মে ২৫, ২০১৯ ১২:৫৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ মে শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ভাড়া–নৈরাজ্য ও টিকিট কালোবাজারি বন্ধের দাবি-দৈনিক প্রথম আলো
  • ভারত আঙ্গুল দিয়ে দেখাল গণতন্ত্র কী : ড. মোশাররফ-দৈনিক নয়া দিগন্ত
  • উন্নয়ন কাজের উদ্বোধনে ঈদে ভোগান্তি কমবে: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • ৪ দিনেও গ্রেপ্তার হয়নি ধান সংগ্রহে বাধা দেয়া যুবলীগ নেতা-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • রাজনীতির ইতিহাসে দৃষ্টান্ত, মোদিকে শুভেচ্ছাবার্তায় বলল বাংলাদেশের রাজনৈতিক দলগুলি-দৈনিক সংবাদ প্রতিদিন
  • রাহুলের পদত্যাগ নিয়ে জল্পনা, দল বলল ইস্তফা দেননি-দৈনিক আনন্দবাজার
  • গরুর মাংস রাখার অভিযোগে এক মহিলা–সহ তিন মুসলিমকে বেধড়ক মার গোরক্ষকদের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

উন্নয়ন কাজের উদ্বোধনে ঈদে ভোগান্তি কমবে: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর

দ্বিতীয় মেঘনা সেতু এবং দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কাজ অব্যাহত থাকবে। আর এসব উন্নয়ন কাজের উদ্বোধনের ফলে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে ভোগান্তি কমবে। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু এবং দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন শেষে তিনি একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সেতু দুটি উদ্বোধন করেন। আওয়ামী লীগ সরকার আসার পরই বাংলাদেশের মানুষের জীবনে উন্নয়নের ছোয়া পৌঁছে দিতে পেরেছেন বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চাই এবং ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে চাই, যাতে সমগ্র দেশ উন্নত হয়।

ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষকরা হতাশাগ্রস্ত -দৈনিক ইত্তেফাক/প্রথম আলো/যুগান্তর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ১৬ কোটি মানুষের খাদ্যের যোগানদাতা কৃষক পরিবারের অবস্থা আজ খুবই নাজুক। কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পেয়ে হতাশাগ্রস্ত। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। কৃষিপণ্যের ন্যায্য মূল্যের জন্য সরকারে কাছে ১২ দফা দাবি জানিয়েছে বিএনপি। ফখরুলের অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পকেট ভারী করার জন্য তাঁদের ধান কেনার অনুমতি দিয়ে সরকার কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা কৃষকের পণ্যের ন্যায্য মূল্য, বিশেষ করে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

ভাড়া–নৈরাজ্য ও টিকিট কালোবাজারি বন্ধের দাবি-দৈনিক প্রথম আলো

ভাড়া–নৈরাজ্য ও টিকিট কালোবাজারি বন্ধের দাবি

ঈদযাত্রায় সড়ক, নৌ ও আকাশপথে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, রেলপথে টিকিট কালোবাজারি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ শনিবার ঈদযাত্রা পর্যবেক্ষণ কর্মসূচিতে নিয়োজিত পর্যবেক্ষকদের গত কয়েক দিনব্যাপী নগরীর বিভিন্ন বাস কাউন্টার, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, বিমান বুকিং পরিস্থিতি পর্যবেক্ষণ–পরবর্তী এক পর্যালোচনা সভায় এই দাবি জানানো হয়।

সভায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও টিকিট কালোবাজারি বন্ধ করা না গেলে ফিটনেসবিহীন যানবাহন ও পণ্যবাহী পরিবহনে নিম্ন আয়ের লোকজনের যাতায়াত কোনোভাবেই ঠেকানো যাবে না। এতে করে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়বে। গণপরিবহন–সংকটের কারণে ও কম ভাড়ার আশায় নিম্ন আয়ের লোকজন ফিটনেসবিহীন যানবাহন, পণ্যবাহী যানবাহন, বাস-ট্রেন ও লঞ্চের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হবে।

