রমজানে কোনো ধরনের চাঁদাবাজকে প্রশ্রয় দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৭ মে মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- বরেণ্য সঙ্গীতশিল্পী মারা গেছেন-বুধবার মরদেহ আসবে-দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়ার মুক্তি নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক: ফখরুল-দৈনিক যুগান্তর
- ফখরুল দূরদর্শী নাকি ঈর্ষার শিকার?-দৈনিক প্রথম আলো
- রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭২-দৈনিক মানবজমিন
- টিয়াদীতে চলন্ত বাসে নার্সকে ধর্ষণের পর হত্যা-দৈনিক নয়া দিগন্ত
- কোনো ধরনের চাঁদাবাজকে প্রশ্রয় দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- ৫০ কোটি পেলে মোদিকে খুন করব! ভিডিও বার্তায় বললেন তেজবাহাদুর যাদব-দৈনিক সংবাদ প্রতিদিন
- যৌন নিগ্রহ কাণ্ডে ক্লিনচিট প্রধান বিচারপতিকে, প্রতিবাদে বিক্ষোভ সুপ্রিম কোর্টের বাইরে-দৈনিক আনন্দবাজার
- ভোটের দিন বিহারে হোটেলের ভিতর ইভিএম, ভিভিপ্যাট উদ্ধার-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
খালেদা জিয়ার মুক্তি নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক: ফখরুল-দৈনিক যুগান্তর
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন। সফরকালীন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আসা নিজ দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এক বক্তব্যে খালেদা জিয়ার মুক্তি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শেখ হাসিনা, যা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত ও সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রীর মুক্তি নিয়ে তিনি (শেখ হাসিনা) যা বলেছেন, তাতে আমি উদ্বেগ প্রকাশ করছি। খালেদা জিয়ার মুক্তি যদি প্রধানমন্ত্রীর ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে তা হলে সেটি শুধু উদ্বেগজনকই নয়; বরং তা সামগ্রিকভাবে দেশ ও জনগণের জন্য এক অশুভ আগামীর ইঙ্গিতবাহী।’
কোনো ধরনের চাঁদাবাজকে প্রশ্রয় দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হলে সাহস করে আমাদের জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দেবো না। সর্বদা সব জায়গায় শান্তি থাকবে, এটাই সরকারের প্রত্যাশা। আজ রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও মহানগর দোকান মালিক সমিতি আয়েজিত মাহে রমজান উপলক্ষে পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আমরা চাই চাঁদাবাজমুক্ত পরিবেশে সবাই ব্যবসা করবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এক সময় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রায় সময়ই মানুষ খুন হতো, ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারতেন না। আজ ব্যবসায় শান্তি ফিরে এসেছে, ক্রেতার টাকাও ছিনতাই হয় না।
ফখরুল দূরদর্শী নাকি ঈর্ষার শিকার?-দৈনিক প্রথম আলো
প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান তার মন্তব্য কলামে লিখেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদে যোগদান না করার সিদ্ধান্তটি ব্যক্তিগত, বিএনপির নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাপানো নয় বলেই জেনেছি। কিন্তু এই কথায় ফাঁক থাকা স্বাভাবিক, না থাকা অস্বাভাবিক। ফখরুল সংসদে থাকলে গণতন্ত্রের, দলের, এমনকি জিয়া পরিবারের প্রতি গণতন্ত্রকে অস্বীকার করে চলা ক্ষমতাসীন দলের মনোভাবে অপেক্ষাকৃত পরিবর্তন আনতে ভূমিকা রাখতেন। কিন্তু যাঁরা কট্টর বা সংসদে না যাওয়াকেই শ্রেয় মনে করেন, তাঁরা তাঁর বর্জনে একটা সান্ত্বনা খুঁজছেন।মির্জা ফখরুল সংসদে গেলে দল হয়তো এখনই ভাঙত না, তবে চাপে পড়ে তিনি যে ‘প্রজ্ঞার’ পরিচয় দিয়েছেন, তাতে দলটি ভাঙনের কবল থেকে বেঁচে গেল, তা-ও বলা কঠিন। গয়েশ্বর রায় ফখরুলকে সার্কাসের জোকারই বলেননি, তিনি তারেকের সিদ্ধান্তকে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করেছেন।
ফনির প্রভাবে ৩৫ জেলার ৬৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত-দৈনিক যুগান্তর
