ করেছেন বিএনপির কেন্দ্রীয় এক নেতা এবং বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত নন কিন্তু বিএনপির প্রতি সহানুভূতিশীল একজন বুদ্ধিজীবী। আরও কয়েকজনের মতো এ দুজনও তারেক রহমানের সঙ্গে গত দুদিনে বিএনপির সংসদে যাওয়া উচিত-অনুচিত বিষয় নিয়ে টেলিফোনে কথা বলেছেন।
শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা-দৈনিক মানবজমিন
সাংবাদিকদের চোর বলার অভিযোগ এনে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন অনলাইন নিউজ পোর্টাল স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক নুজহাতুল হাসান। আজ মঙ্গলবার অতিরিক্ত ঢাকা মহানগর হাকিম আদালত আসাদুজ্জামান নুরের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে আদেশ দেবেন বলে জানান।
রাজধানীতে পুলিশের ওপর 'ককটেল' হামলার দায় স্বীকার 'আইএসের'-দৈনিক নয়া দিগন্ত
সোমবার রাতে ঢাকার গুলিস্তানে ককটেল বিস্ফোরণে তিন পুলিশের আহত হওয়ার ঘটনাটি কথিত ইসলামিক স্টেট গ্রুপ ঘটিয়েছে, নাকি এর পেছনে অন্য কেউ জড়িত রয়েছে -তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ সম্পর্কে প্রথম আলোর খবরে লেখা হয়েছে,ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, গতকাল সোমবার গুলিস্তানে যে ককটেলটি বিস্ফোরিত হয়েছিল, সেটি কোনো সাধারণ ককটেল নয়, অনেক শক্তিশালী। এর সঙ্গে যে–ই জড়িত থাকুক না কোনো, তাকে আইনের আওতায় আনা হবে। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
চক্রের স্বার্থে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন নুসরাত-দৈনিক প্রথম আলো
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে খুনের পরিকল্পনা হয় ৩ এপ্রিল। ওই দিন মাদ্রাসার ছাত্ররা কারাগারে গেলে অধ্যক্ষ সিরাজ উদদৌলা বিষয়টি ‘সর্বশক্তি দিয়ে’ দেখতে বলেন। কারণ, নুসরাত তাঁদের সবার সম্মিলিত স্বার্থে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ছাত্ররাও অধ্যক্ষের সিদ্ধান্তে রাজি হন। গত রোববার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালতে অধ্যক্ষ সিরাজ উদদৌলা নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় ১৬৪ ধারায় ১৯ পৃষ্ঠার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেছেন। গত ২৭ মার্চ দুপুরে সোনাগাজী মাদ্রাসা থেকে শ্লীলতাহানির মামলায় তিনি গ্রেপ্তার হন। আর ৯ এপ্রিল নুসরাতের ওপর অগ্নিসন্ত্রাসের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
৪০ তৃণমূল বিধায়ক আমার সঙ্গে’, চাঞ্চল্যকর দাবি মোদীর-দৈনিক আনন্দবাজার
এত দিন বিজেপির দ্বিতীয়-তৃতীয় সারির নেতারা যা বলেছেন, এ বার সেই কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। চতুর্থ দফার প্রচারে এসে সোমবার তৃণমূলে ‘ভাঙনের’ বার্তা ছড়িয়ে তাঁর দাবি, ‘‘দিদি এখনও পর্যন্ত আপনার ৪০ জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। দেখে নেবেন, ২৩ মে (ফলপ্রকাশের দিন) চার দিকে পদ্ম ফুটবে। আর আপনার বিধায়কেরা আপনাকে ছেড়ে দেবে। চুপে চাপ কমল ছাপ, বুথ বুথ সে তৃণমূল সাফ।’’ মমতার পাল্টা দাবি, গোটা দেশ থেকেই সাফ হয়ে যাবে বিজেপি।
টাকা দিয়ে দল ভাঙাচ্ছেন মোদি, ভদ্রেশ্বরে আক্রমণ মমতার-দৈনিক আজকাল
সোমবার হুগলির শ্রীরামপুরে সভা করতে এসে মোদি দাবি করেছেন,‘তৃণমূলের ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। ২৩ মে–র পর ৪০ জন বিধায়ক তৃণমূল ছাড়বেন।’ মঙ্গলবার হুগলির ভদ্রেশ্বরে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে তৃণমূল নেত্রী মোদির এই দাবি অসাংবিধানিক বলে অভিযোগ করেছেন। প্রচারে এসে মোদি টাকা দিয়ে দল ভাঙানোর কথা বলছেন, যা একেবারেই অসাংবিধানিক এবং এর জন্য মোদির প্রার্থী পদ বাতিল হওয়া উচিত বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। আর আনন্দবাজার লিখেছে, মমতা আমডাঙার জনসভায় বলেছেন, মোদী হিটলারের ঠাকুর্দা।
নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, নোটিস পাঠিয়ে রাহুলের কাছে জবাব চাইল স্বরাষ্ট্রমন্ত্রক-দৈনিক সংবাদ প্রতিদিন
ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। এবার কংগ্রেস সভাপতিকে নোটিস পাঠিয়ে তাঁর নাগরিকত্ব সম্পর্কিত যাবতীয় প্রমাণ চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর আবেদনের ভিত্তিতে রাহুলকে নোটিস পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগে একাধিক দেশের নাগরিকত্ব থাকার অভিযোগে কংগ্রেস সভাপতির মনোনয়ন বাতিল করারও দাবি উঠেছিল। পরে অবশ্য সেই দাবি খারিজ হয়ে যায়।
২০০৫ সালে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেন, রাহুল গান্ধী ইংল্যান্ডের একটি সংস্থায় নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। ২০৬ সালে এ প্রসঙ্গে রাহুল গান্ধী পালটা তোপ দাগেন সুব্রহ্মণ্যম স্বামীকে। রাহুলের পালটা দাবি, ভ্রান্ত তথ্য দিয়ে গোটা দেশকে বিভ্রান্ত করছেন স্বামী। ‘
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০