৪ দিনেও গ্রেপ্তার হয়নি ধান সংগ্রহে বাধা দেয়া যুবলীগ নেতা-দৈনিক মানবজমিন

সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারী ধান সংগ্রহে যুবলীগ নেতার বাধা এবং ইউএনও’র সঙ্গে অশোভন আচারণ করায় মামলা হলেও ৪ দিনেও কোন আসামী গ্রেপ্তার হয়নি। বেলকুচির ইউএনও এসএম সাইফুর রহমান বুধবার রাতে থানাায় মামলাটি দায়ের করেন। নিজের করা তালিকায় ধান সংগ্রহ না করায় বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা দলবল নিয়ে গিয়ে ইউএনওকে তার অফিসে গিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে

ভারত আঙ্গুল দিয়ে দেখাল গণতন্ত্র কী : ড. মোশাররফ-দৈনিক নয়া দিগন্ত

ড. খন্দকার মোশাররফ হোসেন

বাংলাদেশে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এমতাবস্থায় বাংলাদেশের সরকার, নির্বাচন কমিশন ও আওয়ামী লীগকে ভারতের লোকসভার নির্বাচন থেকে শিক্ষা নেয়ার আহবান জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে এক আলোচনা সভায় এই আহবান জানিয়ে তিনি বলেন, ভারতের লোকসভার নির্বাচনে সে দেশের জনগণ নিজেরা ভোট দিতে পেরেছে, তাদের পছন্দমত দলকে ভোট দিয়েছে, তাদের পছন্দমত দলকে ক্ষমতায় এনেছে। আমি ভারতের নির্বাচনের বিষয়ে বলতে চাই- প্রথমে বাংলাদেশ সরকার, দ্বিতীয় বাংলাদেশের নির্বাচন কমিশন এবং তৃতীয় বাংলাদেশের সকল পর্যায়ের প্রশাসকদের আজকে ভারতের থেকে শিক্ষা নেয়া উচিত। ভারতের এই নির্বাচন থেকে বাংলাদেশকে বিশেষ করে আওয়ামী লীগ ও সরকারকে শিক্ষা গ্রহণ করতে হবে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

রাহুলের পদত্যাগ নিয়ে জল্পনা সম্পর্কিত খবরটি ভারতের প্রায় সব দৈনিকে প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনাম এরকম, হারের দায় নিয়ে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ রাহুলের, বাদ সাধল দল

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

ফলাফল ঘোষণার দিন ইঙ্গিত মিলেছিল৷ যা সত্যি হল শনিবার৷ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে খারাপ ফলের দায় নিয়ে ওয়ার্কিং কমিটির বৈঠকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন দলের সভাপতি রাহুল গান্ধী৷ মেনে নিলেন খাদের ধারে এসে দাঁড়িয়েছে দল৷ ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই পরাজয়ের সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নেন কংগ্রেস সভাপতি৷ জানান, যেহেতু তাঁর নেতৃত্বেই এবার দল লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন৷ তিনি ছিলেন প্রচারের মুখ৷ তাই এই হারের দায় তাঁর উপরেই বর্তায়৷ এরপরই সভাপতির পদ থেকে তিনি পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন বলে কংগ্রেস সূত্রে খবর৷ তবে তাঁর এই প্রস্তাবে সাঁয় দেননি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অন্যান্য সদস্যরা৷

গরুর মাংস রাখার অভিযোগে এক মহিলা–সহ তিন মুসলিমকে বেধড়ক মার গোরক্ষকদের-দৈনিক আজকাল

ভোট শেষ। দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। তবে এখনও শপথ নেননি তিনি, এমনকি গঠিত হয়নি নয়া মন্ত্রিসভাও৷ কিন্তু তার আগেই তাণ্ডব শুরু স্বঘোষিত গোরক্ষকদের। কয়েকমাস আগে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল কংগ্রেস। কিন্তু লোকসভা নির্বাচনে হেরে গিয়েছে তাঁরা। আর মধ্যপ্রদেশে বিজেপি জিততেই দেখা দিল গোরক্ষকদের তাণ্ডব। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, গরুর মাংস রাখার অভিযোগে এক মহিলা–সহ তিন মুসলিমকে  গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করছে একদল গোরক্ষক৷ অভিযুক্তরা বারবার ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলছেন৷ পাশাপাশি ওই তিন মুসলিমকে বারংবার সেই স্লোগান দিতেও বাধ্য করা হচ্ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