ঘূর্ণিঝড় ফনির প্রভাবে ৩৫ জেলার প্রায় ৬৩ হাজার হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ফনির প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। যে ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য ৩৮ কোটি ৫৪ লাখ দুই হাজার ৫০০ টাকা। এসব ফসলের মধ্যে ধান, ভুট্টা, সবজি, পাট ও পান রয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সম্ভাব্য সংখ্যা ১৩ হাজার ৬৩১ জন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সংগৃহীত প্রাথমিক তথ্য অনুযায়ী এ ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে। তবে ফসলের এই ক্ষতিতে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭২-দৈনিক মানবজমিন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটককৃতরা মাদক বিক্রি ও সেবনে জড়িত। সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।রাজধানীর খিলক্ষেত এলকায় ‘বন্দুকযুদ্ধে’এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।এছাড়া মুন্সীগঞ্জে ১১ মামলার আসামী সুজন মিয়াও ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বলে মানবজমিনের অন্য একটি বলা হয়েছে।
বরেণ্য সঙ্গীতশিল্পী মারা গেছেন-বুধবার মরদেহ আসবে-দৈনিক ইত্তেফাক
বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে মারা যান। বুধবার তার মরদেহ ঢাকায় আনা হবে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়। তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদও বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
টিয়াদীতে চলন্ত বাসে নার্সকে ধর্ষণের পর হত্যা-দৈনিক নয়া দিগন্ত
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বর্ণলতা যাত্রীবাহী বাসে শাহিনুর আক্তার ওরফে তানিয়া (২৪) নামে এক নার্সকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণকারীরা তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৮টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গজারিয়া জামতলী নামক স্থানে।
এবার ভারতের দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি
যৌন নিগ্রহ কাণ্ডে ক্লিনচিট প্রধান বিচারপতিকে, প্রতিবাদে বিক্ষোভ সুপ্রিম কোর্টের বাইরে-দৈনিক আনন্দবাজার
বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের সুপ্রিমকোর্ট চত্বর। এরই মধ্যে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জারি করা হয়েছে ১৪৪ ধারা। মঙ্গলবার সকাল থেকেই শীর্ষ আদালতের বাইরে আইনজীবী ও মহিলা সমাজকর্মীরা তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, সঠিক তদন্ত না করেই শ্লীলতাহানির অভিযোগ থেকে ক্লিনচিট দেওয়া হয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে। এর আগে ৩৫ বছর বয়সী এক নারী (জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট) সুপ্রিমকোর্টে ২২ বিচারপতিকে তার অভিযোগের কথা লিখিতভাবে জানান। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ওই নারীর অভিযোগ ছিল, গত বছর ১০ এবং ১১ অক্টোবর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তার বাসভবনে ওই নারীকে যৌন হেনস্তা করেন।
৫০ কোটি পেলে মোদিকে খুন করব! ভিডিও বার্তায় বললেন তেজবাহাদুর যাদব-দৈনিক সংবাদ প্রতিদিন
৫০ কোটি টাকা দেওয়া হলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করতে পারেন। সদ্য প্রকাশিত একটি ভিডিও ফুটেজে এই কথা বলতে শোনা গিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর বরখাস্ত হওয়া জওয়ান তেজবাহাদুর যাদবকে। যদিও সংবাদমাধ্যমের পক্ষে এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি দু’ বছর আগের বলে মনে করা হচ্ছে। তবে তেজবাহাদুর স্বীকার করেছেন যে প্রকাশিত ভিডিও ফুটেজে তিনিই ছিলেন। তাঁর অভিযোগ, ভোটের মরশুমে এধরনের ভিডিও প্রকাশ্যে আসার পিছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে৷ ভিডিও প্রকাশিত হওয়ায় তেজবাহাদুরের কড়া সমালোচনা করেছে বিজেপি।
মরে গেলেও বিজেপির স্লোগান আমার মুখ দিয়ে বেরোবে না, রানিবাঁধে বললেন মমতা-দৈনিক আনন্দবাজার
বাঁকুড়ার রানিবাঁধে সুব্রত মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে ফের নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “দাঙ্গা লাগানো ছাড়া আর কোনও কাজ নেই বিজেপির। পাঁচ বছরে কোনও উন্নয়ন করেনি ওরা। শুধু মানুষ খুন করেছে। ”বিজেপি সরকারের আমলে ১২ হাজার কৃষক আত্মঘাতী হয়েছে বলেও অভিযোগ তোলেন মমতা।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